📘 সৌভাগ্যের হাতছানি > 📄 পেশার দাসে পরিণত হয়ো না

📄 পেশার দাসে পরিণত হয়ো না


ব্যক্তিগত পেশায় আত্মনিয়োগ করার মাঝেই কেবল সৌভাগ্য নিহিত রয়েছে— এমনটি যেন কেউ না ভাবে। সৌভাগ্য লাভের অন্য কিছু মাধ্যম রয়েছে। সেগুলো অর্জনের চেষ্টা করা উচিত। নচেৎ তার দৃষ্টান্ত এমন অবিবাহিত ব্যক্তির মতো হবে, যে জীবনভর পেশার গোলামি করেছে, দোকানে বসে বসে ব্যবসা করা ছাড়া জীবনের আর কোনো অর্থই তার বুঝে আসেনি। প্রতিদিন সকালে দোকানে গমন করে, আর গভীর রাতে ঘরে ফিরেই বিছানায় গা এলিয়ে দেয়। অতঃপর যখন নতুন করে সকাল আসে, দৈনন্দিনের মতো কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা দোকানের দিকে হাঁটা শুরু করে। এভাবেই জীবনের প্রতিটি দিন সে পার করতে থাকে। অবশেষে যখন (বেশ কিছু সম্পদ জমা করার পর) মৃত্যুর ডাক আসে, তখন প্রতিবেশী কেউ কবরের ওপর একটি স্মারক ফলক ঝুলিয়ে দেয়। যেখানে লেখা থাকে 'জন্মেছিল মানুষ হয়ে... মারা গেল দোকানি হয়ে।'
এমন বহু মানুষ আছে। একেকজন একেক পেশার দাসত্ব বরণ করে মারা যায়। জন্মে মানুষ হয়ে, মারা যায় ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসায়ী ইত্যাদি পেশাদারিত্বের লকব নিয়ে। খুব কম মানুষই আছে, যারা পেশার দাসত্ব না করে মারা যায়।

