📄 বাবা, তুমি আমাকে দ্বীনের ব্যাপারে বিতৃষ্ণ করে ফেলেছো!
পুত্র : 'বাবا, আমাকে একটি অ্যান্ড্রয়েড সেট কিনে দাও।'
পিতা: 'কিন্তা বাবা, এখন তুমি এর জন্য মোটেও উপযুক্ত নও। কেন নও সেটা এর আগেও ব্যাখ্যা করেছি। আমি তোমার কল্যাণ চাই আর তোমার ব্যাপারে একদিন আল্লাহর দরবারে আমি জিজ্ঞাসিত হব।'
পুত্র : 'বাবা, এর মাধ্যমে তুমি আমাকে দ্বীনের ব্যাপারে বিতৃষ্ণ করে ফেলছো।'
কন্যা: 'বাবা, ঈদ উপলক্ষে আমার এই পোশাকটা চাই-ই চাই।'
পিতা: 'না মা, এটা উলঙ্গ কাপড়। ইসলামসম্মত নয়।'
কন্যা: 'বাবা, এর মাধ্যমে তুমি আমাকে দ্বীনের ব্যাপারে বিতৃষ্ণ করে তুলছো।'
স্ত্রী : 'সন্তানদের এভাবে চাপে রেখো না। কেন শুধু শুধু তাদের সামনে দ্বীনকে এভাবে কষ্টের বানিয়ে ফেলছো?...'
মা (সন্তানদের দাদী) : 'এভাবে চাপ দিয়ো না। দ্বীনের ব্যাপারে তারা বিরক্ত হয়ে পড়বে।...'
পিতা: 'সবাই বসো। আমি কী বলছি মনোযোগ দিয়ে শোনো, আমার দায়িত্ব হলো, সন্তানদের আল্লাহ ও তাঁর রাসূল -এর আনুগত্যের ওপর গড়ে তোলা। যে বিষয়ে আমি তাদের আদেশ করব সে ক্ষেত্রে আমিই তাদের আদর্শ ও দৃষ্টান্ত হব। যদ্দুর সম্ভব তাদের নিকট আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর দ্বীনকে প্রিয় করে তুলব। সেসাথে আমার আরও দায়িত্ব হলো, তাদেরকে সৎকাজের আদেশ দেওয়া ও অসৎকাজ থেকে নিষেধ করা, দুনিয়া বা আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে এমন বিষয় থেকে তাদের রক্ষা করা, তাদের সঙ্গ দেওয়া, সঠিক বিকল্প খুঁজে দেওয়া এবং যদ্দুর সম্ভব উপকারী বস্তু দ্বারা তাদের জীবনকে পূর্ণতা দেওয়া। এতসব কিছু করার পর, যে দ্বীনকে আপন করে নেবে সে সফল, অপরদিকে যে ঘৃণার চোখে দেখবে তার ব্যাপারে,
إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ
"আপনি যাকে ভালোবাসেন ইচ্ছে করলেই তাকে সৎপথে আনতে পারবেন না।” [৮০]
'বেশি চাপ দিয়ো না, তারা দ্বীন থেকে উদাসীন হয়ে পড়বে' এমন কথা আপনারা আমাকে বলবেন না। তখন তারা সুযোগ পেয়ে যাবে, আমাকে আল্লাহর অবাধ্য হতে বাধ্য করবে। আমার প্রিয় সন্তান, তোমরা দ্বীন থেকে বিমুখ হবে ভেবে আমি আমার রবের অবাধ্য হতে পারি না। আল্লাহ তাঁর নবি-কে নির্দেশ দিয়ে বলেছেন,
