📄 কুরআনে নদীনালা ও নৌযান প্রসঙ্গ
কুরআন মজীদে নদনদী ও নৌযান সম্পর্কে ব্যাপক আলোচনার অবতারণা করা হয়েছে। কুরআন মুসলমানদের জানিয়ে দিয়েছে যে, নদনদী ও নৌযানসমূহ আল্লাহর অন্যতম নি'মত। যে জাতি এটা করায়ত্ত করেছে, তারাই দুনিয়ার নেতৃত্বে সমাসীন হয়েছে।
নিম্নে আমি কুরআনের কয়েকটি আয়াতের তরজমা তুলে ধরছি। এতেই তোমরা অবগত হতে পারবে, আল্লাহ্ পাক নদনদী ও নৌযান-সমূহকে একটা জাতির উন্নতি ও উৎকর্ষের পক্ষে কতখানি গুরুত্বপূর্ণ গণ্য করেছেন। কুরআন মজীদে দেখা যায়, হযরত নূহ (আঃ)-এর কিন্তীই হচ্ছে দুনিয়ার সর্বপ্রথম নৌযান। নৌযান নির্মাণ ইতিহাসের এটাই হচ্ছে সূচনা। কেননা, আল্লাহ্ তা'আলা হযরত নূহ (আঃ)-কে এই মর্মে কিন্তী তৈরীর নির্দেশ দিয়েছিলেনঃ
আর তুমি আমার তত্ত্বাবধানে একখানা জাহাজ নির্মাণ করতে আরম্ভ করে দাও (সূরা হুদ, রুকু' ৪, আয়াত ৩৭, পারা ১২)। এবং তাঁকে (নূহকে তাঁর স্বজনগণসহ) আরোহণ করালাম তক্তা ও কীলক নির্মিত (জাহাজের) ওপর (সুরা কামার, রুকু' ১, আয়াত ১৩, পারা ২৭)।
তখন তাদের সকলকে নিয়ে জাহাজটি ভেসে চললো পর্বত পরিমাণ তরঙ্গের মধ্য দিয়ে (সুরা হুদ, রুকু' ৪, আয়াত ৪২, পারা ১২)।
এবং তাঁর নিদর্শনগুলোর একটি হচ্ছে সমুদ্রে বহমান পর্বত পরিমাণ জাহাজগুলো। ইচ্ছা করলে তিনি বাতাসকে স্থির করে দিতে পারেন। তখন জাহাজগুলো অচল হয়ে দাঁড়াবে পানির ওপর। নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্যশীল ও শুক্রগুযার মানুষের জন্যে (সূরা শূরা, রুকু' ৪, আয়াত ৩২-৩৩, পারা ২৫)।
আর সাগরে সঞ্চলিত পর্বতের ন্যায় বৃহৎ জাহাজগুলোও তাঁরই অধিকারভুক্ত (সুরা আররহমান, রুকু' ১, আয়াত ২৪, পারা ২৭)।
তিনিই তো আল্লাহ্ যিনি তোমাদের মঙ্গলের জন্যে সাগরকে বশীভূত করেছেন। যেনো তাতে আল্লাহ্ হুকুমে নৌযানগুলো সঞ্চরিত হতে পারে এবং যেনো তোমরা এর সাহায্যে তাঁর অনুগ্রহদান লাভ করার চেষ্টা পেতে পারো আর যেনো তোমরা তার শুক্রগুযারী করতে থাকো (সূরা জাসিয়া, রুকু' ২, আয়াত ১২, পারা ২৫)।
তুমি কি দেখো না যে, আল্লাহ্ যমীনের সবকিছুকে তোমাদের অনুগত করে দিয়েছেন এবং নৌযানগুলো তাঁরই হুকুমে সাগরে সন্তরণ করে থাকে (সূরা হজ্জ, রুকু' ৯, আয়াত ৬৫, পারা ১৭)।
এবং তিনি (আল্লাহ) নৌযানগুলোকে তোমাদের মঙ্গলের জন্যে বশীভূত করেছেন। যাতে সেগুলো তাঁরই নির্দেশক্রমে নদনদীতে ভেসে বেড়াতে পারে আর ওইসব নদনদীও তিনি তোমাদের মঙ্গলের জন্যে বশবর্তী করে দিয়েছেন (সূরা ইব্রাহীম, রুকু' ৫, আয়াত ৩২, পারা ১৩)।
জিজ্ঞাসা করো, স্থলভাগ ও সাগরতলের 'বিপদপুঞ্জ' থেকে কে তোমাদেরকে রক্ষা করে থাকে? যখন তোমরা তাঁর নিকট প্রার্থনা করতে থাকো গোপনে ও কাকুতি-মিনতি করে? আর বলতে থাকো যে, তিনি যদি আমাদের এ বিপদ থেকে উদ্ধার করেন, তাহলে আমরা নিশ্চয় তাঁর শুক্রগুযার হয়ে থাকবো। বলো, আল্লাহই তোমাদেরকে এ বিপদ থেকে এবং অন্যান্য সমস্ত আপদ থেকে রক্ষা করে থাকেন। কিন্তু তবু তোমরা তাঁর সাথে শির্ক্ করে থাকো (সূরা আন'আম, রুকু' ৮, আয়াত ৬৩-৬৪, পারা ৭)।
