📄 ধনাঢ্যতার সাথে যুহদের সম্পর্ক
৭৬. আবুল হাসান আল খাব্বায বলেন, “আমি আবূ উসমানকে বলতে শুনেছি : 'বিত্তশালীদের যুহদ হলো অল্পে তুষ্টি। আর দরিদ্রদের যুহদ হলো নিজেদের অবস্থার বিপরীত কিছু না চাওয়া'.”
৭৭. বিশর ইবনু হারিস বলেন, “ফুযাইল ইবনু ইয়ায বলেছেন: 'হে বিশর, দুনিয়া-বিমুখতার ক্ষেত্রেই মানুষ আল্লাহর প্রতি সবচেয়ে বেশি সন্তুষ্ট হতে পারে।' আমি তখন বললাম, 'আবূ আলি, এটা আবার কীভাবে?' তিনি বলেন, 'কোনো কিছু লাভ করলে তোমার অন্তরের অবস্থা যেমন হয়ে থাকে, তা থেকে বঞ্চিত হলেও অন্তরের অবস্থা তা-ই থাকা'.”
৭৮. ইবরাহীম বলেন, “ফুযাইল ইবনু ইয়াযকে জিজ্ঞেস করলাম, 'যুহদ কী?' তিনি বলেন, 'অল্পে তুষ্টি হলো যুহদ; আর এটাই হলো ধনাঢ্যতা'.”
৭৯. আহমাদ ইবনু আবীল হাওয়ারি থেকে বর্ণিত আছে, আবূ সুলাইমান আদ দাররানি বলেছেন: "লোকে ধনী হতে চায়। তারা মনে করে, ধনাঢ্যতা হলো অর্থসম্পদ জমা করার নাম। অথচ ধনাঢ্যতা রয়েছে অল্পে তুষ্টিতে। কিছু লোক সম্পদের প্রাচুর্যের মধ্যে সুখ-শান্তি খোঁজে, অথচ সুখ-শান্তি রয়েছে স্বল্পতায়। তারা মানুষের কাছে সম্মানের আশা রাখে, অথচ সম্মান তো রয়েছে তাকওয়ায়। তারা মোলায়েম পোশাক এবং সুস্বাদু খাবারে নিয়ামাত সন্ধান করছে, অথচ ইসলামে নিয়ামাত রয়েছে গুনাহ পরিত্যাগে এবং সুস্থতায়.”
৮০. ইবরাহীম ইবনু বাশশার আস সুফি বলেন, “আমি, ইবরাহীম ইবনু আদহাম, আবূ ইউসুফ আল গাসুলি এবং আবূ আবদিল্লাহ সানজাবি একবার ইস্কান্দারিয়ার উদ্দেশ্যে বের হই। পথিমধ্যে নাহরুল উর্দুন নামক একটি নদী আমাদের সামনে পড়ে। সেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিই আমরা। আবূ ইউসুফের সাথে কয়েক টুকরো শুকনো রুটি ছিল। তিনি আমাদের সামনে পেশ করেন সেগুলো। আমরা এতে আল্লাহর প্রশংসা করি। এরপর আমি ইবরাহীম ইবনু আদহামের জন্য পানি আনতে দাঁড়ালে তিনি আমার আগেই নদীতে নেমে পড়েন। হাঁটু পানিতে নেমে উভয় হাতের কব্জি দিয়ে পানি উঠান। 'বিসমিল্লাহ' বলে তা পান করে বলেন, 'আলহামদুলিল্লাহ।' নদী থেকে উঠে তিনি উভয় পা প্রসারিত করে বলেন, 'আবূ ইউসুফ! আমরা যে হাসি আনন্দ এবং নিয়ামাতের মধ্যে রয়েছি, যদি রাজা-বাদশাহ এবং রাজপুত্ররা তা জানত, তাহলে আমাদের সুস্বাদু খাবার এবং অল্পস্বল্প পরিশ্রমের নিয়ামাত অর্জনে তারা আমাদের সাথে লড়াই বাঁধিয়ে দিত.' আমি তখন তাকে বললাম, 'আবূ ইসহাক! লোকেরা তো সুখ-শান্তি এবং রহমত খুঁজে বেড়াচ্ছে। কিন্তু এর সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে তারা.' তিনি তখন মুচকি হেসে বলেন, 'তুমি এমন কথা বলা শিখলে কোথা থেকে!'”
