📘 সচ্চরিত্রতা ও চারিত্রিক গুণাবলী > 📄 লজ্জাशीलता

📄 লজ্জাशीलता


লজ্জাশীলতার প্রকৃতত্ব হল এমন সচ্চরিত্রতা, যা নোংরা বর্জন করতে মানুষকে উদ্বুদ্ধ করে এবং অধিকারীর অধিকার আদায়ে ত্রুটি প্রদর্শন করতে বিরত রাখে। কেউ লজ্জাশীল চরিত্রবান হলে তার দ্বারা কোন পাপ, অপরাধ, ধৃষ্টতা অথবা নোংরামি ঘটতে পারে না। যেহেতু লজ্জাশীলতার উৎস হল ঈমান। মহানবী বলেছেন,
الإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُونَ شُعْبَةً فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَدْنَاهَا إِمَاطَةُ الأَذَى عَنِ الطَّرِيقِ وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ
"ঈমান সত্তর বা ষাটের অধিক শাখাবিশিষ্ট; যার উত্তম (ও প্রধান) শাখা 'লা ইলা-হা ইল্লাল্লাহ' (আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই) বলা এবং সবচেয়ে ক্ষুদ্র শাখা পথ হতে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। আর লজ্জাশীলতা ঈমানের অন্যতম শাখা।”২৩৭
ইবনে উমার বলেন, রাসূলুল্লাহ এক আনসার ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলেন, যিনি তার ভাইকে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন। রাসূলুল্লাহ তাঁকে বললেন,
دَعْهُ ، فَإِنَّ الْحَيَاءَ مِنَ الإِيمَانِ
"ওকে ছেড়ে দাও। কেননা, লজ্জা ঈমানের অন্তর্ভুক্ত।”২৩৮
লজ্জাশীলতা ও ঈমান এক সূত্রে গাঁথা। একটি চলে গেলে অন্যটিও চলে যায়। নির্লজ্জের ঈমান পরিপূর্ণ নয়। বেহায়া নারী-পুরুষ পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী নয়। মহানবী বলেছেন,
إنَّ الحَيَاءَ والإيمانَ قُرِنا جميعاً فإِذا رُفِعَ أَحدُهُمَا رُفِعَ الْآخَرُ
"অবশ্যই লজ্জাশীলতা ও ঈমান একই সূত্রে গাঁথা। উভয়ের একটি চলে গেলে অপরটিও চলে যায়।”২৩৯
সভ্যতা, শ্লীলতা ও ভদ্রতা ঈমানের অঙ্গ বিশেষ। ভদ্র মানুষ জান্নাতে প্রবেশাধিকার পাবে। পক্ষান্তরে অসভ্য ও অভদ্র মানুষের ঠিকানা হবে জাহান্নাম। মহানবী বলেছেন,
الْحَيَاءُ مِنْ الْإِيمَانِ وَالْإِيمَانُ فِي الْجَنَّةِ وَالْبَذَاءُ مِنْ الْجَفَاءِ وَالْجَفَاءُ فِي النَّارِ
"লজ্জাশীলতা ঈমানের অন্তর্ভুক্ত এবং ঈমান হবে জান্নাতে। আর অশ্লীলতা রূঢ়তার অন্তর্ভুক্ত এবং রূঢ়তা হবে জাহান্নামে।"২৪০
এমন অনেক কথা আছে, যা আকারে-ইঙ্গিতে বলতে হয়, স্পষ্ট বলতে লজ্জাবোধ হয়। অনেক সময় নিজের অধিকার চাইতেও লজ্জা লাগে। এমন লজ্জাশীলতাও ঈমানের শাখা। মহানবী বলেছেন,
الْحَيَاءُ وَالْعِيُّ شُعْبَتَانِ مِنْ الْإِيمَانِ وَالْبَذَاءُ وَالْبَيَانُ شُعْبَتَانِ مِنْ النَّفَاقِ
“লজ্জাশীলতা ও মুখচোরামি ঈমানের দু'টি শাখা। আর মুখ খিস্তি করা ও বাক্সটু হওয়া মুনাফিকীর দু'টি শাখা।"২৪১
إِنَّ الْحَيَاءَ، وَالْعَفَافَ، وَالْعِيَّ، عِيُّ اللِّسَانِ لا عِيَّ الْقَلْبِ، وَالْعَمَلَ، مِنَ الإِيمَانِ، وَإِنَّهُنَّ يَزِدْنَ فِي الآخِرَةِ، وَيُنْقِصْنَ مِنَ الدُّنْيَا، وَلَمَا يَزِدْنَ فِي الْآخِرَةِ، أَكْثَرُ مِمَّا يُنْقِصْنَ فِي الدُّنْيَا، فَإِنَّ الشُّحَّ، وَالْبَذَاءَ مِنَ النَّفَاقِ، وَإِنَّهُنَّ يَزِدْنَ فِي الدُّنْيَا، وَيُنْقِصْنَ مِنَ الآخِرَةِ، وَلَمَا يُنْقِصْنَ فِي الآخِرَةِ أَكْثَرُ مِمَّا يَزِدْنَ فِي الدُّنْيَا