قُلْ يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمُ الْحَقُّ مِنْ رَّبِّكُمْ فَمَنِ اهْتَدَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَمَا أَنَا عَلَيْكُم بِوَكِيْلٍ *
“আপনি বলুন, 'হে লোকসকল, তোমাদের রবের কাছ থেকে তোমাদের নিকট সত্য চলে এসেছে। কাজেই যারা সৎপথ অবলম্বন করবে তারা তো নিজেদের মঙ্গলের জন্যই সৎপথ অবলম্বন করবে, আর যারা পথভ্রষ্ট হবে তারা পথভ্রষ্ট হবে নিজেদেরই ধ্বংসের জন্য এবং আমি তোমাদের ওপর কর্মবিধায়ক নই।” [৮১]
“আমি তোমাদের ওপর কর্মবিধায়ক নই”-এর অর্থ হলো, তোমাদের সঠিক পথে চলতে বাধ্য করার দায়িত্ব আমার ওপর বর্তায় না। বরং তোমাদের বিষয়টি আল্লাহর ওপর সোপর্দ। তিনিই তোমাদের মধ্যে যাকে চান, সঠিক পথে অটল রাখবেন。
তাই তোমাদের প্রতি আমার যা কর্তব্য রয়েছে আমি তা পালন করেই যাব। এই ক্ষেত্রে আল্লাহর অবাধ্যতা আমি করতে পারব না। যে ব্যাপারে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে আমি তোমাদের বাধ্য করব। আমি চাই আল্লাহ তোমাদের সঠিক পথ দেখান, নিশ্চয় আল্লাহ যা চান তা-ই করেন。
[বি. দ্র. : এটি একটি সাধারণ সংলাপ। আমার সাথে এমন কিছু ঘটেনি, আলহামদুলিল্লাহ। এক ভাই এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিধায় ভাবলাম এদিকে একটু ইঙ্গিত দিই。]
টিকাঃ
[৮০] সূরা কাসাস, ২৮: ৫৬。
[৮১] সূরা ইউনুস, ১০: ১০৮。
📄 বাবা, সাওম পালন করতে আমার ভালো লাগে না
'বাবা, সাওম পালন করা আমার একেবারেই পছন্দ না।'
'না মা, এমনটি করা হারাম। সাওমকে তোমার পছন্দ করতেই হবে। কারণ আল্লাহ এর নির্দেশ দিয়েছেন।'
প্রিয় বাবা/মা, এই ধরনের উত্তর দেওয়ার মাধ্যমে আপনি মূলত আপনার সন্তান ও তার ঈমানকে হুমকিতে ফেলে দিলেন, অথচ আপনি ভেবেছেন, তার উপকারই করেছেন। কারণ আপনার এই উত্তর নিম্নোক্ত সম্ভাবনাগুলো তৈরি করে :
এর মাধ্যমে যেন আপনি তাকে শেখালেন, সে যেন দ্বীনের বিষয়ে নিজের অনুভূতি ও মনের ভাব প্রকাশ না করে। যদি দ্বীনের কোনো বিষয়ে তার বিরক্তিভাব তৈরি হয়, তা হলে সে যেন তার বিরক্তিভাব নিজের মধ্যেই পুষে রাখে। যার ফলে তার মধ্যে ধীরে ধীরে নিফাকের ডালপালা বিস্তৃত হতে থাকবে!
যেন আপনি তাকে জানালেন, ইসলাম হলো সম্পূর্ণ অবাস্তবিক একটি দ্বীন। সাধারণত অন্তর যা অপছন্দ করে, ইসলাম তা পছন্দ করতে একপ্রকার বাধ্য করে!
'আচ্ছা, তা হলে এই প্রশ্নের সঠিক জবাব কী হবে?'
