📘 সৎ সঙ্গে সর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ > 📄 নবীজির জীবনে খাদিজা রাযি.-এর প্রভাব

📄 নবীজির জীবনে খাদিজা রাযি.-এর প্রভাব


রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উম্মুল মুমিনিন আম্মাজান হযরত খাদিজা রাযি.-এর অনেক বড় প্রভাব ছিল। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনের সূচনালগ্নে নবুওয়তপ্রাপ্তির শুরুর দিকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস জোগাতে তার বলা পবিত্র বাক্যগুলোর প্রতি লক্ষ করুন,
... হযরত খাদিজা রাযি. বললেন, আল্লাহর কসম, কখনই নয়। আল্লাহ আপনাকে কখনই লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয়-স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায়-দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। অতঃপর তাঁকে নিয়ে খাদিজা রাযি. তার চাচাতো ভাই ওরাকাহ ইবনু নাওফালের নিকট গেলেন。

এ জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাযি.-এর ভূয়সী প্রশংসা করতেন এবং তার ভালো গুণের কথা বলে বেড়াতেন। মুসলিম শরিফে হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি খাদিজা ব্যতীত নবীজির সহধর্মিণীদের মধ্যে আর কারও প্রতি ঈর্ষান্বিত হইনি, অথচ আমার সাথে তার সাক্ষাৎই হয়নি। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরি জবাই করতেন, তখন বলতেন, এর গোশত খাদিজার বান্ধবীদের ঘরে পাঠিয়ে দাও। একদা আমি তাকে রাগিয়ে দিলাম এবং বললাম, খাদিজার কথা এত স্মরণ হয় কেন? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তার ভালোবাসা আমার মনে জায়গা করে নিয়েছে。

মুসলিম শরিফের অপর এক হাদিসে ভিন্ন শব্দে হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, একবার খাদিজা রাযি.-এর বোন হালাহ বিনতু খুওয়াইলিদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশের অনুমতি চাইলে অবস্থাদৃষ্টে মনে হলো যেন, খাদিজা রাযি.-ই প্রবেশের অনুমতি চেয়েছেন। নবীজি উদ্বেলিত হয়ে বললেন, হায় আল্লাহ! এ তো খুওয়াইলিদের কন্যা হালাহ। এতে আমি ঈর্ষান্বিত হয়ে বললাম, আপনি কুরাইশের সরু পায়ের গোছাওয়ালী লাল বৃদ্ধাকে কেন স্মরণ করছেন? তিনি তো অনেক পূর্বেই মারা গেছেন। আল্লাহ তাআলা আপনাকে তার থেকে উত্তম স্ত্রী দান করেননি?

এমনকি স্বয়ং আল্লাহ তাআলা হযরত খাদিজা রাযি.-এর কর্ম ও অবদানের স্বীকৃতি জানিয়ে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে তাকে সালাম জানান। হযরত আনাস রাযি.-এর সূত্রে বিশুদ্ধ সনদে ইমাম নাসায়ি রহ. বর্ণনা করেন, একবার জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তখন হযরত খাদিজা রাযি. সেখানে উপস্থিত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা খাদিজাকে সালাম জানিয়েছেন। এ কথা শুনে খাদিজা রাযি. আনন্দে আত্মহারা হয়ে বললেন, নিঃন্দেহে আল্লাহ তাআলাই শান্তি বর্ষণকারী। জিবরাইলের ওপরও আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুন। ওয়া আলাইকাস সালাম ওরাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

উম্মে সুলাইম রাযি. একজন নারী সাহাবি। দেখুন আবু তালহার সাথে কেমন ছিল তার আচরণ? কী অসাধারণ প্রভাব ছিল তার কথাবার্তার। হযরত আনাস রাযি. থেকে বিশুদ্ধ সনদে ইমাম নাসায়ি রহ. বর্ণনা করেন, আবু তালহা উম্মে সুলাইম রাযি.-কে বিয়ের প্রস্তাব করল। উম্মে সুলাইম রাযি. জবাবে তাকে বলল, হে আবু তালহা! নিঃসন্দেহে তুমি একজন সুপুরুষ। আল্লাহর শপথ! তোমার মতো সুদর্শন যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান সমীচীন নয়। কিন্তু তুমি একজন কাফের। আর আমি আল্লাহতে বিশ্বাসী একজন মুসলিম নারী। তাই তোমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া আমার জন্য বৈধ নয়। যদি তুমি ঈমান এনে মুসলমান হও, তাহলে আমি তোমার সাথে বিবাহে সম্মত আছি। আর সেটাই হবে আমার বিবাহের দেনমোহর। এরপর তিনি মুসলমান হয়ে যান। এটাই ছিল তাদের বিবাহের দেনমোহর। বর্ণনাকারী বলেন, হযরত উম্মে সুলাইম রাযি. থেকে অধিক সম্মান ও মর্যাদার কোনো দেনমোহরের কথা আমি কোনো নারীর জন্য শুনিনি। আবু তালহার ইসলাম ছিল তার দেনমোহর। অতঃপর আল্লাহ তাআলা তাদের ঘরে নেককার সন্তান দান করেন।