"নিশ্চয় লজ্জাশীলতা, যৌন-পবিত্রতা, মুখচোরামি (হৃদয়ের অক্ষমতা নয়) ও আমল বা দ্বীনী জ্ঞান ঈমানের অন্তর্ভুক্ত। এগুলি পরকালের সম্বল বৃদ্ধি করবে এবং ইহকালের সম্বল হ্রাস করবে। আর পরকালের যা বৃদ্ধি পায়, তা ইহকালের যা হাস করে তা অপেক্ষা অধিক। পক্ষান্তরে কার্পণ্য, অশ্লীলতা ও নোংরা ভাষা মুনাফিকীর অন্তর্ভুক্ত। এগুলি পরকালের সম্বল হাস করে এবং ইহকালের সম্বল বৃদ্ধি করে। আর পরকালের যা হ্রাস পায়, তা ইহকালের যা বৃদ্ধি করে তা অপেক্ষা অধিক।”২৪২
মু'মিন নির্লজ্জ, বেহায়া ও অশ্লীল প্রকৃতির হতে পারে না। যেহেতু যে গুণ মুনাফিকের, তা কোন মু'মিনের হতে পারে না। মহানবী বলেছেন,
لَيْسَ الْمُؤمن بالطعان وَلَا اللعان وَلَا الْفَاحِشِ وَلَا الْبَدِيء
"মুমিন খোঁটাদানকারী, অভিশাপকারী, অশ্লীল এবং অসভ্য হয় না।”২৪৩
অবশ্যই মহান প্রতিপালক মুনাফিককে ভালোবাসেন না। এমন কাউকে ভালোবাসেন না, যে তার চরিত্র ও চলনে নির্লজ্জ ও ধৃষ্ট, যে তার বলনে অশ্লীলভাষী। রাসূলুল্লাহ বলেছেন,
إِنَّ اللَّهَ يَبْغَضُ الْفَاحِشَ الْبَذِيءَ
"নিশ্চয় আল্লাহ তাআলা অমার্জিত অশ্লীলভাষীকে ঘৃণা করেন।"২৪৪
মানুষও কি অসভ্য দুশ্চরিত্রকে ভালোবাসে? কক্ষনো না। সভ্য মানুষেরা অসভ্যকে পছন্দ করতেই পারে না। যে পুরুষ মেয়ে দেখে হ্যাংলা কুকুরের মতো ভ্যালভ্যাল ক'রে তার দিকে তাকিয়ে থাকে, চরিত্রবতী মেয়েরা সেই সকল পুরুষকেই বেশী ঘৃণা করে। অভব্য কোন মানুষকে তার মজলিসে বসাতে চায় না, তার মেহমান বানাতে চায় না, তাকে বন্ধু বানাতে চায় না, তাকে জামাই বা বউ করতে চায় না, আপন স্বামী বা স্ত্রীরূপে গ্রহণ করতে চায় না। সুস্থ প্রকৃতির ভব্য নারী-পুরুষ মাত্রই অভব্য নারী-পুরুষকে এড়িয়ে চলতে চায়, বর্জন করতে চায়। এমন দুশ্চরিত্র নারী-পুরুষ মানুষের কাছে ঘৃণ্য, মহান প্রতিপালকের কাছেও ঘৃণ্য। বরং কিয়ামতে তাঁর নিকট তারাই সবচেয়ে বেশি নিকৃষ্ট। মহানবী বলেছেন,
إِنَّ شَرَّ النَّاسِ مَنْزِلَةً عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ مَنْ وَدَعَهُ أَوْ تَرَكَهُ النَّاسُ اتَّقَاءَ فُحْشِهِ
"কিয়ামতের দিন আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্টমানের ব্যক্তি সেই হবে, যাকে মানুষ তার অশ্লীলতা থেকে বাঁচার জন্য বর্জন ক'রে থাকে।”২৪৫
দেহ প্রদর্শন না করা এক প্রকার লজ্জাশীলতা। বিশেষ ক'রে যে দেহাংশ গোপন রাখা ওয়াজেব, তা প্রকাশ করা নির্লজ্জতা ও বেহায়ামি। তাই মহানবী বলেছেন,
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَى سِتِّيرٌ يُحِبُّ الْحَيَاءَ وَالسَّتْرَ فَإِذَا اغْتَسَلَ أَحَدُكُمْ فَلْيَسْتَتِرُ
"নিশ্চয় আল্লাহ আয্যা অজাল্লু লজ্জাশীল, গোপনকারী। তিনি লজ্জাশীলতা ও গোপনীয়তাকে পছন্দ করেন। সুতরাং যখন তোমাদের কেউ গোসল করবে, তখন সে যেন গোপনীয়তা অবলম্বন করে (পর্দার সাথে করে)।"২৪৬
এ তো গোসল করা অথবা প্রাকৃতিক কর্ম সারার সময়কার কথা। তাহলে কথান্তরে দেহ অন্য সময় প্রকাশ করা, দেহকে সুসজ্জিত ক'রে জনসমক্ষে পেশ করা, জনসভায় প্রদর্শন করা, রূপালী পর্দায় পেশ করা, নানা অঙ্গভঙ্গির সাথে পেশ করা, রূপব্যবসা করা ইত্যাদি কোন শ্রেণীর নির্লজ্জতা, তা অনুমেয়।
লজ্জাশীলতা নারীর ভূষণ। অলঙ্কার যেমন নারীকে আরো সুন্দরী ক'রে তোলে, তেমনি লজ্জাশীলতাও সুন্দরীকে আরো বেশি সুন্দরী ক'রে তোলে। পুরুষের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে লজ্জাশীলতার সচ্চরিত্রতা। পক্ষান্তরে নির্লজ্জতা ও অশ্লীলতা সুন্দর-সুন্দরীর সৌন্দর্যকে ম্লান ক'রে দেয় এবং অসুন্দরের কদর্যতা আরো বৃদ্ধি করে। মহানবী বলেছেন,
