📄 যুহদের মধ্যমপন্থা
৯১. রবি আল খাওলানি থেকে বর্ণিত, লুকমান তার ছেলেকে বলেন : "বাবা! আলিমদের সংস্পর্শে থেকো, তাদের সাথে তর্ক কোরো না। অন্যথায় তাদের ক্রোধে নিপতিত হয়ে যাবে। যতটুকু আহার যথেষ্ট, দুনিয়ার ঠিক ততটুকু সম্পদই গ্রহণ করবে। দুনিয়ায় এমনভাবে মত্ত হয়ে যেয়ো না, যা তোমার পরকালের জন্য ক্ষতিকর হয়ে যায়। আবার তা একেবারে প্রত্যাখ্যান করে দিয়ো না, অন্যথায় তুমি লোকজনের দয়ার পাত্র বনে যাবে। এমনভাবে সাওম থাকো, যাতে তোমার প্রবৃত্তির চাহিদা দমে যায়। আবার এমনভাবে সাওম শুরু করে দিয়ো না, যাতে দুর্বলতার কারণে তুমি সালাত-ই আদায় করতে পারো না। কেননা, (নফল) সাওমের চেয়ে (ফরয) সালাত আল্লাহর কাছে বেশি প্রিয়.”
📄 অল্পে তুষ্টি
৯২. আবু বকর মুহাম্মাদ ইবনু আবদিল্লাহ বলেন, “আমি মুহাম্মাদ ইবনু আলি আল কাত্তানিকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি অল্পে তুষ্টির বিনিময়ে লোভ-লালসাকে বিক্রি করে দেয়, সে সম্মান এবং আত্মমর্যাদার মাধ্যমে সফলতা লাভ করে."
৯৩. মুহাম্মাদ ইবনুল হাসান থেকে বর্ণিত আছে, আবুল হাসান আল বুশানজিকে অল্পে তুষ্টি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন: "আল্লাহ তাআলা মানুষের জন্য যা বণ্টন করে দিয়েছেন, সে বণ্টন-নীতি জানা থাকাই হলো অল্পে তুষ্টি.”
৯৪. আবূ উসমান আল হান্নাত বলেন, "আমি যুননুন-কে বলতে শুনেছি, 'যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত পরিমাণের (ও তাকদীরের) ওপর আস্থা রাখে, সে দুঃখিত হয় না। যে আল্লাহর পরিচয় লাভে সক্ষম হয়, সে আল্লাহর প্রতি রাজী হয়ে যায়। আল্লাহ তার ব্যাপারে যে ফায়সালা করেন, তাতেই সন্তুষ্ট থাকে সে.'”
৯৫. ইবরাহীম ইবনু বাশশার বলেন, “আমি একদিন ইবরাহীম ইবনু আদহাম -কে বলি, 'আজ আমি মাটির কাজ করব.' তিনি বলেন, 'তুমি যেমন অন্বেষণ করো থাকো, তোমাকেও তেমন অন্বেষণ করা হয়। তোমাকে এমন এক সত্তা অন্বেষণ করেন, যার হাত থেকে তুমি কখনো রক্ষা পাবে না। আর তুমি এমন জিনিস অন্বেষণ করছ, যা তোমার জন্য যথেষ্ট করে দেওয়া হয়েছে। তুমি এখন যা ভোগ করছো, সেটা আগে থেকেই তোমার জন্য নির্ধারিত ছিল। এখন তুমি তা নিয়ে এসেছ কেবল। কত লোভীকে বঞ্চিত করা হয়; আর কত দরিদ্রকে রিযক প্রদান করা হয়!' এরপর তিনি বলেন, 'তোমার কি এখন আর কোনো উপায় নেই?' আমি উত্তরে বলি, 'এক সবজি বিক্রেতার কাছে একটি দানিক (এক দিরহামের এক ষষ্ঠমাংশ) পাই.' তিনি তখন বলেন, 'আশ্চর্য তো! এক দানিকের মালিক হওয়া সত্ত্বেও তুমি আবার কাজের সন্ধান করছো!'”
৯৬. ইবরাহীম ইবনু বাশশার বলেন, “আমি ইবরাহীম ইবনু আদহামকে বলতে শুনেছি: ‘অল্প লোভ-লালসা মানুষের মধ্যে সততা এবং তাকওয়া নিয়ে আসে। আর অধিক লোভ-লালসা অধিক দুশ্চিন্তা এবং দুঃখ-কষ্টের জন্ম দেয়.”