কে পৃথিবীকে বাসস্থান করেছেন, তার মধ্যে নদনদী প্রবাহিত করেছেন, তার জন্যে পর্বতমালা সৃষ্টি করেছেন, সমুদ্রের মধ্যস্থলে অন্তরাল সৃষ্টি করেছেন? আল্লাহর সাথে কি অন্য কোনো উপাস্য আছে? বরং এ সম্পর্কে তাদের অধিকাংশেরই কোনো জ্ঞান নেই।
অথবা কে বিপদগ্রস্তের প্রার্থনা কবুল করেন, যখন সে তাঁকে ডাকে এবং তিনি তার বিপদ দূর করে দেন। আর কে তোমাদের পৃথিবীর প্রতিনিধি করেন? আল্লাহর সাথে কি অন্য কোনো উপাস্য আছে? (না, বরং প্রকৃত ঘটনা এই যে,) তোমরা অতি অল্পই চিন্তা-ভাবনা করে থাকো। অথবা কে স্থল বা সমুদ্রের অন্ধকারে পথ প্রদর্শন করেন এবং কে তাঁর অনুগ্রহের পুরোভাগে সুসংবাদ রূপে বায়ু সঞ্চালন করেন? আল্লাহর সাথে অন্য কোনো খোদা? তারা যে আল্লাহর সাথে অংশী স্থাপন করেছে, তা থেকে তিনি বহু ঊর্ধ্বে (সূরা নামল, রুকু' ৫, আয়াত ১৬, পারা ২০)।
অথবা গভীর সমুদ্রে অন্ধকাররাশির ন্যায়—যাতে তরঙ্গের ওপরে তরঙ্গ সমাচ্ছন্ন, তদুপরি মেঘমালা বিদ্যমান, পরস্পরের ওপর পরস্পর অন্ধকাররাশি ঘনীভূত, যখন সে স্বীয় হস্ত প্রসারিত করে, তখন সে তা দেখতেও পায় না এবং আল্লাহ্ যাকে জ্যোতি দান করেন না ফলত তার জন্যে কোন জ্যোতিই নেই (সুরা নূহ, রুকু' ৫, আয়াত ৪০, পারা ২৯)।
এবং তিনিই (আল্লাহ) তোমাদের জন্যে নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন যেনো এ দ্বারা তোমরা ভূতল ও সমুদ্রের অন্ধকারে পথপ্রাপ্ত হও। নিশ্চয় আমি অভিজ্ঞ সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী স্পষ্টরূপে বর্ণনা করেছি (সূরা আন 'আম, রুকু' ১২, আয়াত ৯৭, পারা ৭)।
এবং এটাও তাঁর (আল্লাহর) অন্যতম নিদর্শন যে, তিনি সুসংবাদ-বাহী সমীরণ প্রেরণ করেন এবং যেনো তিনি তাদেরকে স্বীয় অনু-গ্রহের কিয়দংশ আস্বাদন করান এবং যেনো তাঁর আদেশে নৌযান-গুলো পরিচালিত হয় এবং যেনো তোমরা তাঁর অনুগ্রহ অনুসন্ধান করো এবং যেনো তোমরা কৃতজ্ঞ হও (সূরা রুম, রুকু' ৫, আয়াত ৪৬, পারা ২১)।
এবং তাদের জন্যে এটাও এক নিদর্শন যে, আমি তাদের বংশধর-গণকে পরিপূর্ণ তরণীতে আরোহণ করিয়েছিলাম এবং আমি তাদের জন্যে এরূপ আরো অনেক জিনিস সৃষ্টি করেছি, যাতে তারা আরোহণ করে থাকে। এবং আমি যদি ইচ্ছা করি তাদেরকে নিমজ্জিত করে দিতে পারি, অতঃপর তাদের জন্যে কোন উদ্ধার-কারী হবে না এবং তারা কেউই পরিত্রাণ পাবে না। কিন্তু আমার নিকট হতেই অনুগ্রহ এবং এক নির্দিষ্ট কাল পর্যন্তই ভোগ-সম্পদ (সূরা ইয়াসীন, রুকু' ৩, আয়াত ৪১, পারা ২৩)।
অনন্তর যখন তারা নৌযানে আরোহণ করে, তখন তারা আল্লাহকে তাঁরই উদ্দেশে বিনত হয়ে অকপটভাবে আহবান করে। অনন্তর যখন তিনি তাদেরকে ভূমির দিকে উদ্ধার করেন, তখনই তারা আল্লাহ্ অংশী স্থির করে থাকে (সূরা 'আন্ন্কাবুত, রুকু' ৭, আয়াত ৬৫, পারা ২১)।