مَا كَانَ الْفُحْشُ فِي شَيْءٍ قَطُّ إِلَّا شَانَهُ وَلَا كَانَ الْحَيَاءُ فِي شَيْءٍ قَطُّ إِلَّا زَانَهُ
"অশ্লীলতা বা নির্লজ্জতা যে বিষয়ে থাকে, সে বিষয়কে তা সৌন্দর্যহীন করে ফেলে; পক্ষান্তরে লজ্জাশীলতা যে বিষয়ে থাকে, সে বিষয়কে তা সৌন্দর্যময় ও মনোহর করে তোলে।”২৪৭
হক কথা বলতে লজ্জা করা উচিত নয়, দ্বীনের মসলা জানতে কারো লজ্জা থাকা উচিত নয়। নচেৎ লজ্জাশীলতা মঙ্গলই-মঙ্গল। মহানবী বলেছেন,
الْحَيَاءُ لَا يَأْتِي إِلَّا بِخَيْرٍ الحَيَاءُ خَيْرٌ كُلُّهُ الْحَيَاءُ كُلُّهُ خَيْرٌ
"লজ্জা মঙ্গলই বয়ে আনে।" বা "লজ্জার সবটাই মঙ্গল। "২৪৮
ইসলামের বিধান হল সুচরিত্রতা। মুসলিম মানেই হল চরিত্রবান-চরিত্রবতী। মহানবী বলেছেন,
إِنَّ لِكُلِّ دِينِ خُلُقًا ، وَخُلُقُ الإِسْلَامِ الْحَيَاءُ
"প্রত্যেক ধর্মে সচ্চরিত্রতা আছে, ইসলামের সচ্চরিত্রতা হল লজ্জাশীলতা।”২৪৯
মোটকথা, লজ্জাশীল মানুষ অপরকে শ্রদ্ধা করে। যে লজ্জাশীল হয়, সে দানশীল হয়। লজ্জাশীল মানুষ ঢিটে হয় না, প্রগল্ভ ও চপল হয় না। অশ্লীল বা লজ্জাকর কথাকে স্পষ্ট ভাষায় ব্যক্ত করে না।
লজ্জাশীল মানুষ বিনয়ী হয়, অহংকারী হয় না। ভেড়া বা মেড়া হয় না, ঈর্ষাবান ও আত্মমর্যাদাবোধসম্পন্ন হয়।
লজ্জাহীন মানুষ রূঢ় ও কর্কশভাষী হয়।
লজ্জাহীন মানুষ নিজ কর্তব্য পালনে শৈথিল্য করে। নিজ দায়িত্বের কাজ সঠিকভাবে পালন করে না। নিজ কর্মে ও আচরণে বেপরোয়া হয়।
প্রকাশ্যে পাপাচরণ করা; মানুষের সামনে ধুমপান করা, জোর শব্দে রেডিও বা টিভির প্রোগাম শোনা ও দেখা, নোংরা ফিল্ম দেখা, কথায় কথায় তর্ক করা, অশ্লীল কথা বলা, মা-বাপের অবাধ্য হওয়া, মা-বাপ, গুরুজন বা স্বামীর মুখের উপর মুখ দেওয়া, অত্যন্ত মুখর হওয়া, পাড়া-প্রতিবেশীর সাথে অশালীন আচরণ করা, অশ্লীল বাক্যে উপহাস করা বা লোককে হাসানো, উচ্চহাসি হাসা, সর্বদা হিহি করা, বেগানা নারী-পুরুষের আপোসে রসিকতা ও হাসাহাসি করা। সাধারণ্যে মল-মূত্র ত্যাগ করা, আত্মপ্রশংসা ও গর্ব করা, লোক সমাজে হৈ-হুল্লোড় করা, দেওয়ালে অশ্লীল কথা লেখা, অশ্লীল ছবি আঁকা। সাধারণতঃ যে অঙ্গ ঢেকে রাখা জরুরী তা খুলে রাখা, মহিলাদের বেপর্দা হওয়া, পাতলা বা টাইট-ফিট্ অথবা খোলামেলা পোশাক পরা, জোর গলায় কথা বলা, নারী-পুরুষের একে অন্যের পরিচ্ছদ বা বেশ ধারণ করা, পুরুষের গাঁটের নিচে ঝুলিয়ে এবং মহিলার গাঁটের উপর (বরং হাঁটুর উপর) তুলে কাপড় পরা, যুবক-যুবতীর একে অন্যের প্রতি ভ্যালভ্যাল করে তাকিয়ে দেখা। ইভটিজিং করা, ধর্ষণ করা। সমকামিতা করা, বেশ্যাগমন করা। অবৈধ প্রেম করা এবং তা প্রকাশ ক'রে বিয়ের আগে প্রেমিক-প্রেমিকার অবাধ মেলামিশা করা বা এক সাথে বসবাস করা, ব্যভিচার করা, প্রেম ক'রে ঘর ছেড়ে বের হয়ে যাওয়া। যখন এমন নির্লজ্জ প্রেম-পাগল-পাগলিনীকে তাদের আত্মীয়রা বলে, 'মান-লজ্জা-ভয়, তিন থাকতে নয়।' তখন তারা বলে, 'পিয়ার কিয়া তো ডরনা কিয়া?' যখন তাদেরকে 'কুলের কুলাঙ্গার' বলা হয়, তখন তারা বলে, 'কুল ভাঙ্গে তো ভেঙ্গে যাক, হোক কলঙ্ক যদি হয়, কুল ভাঙ্গে না যে নদীর, সে নদী তো নদী নয়।'
মানুষের যখন লজ্জা থাকে না, তখন তার সংযমের বাঁধন শিথিল হয়ে যায়। তখন সে দুশ্চরিত্র হয়। তখন সে যাচ্ছে তাই করতে পারে। মহানবী বলেছেন,
إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلَامِ النُّبُوَّةِ إِذَا لَمْ تَسْتَحْيِ فَاصْنَعْ مَا شِئْتَ
"প্রথম নবুঅতের বাণীসমূহের যা লোকেরা পেয়েছে তার মধ্যে একটি বাণী এই যে, তোমার লজ্জা না থাকলে যা মন তাই কর।”২৫০