তাকে বলবেন, 'বাবা, সাওম পালনের কারণে চাহিদাকে নিয়ন্ত্রণ করে রাখা হয়, আর এটিই তোমার অপছন্দের তাই তো। তুমি খেতে চাইলে কেউ তোমাকে বাধা দিক সেটি তোমার পছন্দ না। না খেতে পেয়ে শরীরে দুর্বলতা আসুক, যা তোমার ভালো লাগে না। স্বাভাবিক, ভালো না লাগারই কথা। কিন্তু দেখো, মহান আল্লাহ তাআলা কী বলেছেন,
كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهُ لَّكُمْ
“তোমাদের ওপর যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের নিকট অপছন্দনীয়।”[৮২]
এই অনুভূতির সাথে কিন্তু আরেকটি অনুভূতিও রয়েছে। আল্লাহর আনুগত্য করতে পারার সুখানুভূতি। নিজের পছন্দকে বিসর্জন দিয়ে আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ পেশ করতে পারার এক অনাবিল আনন্দের অনুভূতি। সাওমের বিনিময়ে আল্লাহ তোমাকে যে জান্নাত দান করবেন সে সম্পর্কে ভাবতে পারার আনন্দ। এই অনুভূতিগুলোর স্বাদ কতই-না সুমিষ্ট, সেই কষ্টের তুলনায় যা তুমি আল্লাহর জন্য পরিত্যাগ করো।'
'বাবা, খাবার থেকে বিরত থাকার প্রতি তোমার যে অপছন্দভাব রয়েছে, আনন্দের এই অনুভূতি একে হার মানাবে। তবুও যদি তোমার মনে হয় যে, আনন্দের অনুভূতি অপছন্দভাবকে হার মানাতে পারছে না তা হলে আগের সে অর্থগুলোকে আবার স্মরণ করো। দেখো, আল্লাহ তাআলা কীভাবে বলেছেন,
وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوْا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُوْنَ
"তোমরা যা অপছন্দ করো, হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর। আর যা পছন্দ করো, হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণকর। নিশ্চয় আল্লাহ জানেন, তোমরা জানো না।”[৮০]
ঠিক এভাবেই একদম সহজ করে বিষয়টি তাদের নিকট স্পষ্ট করুন। এমন একটি পদ্ধতি অবলম্বন করুন, যা তাদের মনের ভাব প্রকাশকে বাধাগ্রস্ত করবে না, আপনার জবাব শুনে ইসলামকে তাদের নিকট অবাস্তবিক কিছু মনে হবে না। ঠিক এভাবেই তাদেরকে ইসলামের সৌন্দর্য বুঝিয়ে বলুন যখন রমাদান শেষ হয়ে যাওয়ার কারণে তাদেরকে আনন্দিত হতে দেখবেন。
টিকাঃ
[৮২] সূরা বাকারা, ২: ২১৬。
[৮৩] সূরা বাকারা, ২: ২১৬。
📄 আল্লাহ তোমাকে জাহান্নামে ফেলে দেবেন!
☆'মিথ্যা বললে আল্লাহ মারবে। তোমাকে জাহান্নামে ফেলে দেবেন।'
☆'তুমি যদি ভাইয়াকে মারো আল্লাহ অনেক গুনাহ লিখবেন।'
আমরা সাধারণত এসব বাক্য ব্যবহার করে শিশুদের মিথ্যা বলা থেকে বিরত রাখতে চাই! অথচ বলতে গেলে আমাদের এই বাক্যগুলোই জঘন্য পর্যায়ের মিথ্যা। আল্লাহর রহমতের প্রতি খারাপ ধারণা এসব বাক্য থেকেই শুরু হয়। আমরা এই কথাগুলো একজন শিশুকে তখন বলি যখন সে ব্যক্তিত্ব গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরে অবস্থান করে。
১. সবাই আমরা ভালো করেই জানি, শিশুর ওপর শরীআত কোনো ভার অর্পণ করেনি এবং তার জন্য কোনো গুনাহই লেখা হয় না। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো প্রয়োজন ছাড়াই অনর্থকভাবে এমনটা করেননি। যেখানে স্বয়ং আল্লাহ শিশুদের হিসাব-নিকাশ নেবেন না, শাস্তি দেবেন না বলে নির্ধারণ করেছেন সেখানে কোন অধিকারে আমরা তার জন্য এই বিষয়গুলো সাব্যস্ত করি?!