তোমরা কি দেখছো না যে, আল্লাহরই অনুগ্রহে সমুদ্র মধ্যে নৌযানসমূহ পরিচালিত হয়—যেনো তিনি তোমাদেরকে স্বীয় নিদর্শনাবলী প্রদর্শন করেন। নিশ্চয় এর মধ্যে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্যে নিদর্শনাবলী রয়েছে। এবং যখন পর্বতসদৃশ তরঙ্গমালা তাদেরকে আবৃত করে, তখন তারা আল্লাহকে তাঁরই উদ্দেশে বিনত হয়ে অকপটভাবে আহবান করে থাকে, অনন্তর যখন তিনি তাদেরকে ভূমির দিকে উদ্ধার করেন, তখন তাদের কিয়দংশ মধ্যপন্থা অবলম্বন করে এবং প্রত্যেক প্রবঞ্চক অবিশ্বাসী ব্যতীত কেউই আমার নিদর্শনাবলী অস্বীকার করে না (সূরা লোকমান, রুকু' ৪, আয়াত ৩১-৩২, পারা ২১)।
📄 জাহাজ নির্মাণ ও নৌ-চালনার সূচনা
পুরাকালে মানুষ সমুদ্রকে দুনিয়ার শেষ সীমা মনে করতো। সমুদ্রে পা রাখতে তারা ভীষণভাবে ভয় পেতো। খৃস্টপূর্ব দ্বাদশ ও ত্রয়োদশ সাল পর্যন্ত মানুষ এই ধারণাই পোষণ করতো।
অনুমান, প্রথম দিকে মানুষ বিলেঝিলে নৌকা চালাতো। হয়তো প্রথম প্রথম তারা বড় বড় গাছের গুঁড়ি, ঘাসের আঁটি দ্বারা নদনদী পারাপার করতো। ঘাসের নৌকা আজো নীল নদে দেখতে পাওয়া যায়।
অতঃপর গাছের বড় বড় গুঁড়ি খোল্লা করে কিন্তী তৈয়ার করতে শুরু করে। দুনিয়ার বিভিন্ন দেশে আজো এ ধরনের নৌকার প্রচলন আছে।
১৯০৪ খৃস্টাব্দে গাছের গুঁড়ি খোল্লা করে ক্যাপ্টেন দাস একটি নৌকা তৈরী করেন। তিনি এর দ্বারা বৃটিশ কলাম্বিয়া আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্ব ভ্রমণে বের হন। তিন বছরে তাঁর এ ভ্রমণ শেষ হয়।
দজলা (তাইগ্রিস) নদীর জনৈক মাঝি এক প্রকাণ্ড কাষ্ঠখণ্ডের ওপর চামড়া বিছিয়ে নৌকা হিসেবে ব্যবহার করেন। তাতে এক সঙ্গে বিশজন লোক আরোহণ করতে পারতো।
দুনিয়ার প্রাচীনতম ও শ্রেষ্ঠতম নৌযান নির্মাণ করেন হযরত নূহ (আঃ)। এটি দৈর্ঘ্যে ২৫০ ফুট, প্রস্থে ৭৫ ফুট, উচ্চতায় ৪৫ ফুট এবং ১৫ হাজার টন ভারী ছিল।
খৃস্টপূর্ব সপ্ত শতাব্দীতে ফেনেকী জাতিও বহু বড় বড় নৌযান নির্মাণ করেন। এসব নৌযানে তারা কেবল ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহরগুলোতেই বাণিজ্য করতেন না, দক্ষিণে আফ্রিকা ও উত্তরে বহুদূর পর্যন্ত চলে যেতেন।
ফেনেকী জাতির পূর্বে আটলান্টিক জাতিরও জাহাজ নির্মাণ ও জাহাজ চালনার ক্ষেত্রে বিশেষ খ্যাতি ছিলো। তাদের নৌঘাঁটি ছিলো ক্রীট দ্বীপে। এরও আগে কারথেগী নামক এক বিখ্যাত জাতি ছিলো। তারা জাহাজ নির্মাণ শিল্পে অত্যন্ত পারদর্শী ছিলেন। তাদের জাহাজগুলোতে আটটি করে দাঁড় ছিলো। তারা মালয় উপকূল পর্যন্ত নৌকা বাইচ দিতো। ঘন্টায় ৯ মাইল ছিল সেগুলোর গতিবেগ।
এরপর জাহাজ নির্মাণ শিল্পের মান আরো উন্নত হয়। নতুন নতুন পদ্ধতি আবিষ্কৃত হয়। কোনো কোনো অংশে লোহা ব্যবহৃত হয়। এরূপ জাহাজ প্রথম ব্যবহার হয় ইরানী ও পিলে পোনিজের যুদ্ধে। এ সব জাহাজ ছিলো বিশ দাঁড়ী করে। যে সব জাহাজে রাজা-বাদশাহ্ কিংবা নৌবাহিনী প্রধান সওয়ার হতেন, সেগুলোর রশি ও দাঁড় ছিলো রঙ্গীন। এসব জাহাজের পেছন দিকটা ছিলো তাম্র ও রৌপ্য নির্মিত। কোনো কোনোটির দৈর্ঘ্য ছিলো ৯০ ফুট থেকে ৪৫০ ফুট পর্যন্ত। এগুলো ছিলো তেজারতী জাহাজ। যুদ্ধ জাহাজ ছিলো এর চেয়ে কিঞ্চিৎ ছোট।