📘 সৌভাগ্যের হাতছানি > 📄 তুমি কী করতে চাও, তা জানার মাঝে সৌভাগ্য রয়েছে

📄 তুমি কী করতে চাও, তা জানার মাঝে সৌভাগ্য রয়েছে


বিজ্ঞদের মতে, দুনিয়াতে তুমি কী করতে চাও এবং দুনিয়া থেকে কী কী পেতে চাও, তা জেনে অর্জন করে নেওয়ার মধ্যে সুখ রয়েছে। কেননা, বহু মানুষ জীবনের লক্ষ্য সম্পর্কে উদাসীন। জীবনকে কী কাজে ব্যয় করতে চায়, নিজেও জানে না। এ ধরনের মানুষগুলোকে ছোট বাচ্চাদের সাথেই তুলনা করতে হয়। বাচ্চারা খেলনার দোকানে ঢুকার পর হরেক রকম খেলনা দেখে হঠাৎ একটা খেলনা হাতে নিয়ে নেয়। একটু পর হাতের খেলনার চেয়েও উজ্জ্বল ও সুন্দর আরেকটি খেলনা দেখতে পেয়ে হাতেরটি ফেলে সেটি ধরে। এভাবে একের পর এক খেলনা পালটাপালটি করতেই থাকে। অবশেষে কখনো খালি হাতেই বের হতে হয় আবার কখনো খুবই নিম্নমানের কোনো খেলনা হাতে নিয়ে বের হতে হয়। এমনই বাচ্চাদের অবস্থা।
১৯২৮ সালে প্রকাশিত একটি প্রবন্ধে ইস্কান্দার মাকারিউস বলেন, 'অস্থির ও উৎকণ্ঠ চিত্তের মানুষগুলোর মাঝে এমনই পরিলক্ষিত হয়। প্রবৃত্তির হাজারো চাহিদা এসে তাদের মাথায় ভিড় করে। খেয়ালিপনার তীব্র বাতাসে এবং ভোগবিলাসের গোপনগর্তে তাদের বুদ্ধি হারিয়ে যায়। কখনো এরা গাড়ির নেশায় প্রলুব্ধ হয়। কখনো জুয়ার টেবিলে সময় কাটায়। মাঝে মাঝে কামনাবাসনা আর লালসা মেটাতে দুনিয়ার প্রান্তে প্রান্তে ঘুরে বেড়ায়। এ ধরনের মানুষগুলো রাত জেগে কামনাবাসনা পূরণ ও দিনের বেলায় ঘুমের প্রতি অভ্যস্ত হয়ে ওঠে।
এরা একেকবার একেক পেশা ধরে। আজ এই কাজ কাল ওই কাজ। এভাবেই পালটাপালটি করতে থাকে। অন্য নারীকে বিয়ে করার জন্য স্ত্রীকে তালাক দেয়, আবার কাউকে তালাক দেওয়ার জন্য বিয়ে করে। পুরোনো ভালোবাসা পেছনে ফেলে নতুন ভালোবাসা খোঁজে। তবুও তাদের আরও চাই... আরও চাই...! তাদের ধারণামতে প্রবৃত্তির চাহিদা মেটানোর মাঝে প্রকৃত স্বাদ এবং সুখ।
অথচ প্রবৃত্তির তাড়নায় বারবার পালটাপালটি খাওয়া এবং অমনোযোগীদের উদাসীনতার মাঝে শান্তি ও সৌভাগ্য নেই। এরা কোনো দিন তুষ্টও হতে পারে না, সুখীও হতে পারে না। কেননা, তারা নিজেরাই জানে না, নিজেরা কী চায়! কোনো কিছু চাইলেও তাতে স্থির থাকতে পারে না।
সুতরাং এ কথা স্পষ্ট যে, সর্বপ্রথম তোমাকে নির্ধারণ করতে হবে, তুমি কী চাও। অতঃপর যা চাও, তা গ্রহণ করার জন্য উদ্যোগ নিতে হবে এবং অন্তরে এই বিশ্বাস রাখতে হবে যে, অবশ্যই আমি সুখী হব। তবেই তুমি সুখী হতে পারবে। অতএব, দুনিয়ার বিপদাপদকে কিছুতেই তোমার ওপর বিজয়ী হতে দেবে না। তবে কখনো বিপদে পড়ে গেলেও অশ্রুসাগরে ভাসা যাবে না। বরং বিপদ-প্রতিবন্ধকতার সাথে ময়দানে লড়াই করে যাও, যতক্ষণ না বিজয়ীবেশে ফিরে আসো। ১৮