টিকাঃ
২৩৭. মুসলিম ১৬২
২৩৮. বুখারী ২৪, ৬১১৮, মুসলিম ১৬৩
২৩৯. হাকেম ৫৮, মিশকাত ৫০৯৪, সহীহুল জামে ১৬০৩
২৪০. আহমাদ ১০৫১২, তিরমিযী ২০০৯, ইবনে হিব্বান, হাকেম ১/৫২, সহীহুল জামে' ৩১৯৯
২৪১. আহমাদ ২২৩১২, তিরমিযী ২০২৭
২৪২. তাবারানী ১৫৪০৭. সিলসিলাহ সহীহাহ ৩৩৮১
২৪৩. আহমাদ ৩৮-৩৯, হাকেম ২৯, তাবারানী ১০৩৩২, ইবনে হিব্বান ১৯২, সহীহুল জামে ৫২৫৭
২৪৪. বাইহাকী ২১৩১৯, সঃ জামে' ১৮৭৩
২৪৫. বুখারী ৬০৫৪, মুসলিম ৬৭৬১
২৪৬. আবু দাউদ, নাসাঈ ৪০৬, মিশকাত ৪৪৭
২৪৭. তিরমিযী ১৯৭৪, ইবনে মাজাহ ৪১৮৫
২৪৮. বুখারী ৬১১৭, মুসলিম ১৬৫
২৪৯. ইবনে মাজাহ ৪১৮১-৪১৮২, সহীহুল জামে ২১৪৯
২৫০. আহমাদ ১৭০৯০, বুখারী ৩৪৮৪, আবু দাউদ ৪৭৯৯, ইবনে মাজাহ ৪১৮৩, সহীহুল জামে ২২৩০