রোমকরা ইংল্যাণ্ড আক্রমণ করার পর তাদের যুদ্ধ জাহাজ দেখে অভিভূত হয়ে পড়ে। কেননা, ইংল্যাণ্ডের যুদ্ধ জাহাজগুলো ছিলো অত্যন্ত মযবুত। কারণ, আটলান্টিক মহাসাগর ছিলো ভূমধ্যসাগর অপেক্ষা অধিক তরঙ্গময়। তাই জাহাজগুলোও বেশী শক্ত দরকার হতো।
প্রাচীনকালে নারসীমীন নামক এক জাতি ছিলো। তারা তাদের মৃত ব্যক্তিদের নৌকায় করে সমুদ্রে ভাসিয়ে দিতো।
এক সময় ডেনমার্কের অধিবাসীরা যুদ্ধ করে ইংল্যাণ্ড দখল করে নেয়। তার প্রতিশোধ নেয়ার জন্যে ইংল্যান্ডের বিখ্যাত সম্রাট আলফ্রেড বড় বড় যুদ্ধ জাহাজ নির্মাণ করান। ফলে সম্রাট আলফ্রেডের হাতে ডেনমার্কের শোচনীয় পরাজয় ঘটে। তিনি যুদ্ধে ডেনমার্কের ছয়টি জাহাজ অধিকার করেন আর বাকীগুলো ডুবিয়ে দেন। সম্রাট আলফ্রেডই বৃটিশ জাহাজ নির্মাণ শিল্পের প্রবর্তক।
১১৭০ খৃস্টাব্দে ইংল্যাণ্ডে এক বিরাট জাহাজ নির্মিত হয়। এতে এক সঙ্গে ৪০০ যাত্রী আরোহণ করতে পারতো। ইংল্যাণ্ডের প্রথম জাহাজ শিল্প আইন রচনা করেন সম্রাট রিচার্ড। তাঁর কাছে ২০৩টি বড় ধরনের জাহাজ ছিলো। অতঃপর কিংজন ও তৃতীয় এডওয়ার্ড জাহাজ শিল্প নিজ হাতে নেন। তৃতীয় এডওয়ার্ড যখন কেলে অবরোধ করেন, তখন তাঁর হাতে ৭০০ রণপোত ছিলো।
প্রথম প্রথম যুদ্ধ জাহাজে মিজানীক স্থাপন করা হতো। অতঃপর নতুন নতুন আবিষ্কারের ফলে তোপ লাগানো শুরু হয়। যুদ্ধ জাহাজে সর্ব প্রথম তোপ ব্যবহার করেন ইংল্যাণ্ডের সপ্তম হেনরী। তাঁর হাতে প্রকাণ্ড দু'টি জাহাজ ছিলো। কলম্বাস এ জাহাজ দু'টিতে করেই আমেরিকা আবিষ্কারে বের হয়েছিলেন।
খৃস্টীয় সপ্তদশ শতাব্দীর শেষভাগে এসে ইউরোপে জাহাজ শিল্পের উৎকর্ষ আরম্ভ হয়। এ সময় জাহাজ চালনার বাষ্পও আবিষ্কৃত হয়। অষ্টাদশ খৃস্টাব্দের প্রথম পাদে ইউরোপের অনেক দেশেই লাখ টনী ওজনের জাহাজ ছিলো। বৃটেন ছিল এদের সবার অগ্রণী। আর এখন তো নিছক ইংল্যাণ্ডের হাতেই ১৫ কোটি টন ওজনের বহু জাহাজ বিদ্যমান।
দু'শ' বছরে ইংল্যাণ্ড জাহাজ নির্মাণ শিল্পে অভূতপূর্ব উন্নতি সাধন করে। প্রথম দিকে ইংল্যাণ্ড ছিল একটি দুর্বল ও দরিদ্র দেশ। অতঃপর তার বীর যুবশক্তি রাত-দিন পরিশ্রম করে জাহাজ নির্মাণ শিল্পকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নৌশক্তিতে পরিণত করে।
পক্ষান্তরে মুসলিম সম্প্রদায় আজ থেকে বহু বছর আগেই দুনিয়ার এক জবরদস্ত নৌশক্তির অধিকারী ছিলো। কলম্বাসকে আমেরিকা আবিষ্কারে মুসলিম নাবিকরাই পথ দেখিয়েছিলেন। কিন্তু আজ আমরা কি দেখছি! বলতে গেলে কিছুই নয়! আজ মুসলিম জাতির নিকট যুদ্ধ জাহাজও নেই। বাণিজ্য জাহাজও নেই। সমুদ্রের নাম শুনলেই তারা ভয়ে কম্পমান। অথচ কুরআন মজীদ স্পষ্ট ঘোষণা করছে যে, "সমুদ্রে ভাসমান পর্বতসম জাহাজগুলো হচ্ছে আল্লাহ্র অন্যতম নিদর্শন।”
১৯৩৬ খৃস্টাব্দে নেথন হিল্স সর্ব প্রথম বাষ্পীয় জাহাজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু তিনি এতে পুরাপুরি সফল হতে পারেননি। তাঁর নির্মিত জাহাজে কিছুটা ত্রুটি পরিলক্ষিত হয়। ১৮০৬ খৃস্টাব্দে রবার্ট ফিল্টন নামক জনৈক আমেরিকান আবিষ্কারক একটি বাষ্পীয় তরণী নির্মাণ করেন। এটি বায়ুর বিপরীত দিকে ঘন্টায় সাড়ে চার মাইল বেগে ছুটে চলতো। এই আবিষ্কারকই ১৮১৭ খৃস্টাব্দে পাঁচ শ' টন ওজনের এক বাষ্পীয় জাহাজ তৈরী করেন। এটি নির্মাণ করতে ২২ হাজার পাউণ্ড খরচ হয়েছিলো।