২. হয়তো আপনি বলতে পারেন, 'কিন্তু আমি আমার সন্তানের মধ্যে আল্লাহর সার্বক্ষণিক নজরদারির বিষয়টি গেঁথে দিতে চাই'।
আচ্ছা ঠিক আছে। কিন্তু এর তো আরও বিভিন্ন পন্থা রয়েছে। আপনি তাকে বলতে পারেন, 'প্রিয় বৎস, তুমি কি আল্লাহকে ভালোবাসো না? এখন তুমি যে কাজটি করলে তা আল্লাহ মোটেও পছন্দ করেন না। আল্লাহ মিথ্যা ভালোবাসেন না, বরং তিনি সত্যবাদীকে অনেক পছন্দ করেন।'
৩. আমরা সন্তানদের গড়ে তুলব উৎসাহের দিকটিকে প্রাধান্য দিয়ে। যেমন, 'যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এই কাজটি তুমি ছেড়ে দাও তা হলে আল্লাহ তোমকে অনেক সাওয়াব দেবেন।' এই কথাটি কিন্তু মিথ্যা নয়। কোনো শিশু আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি কোনোকিছু করে আল্লাহ তাকে তার প্রতিদান দেন。
৪. এমন একটি হাদীসও কি দেখাতে পারবেন যেখানে আল্লাহর রাসূল শিশুদেরকে আল্লাহর শাস্তির ভয় দেখিয়েছেন? বরং 'সহীহ বুখারি'র হাদীসে এসেছে, একবার হাসান সদাকার খেজুর মুখে দিয়ে ফেলেছিলেন। তখন নবিজি ওয়াক ওয়াক করলেন যাতে হাসান খেজুর মুখ থেকে ফেলে দেয়। তারপর রাসূলুল্লাহ বলেন,
أَمَا شَعَرْتَ أَنَّا لَا تَأْكُلُ الصَّدَقَةَ
“তুমি কি জানো না যে, আমরা সদাকার কোনোকিছু খাই না?”[৮৪]
'আল্লাহ মারবে, তোমাকে জাহান্নামে ফেলে দেবে' এমন কিছু কিন্তু বলেননি。
৫. যদি বলেন, 'আমি তাদেরকে হারাম কাজ থেকে বিরত রাখতে চাই।' এর জবাবে বলব, 'তবে মিথ্যার আশ্রয় নিয়ে নয়। হারাম থেকে বাঁচাতে গিয়ে তাদের হৃদয়ে আল্লাহ সম্পর্কে বিকৃত চিত্র অঙ্কন করা কীভাবে বৈধ হয়?'
৬. আমার এক মনোবিজ্ঞানী বন্ধুকে আমি এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, 'একটি শিশু আট বছর পর্যন্ত যেকোনো কিছুর স্পর্শযোগ্য আকৃতি নিজের ভেতর তৈরি করে নেয়। তখন যদি সে শোনে, 'মিথ্যা বললে আল্লাহ তোমাকে মারবে। তোমাকে জাহান্নামে ফেলে দেবে।' তখন সে নিজ মানসপটে দুষ্ট লোকের আকৃতি এঁকে নেয়।'
৭. খ্রিষ্টান মিশনারি স্কুলগুলোতে দেখুন। তারা শিশুদের বলে, 'চোখ বন্ধ করো। এবার খোলো। দেখো, যিশু তোমাদের কত চকলেট দিয়েছেন!' এর বিপরীতে খুব কষ্ট হয় যখন দেখি আমাদের স্কুলগুলোতে বলা হয়, 'আল্লাহ কিন্তু তোমাকে জাহান্নামে ফেলে দেবেন!'
৮. প্রিয় শিক্ষিকা বোনটি, যখন আমার সন্তান আমাকে বলে, 'বাবা, ম্যাডাম আজ আমাদের বলেছেন, 'যদি আমরা এই কাজটি করি তা হলে আমাদের জাহান্নামে যেতে হবে' তখন আমার সামনে মাত্র দুটি পথ খোলা থাকে। হয়তো তাকে আল্লাহর প্রতি খারাপ ধারণা করার মাঝে ছেড়ে দিই কিংবা আপনার দেওয়া তথ্যের প্রতি অনাস্থার সৃষ্টি করি। আল্লাহর ওয়াস্তে হাতজোড় করে বলছি, আমাদের এই দুই পথের একটিকে বেছে নিতে বাধ্য করবেন না。
টিকাঃ
[৮৪] বুখারি, ১৪৯১; মুসলিম, ১০৬৯。
📄 আল্লাহর আশপাশে নাক গলানো!