📘 সচ্চরিত্রতা ও চারিত্রিক গুণাবলী > 📄 দয়ার্দ্রতা

📄 দয়ার্দ্রতা


চরিত্রবান মানুষ দয়াবান হয়। দয়াবان হয় সৃষ্টির প্রতি। অভাব-অনটনে, বিপদে-কষ্টে সে দয়া প্রদর্শন করে। কারণ সেও তার মহান প্রতিপালকের দয়ার মুখাপেক্ষী। আর সৃষ্টির প্রতি দয়া করলে, তবেই স্রষ্টার দয়া লাভ হয়। মহানবী বলেছেন,
مَنْ لا يَرْحَمِ النَّاسَ لَا يَرْحَمُهُ الله
"যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না, আল্লাহও তার প্রতি দয়া করবেন না।”২৫১
الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ ارْحَمُوا أَهْلَ الْأَرْضِ يَرْحَمُكُمْ مَنْ فِي السَّمَاءِ
"দয়ার্দ্র মানুষদেরকে পরম দয়াময় (আল্লাহ) দয়া করেন। তোমরা জগদ্বাসীর প্রতি দয়া প্রদর্শন কর, তাহলে তিনি তোমাদের প্রতি দয়া করবেন, যিনি আকাশে আছেন। ”২৫২
مَنْ لَا يَرْحَمْ لَا يُرْحَمُ
"যে দয়া করে না, তার প্রতি দয়া করা হয় না।”২৫৩
وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ
"আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে দয়ালুদের প্রতিই দয়া করেন। "২৫৪
বিশেষ ক'রে মুসলিম সমাজ, এ সমাজের মানুষ একটি দেহের মতো। মহানবী বলেছেন,
مَثَلُ الْمُؤْمِنِينَ في تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ، مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضُوْ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ والحُمَّى
"মু'মিনদের আপোসের মধ্যে একে অপরের প্রতি সম্প্রীতি, দয়া ও মায়া- মমতার উদাহরণ (একটি) দেহের মতো। যখন দেহের কোন অঙ্গ পীড়িত হয়, তখন তার জন্য সারা দেহ অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়। "২৫৫
বলা বাহুল্য, চরিত্রবান নারী-পুরুষ সমাজের মানুষের প্রতি অতি সহজে দয়া প্রদর্শন ক'রে থাকে। তাদের চরিত্র সৃষ্টির প্রতি করুণাসিক্ত থাকে। যেহেতু দয়া প্রদর্শন ক'রে আনন্দ ও তৃপ্তি পাওয়া যায়। দয়া বিতরণ ক'রে দয়া লাভ করা যায়। দয়াবানেরা সত্যই সৌভাগ্যবান।
পক্ষান্তরে যারা নির্দয় ও নিষ্ঠুর, যাদের মনে অপরের কষ্ট দেখে দয়া-মায়া হয় না, যাদের হৃদয়ে করুণার সঞ্চার হয় না, তারা নিঃসন্দেহে হতভাগ্য। মহানবী বলেছেন,
لَا تُنْزَعُ الرَّحْمَةُ إِلَّا مِنْ شَقِيَّ
"দুর্ভাগা ছাড়া অন্য কারো (হৃদয়) থেকে দয়া, ছিনিয়ে নেওয়া হয় না।”২৫৬
পরম করুণাময় মহান আল্লাহ নিজ দয়ালু নবী কে বলেছেন,
وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ
অর্থাৎ, মু'মিনদের জন্য তুমি তোমার বাহুকে অবনমিত রাখ। ২৫৭
তিনি ছিলেন দয়াল নবী, রহমতের নবী। সৃষ্টির প্রতি তাঁর হৃদয় ছিল দয়ার্দ্র। দুর্বলদের প্রতি তাঁর অন্তর ছিল দয়াময়। তিনি ছিলেন হৃদয়বান মহান ব্যক্তি। আর দুর্বলদের সাথে ব্যবহারেই মহৎ ব্যক্তির মহত্ত্ব প্রকাশ পেতে থাকে। চরিত্রবানেরাও সেই ব্যক্তিত্বের অনুসরণ করার আপ্রাণ চেষ্টা ক'রে থাকে।
চরিত্রবানেরা এ খেয়ালও রাখে যে, দয়া কেবল দয়ার পাত্রকেই করা যাবে। নচেৎ অপাত্রে দয়াদান বিপত্তির কারণ হতে পারে।
'দুর্বৃত্তদের প্রতি দয়া প্রদর্শন করলে ভালো লোকেদের প্রতি অত্যাচার করা হয় এবং অত্যাচারীদেরকে ক্ষমা করার মানেই হল, সাধু লোকদের প্রতি অত্যাচার করা।' 'বাঘের প্রতি দয়া-প্রদর্শনের মানেই হল, ছাগের প্রতি অত্যাচার করা। ১২৫৮