এরপর বাষ্পীয় জাহাজ সর্বত্র দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ১৮৩৬ খৃস্টাব্দে ইংল্যাণ্ডের নৌবন্দরসমূহে যে সব বাণিজ্য জাহাজ ভিড়তো, তন্মধ্যে তেরো হাযারই ছিলো বাষ্প পরিচালিত। একটি মাত্র শতাব্দীর সাধ্য-সাধনাই ইউরোপ-আমেরিকাকে সাফল্যের এই দ্বারপ্রান্তে পৌছে দেয়।
এ সময় ইউরোপের জাহাজ নির্মাতারা এ শিল্পকে আরো সামনে অগ্রসর করতে তৎপর হয়। নতুন নতুন পন্থা উদ্ভাবন করে। ১৮৬৮ খৃস্টাব্দে ইংল্যাণ্ডের জাহাজ নির্মাতারা চার হাযার টনী এক দ্রুতগামী জাহাজ নির্মাণ করে। এ জাহাজটি মাত্র চার দিন ১৭ ঘন্টায় দুনিয়ার সর্ববৃহৎ মহাসাগর আটলান্টিক পাড়ি দেয়।
১৯৩৩ খৃস্টাব্দে ফ্রান্স এক ভয়ঙ্কর জাহাজ নির্মাণ করে। এটির ওজন ছিল ৬৮ হাযার টন। ওই বছরই ইংরেজরা ৭৩ টনী এক জাহাজ নির্মাণ করে। এটির ইঞ্জিনশক্তি ছিল আশি হাযার অশ্বশক্তিবিশিষ্ট। একই সময় ইংরেজরা অলিম্পিক নামে এক নতুন জাহাজ তৈয়ার করে। যার দৈর্ঘ্য ছিলো ৮৫২ ফুট, প্রস্থ ৯২ ফুট এবং গভীরতা ১৭৫ ফুট। ইঞ্জিনের শক্তি ৯০ হাযার অশ্বশক্তিসম্পন্ন। এতে ৮৬০ জন মাঝি-মাল্লা কর্মরত ছিলো।
বস্তুত এরূপ শক্তিমত্তাই হচ্ছে একটি জীবন্ত জাতির উজ্জ্বল প্রতীক। এরূপ বীর্যবত্তাই একটি উদীয়মান জাতিসত্তার প্রকৃষ্ট সোপান। এরূপ প্রতিপত্তি বলেই একটি জাতি বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে।
সত্যই 'নৌযান আল্লাহ্ এক অপূর্ব নিদর্শন-যা সমুদ্রবক্ষে পর্বতের ন্যায় সন্তরণ করে বেড়ায়।'
সত্যই একটি জীবন্ত জাতি দুনিয়ায় এমনভাবে বসবাস করে, যা বিশ্ববাসীকে পদে পদে উপলব্ধি করতে হয়। একটি জীবন্ত জাতি তার শত্রু পক্ষের জন্য দুর্ভেদ্য দুর্গবিশেষ। শিসাঢালা প্রাচীরসদৃশ। একটি জীবন্ত জাতির শক্তি হবে দুরন্ত-দুর্গার। কার্যক্ষমতা হবে অপরিমেয়। সামরিক ছাউনি হবে সেনা-সৈন্য পরিপূর্ণ। নৌঘাঁটি থাকবে ভয়ঙ্কর রণপোতে সজ্জিত এবং আকাশ-পথ হবে অত্যাধুনিক জঙ্গী বিমানে মুখরিত।
কুরআন মজীদ مسلمانوں বরাবর স্মরণ করিয়ে দিয়েছে যে, 'তোমরা দুনিয়ায় এমনভাবে বসবাস করবে যে, মানুষ তোমাদের অস্তিত্ব হরদম অনুভব করবে।' 'তোমরা আল্লাহর নাফরমানদের জন্যে কঠোর হও।' 'আমি তোমাদেরকে ইস্পাত দান করেছি, যা এক প্রকার ভয়ঙ্কর ধাতু বিশেষ। তোমরা তার দ্বারা শক্তিমান হও।' 'নৌযান আল্লাহ্ নিদর্শন।' তোমরা এমন শক্তি সঞ্চয় করো এবং তোমাদের আস্তাবলসমূহ এমনসব রণমত্ত অশ্বে সজ্জিত করো-যা দেখে তোমাদের প্রতিপক্ষসমূহের পিলে চমকে যায়।'
📄 নৌ-চালনায় মুসলমানদের অবদান
আরবের অধিবাসীরা ইসলাম-পূর্ব যুগে সমুদ্র পর্যটনে অভ্যস্ত ছিলো না। অবশ্য য়ামনের হিমিয়ার ও সাবা গোত্রের নিকট কিছু মা'মূলী ধরনের নৌযান ছিলো। তারা এগুলো দ্বারা কোনোমতে আভ্যন্তরীণ নৌপরিবহনের কাজ চালাতো।
