📄 পার্থিব সম্মান সাময়িক
৩৮. আল্লাহ তাআলার বাণী : تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
“আখিরাতের এ নিবাস তো আমি তাদের জন্যে নির্ধারিত করি, যারা দুনিয়ায় ঔদ্ধত্য প্রকাশ করতে এবং অনর্থ সৃষ্টি করতে চায় না। শুভ পরিণাম মুত্তাকীদের জন্যেই।”
আহমাদ ইবনু সালাবা বলেন, এই আয়াতের ব্যাখ্যায় আবূ মুয়াবিয়া আল আসওয়াদ বলেছেন: "দুনিয়ার অপমান-অপদস্থতাকে তারা ভয় করে না। পার্থিব সম্মান লাভের জন্য প্রতিযোগিতায়ও লিপ্ত হয় না।”
৩৯. মুহাম্মাদ ইবনু আহইয়াদ আল বলখি বলেন, "আমি আবূ বকর আল ওয়াররাককে বলতে শুনেছি: 'প্রকৃত সম্মান লাভের আশায় আমি সাময়িক সম্মান বিক্রি করে দিয়েছি। আর প্রকৃত লাঞ্ছনার আশঙ্কায় সাময়িক লাঞ্ছনা কিনে নিয়েছি। আপন প্রতিপালকের আদেশ অমান্য করাটা নিজেই এক ধরনের শাস্তি."
টিকাঃ
[৬০] সূরা কাসাস, ২৮ : ৮৩。
[৬১] সুয়ুতি, আদ দুররুল মানসুর, ৬/৪৪৪。
📄 যুহদের প্রশস্ত সংজ্ঞা
৪০. আহমাদ ইবনু আবীল হাওয়ারি বলেন, "আমি আবূ সুলাইমান আদ দারানিকে বলতে শুনেছি: 'একবার ইরাকে যুহদের সংজ্ঞা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। কেউ বলছিল, মানুষের সংশ্রব এড়িয়ে চলা হলো যুহদ। কেউ বলছিল, তা হচ্ছে প্রবৃত্তির চাহিদা পরিত্যাগ করা।' আবূ সুলাইমান বলেন, 'আসলে তাদের সবার কথাই প্রায় কাছাকাছি ছিল।' আহমাদ বলেন, 'যে ব্যক্তি মানুষের সংশ্রব এড়িয়ে চলে, সে তো আরও আগেই প্রবৃত্তির চাহিদা পরিত্যাগ করে চলবে।”
টিকাঃ
[৬২] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৯/২৫৮。
📄 কঠিনতর যুহদ
৪১. আবদুল আযীয ইবনু আবান বলেন, "আমি সুফিয়ানকে বলতে শুনেছি : 'পার্থিব কোনো বিষয়ে যুহদ অবলম্বনের চেয়ে ক্ষমতা ও পদের ক্ষেত্রে যুহদ অবলম্বন করা বেশি কঠিন।'”
৪২. আবূ ইসহাক ইবরাহীম ইবনু শাইবান বলেন, "আমি আবদুল্লাহ আল মাগরিবিকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি আপন সুখ-শান্তির ক্ষেত্রে যুহদ অবলম্বন করে, সে সম্মান ও ক্ষমতার ক্ষেত্রেও যুহদ অবলম্বনকারী হয়ে যায়। আর যে ব্যক্তি সম্মান ও ক্ষমতার ক্ষেত্রে যুহদ অবলম্বন করে, ওলিদের তালিকায় তার নাম লিপিবদ্ধ হয়ে যায়।”
টিকাঃ
[৬৩] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৮/২৩৮。
📄 যুহদ যখন সহজ
৪৩. আবদুল ওয়াহিদ ইবনু আলি বলেন, "আমি আবু আমর ইবনু নুজাইদকে বলতে শুনেছি : 'যে ব্যক্তি সৃষ্টির নিকট সম্মান-প্রতিপত্তি কামনা করে না, তার জন্য দুনিয়া এবং দুনিয়ার বিষয়-আশয় থেকে বিমুখ থাকাটা সহজ হয়ে যায়।”