টিকাঃ
২৫১. বুখারী ৬০১৩, ৭৩৭৬, মুসলিম ৬১৭০-৬১৭২
২৫২. আবু দাউদ ৪৯৪৩, তিরমিযী ১৯২৪
২৫৩. বুখারী ৫৯৯৭, মুসলিম ৬১৭০
২৫৪. বুখারী ১২৮৪, মুসলিম ২১৭৪
২৫৫. বুখারী ৬০১১, মুসলিম ৬৭৫১
২৫৬. আহমাদ, ২/৩০১, আবু দাউদ ৪৯৪২, তিরমিযী ১৯২৩, ইবনে হিব্বান, সহীহুল জামে' ৭৪৬৭
২৫৭. হিজর ৮৮
২৫৮. শেখ সা'দী

📘 সচ্চরিত্রতা ও চারিত্রিক গুণাবলী > 📄 নম্রতা

📄 নম্রতা


ভদ্র ও চরিত্রবান মানুষ বিনম্র হয়। তার কথায় ও কাজে নম্রতা থাকে। যেহেতু নম্রতা মানুষকে আকর্ষণ করে এবং কঠোরতা সৃষ্টি করে বিকর্ষণ। মহান আল্লাহ তাঁর প্রেরিত নবী কে বিনম্র বানানোর কারণ উল্লেখ ক'রে বলেছেন,
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهُ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
"আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি হয়েছিলে কোমল-হৃদয়; যদি তুমি রূঢ় ও কঠোর-চিত্ত হতে, তাহলে তারা তোমার আশপাশ হতে সরে পড়ত। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা কর এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর। আর কাজে-কর্মে তাদের সাথে পরামর্শ কর। অতঃপর তুমি কোন সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর কর। নিশ্চয় আল্লাহ (তাঁর উপর) নির্ভরশীলদের ভালবাসেন।"২৫৯
খোদ মহান আল্লাহ নম্রতাকে পছন্দ করেন। প্রত্যেক বিষয়ে নম্রতা প্রয়োগ করাকে ভালোবাসেন। আর নম্রতার মাঝেই মানুষ দান করেন সফলতা। মহানবী বলেছেন,
إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ فِي الْأَمْرِ كُلِّهِ إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرَّفْقَ ، وَيُعْطِي عَلَى الرِّفقِ ، مَا لاَ يُعْطِي عَلَى العُنْفِ ، وَمَا لَا يُعْطِي عَلَى مَا سِوَاهُ
"নিশ্চয় আল্লাহ কৃপাময়। তিনি সকল বিষয়ে নম্রতা ও কৃপা পছন্দ করেন।”২৬০ "নিশ্চয় আল্লাহ কৃপাময়। তিনি নম্রতা পছন্দ করেন। আর নম্রতার উপর যা প্রদান করেন তা কঠোরতার উপর বরং এ ব্যতীত অন্য কিছুর উপর প্রদান করেন না। "২৬১
নিশ্চয়ই নম্রতা নারী-পুরুষ উভয়ের জন্য এক প্রকার অলংকার। বরং যে জিনিসে নম্রতা প্রয়োগ করা হয়, সেই জিনিসের আভরণ। তাই যে উদ্ধত, তার চেহারা সুন্দর হলেও সে কুৎসিৎ ও হতশ্রী। আর যে বিনম্র, সে সুন্দর। যাতে নম্রতা প্রয়োগ করা হয়েছে, তা অতি মনোহর। মহানবী বলেছেন,
إِنَّ الرِّفْقَ لَا يَكُونُ فِي شَيْءٍ إِلا زَانَهُ وَلَا يُنْزَعُ مِنْ شَيْءٍ إِلَّا شَانَهُ
"নম্রতা যে বিষয়ে থাকে সে বিষয়কে তা সৌন্দর্যমণ্ডিত (মনোহর) করে তোলে। আর যে বিষয় থেকে তা তুলে নেওয়া হয়, সে বিষয়কে সৌন্দর্যহীন (ম্লান) করে ফেলে।”২৬২
যে মানুষ নম্রতা থেকে বঞ্চিত, সে চরিত্রবান হতে পারে না। কারণ নম্রতায় রয়েছে সমূহ মঙ্গল। আর মহানবী বলেছেন,
مَنْ حُرِمَ الرِّفْقَ حُرِمَ الْخَيْرَ أَوْ مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ
"যে নম্রতা থেকে বঞ্চিত, সে সকল মঙ্গল থেকে বঞ্চিত। "২৬৩
বিনম্র চরিত্রবান ও চরিত্রবতীকে মহান আল্লাহ ভালোবাসেন। তাই দুনিয়াতে তাদেরকে সাফল্য ও মঙ্গল দান করেন। আর আখেরাতে দান করেন মহা সাফল্য, জাহান্নাম থেকে মুক্তি। মহানবী বলেছেন,
أَلَا أُخْبِرُكُمْ بِمَنْ يَحْرُمُ عَلَى النَّارِ ، أَوْ بِمَنْ تَحْرُمُ عَلَيْهِ النَّارُ ؟ عَلَى كُلِّ قَرِيبٍ ، هَيْنِ سَهْلٍ
"আমি কি তোমাদেরকে এমন লোকের কথা বলে দেব না, যে জাহান্নামের জন্য অথবা জাহান্নাম যার জন্য হারাম হবে? প্রত্যেক জনপ্রিয়, সরল, বিনম্র ও অকুটিল লোকের জন্য জাহান্নাম হারাম। "২৬৪
কোন পদ বা নেতৃত্বে থাকলে চরিত্রবান মানুষ নম্রতা ব্যবহার করে। এতে তার সম্মান বাড়ে, জনপ্রিয়তা বাড়ে এবং নেতৃত্বাধীন ব্যক্তিবর্গের নিকট তার চাহিদা বাড়ে। আর তার ব্যাপারে মহানবী এর দুআ লাগে, ফলে মহান আল্লাহ তার প্রতি সদয় হন। মহানবী দুআ ক'রে বলেছেন,
اللَّهُمَّ مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئاً فَشَقَّ عَلَيْهِمْ ، فَاشْقُقْ عَلَيْهِ ، وَمَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئاً فَرَفَقَ بِهِمْ ، فَارِفُقْ بِهِ