হিজাজের অধিবাসীরা সব সময় সমুদ্রযাত্রা এড়িয়ে চলতো। তারা নৌপথে কদম রাখতে ভীষণ ভয় পেতো। অন্য কথায় বলতে গেলে তারা ছিলো নৌ-পর্যটনে সর্বতোই নিঃস্পৃহ।
ইসলাম-পরবর্তী যুগে মিসর ও সিরিয়ার উপকূলে যখন ইসলামী পতাকা উড্ডীন হলো এবং মুসলমানরা রোমকদের যুদ্ধ জাহাজ ও সমুদ্র যুদ্ধ অবলোকন করলো, তখন তারাও ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষার স্বার্থে শত্রুর মুকাবিলার জন্য নৌবাহিনী গড়ে তোলার প্রয়োজন অনুভব করলো। এক্ষেত্রে সর্বপ্রথম এগিয়ে এলেন মুসলিম সিপাহসালার 'আলা ইব্ন আল্হাযরমী। ইনি ছিলেন হযরত উমর (রাঃ)-এর খিলাফত-কালে বাহরায়নের শাসনকর্তা।
'আলা ইবনে আল্হাযরমীর ইরাদা ছিল ইরানের উপকূলবর্তী এলাকাগুলোকে ইসলামী শাসনের অন্তর্ভুক্ত করা। কিন্তু তাঁর এই সংকল্পের পথে একমাত্র অন্তরায় ছিলো পারস্য উপসাগর। বাহরায়ন থেকে ইরান উপকূলে সৈন্য পরিচালনা করতে হলে পারস্য উপসাগরের নৌপথ ছাড়া গত্যন্তর ছিলো না। তাই তিনি পানিপথেই সৈন্য পরিচালনার সিদ্ধান্ত করেন।
সিদ্ধান্ত অনুসারে নৌযানেই তিনি সৈন্য পরিচালনা করেন। কিন্তু এ যুদ্ধে মুসলিম বাহিনীর পরাজয় ঘটে। কারণ 'আলা ইব্ন আল্হাযরমী খলীফা হযরত 'উমর (রাঃ)-এর অনুমতি ব্যতিরেকেই সৈন্য পরিচালনা করেছিলেন। মুসলিম বাহিনীর এই পরাজয়ের ঘটনায় এক বিরাট শিক্ষা নিহিত রয়েছে। তা হলো, নেতার অনুমতি ছাড়া যুদ্ধে লিপ্ত হওয়া ঠিক নয়।
খলীফা 'উমরের নিকট যখন এই স্বেচ্ছাচারিতার খবর পৌঁছলো তখন তিনি অতিশয় রাগান্বিত হন এবং 'আলা ইব্ন আল্হাযরমীকে সেখান থেকে হটিয়ে কুফার শাসনকর্তা হযরত সা'আদ ইব্ন আবী আক্কাস (রাঃ)-এর অধীনস্থ করে দেন, যাতে ভবিষ্যতে অন্য কেউ এরূপ স্বেচ্ছাচারমূলক কার্যক্রম গ্রহণ না করে।
উক্ত সামুদ্রিক আক্রমণ ব্যর্থ হওয়ার পর খলীফা হযরত 'উমর (রাঃ) মুসলিম সিপাহসালারদের প্রতি এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। কেননা, তখন তিনি স্থল বাহিনী সংগঠনে ব্যাপৃত ছিলেন। তাঁর মতে, নৌবাহিনী গড়ে তোলার উপযুক্ত সময় তখনো হয়নি। এজন্যে তিনি সেদিকে মনোযোগ দেয়ার প্রয়োজনবোধ করেন নি।
আমীর মু'আবিয়া ইব্ন আবী সুফিয়ান সিরিয়া ও পশ্চিম জর্দান বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। তিনি ছিলেন একজন উচ্চাভিলাষী দক্ষ বীর সেনানী। রোমক বাহিনীর সাথে তাঁর প্রায়ই মুকাবিলা করতে হতো। এজন্যে নৌবাহিনী গড়ে তোলার গুরুত্ব তিনি মর্মে মর্মে উপলব্ধি করতেন। তাঁর মতে, একটি সুসংগঠিত নৌবাহিনী ছাড়া রোমকদের সার্থক মুকাবিলা ছিলো দুরূহ ব্যাপার। তাই তিনি আমীরুল মু'মিনীন হযরত 'উমর (রাঃ)-এর দরবারে একটি নৌবাহিনী সংগঠনের আবেদন পেশ করেন। আবেদনে তিনি নৌবাহিনী গঠনের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে বিশদ বিবরণ দান করেন। খলীফা 'উমর (রাঃ) মিসরের গবর্নর 'আমর ইবনুল 'আসের নিকট সমুদ্র-ভ্রমণ সম্পর্কে সঠিক তথ্য চেয়ে এক পত্র লিখেন। হযরত 'আমর ইবনুল 'আস এই মর্মে পত্রের উত্তর লিখেনঃ "আমীরুল মু'মিনীন! সমুদ্র যেনো আল্লাহ্ এক মস্তবড় সৃষ্টি। তার ওপর আল্লাহ্ এক ক্ষুদ্র