৯৭. সুলাইমান ইবনু আবী সালামা আল ফকীহ থেকে বর্ণিত আছে যে, একবার জুনাইদ ইবনু মুহাম্মাদ আস সুফিকে জিজ্ঞেস করা হলো, “কোন জিনিস অন্তরকে বিনষ্ট করে দেয়?” তিনি বলেন, “লোভ।” এরপর জিজ্ঞেস করা হলো, “কীভাবে তা সংশোধিত হয়ে যায়?” তিনি বলেন, “তাকওয়া.”
৯৮. জুবাইর ইবনু আবদিল ওয়াহিদ বলেন, “আমি বুনান আল হাম্মালকে বলতে শুনেছি, ‘যে কোনো লোভ-লালসা রাখে না, সে-ই স্বাধীন। মানুষ ততদিন পর্যন্ত স্বাধীন থাকতে পারে, যতদিন সে অল্পতেই তুষ্ট থাকে.'”
৯৯. সুলাইমান ইবনু আবী সুলাইমান বলেন, “আমি আলি ইবনু আবদিল আযীযকে বলতে শুনেছি: 'যে ব্যক্তির মধ্যে অল্পে তুষ্টি নাই, কস্মিনকালে কোনো কিছুই তার প্রয়োজন মেটাতে পারবে না.”
টিকাঃ
[৮৪] ইবনু মানযুর, মুখতাসারু তারিখি দিমাশক, ৮/২৫১。
[৮৫] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৮/১৩。
📄 অপরের সম্পদের প্রতি নিরাসক্তি
১০০. আবদুল মালিক ইবনু উমাইর থেকে বর্ণিত আছে যে, সাদ আল খাইর আপন ছেলেকে বলতেন: “সব সময় নিরাসক্তি বজায় রাখবে, কারণ এটাই ধনাঢ্যতা। কখনো মানুষের কাছে থাকা অর্থ-সম্পদের ব্যাপারে লোভ রেখো না, কেননা এটাই সাক্ষাৎ দারিদ্র। উত্তমরূপে ওযু করবে। এমনভাবে সালাত আদায় করবে, যেন এটাই তোমার জীবনের শেষ সালাত। যদি আজকের দিনটাকে গতকালের চেয়ে উত্তম বানাতে চাও, আর আগামীকালটাকে আজকের চেয়ে উত্তম করে তুলতে চাও, তাহলে এমনটাই করো.”
১০১. ইসমাইল ইবনু মুহাম্মাদ ইবনু সাদ তার বাবার কাছ থেকে, তিনি সাদ থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি নবি -এর কাছে এসে বলে, "আমাকে সংক্ষেপে কিছু উপদেশ দিন." নবি তখন বলেন,
عليك بالإياس مما في أَيْدِي الناس وإياك والطمع فإنه الفقر الحاضر وصَلَّ صلاتك وأنتَ مُوَدِّعُ وإياك وما تَعْتَذِرُ منه
“মানুষের অর্থ-সম্পদের প্রতি কোনো ধরনের আশা রেখো না। লোভ- লালসা থেকে বিরত থাকবে। কেননা এটা স্বয়ং দারিদ্র। এমনভাবে সালাত আদায় করবে, যেন এটা তোমার জীবনের শেষ সালাত। এমন কাজ থেকে বিরত থাকবে, যে কারণে তোমাকে ক্ষমা চাইতে হয়.”
১০২. আবু আইয়ুব আনসারি থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি এসে নবি -কে বলে, “আমাকে কিছু উপদেশ দিন.” তিনি বলেন,
إذا قمت في صلاتك فَصَلِّ صَلاةَ مُوَدّع ولا كَلَّمَنَّ بِكَلامٍ تَعْتَذِرُ منه غداً واجمع اليأس مما في ايدي الناس
“এমনভাবে সালাত আদায় করবে, যেন এটাই তোমার জীবনের শেষ সালাত। কখনো এমন কথা বলবে না, যে কারণে পরদিন তোমাকে ক্ষমা চাইতে হয়। আর মানুষের অর্থ-সম্পদের ব্যাপারে কোনো ধরনের আশা রেখো না.”