“হে আল্লাহ! যে কেউ আমার উম্মতের কোন কাজের কিছু দায়িত্ব নিয়ে তাদেরকে কষ্টে ফেলবে, তুমি তাকে কষ্টে ফেলো। আর যে কেউ আমার উম্মতের কোন কাজের কিছু দায়িত্ব নিয়ে তাদের সাথে নম্রতা করবে, তুমি তার সাথে নম্রতা করো। "২৬৫
পক্ষান্তরে যার মাঝে নম্রতা নেই, সে নেতৃত্বের যোগ্য নয়। কঠোর ব্যক্তি নেতা হতে পারে না। হলেও তার নেতৃত্ব টিঁকতে পারে না। মহানবী বলেছেন,
إِنَّ شَرَّ الرَّعَاءِ الْحُطَمَةُ
"নিকৃষ্ট রাখাল হল সেই, যে রাখালিতে বড় কঠোর।”২৬৬
দাওয়াতের কাজেও নম্রতা দরকার। গরম হয়ে দাওয়াত দিলে তা প্রত্যাখ্যাত হয়। নরম কথার মাধ্যমে দাওয়াত দিলে গ্রহণযোগ্যতার আশা থাকে। মহান আল্লাহ মূসা ও হারুন (আলাইহিমাস সালাম) কে বলেছিলেন,
اذْهَبَا إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى - فَقُولَا لَهُ قَوْلًا لَّيْنًا لَّعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَى
"তোমরা দু'জন ফিরাউনের নিকট যাও, সে তো সীমালংঘন করেছে। তোমরা তার সাথে নম্র কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, অথবা ভয় করবে।”২৬৭
আপনি একজন গণ্যমান্য আলেম বলেই আপনি উপদেশে যার-তার জন্য কঠোর ভাষা প্রয়োগ করতে পারেন না। আপনার প্রভাব থাকলেও নরম ভাষা ও আচরণ প্রদর্শন করা উত্তম। বাদশা মামুনের নিকট এক ওয়াযকারী কঠোর ভাষায় তাঁকে ওয়ায-নসীহত করতে শুরু করলে তিনি তার উদ্দেশ্যে বললেন, 'হে অমুক! নম্রভাবে কথা বলুন। আল্লাহ তাআলা আপনার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি (মূসা ও হারুন)কে আমার চেয়ে নিকৃষ্ট মানুষ (ফিরআউন) এর নিকট পাঠিয়ে তাঁদেরকে নম্রভাবে কথা বলতে আদেশ দিয়েছিলেন।'
জাহেল ও মূর্খ মানুষের সাথেও নম্র আচরণ চরিত্রবান দাঈর কর্তব্য। এর নমুনা রয়েছে নববী দাওয়াতে। আবূ হুরাইরা বলেন, এক বেদুঈন মসজিদের ভিতরে প্রস্রাব ক'রে দিল। সুতরাং লোকেরা তাকে ধমক দেওয়ার জন্য উঠে দাঁড়াল। নবী বললেন,
دَعُوهُ وَأَرِيقُوا عَلَى بَوْلِهِ سَجُلاً مِنْ مَاءٍ ، أَوْ ذَنُوباً مِنْ مَاءٍ ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ
“ওকে ছেড়ে দাও এবং প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। কেননা তোমাদেরকে সহজ নীতি অবলম্বন করার জন্য পাঠানো হয়েছে, কঠোর নীতি অবলম্বন করার জন্য পাঠানো হয়নি।”২৬৮
দাওয়াতের ক্ষেত্রে বিশেষ নির্দেশ দিয়ে তিনি বলেছেন,
يَسِّرُوا وَلَا تُعَسِّرُوا ، وَبَشِّرُوا وَلَا تُنَفِّرُوا
"তোমরা সহজ কর, কঠিন করো না এবং (লোকেদেরকে) সুসংবাদ দাও। তাদের মধ্যে ঘৃণা সৃষ্টি করো না।”২৬৯
সংসারেও নরম হতে হয়। সেখানে এমন কিছু ঘটে, যা দেখেও না দেখার ভান করতে হয়, শুনেও না শোনার অভিনয় করতে হয়। নচেৎ সংসার চলতে পারে না। টানে ও ঠেলায় চলা সংসার-পথ ভুল হয়ে যায়। কঠোর হতে গিয়ে হাতুড়ির আঘাত পড়ে কাঁচের উপর। পরিণামে দাম্পত্যের ঠুনকো শিশমহল ভেঙে চুরমার হয়ে যায়।
তবে সংসারে বিনম হওয়ার মানে 'দাইয়ুস' হওয়া নয়। 'মাটির মানুষ' হওয়া ভালো, কিন্তু প্রয়োজনে কঠোর হওয়াও সচ্চরিত্রবান স্বামীর আচরণ। নরম মানুষ হয়ে যদি পরিবারের নোংরামিতে বাধা না দেয়, তাহলে তার জন্য জান্নাতে ঠাঁই নেই। মহানবী বলেছেন,
ثَلَاثَةٌ قَدْ حَرَّمَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى عَلَيْهِمُ الْجَنَّةَ مُدْمِنُ الْخَمْرِ وَالْعَاقُ وَالدَّيُّوتُ الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخُبْتَ
"তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাবারাকা অতাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। অব্যাহতভাবে মদ পানকারী, পিতা-মাতার অবাধ্য সন্তান এবং এমন বেহায়া, যে তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়।"২৭০
তদনুরূপ নম্র হওয়া মানে দুর্বল হওয়া নয়, নয় লাঞ্ছনাকে বরণ করা। বিনয়ী হওয়া মানে তোষামদ করাও নয়। আর আল্লাহই সঠিক পথের দিশারী।
আপনার পার্শ্বকে নরম করুন আপনার পাশে দণ্ডায়মান ব্যক্তির জন্য, আপনার পাশে উপবিষ্ট ব্যক্তির জন্য। তবে বেগানা মহিলা হলে পার্শ্বকে দূরে রাখুন। তবেই আপনি সুন্দর চরিত্রবান মুসলিম।