'তবাকাতে ইবনে সাদ' গ্রন্থে হযরত আনাস রাযি. থেকে ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে; আবু তালহা উম্মে সুলাইম রাযি.-কে বিয়ের প্রস্তাব দিতে এলে উম্মে সুলাইম রাযি. তাকে বললেন, একজন মূর্তিপূজারি মুশরিককে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। হে আবু তালহা, তুমি তো জানো তোমরা যে সমস্ত মূর্তির পূজা করো, সেগুলোকে অমুক কাঠমিস্ত্রির দাস তৈরি করে দেয়। তোমরা যদি তাতে আগুন ধরিয়ে দাও সেগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এ কথা শুনে আবু তালহা সেখান থেকে ফিরে আসে। তবে উম্মে সুলাইমের এ কথা তার ভেতর কার্যকরী প্রভাব বিস্তার করে। যখনই সে তার কাছে প্রস্তাব নিয়ে আসত উম্মে সুলাইম রাযি. তাকে পুনরায় সেই কথাগুলো শুনিয়ে দিতেন। তারপর একদিন আবু তালহা এসে তাকে বলল, তোমার প্রস্তাবে আমি রাজি। বর্ণনাকারী বলেন, আবু তালহার ইসলাম গ্রহণই ছিল তাদের বিবাহের দেনমোহর。

টিকাঃ
২৪৭. বুখারি শরিফ: ৩; মুসলিম শরিফ: ১৬০।
২৪৮. মুসলিম শরিফ: ২৪৩৫।
২৪৯. মুসলিম শরিফ: ২৪৩৭।

📘 সৎ সঙ্গে সর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ > 📄 বিয়ের পর স্বামীর সঙ্গে সতী স্ত্রীর আচরণ

📄 বিয়ের পর স্বামীর সঙ্গে সতী স্ত্রীর আচরণ


বিবাহের পর স্বামীর সাথে এই খোদাভীরু নেককার রমণী হযরত উম্মে সুলাইম রাযি.-এর আচরণ ছিল আরও চমৎকার ও অসাধারণ। বুখারি ও মুসলিম শরিফে হযরত আনাস রাযি. হতে বর্ণিত হয়েছে, আবু তালহার এক ছেলে অসুস্থ হয়। কোনো কাজে আবু তালহা বাইরে গেলে ছেলেটি মারা যায়। আবু তালহা ফিরে এসে জিজ্ঞেস করলেন, ছেলের কী অবস্থা? উম্মু সুলাইম বললেন, সে আগের চেয়ে শান্ত। তারপর তাকে রাতের খাবার দিলেন। তিনি আহার করলেন। তারপর উম্মু সুলাইমের সঙ্গে সহবাস করলেন। সহবাস শেষে উম্মু সুলাইম বললেন, ছেলেটিকে দাফন করে এসো। সকালে আবু তালহা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ঘটনা শোনালে তিনি জিজ্ঞেস করলেন, গত রাতে তুমি কি স্ত্রী সঙ্গম করেছ? তিনি বললেন, হ্যাঁ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ! তাদের জন্য তুমি বরকত দান করো। কিছুদিন পর উম্মু সুলাইম ছেলেসন্তান প্রসব করলে আবু তালহা আমাকে বললেন, তাকে তুমি দেখাশোনা করো, যতক্ষণ না তাকে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই। অতঃপর তিনি তাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। উম্মু সুলাইম সঙ্গে কিছু খেজুর দিয়ে দিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিলেন এবং জিজ্ঞেস করলেন, তার সঙ্গে কিছু আছে কি? তারা বললেন, হ্যাঁ, খেজুর আছে। তিনি খেজুর নিয়ে চিবিয়ে বাচ্চাটির মুখে দিলেন। তিনি এর দ্বারাই তার তাহনিক করলেন এবং তার নাম রাখলেন আবদুল্লাহ。

