📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 যুহদের প্রশস্ত সংজ্ঞা

📄 যুহদের প্রশস্ত সংজ্ঞা


৪০. আহমাদ ইবনু আবীল হাওয়ারি বলেন, "আমি আবূ সুলাইমান আদ দারানিকে বলতে শুনেছি: 'একবার ইরাকে যুহদের সংজ্ঞা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। কেউ বলছিল, মানুষের সংশ্রব এড়িয়ে চলা হলো যুহদ। কেউ বলছিল, তা হচ্ছে প্রবৃত্তির চাহিদা পরিত্যাগ করা।' আবূ সুলাইমান বলেন, 'আসলে তাদের সবার কথাই প্রায় কাছাকাছি ছিল।' আহমাদ বলেন, 'যে ব্যক্তি মানুষের সংশ্রব এড়িয়ে চলে, সে তো আরও আগেই প্রবৃত্তির চাহিদা পরিত্যাগ করে চলবে।”

টিকাঃ
[৬২] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৯/২৫৮。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 কঠিনতর যুহদ

📄 কঠিনতর যুহদ


৪১. আবদুল আযীয ইবনু আবান বলেন, "আমি সুফিয়ানকে বলতে শুনেছি : 'পার্থিব কোনো বিষয়ে যুহদ অবলম্বনের চেয়ে ক্ষমতা ও পদের ক্ষেত্রে যুহদ অবলম্বন করা বেশি কঠিন।'”
৪২. আবূ ইসহাক ইবরাহীম ইবনু শাইবান বলেন, "আমি আবদুল্লাহ আল মাগরিবিকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি আপন সুখ-শান্তির ক্ষেত্রে যুহদ অবলম্বন করে, সে সম্মান ও ক্ষমতার ক্ষেত্রেও যুহদ অবলম্বনকারী হয়ে যায়। আর যে ব্যক্তি সম্মান ও ক্ষমতার ক্ষেত্রে যুহদ অবলম্বন করে, ওলিদের তালিকায় তার নাম লিপিবদ্ধ হয়ে যায়।”

টিকাঃ
[৬৩] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৮/২৩৮。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 যুহদ যখন সহজ

📄 যুহদ যখন সহজ


৪৩. আবদুল ওয়াহিদ ইবনু আলি বলেন, "আমি আবু আমর ইবনু নুজাইদকে বলতে শুনেছি : 'যে ব্যক্তি সৃষ্টির নিকট সম্মান-প্রতিপত্তি কামনা করে না, তার জন্য দুনিয়া এবং দুনিয়ার বিষয়-আশয় থেকে বিমুখ থাকাটা সহজ হয়ে যায়।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 সুযোগ থাকা সত্ত্বেও যাহিদ

📄 সুযোগ থাকা সত্ত্বেও যাহিদ


৪৪. হাম্মাদ ইবনু ওয়াকিদ বলেন, "আমি মালিক ইবনু দিনার -কে বলতে শুনেছি : 'লোকে বলে মালিক নাকি যাহিদ হয়ে গেছে! আরে, মালিকের মধ্যে যুহদের কী আছে? তার কাছে আছেই তো মাত্র একটা জুব্বা আর একটা চাদর। যাহিদ তো হলেন উমার ইবনু আবদিল আযীয। দুনিয়া নিজেকে উজাড় করে তার কাছে হাজির হয়েছিল। কিন্তু তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন.'”
৪৫. মুহাম্মাদ ইবনু আবদুল হামিদ থেকে বর্ণিত আছে, ইসহাক ইবনু মানসুর আস সালুলি বলেছেন: "আমি এবং আমার এক সাথি একদিন দাউদ আত-তায়ি -এর কাছে যাই। তখন মাটিতে বসে ছিলেন তিনি। সাথিকে বললাম, 'ইনি হলেন যাহিদ (দুনিয়া-বিমুখ)।' দাউদ আত-তায়ি তখন বলেন, 'আরে যাহিদ তো হলো ওই ব্যক্তি, যে দুনিয়া লাভের সক্ষমতা থাকা সত্ত্বেও দুনিয়াকে পরিত্যাগ করে।”
৪৬. আওন ইবনু মুহাম্মাদ থেকে বর্ণিত আছে, উমার ইবনু আবদিল আযীয একদিন স্ত্রী-কে বললেন, "ফাতিমা! তোমার কাছে কি এক দিরহাম হবে? একটু আঙ্গুর কিনতাম।” ফাতিমা বললেন, “না।” তিনি বললেন, “কোনো পয়সা-টয়সা?” ফাতিমা এবারও না-সূচক উত্তর দিয়ে বললেন, “আচ্ছা, একটা কথা। আপনি বর্তমান সময়ের আমিরুল মুমিনীন। আপনার কাছে বুঝি আঙ্গুর কেনার মতো একটা দিরহাম বা পয়সাও নেই!” উমার বললেন, “আগামীকাল আমাকে বেড়ি পরিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার তুলনায় এ দীনতাই ভালো।”

টিকাঃ
[৬৪] ইবনুল জাওযী, সিরাতু উমার ইবনু আবদিল আযীয, পৃ. ১৮৪。
[৬৫] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৭/৩৪৪。
[৬৬] ইবনুল জাওযী, সিরাতু উমার ইবনু আবদিল আযীয, পৃ. ১৮৩。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00