সৃষ্টি মানুষ আরোহণ করে। সমুদ্রে বসে আকাশ এবং পানি ছাড়া কিছুই দেখা যায় না। আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়, তাহলে পিলে চমকে ওঠে। আর সমুদ্র যদি উমিমুখর হয়, তাহলে মূর্ছা যাওয়ার অবস্থা দাঁড়ায়। এরূপ অবস্থায় আল্লাহর প্রতি সন্দেহ হ্রাস পায় এবং একীন বেড়ে যায়। মানুষের সমুদ্র-যাত্রার অবস্থা এরূপঃ "একটি ভাসমান কাষ্ঠখণ্ডের ওপর যেনো একটি পতঙ্গ উড়ে পড়লো। কাষ্ঠখণ্ডটি যদি উল্টে যায়, তা হলে পতঙ্গটি ডুবে যাবে আর কাষ্ঠখণ্ডটি সঠিকভাবে কিনারে পৌঁছলে পতঙ্গটি সোল্লাসে উড়ে যাবে।"
'আমর ইবনুল 'আসের এই উত্তর আসার পর খলীফা 'উমর (রাঃ) এই মর্মে আমীর মু'আবিয়ার পত্রের উত্তর দেনঃ "আমি সেই সত্তার শপথ করে বলছি-যিনি হযরত মুহাম্মদ (সঃ)-কে সত্য নবীরূপে প্রেরণ করেছেন-আমি সমুদ্র অভিযানে একজন মুসলমানকেও প্রেরণ করবো না।” এরপরও আমীর মু'আবিয়া রোমান নৌবাহিনীর মুকাবিলার কথা গভীরভাবে চিন্তা-ভাবনা করতে থাকেন।
হযরত 'উসমান (রাঃ)-এর খিলাফতকালে আমীর মু'আবিয়া পুনরায় মুসলিম নৌবাহিনী গঠনের প্রস্তাব করেন এবং বিষয়টি ভেবে দেখার জন্যে খলীফার নিকট বার বার অনুরোধ জানান। খলীফা 'উসমান (রাঃ) এই শর্তে আমীর মু'আবিয়ার দরখাস্ত মঞ্জুর করেন যে, সামুদ্রিক যুদ্ধে যারা স্বেচ্ছায় অংশগ্রহণ করতে চাইবে, তিনি কেবল তাদেরই নিতে পারবেন। যারা স্বেচ্ছায় রাজী না হবে, তাদের তিনি বাধ্য করতে পারবেন না।
মোট কথা, ২৮ হিজরীতে মুসলিম নৌবাহিনীর গোড়াপত্তন হয়। আমীর মু'আবিয়া ছিলেন এই বাহিনীর প্রতিষ্ঠাতা। তিনি যারপর- নাই উৎসাহ-উদ্দীপনার সাথে মুসলিম নৌবাহিনী গড়ে তোলেন এবং পরীক্ষামূলকভাবে সর্বপ্রথম সাইপ্রাস দ্বীপে নৌ-আক্রমণ চালান। সাই- প্রাস বাসীরা আমীর মু'আবিয়ার নিকট সন্ধির প্রস্তাব পাঠায়। আমীর মু'আবিয়া ৭২০০ স্বর্ণমুদ্রার বিনিময়ে সাইপ্রাসবাসীদের সাথে সন্ধি স্থাপন করেন।
মুসলিম নৌবাহিনীর প্রথম হামলা সফল হওয়ার পর তাঁদের উৎসাহ- উদ্দীপনা আরো বেড়ে যায়। এবার তারা মুসলিম নৌবাহিনীকে আরো মযবুত করে পুনর্গঠন করেন। কিছুদিনের মধ্যে তাঁদের নৌশক্তি রোমানদেরকেও ছাড়িয়ে যায়। তাঁরা বিভিন্ন মওসুমে বিভিন্ন দ্বীপাঞ্চল আক্রমণের পরিকল্পনা করেন।
'আরবদের নৌ-পর্যটন ও সমুদ্র-অভিযানের কোনো পূর্ব-অভিজ্ঞতা ছিলো না। তাই তাঁরা প্রথম দিকে এ বিষয়টি রোমানদের নিকট শিক্ষা লাভ করেন। রোমান নৌ-বন্দীদের তাঁরা এই কাজে নিয়োগ করতেন। নৌযুদ্ধে মুসলিম বাহিনীর হাতে অসংখ্য রোমান জাহাজ-মিস্ত্রী ও কাপ্তান বন্দী হয়েছিলো।
এরা মুসলমানদের জন্য জাহাজ নির্মাণ করতো, নৌসেনা তৈরী করতো এবং রণপোতগুলোকে যুদ্ধাস্ত্রে সজ্জিত করে তার ওপর মুসলিম ফৌজী নও-জওয়ানদের আরোহণ শিক্ষা দিতো।
রণপোত সমষ্টিকে (নৌবহর) মুসলমানরা 'উস্কুল' বলতেন। তাঁদের এইসব উস্কুলের ঘাঁটি (নৌঘাঁটি) ছিলো ভূমধ্যসাগর। মুসলিম নৌবাহিনীতে সিরিয়া, আফ্রিকা ও স্পেনের মুসলমানগণ সবিশেষ আকর্ষণ বোধ করেন। এইসব দেশের মুসলমানগণ বিরাট বিরাট জাহাজ নির্মাণ কারখানা স্থাপন করেন। এইসব কারখানাকে তাঁরা 'তার্ত্সানা' (দারুস্ সানাআ'র বহুল ব্যবহৃত রূপ) নামে অভিহিত করতেন।