টিকাঃ
২৫৯. সূরা আলে ইমরান-৩: ১৫৯
২৬০. বুখারী ৬৯২৭
২৬১. মুসলিম ৬৭৬৬
২৬২. মুসলিম ৬৭৬৭, আবু দাউদ ৪৮০৮
২৬৩. মুসলিম ৬৭৬৫, আবু দাউদ ৪৮০৯
২৬৪. তিরমিযী ২৪৮৮, সহীহুল জামে' ২৬০৯
২৬৫. মুসলিম ৪৮২৬
২৬৬. মুসলিম ৪৮৩৬
২৬৭. সূরা ত্বা-হা: ৪৩-৪৪
২৬৮. বুখারী ২২০, ৬১২৮
২৬৯. বুখারী ৬৯, মুসলিম ৪৬২৬
২৭০. আহমাদ ৫৩৭২, ৬১১৩

📘 সচ্চরিত্রতা ও চারিত্রিক গুণাবলী > 📄 বদান্যতা

📄 বদান্যতা


যেমন কার্পণ্য একটি মন্দ গুণ, তেমনি বদান্যতা একটি মহৎ গুণ। যা সাধারণত: অর্থ ব্যয় করার মাধ্যমে হয়ে থাকে। তা ছাড়াও ১০টি জিনিস ব্যয় ও দান করার মাধ্যমে বদান্যতা হয়ে থাকে।
১। সঠিক পথে জান কুরবানী ক'রে বদান্যতা। আর এ হল সবার চাইতে বড় বদান্যতা।
২। নেতৃত্ব দ্বারা বদান্যতা। নেতৃত্বের প্রতাপ ও প্রভাব দ্বারা মানুষের উপকার করা।
৩। নিজ পদাধিকার দ্বারা বদান্যতা। পদমর্যাদার মাধ্যমে সুপারিশ আদি ক'রে মানুষের উপকার করা।
৪। নিজের আরাম কুরবানী ক'রে বদান্যতা। নিজের আরামকে হারাম ক'রে পরোপকার করা।
৫। নিজ ইল্ল্ম ও শিক্ষা দ্বারা বদান্যতা। আর এ দান অর্থদান করা অপেক্ষা অনেক উচ্চ।
৬। কায়িক শ্রম দ্বারা পরোপকার ক'রে বদান্যতা।
৭। নিজ মান-সম্ভ্রম দ্বারা বদান্যতা। কেউ গালি দিলে অথবা গীবত বা চুগলী করলে তাকে মাফ ক'রে দেওয়া।
৮। পরের কষ্টদানে ধৈর্য ধারণ করা, পরের মূর্খামি সহ্য ক'রে নেওয়া ও রাগ সংবরণ করার মাধ্যমে বদান্যতা।
৯। সচ্চরিত্রতা, হাস-মুখ ও ভদ্র ব্যবহার দ্বারা বদান্যতা।
১০। লোকের হাতে যা আছে, তার প্রতি ভ্রূক্ষেপ না করে লোভ, পরশ্রীকাতরতা ও হিংসা বর্জনের মাধ্যমে বদান্যতা।
উক্ত সকল প্রকার বদান্যতা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মাঝে। তবে মালধন ব্যয় করার মাধ্যমে তাঁর দানশীলতা ছিল তুলনাবিহীন। তিনি বলেছেন,
يَعْدِلُ بَيْنَ الاثْنَيْنِ صَدَقَةٌ وَيُعِينُ الرَّجُلَ عَلَى دَابَّتِهِ فَيَحْمِلُ عَلَيْهَا أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ وَكُلُّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَى الصَّلَاةِ صَدَقَةٌ وَيُمِيطُ الْأَذَى عَنْ الطَّرِيقِ صَدَقَةٌ
"দু'জন মানুষের মধ্যে তোমার মীমাংসা ক'রে দেওয়াটাও সাদকাহ, কোন মানুষকে নিজ সওয়ারীর উপর বসানো অথবা তার উপর তার সামান উঠিয়ে নিয়ে সাহায্য করাও সাদকাহ, ভাল কথা বলা সাদকাহ, স্বলাতের জন্য কৃত প্রত্যেক পদক্ষেপ সাদকাহ এবং রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরীভূত করাও সাদকাহ।”২৭১
كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ وَإِنَّ مِنْ الْمَعْرُوفِ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهِ طَلْقٍ وَأَنْ تُفْرِغَ مِنْ دَلْوِكَ فِي إِنَاءِ أَخِيكَ
"প্রত্যেক কল্যাণমূলক কর্মই হল সদকাহ (করার সমতুল্য)। আর তোমার ভাইয়ের সাথে তোমার হাসিমুখে সাক্ষাৎ করা এবং তোমার বালতির সাহায্যে (কুয়ো থেকে পানি তুলে) তোমার ভাইয়ের পাত্র (কলসী ইত্যাদি) ভরে দেওয়াও কল্যাণমূলক (সৎ) কর্মের পর্যায়ভুক্ত।”২৭২
দান করা একটি সুচরিত্রবান মানুষের সুন্দর আচরণ। যেহেতু তাতে রয়েছে মহান স্রষ্টার আনুগত্য, মহানবী এর অনুসরণ এবং দেওয়ার এক প্রকার সুখ ও আনন্দ। নিজে খরচ করার চাইতে বিতরণ করার মাঝেই বেশী সুখ নিহিত আছে।
অবশ্য চরিত্রবানের দান করাতে রয়েছে অতিরিক্ত বৈশিষ্ট্য। যেমন:-
> তার দানে থাকে আন্তরিকতা ও খোলা মনের মুচকি হাসি। কারণ দানের সাথে যদি মিষ্টি হাসি থাকে, তাহলে তার পুণ্য দ্বিগুণ।
> কেউ কিছু চাইলে, সে সত্বর দান করে। যেহেতু কিছু চাইলে যে খুব তাড়াতাড়ি দেয়, সে আসলে দুই বার দেয়।
> সে গোপনে দান করে, যেহেতু যাঞাকারীকে লাঞ্ছনা থেকে বাঁচিয়ে দান হল উত্তম দান।
> সে নিজের জন্য যা পছন্দ করে, সেই জিনিস দান করে। অনেকে ডিমের লালা ও কুসুম খেয়ে কেবল খোসাটা দান ক'রে থাকে। এমন অপ্রয়োজনীয় জিনিস দান ক'রে সে দাতা হতে চায় না। অবশ্য সে জিনিস যদি কারো কাজে লাগে, তাহলে সে কথা আলাদা। যেমন অপ্রয়োজনীয় ব্যবহৃত পোশাক, যন্ত্র বা অন্য কিছু ফেলে না রেখে অথবা ফেলে দিয়ে নষ্ট না ক'রে তা তাদেরকে দান করা উচিত, যাদের কাজে লাগবে।
চরিত্রবান এমন দান করে না, যাতে সে নিজেই অভাবী হয়ে যায়। ভিক্ষা দেওয়ার একটা সীমা আছে, ভিক্ষা দিতে দিতে যদি নিজেকে ভিখারী হতে হয়, তাহলে সে ভিক্ষা অবশ্যই দেওয়া যায় না। আর মহান আল্লাহ বলেছেন,
وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا تَحْسُورًا
“তুমি বদ্ধমুষ্টি হয়ো না এবং একেবারে মুক্ত হস্তও হয়ো না; হলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে পড়বে।”২৭৩

টিকাঃ
২৭১. বুখারী ২৯৮৯, মুসলিম ২৩৮২
২৭২. আহমাদ ১৪৮-৭৭, তিরমিযী ১৯৭০
২৭৩. সূরা বানী ইস্রাঈল: ২৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00