৮১. ইবরাহীম ইবনু বাশশার বলেন, “আমরা এক সন্ধ্যায় ইবরাহীম ইবনু আদহামের সাথে ছিলাম। সে সন্ধ্যায় ইফতার করার মতো কিছুই ছিল না আমাদের কাছে। এমনকি খাবার জোগাড়ের মতো কোনো ব্যবস্থাও না। তিনি তখন আমাকে চিন্তিত দেখে বলেন, 'দেখো, ইবরাহীম! আল্লাহ তাআলা ফকির মিসকিনদের দুনিয়া-আখিরাতের কত নিয়ামাত এবং সুখ শান্তি দিয়ে রেখেছেন! কিয়ামাতের দিন তিনি তাদের যাকাত সম্পর্কে, হাজ্জ সম্পর্কে, সাদাকাহ সম্পর্কে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সম্পর্কে এবং সমবেদনা ও সহমর্মিতা জানানো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন না। বরং তিনি এ সকল বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন ঐসকল মিসকিনদের, যারা দুনিয়ার জীবনে ধনী কিন্তু পরকালের জীবনে দরিদ্র। দুনিয়াতে তারা সম্মানিত কিন্তু কিয়ামাতের দিন তারা হবে লাঞ্ছিত। তাই চিন্তিতও হয়ো না। টেনশন কোরো না। আল্লাহর রিযক তোমার কাছে অবশ্যই আসবে। আল্লাহর কসম! আমরাই তো হলাম রাজা-বাদশাহ এবং বিত্তশালী! আমরা তো দুনিয়াতেই সুখ-শান্তি ভোগ করে নিচ্ছি। যদি আল্লাহর আনুগত্যের মধ্যে থাকি, তাহলে কোন অবস্থায় সকাল কাটল আর কোন অবস্থায় সন্ধ্যা অতিবাহিত হলো, তার কোনো পরোয়া নেই আমাদের!'
ইবরাহীম ইবনু আদহাম এরপর সালাতে দাঁড়িয়ে যান। আমিও তা-ই করি। এর কিছুক্ষণ পরই দেখতে পেলাম, এক ব্যক্তি আটটি রুটি এবং অনেকগুলো খেজুর নিয়ে এসেছে। সে এগুলো আমাদের সামনে রেখে বলে, 'এগুলো খেয়ে নিন। আল্লাহ আপনাদের প্রতি রহম করুন।' ইবরাহীম ইবনু আদহাম তখন আমাকে বললেন, 'এই যে চিন্তিত সাহেব! নাও, আহার করো.'
এরইমধ্যে এক ভিক্ষুক এসে বলে, 'আমাকে কিছু খাবার দিন।' তিনি তিনটি রুটি এবং কিছু খেজুর ভিক্ষুককে দিয়ে দেন আর আমাকে দেন তিনটি রুটি। নিজে খেলেন দুটি। এরপর বললেন, 'সহমর্মিতা জানানো মুমিনের চরিত্র.”
৮২. কাসিম ইবনু মুনাব্বিহ বলেন, "আমি বিশর ইবনু হারিসকে বলতে শুনেছি, 'আল্লাহর কসম! দুনিয়ার ফকির মিসকিনরাই আসলে করুণার পাত্র.”
৮৩. মুহাম্মাদ ইবনু আবদিল্লাহ ইবনু শাজান বলেন, "আমি মুহাম্মাদ ইবনু আলি আল কাত্তানিকেশ বলতে শুনেছি, 'যে ব্যক্তি সুখ-শান্তির মাধ্যমে প্রশান্তি খোঁজে, প্রশান্তি তার কাছ থেকে বিদায় নেয়.”
৮৪. হাসান ইবনু আলি আল আবরাশ বলেন, "আমি যুননুন-কে বলতে শুনেছি: 'যাকে সন্তুষ্টি জ্ঞাপনের নিয়ামাত থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে, তার থেকে ধনাঢ্যতা কেড়ে নেওয়া হয়েছে। অল্পতে যে ব্যক্তি তুষ্ট হতে পারে না, অধিক সম্পদ অর্জন করতে গিয়েই দরিদ্র হয়ে যায় সে.'”
৮৫. আবূ বকর বলেন, "আমি বিশর ইবনু হারিসকে বলতে শুনেছি, 'ভিক্ষুকের একমাত্র উদ্দেশ্যই যদি হতো সম্মানজনক জীবন-যাপন, তাহলে এই ভিক্ষাই তার জন্য যথেষ্ট হতো.”
৮৬. আবূ মি'শার বলেন, "ইবরাহীম ইবনু আদহাম বলেছেন: 'যারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ তাআলা তাদের অন্তরে প্রশান্তি দান করে থাকেন.”
আবূ নজর বলেন, “এরপর হিশাম এসে আমাদের এই বিষয়টি বলেছিলেন.”
