📘 সৌভাগ্যের হাতছানি > 📄 কীভাবে স্ত্রীকে সুখী রাখবে?

📄 কীভাবে স্ত্রীকে সুখী রাখবে?


- স্ত্রীকে কখনো হেয়জ্ঞান কোরো না। কারণ, নারীদের কখনো হেয় প্রতিপন্ন করলে বা ছোট করলে তাদের মেধা-মস্তিষ্কে খুব প্রভাব ফেলে। যেসব অবজ্ঞার কারণে তোমার স্ত্রী তোমাকে অন্তর থেকে ক্ষমা করতে পারবে না, সেসব অবজ্ঞার ব্যাপারে সতর্ক থেকো। অনেক সময় স্ত্রী মুখে ক্ষমা করলেও অন্তরে তা থেকেই যায়। কখনো তার গায়ে হাত তুলো না, তিরস্কার কোরো না, তার বাবা-মার নাম ধরে অভিশাপ দিয়ো না, তার সম্মানে আঘাত হেনো না এবং গালি দিয়ো না।
- স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করো। তাহলে সেও তোমার সাথে সুন্দর ব্যবহার করবে। তার ভেতরে এই অনুভূতি জাগ্রত করো যে, তুমি তোমার চেয়েও তাকে বেশি প্রাধান্য দাও, তাকে সুখী করার জন্য খুবই আগ্রহী হয়ে থাকো, তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো এবং কখনো যদি সে অসুস্থ হয়, তাহলে তার সুস্থতার জন্য তোমার সাধ্যের সবটুকু কুরবান করে দেওয়ার বিশ্বাস তার ভেতরে সৃষ্টি করো।
- তোমার ব্যক্তিগত বা সাংস্কৃতিক বিষয়গুলো সমান গুরুত্বারোপ করার জন্য স্ত্রীকে চাপাচাপি কোরো না। যেমন: তুমি যদি জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক হয়ে থাকো, তাহলে নক্ষত্ররাজির প্রতি তোমার মতো গুরুত্ব তার কাছ থেকে আশা কোরো না!
- জীবনপথে অটল থাকো। দেখবে, সেও একদিন তোমার অনুকূলে চলে আসবে। রাসুল বলেছেন,)عِفُوا تَعِفُ نِسَاؤُكُمْ( 'তুমি পবিত্র থাকো, তাহলে তোমার স্ত্রীও পবিত্র থাকবে।'১১৪
কখনো অবৈধ কিছুর দিকে দৃষ্টি দিয়ো না; হোক তা রাস্তায় বা টেলিভিশনের পর্দায়। আজ অধিকাংশ পারিবারিক কলহ এসব টিভি-সিরিয়ালের কারণে ঘটছে।
- কখনো স্ত্রীর আত্মমর্যাদায় আঘাত দেবে না এবং কোনোভাবে তাকে ঈর্ষান্বিত করবে না। যেমন: তাকে বললে, 'আমি তো আরেকটি বিয়ে করতে যাচ্ছি' অথবা তার সামনে অন্য কোনো মহিলার প্রতি তোমার আকর্ষণের কথা প্রকাশ করা ইত্যাদি। এগুলো তার হৃদয়কে খুব গভীরভাবে দংশন করতে থাকে। অন্তর থেকে প্রশান্তি কেড়ে নেয়। দুশ্চিন্তা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সন্দেহের কারণে মন থেকে ভালোবাসা উড়ে যায়। অধিকাংশ সময় এসব অনুভূতি শরীরের বিভিন্ন স্থানে আঘাত হানে এবং অসুস্থতার সৃষ্টি করে। তারপর তোমাকেই একেকবার একেক ডাক্তারের কাছে ছোটাছুটি করা লাগবে তাকে নিয়ে।
- নির্দিষ্ট কোনো স্থানে প্রকাশ পাওয়া কোনো দোষ-ত্রুটি বা ভুলের কথা সেখানে যাওয়ার পর তাকে মনে করে দিয়ো না। বিশেষ করে অন্য কারও সামনে এমন কাজ কিছুতেই করবে না।
- স্ত্রীর স্বভাব-চরিত্র সংশোধন করার সময় তোমার নিজের স্বভাবগুলোও ঠিক করে নেবে। কেবল স্ত্রী তার আখলাক ও অভ্যাস ঠিক করবে আর তুমি তোমার অবস্থাতেই অটল থাকবে, তা কাম্য নয়; বরং তোমাকেও ঠিক হতে হবে।
- যেসব কারণে স্ত্রীর ক্রোধ চেপে বসে, সেগুলো থেকে দূরে থেকো। যদি তোমার কোনো মেজাজের কারণে এমনটা ঘটে, তাহলে সেটা সংশোধন করে নাও।
- তার ভালো গুণগুলো তোমার মাঝে গ্রহণ করার চেষ্টা করো। বহু পুরুষ স্ত্রীর দ্বীনের ওপর অবিচলতা ও মূল্যবোধ দেখে নিজেও দ্বীনের ওপর প্রতিষ্ঠিত হয়েছে।
- সর্বদা শান্ত ও ফুরফুরে মেজাজে থাকার চেষ্টা করো। কখনো ক্রোধান্বিত হোয়ো না। যেমনটি রাসুল বলেছেন। পরস্পর বিদ্বেষ, ঘৃণা ও মতানৈক্যের প্রধান কারণ হলো রাগ। যদি স্ত্রীর সামনে কোনো ভুল করে থাকো, তাহলে তার কাছে ভুলের কথা স্বীকার করো। কোনো একটি দিন এমন অতিবাহিত কোরো না যে, তুমি তার ওপর রেগে আছ আর সে এই চিন্তায় কান্না করতে করতে চোখ ভিজিয়ে ফেলছে। মনে রেখো, অধিকাংশ সময় রাগের কারণগুলো খুবই তুচ্ছ নগণ্য হয়ে থাকে। যেগুলোর কারণে রাগ দেখানো এবং সুখময় জীবনকে অতিষ্ঠ করে তোলা শোভা পায় না।
বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। ক্রোধকে প্রশমিত করো। মনে রেখো, সামান্য কারণে কিছু সময় স্ত্রীর সাথে রাগারাগি করার চেয়েও তোমাদের মধ্যকার যেই প্রেম, ভালোবাসা ও সম্পর্ক রয়েছে, তা অধিক উত্তম এবং উন্নত।
- স্ত্রীকে তার নিজের প্রতি আস্থাশীল হওয়ার সুযোগ দাও। তোমার কৃতদাসী ও চাকরানি বানিয়ো না। বরং তাকে তার প্রকৃতি, কাঠামো, চিন্তাচেতনা ও নিজস্ব স্থিতিশীলতার ওপর প্রতিষ্ঠিত হতে সাহস জোগাও। তোমার যাবতীয় বিষয়ে তার সাথে পরামর্শ করো। সুন্দরভাবে তার সাথে পর্যালোচনা করো। যখন দেখবে, তার দেওয়া মতামতটি অধিকতর সঠিক, তখন সেটাকে প্রাধান্য দাও এবং সাথে সাথে তাকেও জানিয়ে দাও।
- স্ত্রী প্রশংসনীয় কোনো কাজ করলে তার ব্যাপারে প্রশংসা করো। রাসুল বলতেন:
مَنْ لَمْ يَشْكُرِ النَّاسَ لَمْ يَشْكُرِ اللَّهَ
'যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না।'১১৫
- অবজ্ঞা ও নিন্দা করা থেকে বিরত থেকো। তোমার এমন কোনো আত্মীয়ের সাথে তাকে তুলনা কোরো না, যাদের দেখে সে বিস্মিত হয়। তাদের অনুসরণ করে তাকে চলতে বাধ্য কোরো না।
- তার জন্য সেসব উপকরণ পর্যাপ্ত ব্যবস্থা করার চেষ্টা করো, যেগুলো তাকে অবিচলতা, অধ্যবসায় এবং উত্তম গুণাবলি অর্জনে সহায়তা করবে। যদি সে বিদ্যাসংক্রান্ত কোনো বিষয়ে সার্টিফিকেট নিতে চায়, তার জন্য তা সহজ করে দাও। তবে তার ইচ্ছা যেন কিছুতেই দ্বীনের সীমার বাইরে চলে না যায় এবং তার আসল পারিবারিক দায়িত্ব থেকে যেন দূরে সরিয়ে না দেয়।
- স্ত্রীর কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এর ফলে তার ভেতরে লুকিয়ে থাকা দুশ্চিন্তা, কষ্ট ও মিথ্যাভাবগুলো দূর হয়ে যাবে। অনেক মহিলা আছে, কথা থেকে বিরত থাকতে পারে না। স্বামীর পরিবারের লোকদের বা প্রতিবেশীদের নিন্দার মুখে তার ভেতর থেকে সব কথা বেরিয়ে আসে। তাই এমন পরিস্থিতিতে তোমাকে অবশ্যই হিকমতের সাথে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
- স্ত্রীকে এ কথা বুঝাও যে, সে সব ধরনের ঝুঁকি ও বিপদ থেকে মুক্ত এবং তুমি কখনো তাকে ছেড়ে যাবে না, তার থেকে কখনো বিচ্ছিন্ন হবে না।
- তার ভেতরে এই অনুভূতি জাগ্রত করো যে, পরিস্থিতি যা-ই হোক না কেন, তুমি তার অর্থনৈতিক ও যাবতীয় বিষয়ের জিম্মাদার। সে তার বাবার কাছ থেকে যেই সম্পত্তির মালিক হয়েছে, সেগুলোর প্রতি কোনো লোভ দেখাবে না। শরয়ি দৃষ্টিকোণ থেকেও তার মালিকানাধীন সম্পদে তোমার হস্তক্ষেপ করার অধিকার নেই।
তার সম্পদ আছে বলে তার প্রতি খরচ করতে কার্পণ্য কোরো না। সে যতই ধনী হোক না কেন, তার বিশ্বাস কিন্তু এটাই যে, এতদিন যেভাবে তার বাবা তাকে দেখাশুনা করেছে, এখন সেই স্থানে তুমি রয়েছ।
- নারী-পুরুষের অবাধ মেলামেশা থেকে অবশ্যই সতর্ক থাকবে। সব ধরনের অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকবে। এসব অবৈধ সম্পর্কগুলোর কারণে বহু বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়।
মাহরাম ছাড়া তোমার ঘরে অন্য কোনো পুরুষকে প্রবেশ করার অনুমতি দেবে না; সে যে-ই হোক। রাসুল ﷺ বলেছেন:
إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ
'তোমরা (গাইরে মাহরাম) মহিলাদের কাছে (একাকী) প্রবেশ করা থেকে বিরত থাকো।' ১১৬
- স্ত্রী, বাবা-মা এবং পরিবারের অন্যদের প্রতি ভালোবাসার মাঝে সামঞ্জস্য রেখো। যে যতটুকু ভালোবাসার দাবিদার, তাকে ততটুকুই দিয়ো। কারও ভালোবাসা যেন কারও ওপর অতিরঞ্জিত না হয়। প্রত্যেককে তার হক যথাযথভাবে দিয়ে দেবে।
- তুমি তোমার স্ত্রীর হয়ে যাও, যেমনিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সে তোমার হয়ে যেতে চায়। তুমি যেমন চাও, সে পরিপূর্ণভাবে তোমার হয়ে যাক— তেমনই সেও চায়, তুমি তার হয়ে যাও।
- মাঝে মাঝে স্ত্রীকে বাড়ির বাইরে বেড়াতে নিয়ে যেয়ো। একটু বেশি আনন্দ ও প্রফুল্লতা দেওয়ার জন্য। বিশেষ করে সন্তান আসার পূর্বে। কেননা, তখন সন্তানকে নিয়েই ব্যস্ত থাকা লাগে।
- যেসব বিষয়ে তুমি তার আবেগ-অনুভূতির ভাগ নিতে চাও, সেসব বিষয়ে তার সাথে তোমার আবেগ-অনুভূতিগুলো শেয়ার করো। মাঝে মাঝে তার পরিবারের লোকদের গিয়ে দেখে এসো। এই বিষয়ে রাসুল ﷺ-এর জীবনীর প্রতি লক্ষ করতে পারো।
- প্রয়োজনের বাইরে তোমার কাজ নিয়ে ব্যস্ত থেকো না। এতে করে তার মাঝে ঈর্ষা জাগে। কাজের ফাঁকে তাকেও সময় দাও। সারাক্ষণ নিজের কাজেই ব্যস্ত পড়ে থেকো না। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিনটিতে তাকে তোমার সান্নিধ্য থেকে বঞ্চিত কোরো না। এই দিনে তাকে সময় দাও; হোক তা বাড়িতে বা বাইরে কোথাও। কিছুতেই যেন তার ভেতরে তোমার প্রতি বিরক্তি কাজ না করে।
- একগুঁয়েমি করে নিজের সিদ্ধান্তের ওপর অটল থেকো না; বরং তার সাথে পরামর্শ করো। তার মতামত জানার চেষ্টা করো। যদি সঠিক ও সুন্দর হয়, তাহলে তার মত গ্রহণ করো। আর যদি তার মতের বিপরীত সিদ্ধান্ত নিতে চাও, তাহলে কোমলতা ও বিচক্ষণতার সাথে তাকে তোমার মতের প্রতি সহনশীল করে নাও।
- ঘর থেকে বের হওয়ার সময় মুচকি হাসি দিয়ে এবং দুআর আবেদন জানিয়ে তার কাছ থেকে বিদায় নাও। আবার ঘরে ফেরার পর তোমার সাক্ষাতের জন্য সে প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত তাড়াহুড়ো কোরো না। স্ত্রীও যেন এমন কোনো অবস্থায় না থাকে, যে অবস্থায় তুমি তাকে এই মুহূর্তে দেখতে পছন্দ করো না। বিশেষ করে কোনো সফর থেকে ফেরার পর।