টিকাঃ
১৮. আল-আরুসাহ, ৯/১২/১৯২৮ ইসায়ি। ইস্কান্দার মাকারিউস।

📘 সৌভাগ্যের হাতছানি > 📄 সুস্থতার মাঝে সৌভাগ্য রয়েছে

📄 সুস্থতার মাঝে সৌভাগ্য রয়েছে


সুস্থতা সৌভাগ্যের অন্যতম অংশ। সম্পদ, সম্মান, দাপট, রাজত্ব কিছুতেই সুখ নেই, যদি সুস্থতা না থাকে। সবকিছুর পূর্বে পূর্ণ সুস্থতা থাকতে হবে। সবকিছু থেকেও যদি সব সময় অসুস্থতা ও বিপদের মোকাবিলা করে যেতে হয়, তবে এসবের মাঝে সুখ কীসের?!
কথিত আছে, জনৈক দরবেশ হজের উদ্দেশ্যে বাইতুল্লাহর পথে রওয়ানা করল। পথিমধ্যে তার জুতো ক্ষয় হয়ে যায়। তাই মরুপথে হাঁটতে হাঁটতে প্রচণ্ড উত্তাপে তার পাদুটো আঙ্গারপ্রায়। অবশেষে বাকি পথ মনের মধ্যে এই দুঃখ লালন করেই অতিক্রম করল যে, মরুর উত্তপ্ত বালি থেকে বাঁচতে বাহনে আরোহণ করার মতো সম্পদও নেই আমার কাছে! অতঃপর ভাবতে ভাবতে যখন মক্কায় গিয়ে পৌছুল, তখন এক জায়গায় এক অসুস্থ ভিক্ষুককে দেখে চমকে গেল। তার দুটো পা নেই। এই অবস্থা দেখে সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং বুঝতে পারল যে, সে জুতো ছাড়া পা-বিহীন ওই অসুস্থ ব্যক্তির চেয়ে অনেক সুখে আছে। অথচ কিছু মানুষ পরিপূর্ণ সুস্থ হওয়া সত্ত্বেও তাদের অভিযোগ আর অসন্তুষ্টির শেষ নেই। এদের এত এত অনুযোগ দেখে অসুস্থ এবং দরিদ্ররা পর্যন্ত বিস্মিত হয়।
পরিপূর্ণ সুস্থতা ও পর্যাপ্ত সম্পদ কখনো সৌভাগ্যের মূল উপাদান নয়। বরং এগুলো সৌভাগ্যের দুটি শর্ত। অন্যভাবে বললে, এই দুটি সৌভাগ্য নিশ্চিত করে না এবং কেউ সৌভাগ্য অর্জন করতে হলে এই দুটির মুখাপেক্ষীও নয়। এতে কোনো সন্দেহ নেই যে, মুমিনের চূড়ান্ত আশা হচ্ছে দুনিয়াতে সুস্থতার সাথে জীবনযাপন এবং পরকালে ক্ষমা লাভ।
রাসুল ইরশাদ করেন:
إِلَيْكَ انْتَهَتِ الْأَمَانِيُّ، يَا صَاحِبَ الْعَافِيَةِ
'হে সুস্থতার মালিক, আপনার নিকটই আমার আশা শেষ হয়।'১৯
তিনি আরও বলেন:
اسْأَلُوا اللهَ العَفْوَ وَالعَافِيَةَ، فَإِنَّ أَحَدًا لَمْ يُعْطَ بَعْدَ اليَقِينِ خَيْرًا مِنَ العَافِيَةِ
'তোমরা আল্লাহর কাছে ক্ষমা ও সুস্থতা কামনা করো। কেননা, দৃঢ় বিশ্বাসের পর তোমাদের কাউকে সুস্থতার চেয়ে বেশি উত্তম আর কিছুই দেওয়া হয়নি।'২০
আলি বিন আবু তালিব বলেছেন, 'কঠিন বিপদে আক্রান্ত ব্যক্তির জন্য দুআ করা যতখানি প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন এমন সুস্থ ব্যক্তির জন্য যে যেকোনো সময় বিপদে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।'