৮৭. যাকারিয়া ইবনু দালবিহ আল ওয়ায়িজ বলেন, "আবদুল্লাহ ইবনু আবী যিয়াদ আল ক্বতাওয়ানি আমাকে বলেছেন, 'হে খুরাসানী! কোন জিনিস আপনাকে আপনার শহর থেকে বের করে দিল?' আমি বললাম, 'মর্যাদার লোভ!' তিনি বলেন, 'ঠিক বলেছেন। তবে অল্পে তুষ্টিকে বেছে নিন। তাহলে দুনিয়া ও আখিরাতে সর্বাবস্থায় মর্যাদাবান থাকতে পারবেন। অঢেল সম্পদে আসলে মর্যাদার কিছু নেই.”
৮৮. সুলাইমান ইবনু আবী সুলাইমান বলেন, "আমি আলি ইবনু আবদিল আযীযকে বলতে শুনেছি: 'যার মধ্যে অল্পেতুষ্টি নেই, অর্থ-সম্পদ কখনো তার ধনাঢ্যতা বৃদ্ধি করতে পারে না.”
টিকাঃ
[৭৯] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৭/৩৭০-৩৭১。
[৮০] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৭/৩৭০。
[৮১] ইবনু আসাকির, তাহযিবু তারিখি দিমাশক, ৫/২৮০。
[৮২] ইবনু মানযুর, মুখতাসারু তারিখি দিমাশক, ৫/১৯৯。
📄 প্রয়োজনের অধিক উপার্জনের অসম্ভাব্যতা
৮৯. হাসান থেকে বর্ণিত, আবূস সাহবা সিলাহ ইবনুল আশইয়াম বলেছেন, "যত জায়গায় রিযক থাকতে পারে, আমি তার সব জায়গায় তা খুঁজে দেখেছি। কিন্তু দিনের রিযক দিনে অর্জন ছাড়া আমাকে কেবল ক্লান্তিই দেখতে হয়েছে। আমি তখন বুঝতে পেরেছি, দিনেরটা দিনে অর্জন করাটাই আমার জন্য কল্যাণকর। অনেকেই এমন আছে, যাদের দিনের রিযক দিনে প্রদান করা হয়। কিন্তু সে আপন বিবেক বুদ্ধির স্বল্পতার কারণে বুঝতে পারে না যে, এটাই তার জন্য কল্যাণকর.”
৯০. হাসান থেকে বর্ণিত, আবূস সাহবা সিলাহ ইবনুল আশইয়াম বলেছেন : “দুনিয়ার যত জায়গায় হালাল রিযক ছিল, আমি তার সব জায়গা সন্ধান করেছি। কিন্তু সব জায়গা থেকেই কেবল জীবনধারণ পরিমাণ সামান্য খাবারই অর্জন করতে পারছিলাম। এই সামান্য সম্পদের মাধ্যমে জীবনধারণ করতে চাচ্ছিলাম না। কিন্তু ওইদিকে সামান্য সম্পদও পিছু ছাড়ছিল না আমার। এ অবস্থা দেখে আমি বলে উঠি, 'হে নফস! যতটুকু না হলেই নয় তোমাকে ততটুকু রিযক-ই প্রদান করা হয়েছে, তুমি এতেই তুষ্ট হয়ে যাও।' আমি তখন তাতেই তুষ্ট হয়ে গেছি, আমাকে আর কষ্ট সহ্য করতে হয়নি.”
টিকাঃ
[৮৩] ইবনু আবী শাইবা, আল কিতাবুল মুসান্নাফ, ১৩/৫৭৯。
📄 যুহদের মধ্যমপন্থা
৯১. রবি আল খাওলানি থেকে বর্ণিত, লুকমান তার ছেলেকে বলেন : "বাবা! আলিমদের সংস্পর্শে থেকো, তাদের সাথে তর্ক কোরো না। অন্যথায় তাদের ক্রোধে নিপতিত হয়ে যাবে। যতটুকু আহার যথেষ্ট, দুনিয়ার ঠিক ততটুকু সম্পদই গ্রহণ করবে। দুনিয়ায় এমনভাবে মত্ত হয়ে যেয়ো না, যা তোমার পরকালের জন্য ক্ষতিকর হয়ে যায়। আবার তা একেবারে প্রত্যাখ্যান করে দিয়ো না, অন্যথায় তুমি লোকজনের দয়ার পাত্র বনে যাবে। এমনভাবে সাওম থাকো, যাতে তোমার প্রবৃত্তির চাহিদা দমে যায়। আবার এমনভাবে সাওম শুরু করে দিয়ো না, যাতে দুর্বলতার কারণে তুমি সালাত-ই আদায় করতে পারো না। কেননা, (নফল) সাওমের চেয়ে (ফরয) সালাত আল্লাহর কাছে বেশি প্রিয়.”