- দুজনেই ইসলামের আয়না দিয়ে জীবনের অলিগলিগুলো অবলোকন করো। তবে ভুলে যেয়ো না, তুমি যে তার চেয়ে শক্তিশালী। রাসুল বলেছেন, )ارْفُقْ بِالْقَوَارِيرِ( 'কাঁচের বোতলের সাথে (অর্থাৎ নারীদের) সদয় আচরণ করো। '১১৭
তিনি আরও বলেন:
إِنَّمَا النِّسَاءُ شَقَائِقُ الرِّجَالِ
'নারীরা তো পুরুষের সহোদরা। '১১৮
তিনি আরও বলেন:
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ فَلَا يُؤْذِي جَارَهُ، وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا،
'যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে, যে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। ১১৯ মহিলাদের উত্তম উপদেশ দাও। '১২০
- ঘরের বিভিন্ন কাজে স্ত্রীকে সাহায্য করার চেষ্টা করো। কেননা, রাসুল -এর উন্নত চরিত্রের একটি অংশ ছিল, তিনি ঘরের কাজে স্ত্রীদের সহায়তা করতেন। আয়িশা সিদ্দিকা বলেন:
كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ - تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ - فَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ خَرَجَ إِلَى الصَّلَاةِ
রাসুল ঘরের কাজে সহযোগিতা করতেন। অতঃপর যখন সালাতের সময় হয়ে যেত, তখন সালাতের জন্য বেরিয়ে যেতেন। ১২১
- স্ত্রীর বিভিন্ন দোষ-ত্রুটি দেখেও চোখ অবনত করে রাখার চেষ্টা করবে এবং এই দোষগুলোকে ভুলে থাকার জন্য তার উন্নত ও সুন্দর দিকগুলো নিয়ে ভাববে। সহিহ মুসলিমের বর্ণনায় রাসুল ইরশাদ করেন:
لَا يَفْرَكُ مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ
'কোনো মুমিন যেন কোনো মুমিনাকে অবজ্ঞা না করে। যদি সে তার কোনো আচরণে অসন্তুষ্ট হয়, তবে অন্য আচরণে সন্তুষ্ট হবে। ১২২
- স্ত্রীর সাথে সদয় ব্যবহার করা এবং রসিকতা করা স্বামীর কর্তব্য। রাসুল বলেছেন:
فَهَلًا بِكْرًا تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ
'কুমারী বিয়ে করলে না কেন? তুমি তার সঙ্গে আমোদ-প্রমোদ করতে আর সেও তোমার সঙ্গে আমোদ-প্রমোদ করত। ১২৩
উমর-এর মতো শক্ত দিলের মানুষও বলতেন, 'পুরুষের জন্য ঘরে শিশুর মতো থাকা উচিত।' অর্থাৎ সরলতা ও সহমর্মিতার ক্ষেত্রে। অতঃপর যখন জাতির সামনে যাবে, তখন বীরপুরুষের রূপ নেবে।
- যেকোনো মতামত বা কোনো ব্যক্তির ব্যাপারে উদারতার সাথে স্ত্রীর কাছ থেকে সমালোচনাগুলো শোনো। কেননা, রাসুল -এর স্ত্রীগণ মতামতকে পুনঃপর্যালোচনা করতেন। এতে তিনি রাগান্বিত হতেন না।
- স্ত্রীর নির্বুদ্ধিতাসুলভ আচরণ বা কথাগুলো নিয়ে অথবা তার পরিবার, নিকটাত্মীয়দের সাথে শত্রুতা করে কিংবা বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তার সাথে বাড়াবাড়ি কোরো না।
- স্ত্রীকে পরিপূর্ণ হিসেবে ধরে নিয়ো না। তার কাছ থেকে সব সময় যেকোনো কাজ সঠিকভাবে হওয়ার আশা রেখো না। কেননা, সেও একজন মানুষ। আর মানুষমাত্রই ভুল হতে পারে।
- সৌন্দর্য, চলাফেরা, সভ্যতা-সংস্কৃতি, অর্থ-সম্পদ অথবা পারিবারিক দিক থেকে কখনো স্ত্রীকে আশেপাশের বা নির্দিষ্ট কোনো মহিলার সাথে তুলনা করে তার ভেতরে কষ্ট জাগ্রত কোরো না। এ ধরনের কথা থেকে বিরত থাকা এগুলো বলার পর তাকে সান্ত্বনা দেওয়ার চেয়ে অনেক উত্তম।
- কারও সামনে তার দোষ-ত্রুটি নিয়ে আলোচনা কোরো না। কেননা, তুমি আর তোমার স্ত্রীর অবস্থান এক পাল্লাতে আর পুরো বিশ্ববাসীর অবস্থান আরেক পাল্লাতে।
- অর্থের লালসায় স্ত্রী, পরিবার ও সন্তানদের ছেড়ে প্রবাসে যেয়ো না। মনে রেখো, কোনো গরিব মানুষও শুধু রুটি খেয়ে বাঁচে না। দেশে থেকে অনাহারে থাকতে হবে না। আর হ্যাঁ, যারাই সন্তানসন্ততি ও স্ত্রী-পরিবার রেখে প্রবাসে পাড়ি জমিয়েছে, বিপদের ঘণ্টা তাদের দরজায় সব সময় কড়া নেড়েছে।
স্ত্রীকে ছেড়ে বিদেশ না গিয়ে দেশে কোনো কাজ করো। এতেই কল্যাণ রয়েছে। মনে রেখো, তুমি পরিবার ছেড়ে দীর্ঘ বছর প্রবাসে থেকে যদি পুরো দুনিয়ার সব সম্পদ এনে তাদের সামনে দাও, তবুও তাদের কাছে তোমার নষ্ট হয়ে যাওয়া মূল্য আর ফিরে পাবে না। যত সম্পদ নিয়েই দেশে ফিরো, তাদের কাছে তুমি একজন নগণ্য মেহমান বৈ কিছু নও। যে কিছুক্ষণ পরেই আবার প্রবাসে ফিরে যাবে সবাইকে ছেড়ে।
- স্ত্রীর দোষারোপগুলোকে পরিবারের বা পরিবারের বাইরের কারও সাথে তুলনা কোরো না। অতঃপর না জেনে না বুঝে হুট করে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ো না। বরং তোমার উচিত অপেক্ষা করা, বিষয়টি যাচাই বাছাই করে খতিয়ে দেখা এবং সঠিক তথ্য জানা। পবিত্র কুরআনে দুজন মহিলা একজন পুরুষের সমান হওয়ার ঘোষণা থেকে শিক্ষা গ্রহণ করতে পারো।