টিকাঃ
১৯. আল-মুজামুল আওসাত: ৬৬৯৪।
২০. সুনানুত তিরমিজি: ৩৫৫৮।

📘 সৌভাগ্যের হাতছানি > 📄 নিজেকে ঠিক করো, সুখময় জীবনযাপন করতে পারবে

📄 নিজেকে ঠিক করো, সুখময় জীবনযাপন করতে পারবে


মার্কিন পরিসংখ্যান সংস্থা গ্যালাপের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আমেরিকার ৫০% মানুষ বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হওয়ার পর আর একটিও বই পড়েনি।
ওয়াশিংটন বুশ পত্রিকায় প্রকাশ করেছে, ১৯৯৬ সালে জাতিসংঘের লাইব্রেরির সংখ্যা উনিশ শতাব্দীর সংখ্যার চেয়ে বেশি ছিল না। আমেরিকার সরকারি স্কুলগুলোর নিম্নমানের পড়ালেখার প্রতি ইঙ্গিত করে পত্রিকাটি বারবার অভিযোগ করেছে। বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া ছাত্রদের প্রায় অর্ধেক বিশ্ব মানচিত্রে যুক্তরাষ্ট্রের নাম চিহ্নিত করতে পারে না। অন্যান্য রাষ্ট্রের কথা বাদই দিলাম।”২১
এই যদি হয় বিশ্বের সবচেয়ে উন্নত দেশের শিক্ষা ও সংস্কৃতির অবস্থা, তাহলে আমাদের আরব যুবকদের পড়াশুনার ও বই থেকে বিচ্ছিন্ন থাকার ব্যাপারে আর কী বলার আছে! যে জাতির শুরুটাই ছিল (إقرأ) অর্থাৎ 'পড়ো' দিয়ে, সে জাতি আজ খুব সামান্যই পড়ালেখা করে!
মনোযোগবিহীন এবং চিন্তা-গবেষণা না করে কয়েক পৃষ্ঠা পড়ে যাওয়াই অজ্ঞ লোকদের জন্য যথেষ্ট। যা থেকে যৎসামান্যই অনুধাবন করা যায়।
পক্ষান্তরে জ্ঞানী লোক বইয়ের পর বই শেষ করে ফেলে। বিবেক দিয়ে চিন্তা করে আর অধ্যয়ন করে। প্রতিটি পৃষ্ঠার ভাঁজে ভাঁজে জ্ঞান অন্বেষণ করে, বিবেকের খোরাক তালাশ করে, যুগযুগ ধরে মানুষের রেখে যাওয়া জ্ঞান থেকে কিছু আহরণ করার চেষ্টা করে। তারপর অর্জিত সকল জ্ঞানকে নিজের জ্ঞানের ঝুলিতে পুরে নেয়। অতঃপর যখন সে কিছুর দিকে দৃষ্টিপাত করে অথবা কোনো কিছুকে বিচার করার চেষ্টা করে, তখন নিজের জ্ঞান ও অতীত-বর্তমানের হাজারো মানুষের জ্ঞান থেকে অর্জিত জ্ঞান দ্বারা তাকায় এবং বিচার করে।
প্রকৃত শিক্ষিত সে, যার অনুভূতি, বিবেক ও অন্তর সবই শিক্ষার আলোয় আলোকিত। যার মাঝে জ্ঞান ও প্রজ্ঞার সমন্বয় রয়েছে। এই জগতে কেউ সুখী থাকলে এ ধরনের লোকেরাই আছে। আহারে-অনাহারে, পেয়ে না-পেয়ে, বস্ত্রাবৃত ও বস্ত্রহীন অবস্থায় সর্বাবস্থায় সুখী। বিবেকের আলোকরশ্মি, অন্তরের উষ্ণতা ও দৃষ্টির প্রসারতা এদেরকে জীবনভর সুখী করে রাখে।২২
তাই তো জগতের কিছু মানুষ কিতাবের ভাঁজে ভাঁজে, বইয়ের পাতায় পাতায়, কলম আর কালির রেখায় রেখায় সুখ ও সৌভাগ্য খুঁজে পায়। বহু আলিম, লেখক, গবেষক ও সাহিত্যিক আছেন, যারা বইয়ের প্রতিটি পাতায় পাতায় গবেষণা ছাড়া, প্রতিটি গ্রন্থের অভ্যন্তরে লুকিয়ে থাকা মুক্তামালার সন্ধান পাওয়া ছাড়া এবং প্রকৃতি ও গবেষণাগারে মহাবিশ্বের রহস্য উন্মোচন করা ছাড়া প্রশান্তি অনুভব করে না।

টিকাঃ
২১. কিমিয়াউস সাআদাহ, উসতাজ হুসাইন আহমাদ আমিন। নভেম্বর, ১৯৯৮ ইসায়ি।
২২. তাসাক্কাফ নাফসাকা তায়িশ সায়িদান, ড. আহমাদ জাকি। আল-হিলাল, ১৯৫৪ ইসায়ি.।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00