টিকাঃ
২৫০. বুখারি শরিফ: ৫৪৭০; মুসলিম শরিফ: ২১৪৪。

📘 সৎ সঙ্গে সর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ > 📄 উম্মে দাহদাহ রাযি.-এর পতিভক্তি

📄 উম্মে দাহদাহ রাযি.-এর পতিভক্তি


তিনি তার স্বামীকে কৃপণতায় উদ্বুদ্ধ করেননি। বরং স্বামীর দানশীলতার প্রশংসা করেছেন, সুসংবাদ শুনিয়েছেন।

আবদ ইবনু হুমাইদ তার 'আল-মুনতাখাব' কিতাবে বিশুদ্ধ সনদে হযরত আনাস রাযি. থেকে বর্ণনা করেন, এক সাহাবি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, হে আল্লাহর রাসুল! আমার দেয়ালের ওপর অমুক ব্যক্তির একটি খেজুর গাছ আছে। আপনি তাকে বলুন, সে যেন তার গাছটি আমাকে দান করে দেয়। যাতে আমি তা দ্বারা আমার দেয়াল সোজা করতে পারি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে তাকে এই খেজুর গাছ দিয়ে দাও। কিন্তু সে তাতে অস্বীকৃতি জানায়। আবু দাহদাহ ওই ব্যক্তির নিকট উপস্থিত হয়ে বললেন, তুমি আমার বাগানের বিনিময়ে ওই খেজুর গাছটি বিক্রি করে দাও। এতে সে সম্মত হয়। আবু দাহদাহ তখন আনন্দচিত্তে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমি তার খেজুর বৃক্ষটি আমার একটি বাগানের বিনিময়ে কিনে নিয়েছি। এখন আমি তা আপনাকে দিয়ে দিলাম। আপনি ওই ব্যক্তিকে দান করে দিন। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তার জন্য বারবার এই দুআ করলেন, জান্নাতে আল্লাহ তাআলা আবু دাহদাহকে ফুল-ফলে সমৃদ্ধ অনেক অনেক বৃক্ষ দান করুন। বর্ণনাকারী বলেন, তিনি তার স্ত্রী উম্মে দাহদাহকে সেই বাগানে ঘুরতে দেখলে তাকে ডেকে বললেন, হে উম্মে দাহদাহ! এই বাগান থেকে দ্রুত বের হয়ে যাও। আমি একে জান্নাতের একটি বৃক্ষের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। এ কথা শুনে তিনি বললেন, কতই-না উত্তম বিনিময়! অত্যন্ত লাভজনক বেচাকেনা! অথবা এ ধরনের কোনো বাক্যের মাধ্যমে তিনি স্বামীর কাজের প্রশংসা করেছিলেন।

নিঃসন্দেহে স্ত্রী যখন গভীর রাতে স্বামীকে নামাজরত দেখতে পায় এবং যখন সে দেখতে পায় তার স্বামী আল্লাহ তাআলার কাছে আশা এবং ভয় নিয়ে প্রার্থনা করছে, তখন তার এই আমল স্ত্রীর জন্য এক মূল্যবান উপদেশ হয়ে দাঁড়ায় এবং তাকে প্রবলভাবে প্রভাবিত করে। এমনইভাবে স্বামী যখন ইবাদতগুজার, রোজাদার, আত্মীয়তার সম্পর্ক রক্ষায় যত্নবান, দানশীল, পরোপকারী ও চরিত্রবান ইত্যাদি উত্তম গুণাবলি ও বৈশিষ্ট্য নিজের স্ত্রীর মাঝে দেখতে পায়, তখন স্বামী এসবের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়। পক্ষান্তরে স্ত্রী যখন স্বামীকে নামাজ ছেড়ে দিতে দেখে, নেশাজাতীয় দ্রব্য, বিড়ি-সিগারেট খেতে দেখে, তখন অবশ্যই এসবের মন্দ প্রভাব তার মধ্যে প্রতিক্রিয়া করে। তবে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে যাদের হেফাজত করেন তাদের কথা ভিন্ন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00