টিকাঃ
১১৪. আল-মুজামুল আওসাত: ৬২৯৫।
১১৫. সুনানুত তিরমিজি: ১৯৫৫।
১১৬. সহিহুল বুখারি: ৫২৩২।
১১৭. মুসনাদু আহমাদ: ১২৭৬১।
১১৮. সুনানু আবি দাউদ: ২৩৬, মুসনাদু আহমাদ: ২৬১৯৫।
১১৯. সহিহুল বুখারি: ৫১৮৫।
১২০. সহিহুল বুখারি: ৫১৮৬।
১২১. সহিহুল বুখারি: ৬৭৬।
১২২. সহিহু মুসলিম: ১৪৬৯।
১২৩. সহিহুল বুখারি: ৫২৪৭।

📘 সৌভাগ্যের হাতছানি > 📄 স্ত্রী কীভাবে স্বামীকে খুশি করবে?

📄 স্ত্রী কীভাবে স্বামীকে খুশি করবে?


(হে বোন,) তোমার স্বামী ও সন্তানদের খুশি করা তোমার কর্তব্য। মনে রেখো, তোমার প্রতি স্বামীর সন্তুষ্টি তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম। রাসুল ﷺ বলেছেন:
أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ، دَخَلَتِ الْجَنَّةَ
'কোনো মহিলা যদি এমতাবস্থায় মারা যায় যে, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। ১২৪
– স্বামীর সাধ্যের বাইরে তার ওপর কোনো কিছু চাপিয়ে দিয়ো না। আল্লাহ তাআলা বলেন : )لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না।'১২৫ সুতরাং তোমার ইচ্ছা, আগ্রহ ও প্রয়োজনগুলো জমিয়ে রেখে একত্রে তার কাছে প্রকাশ কোরো না; যাতে স্বামীর কাছে বাড়াবাড়ি মনে হয় এবং তোমার আশাগুলোও অপূরণীয় থেকে না যায়। যদি তুমি তোমার সবগুলো ইচ্ছা একত্রে পূরণ করার জন্য জিদ ধরো, তাহলে সে কোনোরূপ পরিতাপ ছাড়াই তোমাকে ও তোমার ইচ্ছাগুলো একত্রে প্রত্যাখ্যান করবে।
উমর বিন আব্দুল আজিজ-এর কথাটি স্মরণ রেখো! তিনি তার সন্তানকে বলেছেন, 'আমার ভয় হয়, না যেন আমি মানুষকে একযোগে হকের ওপর প্রতিষ্ঠিত হতে বলি এবং তারাও একযোগে হককে প্রত্যাখ্যান করে।'
তার মাঝে যেসব সিফাত ও গুণাবলি থাকাকে তুমি পছন্দ করো, সবগুলো একত্রে গ্রহণ করার জন্য তাকে চাপাচাপি কোরো না। একজন মানুষের মধ্যে সকল সিফাত একত্রিত হওয়ার ঘটনা খুবই বিরল।
তোমার সৌন্দর্য, লাবণ্য, স্বাস্থ্যের সতেজতা, চলাফেরার কমনীয়তা, কথার মিষ্টতা ইত্যাদির প্রতি যত্নবান হও। কর্কশ স্বরে কথা বোলো না। অশ্লীল কথা বোলো না। এমন কথা বোলো না, যা সে অপছন্দ করে। কুরুচিপূর্ণ পদ্ধতিতে ঢেকুর তুলো না। যদি এসব নারীসুলভ গুণাবলি তোমার মাঝে না থাকে অথবা এগুলোকে অবহেলা করো, তাহলে স্বামীর কাছে তোমার সৌন্দর্যের পতন ঘটবে এবং একজন পুরুষ একজন নারীর মধ্যে যেসব চমৎকার গুণাবলি পেতে চায়, সেগুলো থেকে দূরে সরে যাবে।
রাসুল সৎ নারীর সিফাত বর্ণনা করে বলেন:
إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ
'আর যখন সে তার স্ত্রীর দিকে তাকায়, সে তাকে আনন্দিত করে। ১২৬
বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে দ্বীনের প্রতি যত্নবান হও। পরিপূর্ণ ইসলামি পর্দা মেনে চলো। কোনো চাকর, চালক বা অন্য কেউ তোমার অবহেলার কারণে যেন এক পলকের জন্যও শরীরের কোনো অংশ না দেখে। তোমার স্বামী চায় না, তোমাকে মাহরাম ছাড়া অন্য কেউ দেখুক।
এক ব্যক্তি এক মেয়েকে বিয়ে করার জন্য মোবাইলে কথা বলল। অতঃপর তার মধ্যে উদ্যম ও দ্বীনদারি দেখে সে খুবই অভিভূত হলো। তখন মেয়েটি তাকে বলল, (قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا) বলুন, "আল্লাহ আমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন, তা ছাড়া আর কিছুই আমাদের আক্রান্ত করতে পারবে না।১২৭ সে তাকে বলল, 'সে সব সময় তাকে একটি উন্নত ও পবিত্র অবয়বে চিন্তা করে। যে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস লালন করে, তাঁর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকে, ইসলামের বিধিবিধান ভালোভাবে মেনে চলে এবং পবিত্র চিন্তা লালন করে।'
হে বোন, হয়তো তোমার স্বামীও তোমার ব্যাপারে এমন ধারণাই পোষণ করে। সুতরাং তার চিন্তায় আঁকা অবয়বকে ধ্বংস করে দিয়ো না।
সন্ধ্যায় স্বামী ঘরে ফেরার আগে সুসজ্জিত হয়ে থেকো। যাতে স্বামী এসেই তোমাকে খুব সুন্দর অবয়বে দেখতে পায়। পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পোশাক পরিধান করো। তার পছন্দের পারফিউম ব্যবহার করো। তার দেওয়া কোনো উপহার শরীরে ঝুলিয়ে রাখো। কারণ, পুরুষ সব সময় তার দেওয়া গিফটগুলো ব্যবহার করতে দেখতে পছন্দ করে। কোনো বান্ধবী বা আত্মীয়ের বাসায় যাওয়ার সময় যেভাবে সাজগোছ করে বের হও, ঠিক সেভাবে সেজে থাকবে।
- স্বামীকে রেখে বাড়ির কাজে ব্যস্ত হয়ে থেকো না। যখন সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে, তখন যেন তোমার রান্নাবান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও গোছগাছ করার কাজ না থাকে। সে এসে যেন তোমাকে রান্নাঘরে, জামাকাপড় ভাঁজ করতে বা অন্য কোনো কাজে না দেখে। বরং এগুলো সে যখন থাকবে না, তখন সেরে নিয়ো।
- ঘরকে সুন্দরভাবে সাজিয়ে রেখো। আসবাবপত্রের স্থানে মাঝে মাঝে পরিবর্তন আনো। তোমার হস্তশিল্প, পেইন্টিং ইত্যাদি ঘরে সাজিয়ে রেখো।
- বিয়ের আগে শিখায়িত আবেগ, উপচে পড়া ভালোবাসার অনুভূতি এবং যেসব দিবা স্বপ্নের মাঝে দিনাতিপাত করতে, সেগুলোর জন্য আফসোস কোরো না। বিয়ের পর সেগুলো প্রশমিত হয়ে যায় এবং একটি ভারসাম্যপূর্ণ শান্তিময় অবস্থার সৃষ্টি হয়।
- যেসব চলাফেরার কারণে স্বামীর অনীহা বা রাগ চেপে বসে, সেগুলো পরিহার করো।
- বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যদি পুরুষ প্রথম প্রস্তাব দিয়ে থাকে, তাহলে বিবাহের ক্ষেত্রে সমতার দিকে লক্ষ রাখার দায়িত্ব তোমার। তুমি যতই জ্ঞান-বিজ্ঞান, বংশমর্যাদা ও ক্ষমতার অধিকারীই হও না কেন, বিয়ের পর তোমার জন্য কর্তব্য হলো, স্বামীর আনুগত্য স্বীকার করা, তার সাথে মতানৈক্য না করা এবং তার সাথে সুন্দরভাবে তোমার চিন্তাগুলো আদান-প্রদান করা। এতেই কল্যাণ রয়েছে।
- স্বামীর মনে এই অনুভূতি জাগ্রত করো যে, সে একটি আরামদায়ক ও শান্তশিষ্ট জান্নাতে বসবাস করছে। তাহলে সে শান্ত মেজাজে তোমার ও পরিবারের সবার জন্য কাজ করতে সক্ষম হবে। ফলে তোমাদের জীবন হয়ে উঠবে সুখময়।