বলা হয়, ইবনু খুসাইম এটি বর্ণনা করেছেন আবূ আইয়ুবের আযাদকৃত গোলাম উসমান ইবনু যুবাইর থেকে, তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে, তিনি আবূ আইয়ুব থেকে।
টিকাঃ
[৮৬] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৮/৩৫。
[৮৭] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ১০/৩২৪。
[৮৮] বুখারি, আত তারিখুল কাবির, ৪/৪৫。
[৮৯] হাকিম নাইসাপুরি, আল মুস্তাদরাক, ৪/৩২৬。
[৯০] মিসবাহুয যুজাজা, ২/৩৩২。
[৯১] বুখারি, আত তারিখুল কাবির, ৬/২১৬。
📄 সৃষ্টির মুখাপেক্ষিতার পরিণাম
১০৩. আবদুল্লাহ ইবনু উমার বলেন, “যে ব্যক্তি কেবল আল্লাহ তাআলার কাছে তার প্রয়োজনের কথা বলে, তার প্রয়োজন পূরণ হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারও কাছে চায়, চোখে শুধু ঝাপসাই দেখতে পায় সে। দুনিয়ার সামান্য সম্পদ যাকে পরিতৃপ্ত করতে পারে না, অঢেল সম্পদও তার কোনো উপকার করতে পারে না। তাই যতটুকু হলে যথেষ্ট হয়ে যায়, ততটুকু নিয়েই ক্ষান্ত থেকো। নিষ্কলুষতাকে আঁকড়ে ধরো। আত্মসাৎ করা ছেড়ে দাও। কেননা, কিয়ামাতের দিন এর হিসাব হবে অত্যন্ত কঠিন.”
১০৪. জাবির থেকে বর্ণিত, নবি বলেছেন: القَنَاعَةُ كَنْزُ لَا يَفْنى
“অল্পে তুষ্টি এমন রত্নভাণ্ডার, যা কখনো শেষ হয় না.”
১০৫. সালামা ইবনু উবায়দিল্লাহ ইবনু মিহসান তার পিতা থেকে, তিনি নবি থেকে বর্ণনা করে বলেন: مَنْ أَصْبَحَ آمِنًا في سربه مُعافى في بدنه عندَه قُوْتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ له الدنيا
“যে ব্যক্তির দিনের শুরুটা এভাবে হয় যে, তার পালিত পশু নিরাপদ, সে নিজেও সুস্থ আর তার কাছে রয়েছে সেদিনের খাবার, তাহলে গোটা দুনিয়াই যেন তাকে দিয়ে দেওয়া হয়েছে.”
১০৬. যাকারিয়া ইবনু আবী খালিদ থেকে বর্ণিত আছে যে, আবদুল্লাহ ইবনুল মুবারক একদিন আবৃত্তি করেন :
لا تَخضَعَنَّ لِمَخْلُوقٍ عَلَى طَمَع . فَإِنَّ ذَلِكَ مضر مِنكَ في الدين
وَاسْتَرزِقِ اللهَ مِمَّا فِي خَزائِنِهِ . فَإِنَّمَا الْأَمْرُ بَينَ الكَافِ وَالنون
إِنَّ الَّذِي أَنتَ تَرجُوهُ وَتَأْمَلُهُ . مِنَ البَرِيَّةِ مِسكينُ ابْنُ مِسكين
“কিছু পাওয়ার আশায় কখনও কোনো সৃষ্টির কাছে নীচু হোয়ো না
এটা তোমার দ্বীনের জন্য ক্ষতিকর।
বরং আল্লাহর ধনভাণ্ডার থেকে লাভের জন্য তাঁরই নিকট প্রার্থনা করো।
এটা তো তার 'কাফ' ও 'নুন'-দুটি শব্দের বিষয়।
যেসব মাখলুকের কাছে তুমি হাত পাতো, তারা তো নিজেরাই ফকিরের ঘরে ফকির.
১০৭. আবূ বকর ইবনু আহইয়াদ বলখি থেকে বর্ণিত আছে, আবূ বকর আল ওয়াররাক বলেছেন: “যদি লোভ-লালসাকে জিজ্ঞেস করা হয়, 'তোমার পিতা কে?' সে বলবে, 'তাকদীরের ব্যাপারে সন্দেহ পোষণ.' যদি জিজ্ঞেস করা হয়, 'তোমার পেশা কী?' সে বলবে, 'লাঞ্ছনা এবং অপমান উপার্জন.' 'তোমার উদ্দেশ্য কী?' এর উত্তরে বলবে, 'মানুষকে বঞ্চিতকরণ.'”
টিকাঃ
[৯২] তাবারানি, আল মুজামুল আওসাত, দেখুন: আল মাকাসিদুল হাসানা, ৪৯২。
[৯৩] তিরমিযি, আস সুনান, কিতাব: যুহদ, পরিচ্ছেদ: দুনিয়াবিরাগিতা。
[৯৪] ইবনু আসাকির, তারিখু বাগদাদ, ৩/৪৪৫。
[৯৫] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ১০/২৩৬。