📄 অল্পে তুষ্টি
৯২. আবু বকর মুহাম্মাদ ইবনু আবদিল্লাহ বলেন, “আমি মুহাম্মাদ ইবনু আলি আল কাত্তানিকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি অল্পে তুষ্টির বিনিময়ে লোভ-লালসাকে বিক্রি করে দেয়, সে সম্মান এবং আত্মমর্যাদার মাধ্যমে সফলতা লাভ করে."
৯৩. মুহাম্মাদ ইবনুল হাসান থেকে বর্ণিত আছে, আবুল হাসান আল বুশানজিকে অল্পে তুষ্টি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন: "আল্লাহ তাআলা মানুষের জন্য যা বণ্টন করে দিয়েছেন, সে বণ্টন-নীতি জানা থাকাই হলো অল্পে তুষ্টি.”
৯৪. আবূ উসমান আল হান্নাত বলেন, "আমি যুননুন-কে বলতে শুনেছি, 'যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত পরিমাণের (ও তাকদীরের) ওপর আস্থা রাখে, সে দুঃখিত হয় না। যে আল্লাহর পরিচয় লাভে সক্ষম হয়, সে আল্লাহর প্রতি রাজী হয়ে যায়। আল্লাহ তার ব্যাপারে যে ফায়সালা করেন, তাতেই সন্তুষ্ট থাকে সে.'”
৯৫. ইবরাহীম ইবনু বাশশার বলেন, “আমি একদিন ইবরাহীম ইবনু আদহাম -কে বলি, 'আজ আমি মাটির কাজ করব.' তিনি বলেন, 'তুমি যেমন অন্বেষণ করো থাকো, তোমাকেও তেমন অন্বেষণ করা হয়। তোমাকে এমন এক সত্তা অন্বেষণ করেন, যার হাত থেকে তুমি কখনো রক্ষা পাবে না। আর তুমি এমন জিনিস অন্বেষণ করছ, যা তোমার জন্য যথেষ্ট করে দেওয়া হয়েছে। তুমি এখন যা ভোগ করছো, সেটা আগে থেকেই তোমার জন্য নির্ধারিত ছিল। এখন তুমি তা নিয়ে এসেছ কেবল। কত লোভীকে বঞ্চিত করা হয়; আর কত দরিদ্রকে রিযক প্রদান করা হয়!' এরপর তিনি বলেন, 'তোমার কি এখন আর কোনো উপায় নেই?' আমি উত্তরে বলি, 'এক সবজি বিক্রেতার কাছে একটি দানিক (এক দিরহামের এক ষষ্ঠমাংশ) পাই.' তিনি তখন বলেন, 'আশ্চর্য তো! এক দানিকের মালিক হওয়া সত্ত্বেও তুমি আবার কাজের সন্ধান করছো!'”
৯৬. ইবরাহীম ইবনু বাশশার বলেন, “আমি ইবরাহীম ইবনু আদহামকে বলতে শুনেছি: ‘অল্প লোভ-লালসা মানুষের মধ্যে সততা এবং তাকওয়া নিয়ে আসে। আর অধিক লোভ-লালসা অধিক দুশ্চিন্তা এবং দুঃখ-কষ্টের জন্ম দেয়.”
৯৭. সুলাইমান ইবনু আবী সালামা আল ফকীহ থেকে বর্ণিত আছে যে, একবার জুনাইদ ইবনু মুহাম্মাদ আস সুফিকে জিজ্ঞেস করা হলো, “কোন জিনিস অন্তরকে বিনষ্ট করে দেয়?” তিনি বলেন, “লোভ।” এরপর জিজ্ঞেস করা হলো, “কীভাবে তা সংশোধিত হয়ে যায়?” তিনি বলেন, “তাকওয়া.”
৯৮. জুবাইর ইবনু আবদিল ওয়াহিদ বলেন, “আমি বুনান আল হাম্মালকে বলতে শুনেছি, ‘যে কোনো লোভ-লালসা রাখে না, সে-ই স্বাধীন। মানুষ ততদিন পর্যন্ত স্বাধীন থাকতে পারে, যতদিন সে অল্পতেই তুষ্ট থাকে.'”
৯৯. সুলাইমান ইবনু আবী সুলাইমান বলেন, “আমি আলি ইবনু আবদিল আযীযকে বলতে শুনেছি: 'যে ব্যক্তির মধ্যে অল্পে তুষ্টি নাই, কস্মিনকালে কোনো কিছুই তার প্রয়োজন মেটাতে পারবে না.”
টিকাঃ
[৮৪] ইবনু মানযুর, মুখতাসারু তারিখি দিমাশক, ৮/২৫১。
[৮৫] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৮/১৩。