তার সাথে উপকারী ও মিষ্টি কথা বলার চেষ্টা করো। তার সামনে উজ্জ্বল ও মুক্তা বিচ্ছুরণকারী প্রাণবন্ত হাসি দাও। এমনভাবে রসিকতা করো, যাতে সে প্রাণচাঞ্চল্য ফিরে পায়। উপভোগ্য ও প্রফুল্লতার হাসি ফুটাও মুখে। দুশ্চিন্তা-দুর্ভাবনা, নিরর্থক ও বাজে কথা, বিষণ্ণতা ও মলিন মুখ এবং হতাশা ও অবসাদ থেকে দূরে থাকো।
স্বামীর জন্য তোমার সবটুকু দক্ষতা, যোগ্যতা, শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তোলো। স্বামীর কাছে নিজেকে সকল নারীর চেয়ে উত্তম হিসেবে প্রকাশ করো। তাহলে সে তোমাকে আরও শক্তভাবে আঁকড়ে ধরবে, তোমাকে নিয়ে গর্ব করবে।
বান্ধবীদের সাথে মোবাইলে কথা বলে, ভালোবাসা আর প্রেমাবেগের উপন্যাস পড়ে এবং অপ্রয়োজনীয় ম্যাগাজিন পড়ে সময় নষ্ট কোরো না। যেগুলোতে শুধু নায়ক-নায়িকা ও গায়ক-গায়িকাদের অযথা খবরের ছড়াছড়ি। বর্তমানে এসব পত্রিকা ও ম্যাগাজিনে বাজার সয়লাব। আমাদের নারীরাও এগুলোর পেছনে দিনের অধিকাংশ সময় কাটিয়ে দেয়।
পত্রিকা বা ম্যাগাজিনে যেগুলো তোমার জন্য উপকারী সেগুলো পড়ো। যেগুলো পড়লে জ্ঞান সমৃদ্ধ হবে, অন্তরে প্রশান্তি আসবে এবং পরিবার ও সন্তানসন্ততি সামলানোর কৌশল শেখা যাবে, সেগুলো অধ্যয়ন করো।
টেলিভিশনের যেসব প্রোগ্রাম জ্ঞান-বিদ্যা, অভিজ্ঞতা ও সাহিত্য-সংস্কৃতি শিক্ষা দেয়, সেগুলো দেখতে পারো। তবে বিভিন্ন ফিল্ম ও পারিবারিক সম্পর্ক বিনষ্টকারী সিরিয়াল দেখে সময় নষ্ট কোরো না।
স্বামীকে খেলাধুলা ও শারীরিক ব্যায়ামে উদ্বুদ্ধ করো। সম্ভব হলে তুমিও তার সাথে ব্যায়াম করো। ছুটির দিনটিকে প্রাণবন্ত করতে তার সাথে হাঁটো এবং দুজনে মুক্ত বাতাস উপভোগ করো।
স্বামীকে বুঝাও, তার আবেগ-অনুভূতিতে, আনন্দ-প্রফুল্লতায়, ধ্বনি- প্রতিধ্বনিতে এবং অনুভবে-অনুরাগে শুধুই তুমি বিরাজ করছ।
পারিবারিক সমস্যাগুলোর মধ্যে যেগুলোর সমাধান করতে পারবে না, সেগুলো তার কাছে বলার জন্য এবং সমাধানের জন্য সকালে কাজে বের হওয়ার আগেই উপযুক্ত সময় বেছে নেবে। সন্ধ্যায় যখন সে ক্লান্ত-শ্রান্ত দেহ আর মলিন চেহারা নিয়ে ঘরে ফিরবে, তখন কোনো সমস্যার কথা না বলাই ভালো। বরং রাতের অন্য কোনো সময়ে যাবতীয় সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করলেই বেশি সুন্দর হবে। সন্তানদের সামনে তাদের সমস্যা নিয়ে কথা বোলো না। তাদেরকে লালন পালনের কষ্ট যেন তারা বুঝতে না পারে। তাদের মনে যেন এমন ধারণা না আসে যে, তারা তোমাদের দুজনের জন্য অনেক ভারী বোঝা এবং তোমাদের মাঝে মতবিরোধ ও অনেক দ্বন্দ্বের কারণ তারা।
ঘরে প্রবেশের সাথে সাথে তড়িঘড়ি করে তুচ্ছ ও সাধারণ বিষয়ের অভিযোগ করা থেকে বিরত থেকো। যেমন: বাচ্চাদের চিল্লাপাল্লার অভিযোগ করা এবং বাবাকে তাদের সামনে পুলিশ বা বিচারক বানিয়ে তাদের মধ্যে যে অপরাধী তাকে শাস্তি দেওয়া ইত্যাদি। অবশ্যই এসব এড়িয়ে চলতে হবে।
সন্তানের সামনে স্বামীর চলাফেরার খুঁত খুঁজতে যেয়ো না। তাদের সামনে এমন কোনো শব্দে তাকে সম্বোধন কোরো না, যা অপ্রীতিকর এবং অনুপযুক্ত। কারণ, সন্তানও বাবা-মার আড়ালে এসব বলার চেষ্টা করতে পারে।
পড়ালেখার সময় বাচ্চারা অলসতা দেখালে কিছু কিছু মা তাদের বলে, 'তুই জীবনে কখনো সফল হতে পারবি না। কারণ, তুই তোর বাবার মতো অলস' ইত্যাদি। আবার কখনো যদি স্বামী অসুস্থ হয়ে পড়ে, তার প্রতি খুবই কম গুরুত্ব দেয়। স্বামী তাকে কোনো গল্প শোনাতে গেলে 'উহ! এটা আগে শুনেছি' বলে কেটে পড়ে। এমন আরও বহু আচরণ করে, যেগুলো স্বামীর মনের মধ্যে অস্থিরতা আরও বহুগুণ বাড়িয়ে দেয়। এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
গায়রত এবং তিরস্কারের ক্ষেত্রে কখনো বাড়াবাড়ি কোরো না। আব্দুল্লাহ বিন আবু তালিব তার ছেলেকে উপদেশ দিয়ে বলেন, 'অবশ্যই গায়রত থেকে বেঁচে থাকবে। কেননা, এটি তালাকের চাবি। অবশ্যই অধিক তিরস্কার থেকে বিরত থাকবে। কেননা, এর কারণে বিদ্বেষ তৈরি হয়।'
- বাবা-মায়ের প্রতি স্বামীর ভালোবাসার মধ্যে তোমার ঈর্ষা করা চলবে না। স্বামী তার বাবা-মাকে ভালোবাসবেই। কীভাবে আমরা একজন মুসলিম রমণীর কাছ থেকে এমন আচরণ সহ্য করতে পারি? এই ভালোবাসা তো সৃষ্টিগত। আল্লাহ তাআলা সকল মুসলিমের ওপর তা আবশ্যক করে দিয়েছেন। কাছে বা দূরে যেখানেই থাকুক না কেন, এই ভালোবাসা থাকবেই। কীভাবে আমরা একজন মুসলিম নারীর কাছ থেকে এমন ব্যবহার মেনে নেবো যে, সে তার স্বামীর সাথে আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্যতা দিয়ে সম্পর্ক শুরু করবে?! একজন মুসলিম নারী কখনো স্বামীকে এমন কাজ করতে বাধ্য করতে পারে না যে, তুমি তোমার বাবা-মায়ের অবাধ্যতা করো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো!
রাসুল মুসলিমদের চরিত্র ও অবস্থা পরিবর্তন হওয়ার ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। তিনি বলেছেন:
وَأَطَاعَ الرَّجُلُ زَوْجَتَهُ، وَعَقَ أُمَّهُ، وَبَرَّ صَدِيقَهُ، وَجَفَا أَبَاهُ
'(এমন সময় আসবে যে, তখন) পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে এবং তার মায়ের অবাধ্যতা করবে, বন্ধুদের সাথে ভালো ব্যবহার দেখাবে; কিন্তু বাবার সাথে খারাপ ব্যবহার করবে। ১২৮
ঘরের সমস্যার কথা তোমার বাবা-মায়ের কাছে জানাবে না। এতে তোমার স্বামীর প্রতি তাদের হৃদয়ে বক্রতা ও শত্রুতা সৃষ্টি হবে। বরং দুজনে বসে সহমর্মিতার সাথে সমাধান করে নেবে।
স্বামীর চেয়েও তুমি অধিক ধনবান, বংশমর্যাদা ও শিক্ষাদীক্ষায় এগিয়ে থাকলেও তার ওপর বড়াই কোরো না। তাকে ছোট করে দেখা, অবমূল্যায়ন করা এবং তার ওপর বড়াই করা জায়িজ নয়। রাসুল ইরশাদ করেন:
لا يَنْظُرُ اللهُ تَبَارَكَ وَتَعَالَى إِلَى امْرَأَةٍ لَا تَشْكُرُ لِزَوْجِهَا وَهِيَ لَا تَسْتَغْنِي عَنْهُ
'আল্লাহ তাআলা এমন নারীর দিকে তাকান না, যে তার স্বামীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে না; অথচ সে তার থেকে অমুখাপেক্ষী নয়। '১২৯
স্বামীকে শারীরিক মেলামেশা করতে বাধা প্রদান কোরো না। রাসুল বলেন:
إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ، فَلَمْ تَأْتِهِ، فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا، لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ
'যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার বিছানায় ডাকা সত্ত্বেও সে না আসে এবং সে স্ত্রীর ওপর রাগান্বিত হয়ে রাত্রিযাপন করে, তাহলে সকাল পর্যন্ত ফেরেশতারা এমন স্ত্রীর ওপর অভিশাপ দিতে থাকে। '১৩০
মনে রেখো, স্ত্রীর ওপর স্বামীর সর্বপ্রথম হক হচ্ছে আনুগত্য। রাসুল বলেন:
لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا
'যদি আমি কাউকে (আল্লাহ ছাড়া) কারও প্রতি সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে অবশ্যই স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করার নির্দেশ দিতাম। '১৩১
এমনকি রাসুল পর্যন্ত স্বামীর আনুগত্যকে জিহাদের সাথে তুলনা করেছেন। এক মহিলা রাসুল-এর নিকট এসে বলল, 'হে আল্লাহর রাসুল, আমি আপনার কাছে সকল নারীদের পক্ষ থেকে দূত হয়ে এসেছি। আল্লাহ তাআলা পুরুষদের জন্য জিহাদ ফরজ করেছেন। যদি তারা ময়দানে আক্রান্ত হয়, তাহলে প্রতিদান পায় আর শহিদ হলে আল্লাহর কাছে জীবিত থেকে রিজিকপ্রাপ্ত হয়। কিন্তু আমরা নারীরা তো তাদের অধীনস্ত। আমাদের কী করণীয়?' অতঃপর রাসুল বলেন:
أَبْلِغِي مَنْ لَقِيتِ مِنَ النِّسَاءِ أَنَّ طَاعَةَ الزَّوْجِ وَاعْتِرَافًا بِحَقِّهِ يَعْدِلُ ذَلِكَ وَقَلِيلٌ مِنْكُنَّ مَنْ يَفْعَلُهُ
'তোমার সাথে যেই নারীর সাথেই সাক্ষাৎ হবে, তাকে বলে দেবে : মহিলারা স্বামীর আনুগত্য করা ও তার হকের স্বীকারোক্তি দেওয়া জিহাদের সমতুল্য। আর তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যকই তা করে। ১৩২
তোমার ওপর স্বামীর অনুগ্রহের কথা ভুলে যেয়ো না। রাসুল -এর ভাষ্যমতে মহিলারা স্বামীর অনুগ্রহের কথা ভুলে যাওয়া জাহান্নামে প্রবেশের কারণ হয়ে দাঁড়াতে পারে। শুধু তা-ই নয়, তিনি এমন আচরণকে কুফুরি বলে অভিহিত করেছেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসুল বলেছেন:
أُرِيتُ النَّارَ فَإِذَا أَكْثَرُ أَهْلِهَا النِّسَاءُ، يَكْفُرْنَ» قِيلَ: أَيَكْفُرْنَ بِاللَّهِ؟ قَالَ: يَكْفُرْنَ العَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ، ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا، قَالَتْ: مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ
'আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। সেখানে দেখলাম, জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী। তারা অস্বীকার করে।' বলা হলো, 'তারা কি আল্লাহকে অস্বীকার করে?' রাসুল বললেন, 'তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি তাদের কারও প্রতি যুগ যুগ ধরে ইহসান করে থাকো, অতঃপর সে তোমার কাছ থেকে সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, "আমি তো কখনো তোমার কাছ থেকে ভালো কিছু দেখিইনি।"’১৩৩
- স্বামীর সম্পদের হিফাজত করবে। অনুমতি ছাড়া এবং তার সন্তুষ্টির ব্যাপারে পরিপূর্ণ আস্থা অর্জন না করে তার কোনো সম্পদ ব্যবহার করবে না। রাসুল বলেছেন:
لَا تُنْفِقُ امْرَأَةُ شَيْئًا مِنْ بَيْتِ زَوْجِهَا إِلَّا بِإِذْنِ زَوْجِهَا، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَلَا الطَّعَامُ؟ قَالَ: ذَاكَ أَفْضَلُ أَمْوَالِنَا
'কোনো মহিলা যেন স্বামীর অনুমতি না নিয়ে তার ঘর থেকে কিছু দান না করে।' বলা হলো, 'হে আল্লাহর রাসুল, খাবারও কি নয়?' তিনি বললেন, 'সেটা তো আমাদের উত্তম সম্পদ। ১৩৪
স্বামী যদি অসচ্ছল হয়, তাহলে তোমার সম্পদ থেকে তাকে কিছু দান করো। আর তোমারও যদি কোনো সম্পদ না থাকে, তাহলে তার সাথে কষ্ট করে ধৈর্যধারণ করো। হয়তো আল্লাহ তাআলা কষ্ট লাঘবের কোনো ব্যবস্থা করে দেবেন।
– স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রেখো না। রাসুল বলেছেন:
لَا يَحِلُّ لِلْمَرْأَةِ أَنْ تَصُومَ وَزَوْجهَا شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ، وَلَا تَأْذَنَ فِي بَيْتِهِ إِلَّا بِإِذْنِهِ،
'স্বামীর উপস্থিতিতে কোনো মহিলার জন্য তার অনুমতি ছাড়া (নফল) রোজা রাখা বৈধ নয় এবং স্বামীর অনুমতি ছাড়া তার বাড়িতে কাউকে প্রবেশের অনুমতি দেবে না।'১৩৫
– আত্মীয়স্বজনের সাথে তোমার সম্পর্কে এবং তোমার পরিবারের লোকজনকে দেখতে যাওয়ায় যাতে কোনো সীমালঙ্ঘন না হয়।
- স্বামীকে তার পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করতে বাধা দিয়ো না। বরং তাকে এই কাজে উৎসাহ দেবে।
– যদি তুমি চাকুরিজীবী মা হয়ে থাকো, তাহলে কখনো ভেবো না, স্বামীর শুধু অর্থই প্রয়োজন। যদি এমনটা ভাবো, তবে তোমার মধ্যে মাতৃসুলভ আচরণের মাঝে ত্রুটি দেখা দেবে। তবে মনে রেখো, সন্তানের জন্য কখনো বাজারে বিক্রিত দুধ আর মায়ের প্রাকৃতিক দুধ, সেবিকার রান্না করা খাবার আর পরিচ্ছন্ন স্ত্রীর রান্না করা খাবার এবং অজ্ঞ চাকরানির লালনপালন আর আল্লাহভীরু মায়ের লালনপালন সমান হতে পারে না।
- কখনো স্বামীর কর্মের প্রতি বিরক্ত হবে না। কিছু মহিলা এমনটি করে থাকে। এভাবে স্বামীর কাজের প্রতি বিরক্তি প্রকাশ করা খুবই নিকৃষ্ট আচরণ। একেক সময় একেকভাবে বিরক্তি প্রকাশ করে। কখনো বদমেজাজ দেখিয়ে। কেউ কেউ স্বামীর কাজের প্রতি সব সময় অভিযোগের আঙুল তুলে বিরক্তি প্রকাশ করে। কিংবা তার প্রতি স্বামীর গুরুত্বহীনতার অপবাদ দিয়ে অথবা রাগান্বিত হয়ে বাবার বাড়িতে চলে যাওয়ার মাধ্যমে প্রকাশ করে।
- মনে রেখো, যে ঘর হরেক রকম গোশত, মাছ ও সুস্বাদু খাবারে পরিপূর্ণ— অথচ সেখানে সারাক্ষণ ঝগড়া-বিবাদ লেগেই থাকে—সেই ঘরের চেয়েও যে ঘরে খাবার হিসেবে সামান্য কয়েক টুকরো রুটি আছে—তবে সেখানে ভালোবাসা, শান্তি, অন্তরঙ্গতা, সম্মানবোধ এবং পারস্পরিক মূলবোধে পরিপূর্ণ—তা অধিক উত্তম।
- যে স্বামী বিয়ের আগ পর্যন্ত দেখে এসেছে, প্রতিদিন সকালে মা সবার আগে ঘুম থেকে উঠে ঘরের সবাইকে জাগিয়ে দেয়, অতঃপর সকালের নাস্তা প্রস্তুত করে এবং ছোটদের স্কুলে যাওয়ার জন্য জামাকাপড় পরিয়ে প্রস্তুত করে দেয়, সেই স্বামী কখনো এমন স্ত্রী দেখে সন্তুষ্ট হবে না, যে সূর্য মাঝ আকাশে উঠে গেলে ঘুম থেকে জাগ্রত হয়।