প্রতিদিনের মতো আজও ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সন্তানদের নিয়ে স্কুল থেকে বাসায় ফিরছিলাম। হঠাৎ লুজাইন (আমার মেয়ে, ক্লাস ফোরে পড়ে) বলে উঠল, 'বাবা, আজ আমার এক বান্ধবী আমাকে বলল, তার মা নাকি তাকে বলেছে, 'প্রাপ্তবয়স্ক হওয়ার পর তবেই তুমি হিজাব ধরবে।' আমি তাকে বলে দিয়েছি, 'তোমাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই পর্দা করতে হবে। কারণ আল্লাহ বলেছেন,
وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا
"আর তোমার পিতা-মাতা যদি তোমাকে আমার সাথে শিরক করার জন্য পীড়াপীড়ি করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তা হলে তুমি তাদের কথা মানবে না।” [৮৫]
এই আয়াতটি দ্বারা এমনভাবে দলীল পেশ করা এখানে জুতসই হয়নি ঠিক কিন্তু আমাকে যে বিষয়টি আশ্চর্যান্বিত করল সেটি হলো, লুজাইন বান্ধবীকে বুঝানোর জন্য কুরআন থেকে দলীল পেশ করেছে। তাই তাকে বললাম, 'লুজাইন, অসাধারণ কাজ করেছ তুমি। তোমার বান্ধবীকে আরও বলবে, যখন আল্লাহ কোনো বিষয়ের আদেশ দেবেন তখন সে বিষয়ে কারও কোনো ধরনের নাক গলানোর অধিকার নেই। আচ্ছা, একটা উদাহরণ দিই। হঠাৎ রাস্তার কোনো অপরিচিত আগন্তুক এসে তোমার ঘরের দরজায় কড়া নাড়ল। তুমি ভেতর থেকে আওয়াজ দিয়ে বললে, 'বলুন, কী চাই আপনার?' সে উত্তর দিলো, 'আমি চাই আপনি আজ কেএফসি থেকে অর্ডার করে চিকেন রোস্ট খাবেন।' তখন তুমি কী করবে?'
* 'তার কথা অগ্রাহ্য করব।' কেন করবে মা?
* 'কারণ আমি কী খাব সেটা তার বিষয় না। এতে তার মাথা ঘামানোর কী আছে?'
* 'একদম ঠিক বলেছ। এই ব্যাপারটিও ঠিক তেমন। যখন আল্লাহ আমাদের কোনো আদেশ দেন, তখন বাবা-মা যদি আল্লাহর আদেশ বিরোধী কোনো কথা বলেন তখন আল্লাহ কি সে কথাকে গ্রাহ্য করবেন?'
* 'না। কারণ সে আল্লাহর আদেশের ব্যাপারে নাক গলাচ্ছে।'
প্রিয় মুসলিম ভাইয়েরা, সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন।
وَاللهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِ "আর আল্লাহই একমাত্র আদেশদাতা, তাঁর আদেশ রদ করার কেউ নেই।”[৮৬]
যে মহিলা তার কন্যাকে বলে, 'আল্লাহর বিধান হলো এমন কিন্তু আমি মনে করি বিষয়টি এমন হওয়া উচিত!' তাকে এই কথা জানিয়ে দেওয়া প্রয়োজন, সে যে পথের দিকে ডাকছে সেটি সে ইসলাম নয় যে ইসলামে মানুষ তার রবের সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে। আসলে সে আল্লাহর বিধানকে নয়, প্রাধান্য দিচ্ছে নিজ সিদ্ধান্তকে।
প্রিয় ভাইয়েরা, সন্তানদের এই শিক্ষা দিন,
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا )
“আল্লাহ ও তাঁর রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার পুরুষ ও নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের নেওয়ার ক্ষমতা নেই। আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করল সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হলো।”[৮৭]
সন্তানদের এই শিক্ষা দিন যে, যখন আল্লাহ কোনো বিষয়ে ফায়সালা করবেন তখন সে বিষয়ে নাক গলানোর অধিকার কারও নেই। এই বিষয়ে কারও আনুগত্য চলবে না। এমনকি এই কথাও স্পষ্ট করে বলুন, খোদ আপনারাই যদি তাদেরকে আল্লাহর অবাধ্যতার আদেশ দেন তারা যেন সেই ক্ষেত্রে আপনাদের আনুগত্য না করে।
وَاللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِ وَهُوَ سَرِيعُ الْحِسَابِ "আল্লাহই একমাত্র আদেশদাতা, তাঁর আদেশ রদ করার কেউ নেই?। আর তিনি দ্রুত হিসাব গ্রহণকারী।”[৮৮]
টিকাঃ
[৮৫] সূরা লোকমান, ৩১: ১৫。
[৮৬] সূরা রা'দ, ১৩: ৪১。
[৮৭] সূরা আহযাব, ৩৩: ৩৬。
[৮৮] সূরা রা'দ, ১৩: ৪১。