টিকাঃ
১২৪. সুনানু ইবনি মাজাহ: ১৮৫৪, সুনানুত তিরমিজি: ১১৬১।
১২৫. সুরা আল-বাকারা, ২: ২৮৬।
১২৬. সুনানু আবি দাউদ: ১৬৬৪।
১২৭. সুরা আত-তাওবা, ৯ : ৫১।
১২৮. সুনানুত তিরমিজি: ২২১০।
১২৯. মুসনাদুল বাজ্জার: ২৩৪৯, মুসতাদরাকুল হাকিম: ২৭৭১।
১৩০. সহিহুল বুখারি: ৩২৩৭, সহিহু মুসলিম: ১৪৩৬।
১৩১. সুনানুত তিরমিজি: ১১৫৯।
১৩২. মুসনাদুল বাজ্জার: ৫২০৯।
১৩৩. সহিহুল বুখারি: ২৯।
১৩৪. সুনানুত তিরমিজি: ৬৭০।
১৩৫. সহিহুল বুখারি: ৫১৯৫।

📘 সৌভাগ্যের হাতছানি > 📄 স্বামী বদমেজাজি হলে করণীয়

📄 স্বামী বদমেজাজি হলে করণীয়


- যদি স্বামী গরম প্রকৃতির, রাগী বা বদমেজাজি হয়, তাহলে তোমাকে ধৈর্যশীল হতে হবে। তার গরম মেজাজের এবং রেগে যাওয়ার কারণ অন্বেষণ করো। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, বিশেষ ও কঠিন পরিস্থিতির কারণে এমনটা সৃষ্টি হয়। অথবা এমনটা হয়ে থাকে ছোটবেলায় খুব বেশি কষ্ট ও অশান্তিকর পরিবেশে জীবনযাপনের কারণে। তাই তোমাকে তার প্রতি সহানুভূতিশীল হতে হবে। তার প্রতি তোমার ভালোবাসা ও সৌহার্দ্য দেখাতে হবে। এ ধরনের পুরুষরা ছোটবেলাতেই মায়ামমতা ও প্রেমাবেগ হারিয়ে ফেলে।
স্বামীর মূল্য অনুধাবন করার চেষ্টা করবে। মনে রেখো, সে তোমার জীবনের আলো। তবে তোমার নিজের ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্য ভুলে গেলে চলবে না।
তার বদমেজাজ দেখে তুমি কখনো উত্তেজিত হয়ে যেয়ো না। সে যখন চেঁচামেচি করবে, তুমিও তার সাথে চেঁচামেচি করবে না। অবশ্যই মনে রাখবে যে, স্বামী-স্ত্রীর সম্পর্ক হলো সম্মান ও ভালোবাসার।
মানুষের সামনে সে ভুল করলে তুমি তাকে ভুল বুঝো না। আবার তাকে ভুলের জন্য উৎসাহ কিন্তু দেওয়া যাবে না। বরং চুপ থাকার চেষ্টা করবে।
স্বামীর ছোটখাটো ভুলের কারণে হৃদয়ের মণিকোঠায় তার মান ক্ষুণ্ণ কোরো না। তাকে ছোট করে দেখো না।
উপযুক্ত সময় পেলে স্বামীর সাথে তার দোষ-ত্রুটি নিয়ে পর্যালোচনা করবে। তবে তার অনুভূতিতে আঘাত দিয়ো না। যখন তার কোনো দোষ ধরিয়ে দিতে চাইবে, তখন এভাবে কথা শুরু করতে পারো যে, 'আপনি যা করেছেন, তা ঠিক আছে—তবে এমন হলেও সুন্দর হতো।'... ইত্যাদি।
স্বামীর ত্রুটিগুলো প্রকাশ করার সময় তার প্রতি তোমার একনিষ্ঠতা, মেধা, বুদ্ধি ও ভালোবাসাকে কাজে লাগাবে এবং তাকে এক এক করে ধীরে ধীরে ত্রুটিগুলো থেকে মুক্ত হয়ে ভালো অভ্যাস গ্রহণের প্রতি উৎসাহ দেবে।
স্বামীর এলোমেলো চলাফেরা ও অস্থিরতা দেখে তার প্রতি দুঃখ বা তিরস্কার ভাব প্রকাশ কোরো না। তোমার তিরস্কার তার কোনো উপকার করবে না। বরং এতে করে উদ্ভট চলাফেরার প্রবণতা ও বদমেজাজ আরও বৃদ্ধি পাবে।
তার আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করার চেষ্টা করবে। তাকে তার শ্রেষ্ঠত্ব, তোমার বা পরিবারের জন্য তার অবদান এবং পরোপকারের কথা স্মরণ করিয়ে দেবে। তাহলে আশা করা যায় তার বদমেজাজ কিছুটা কমবে এবং সুবুদ্ধির উদয় হবে।
সুন্দর জীবনযাপন ও আশাবাদী হওয়ার ক্ষেত্রে স্বামী ও সন্তানদের কাছে নিজেকে তুমি একটি আদর্শ হিসেবে ফুটিয়ে তোলো।
- যখন তার সাথে ঝগড়া বাধবে, বা সে তোমার ওপর রেগে যাবে, তখন দেরি না করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে।
আনাস বিন মালিক থেকে বর্ণিত, রাসুল ﷺ বলেছেন, (أَلَا أُخْبِرُكُمْ) بِنسَائِكُمْ في الجنة؟ 'আমি কি তোমাদের জান্নাতি নারীদের খবর দেবো না?' আমরা বললাম, 'হ্যাঁ, বলুন।' তিনি বললেন:
كُل وَدُودٍ وَلُودٍ إِذَا غَضِبَتْ أَوْ أُسِيءَ إِلَيْهَا قَالَتْ : هَذِهِ يَدِي فِي يَدِكَ, لَا أَكْتَحِلُ بِغَمْضٍ حَتَّى تَرْضَى
'প্রত্যেক অতি সোহাগিনী অধিক সন্তান প্রসবকারিণী রমণী, যখন সে রাগ করে বা তার প্রতি তার স্বামী মনঃক্ষুণ্ণ হয়, তখন সে বলে, “এই আমার হাত আপনার হাতে; আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি নিদ্রা যাব না।" ১৩৬
রাসুল ﷺ আরও বলেছেন:
لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، أَنْ تَأْذَنَ فِي بَيْتِ زَوْجِهَا وَهُوَ كَارِهُ، وَلَا تَخْرُجَ وَهُوَ كَارِهُ، وَلَا تُطِيعَ فِيهِ أَحَدًا، وَلَا تَخْشَنَ بِصَدْرِهِ، وَلَا تَعْتَزِلَ فِرَاشَهُ، وَلَا تَضْرِبَهُ، فَإِنْ كَانَ هُوَ أَظْلَمَ، فَلْتَأْتِهِ حَتَّى تُرْضِيَهُ، فَإِنْ كَانَ هُوَ قَبِلَ، فَبِهَا وَنِعْمَتْ، وَقَبِلَ اللَّهُ عُذْرَهَا، وَأَفْلَحَ حُجَّتَهَا، وَلَا إِثْمَ عَلَيْهِ، وَإِنْ هُوَ أَبِي بِرِضَاهَا عَنْهَا، فَقَدْ أَبْلَغَتْ عِنْدَ اللَّهِ عُذْرَهَا
'আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে এমন নারীর জন্য বৈধ নয় যে, তার স্বামীর অপছন্দ অবস্থায় কাউকে তার বাড়িতে প্রবেশের অনুমতি দেবে এবং তার স্বামীর অপছন্দ অবস্থায় বাড়ি থেকে বের হবে; আর সে সেখানে অন্য লোকের আনুগত্য করবে না; স্বামীর বক্ষকে ক্রোধ দ্বারা ভরবে না, তার বিছানা থেকে পৃথক হবে না এবং সে স্বামীকে আঘাত করবে না-যদিও নাকি স্বামী স্ত্রী থেকে বেশি অত্যাচারী হয়—তবুও স্ত্রী স্বামীর কাছে আসবে, এমনকি তাকে সন্তুষ্ট করে তুলবে; আর যদি স্বামী স্ত্রীর ওজর কবুল করে, তবে তা-ই হবে এবং তা উত্তম হবে; আর আল্লাহও তার ওজর কবুল করবেন এবং তিনি তার (ওই স্ত্রীর ওজরের) দলিল প্রকাশ করবেন। এতে তার কোনো গুনাহ হবে না। আর যদি তার স্বামী তার থেকে সন্তুষ্ট হতে অস্বীকার করে, তবে সে (স্ত্রী) তো তার ওজর আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে।'১৩৭
যদি কেউ কাউকে কোনো কাজের জন্য ভর্ৎসনা করতেই হয়, তাহলে মেজাজ স্বাভাবিক হওয়ার পর ভর্ৎসনা করা যেতে পারে। তবে তা হতে হবে আনন্দ, প্রফুল্লতা ও হাসিখুশির সাথে এবং উপযুক্ত সময়ে। কোনোরূপ হিংসা-বিদ্বেষ বা তিক্ততা দেখানো যাবে না।

টিকাঃ
১৩৬. আল-মুজামুল আওসাত: ১৭৪৩।
১৩৭. মুসতাদরাকুল হাকিম: ২৭৭০।

📘 সৌভাগ্যের হাতছানি > 📄 যাদের তাৎক্ষণিক রাগ চলে আসে তাদের করণীয়

📄 যাদের তাৎক্ষণিক রাগ চলে আসে তাদের করণীয়


- তুচ্ছ বিষয়ের জন্য অনেক বেশি রেগে যেয়ো না এবং উত্তেজিত হোয়ো না। রাগের সময় কী করণীয়, তা জেনে আমল করবে এবং সব সময় রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে।
- রাগ পরিপূর্ণ স্বাভাবিক হওয়া পর্যন্ত মনোযোগ অন্য দিকে ফেরানোর চেষ্টা করবে।
- রাগের অবস্থাকে কোনো উপকারী কাজে ব্যয় করবে। যেমন: শারীরিক ব্যায়াম করা, ঘরের আসবাবপত্র গোছানো, জামাকাপড় সেলাই করা কিংবা যেকোনো কষ্টসাধ্য কাজ করা।
- দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ করবে। যখন কাউকে অপছন্দ করবে বা কারও প্রতি ক্রোধান্বিত হবে, তখন তার মাঝে এমন কোনো কারণ খুঁজে বের করবে, যা তোমাকে বিস্মিত এবং সন্তুষ্ট করতে পারবে। তাহলে তার প্রতি রাগ-ক্ষোভ প্রশমিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন:
وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ
'আর মানুষকে তাদের পণ্যে কম দিয়ো না।'১৩৮
- যদি কখনো নিজের মধ্যে কোনো ত্রুটি দেখার পর নিজের প্রতিই রাগ চেপে বসে, তাহলে তোমার ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা, আল্লাহর দেওয়া দান-অনুদান ও সৌন্দর্য খুঁজে বের করো। যেগুলো তোমার কাছে তোমার মূল্য আরও বৃদ্ধি করবে। অতঃপর ত্রুটির অনুভূতি কেটে যাবে।
- রাগের সময় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকবে। বরং ক্রোধ প্রশমিত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। অতঃপর ঠান্ডা মস্তিষ্কে পুনর্বিবেচনা করবে।
- যেসব কাজ করলে বা যেসব স্থানে গমন করলে রাগ আসে, সেগুলো থেকে দূরে থাকবে।
- কখনো রাগের কারণে কান্না এলে অশ্রু আটকে রেখো না। তবে কান্নায় অতিরঞ্জিতও কোরো না। এর ফলে অন্তরে প্রশান্তি আসবে এবং রাগ প্রশমিত হবে।
গড়িয়ে পড়া অশ্রুর সাথে হৃদয়ে লুকিয়ে থাকা সুপ্ত কষ্টগুলো উড়ে যাবে। কিন্তু অশ্রুগুলো ভেতরে রেখে দিলে নানা রোগের সৃষ্টি হতে পারে।
- আল্লাহর প্রতি ইমান ও আস্থা বৃদ্ধি করো এবং মনকে বোঝাও-
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا - إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
'সুতরাং কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।'১৩৯

টিকাঃ
১৩৮. সুরা আল-আরাফ, ৭:৮৫।
১৩৯. সুরা আশ-শারহ, ৯৪ : ৫-৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00