এইসব 'তার্ত্সানা'য় জাহাজ নির্মাণের আসবাবপত্র ও খুচরা যন্ত্রাংশ তৈরী হতো। সমকালীন বিশ্বের সর্ববৃহৎ 'তারসানা' নির্মিত হয়েছিলো বনু উমাইয়ার প্রখ্যাত রাষ্ট্রনায়ক 'আবদুল মালিক ইব্ন মারওয়ানের শাসনকালে তিউনিসে।
এই 'তারসানা'টি নির্মাণের উদ্দেশ্য ছিলো ভূমধ্যসাগর ও তার ছোট বড় দ্বীপগুলোকে মুসলিম শাসনাধীন রাখা। আবদুল মালিক ইব্ন মারওয়ানের নির্দেশে আফ্রিকার গভর্ণর হাসান ইব্ নু'মান তিউনিসের পোতাশ্রয়ে নৌযুদ্ধের সামান তৈরী ও মহড়া অনুষ্ঠিত করেন।
অল্প দিনের মধ্যেই তিউনিস মুসলমানদের এক উৎকৃষ্টতম নৌকেন্দ্রে পরিণত হয়। এই নৌবহর মুসলিম উপকূলবর্তী অঞ্চলসমূহ এবং ভূমধ্যসাগরীয় দ্বীপপুঞ্জের নিরাপত্তা বিধান করতো।
ভূমধ্যসাগরের এক বিরাট দ্বীপ। দ্বীপটির নাম 'সাকালিয়া'। মুসলমানরা এটিকে দখল করতে চাইলেন। 'আবদুল মালিক ইব্ন মারওয়ানের শাসনকালে এটি দখল করার প্রচেষ্টা চলে। কিন্তু সে প্রচেষ্টা সফল হয়নি। বনু গালিব খানদানের শাসন 'আমলে এই দ্বীপটি বিজিত হয়। এই বংশের বিখ্যাত সম্রাট যিয়াদাতুল্লাহ্ ইব্ন ইব্রাহীম ইব্ন আগ্লাবের নৌশক্তির কথা মুসলিম ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এই কীর্তিমান পুরুষের শাসন আমলেই 'সাকালিয়া' মুসলমানদের পদানত হয়।
এই ঘটনার পর মুসলমানগণ অচিরেই তাঁদের নৌশক্তি দ্বারা ভূমধ্য-সাগরের সমস্ত উপকূলবর্তী এলাকা ও দ্বীপাঞ্চলসমূহ করায়ত্ত করতে সক্ষম হন। তাঁদের মুকাবিলা করার আর কোনো শক্তিই অবশিষ্ট ছিলো না। তখন মুসলিম নৌবাহিনী প্রধান ছিলেন আসাদ ইব্ন ফুরাত। তিনি ভূমধ্যসাগরে রোমান নৌবাহিনীকে শোচনীয়ভাবে পর্যুদস্ত করেন। এরপর থেকে মুসলমানদের মধ্যে নৌযুদ্ধের উৎসাহ আরো প্রবল হয়ে ওঠে। তাঁরা আফ্রিকা, স্পেন ও সিরিয়ায় অসংখ্য তার্সানা (জাহাজ নির্মাণ কারখানা) প্রতিষ্ঠা করেন।
'আব্দুর রহমান আন্নাসিরের আমলে একমাত্র স্পেনেই দুইশ'টি বিরাটকায় রণপোত বিদ্যমান ছিলো। এগুলো অহর্নিশ স্পেনের উপকূল অঞ্চলের নিরাপত্তা বিধান করতো। আফ্রিকায়ও এক বিশাল নৌবহর গড়ে উঠেছিলো। এ হচ্ছে হিজরী চার শতকের কথা।
স্পেনে বেশ ক'টি 'তার্সানা' গড়ে উঠেছিলো। প্রতিটি 'তার্সানার' নিজস্ব উজ্জ্বল (নৌবহর) ছিলো। প্রতিটি উস্কুলের আবার একেকজন নৌ-প্রধান ও সর্দার ছিলেন। নৌ-প্রধানগণ নৌবহরের অস্ত্রশস্ত্র ও নৌসেনাদের নিয়ন্ত্রণ করতেন। আর সর্দারগণ রণপোতে পালতোলা ও তার পরিচালনার উপকরণাদির যোগান দিতেন। রণপোতের মাঝি-মাল্লাও সর্দারগণই সরবরাহ করতেন।
নৌবহরের পরিচালন ব্যবস্থাও অত্যন্ত সুশৃংখল ছিলো। কোনো নৌবহর যখন কোনো বিশেষ স্থান আক্রমণের প্রস্তুতি নিতো কিংবা সমুদ্র অভিযানের মহড়া প্রদর্শনের সংকল্প করতো, তখন তা এক বিশেষ নৌবন্দরে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যেতো। গোটা নৌবহরটি পরিচালনা করতেন একজন সুদক্ষ নৌ-প্রধান।
মিসরে হিজরী প্রথম শতকে যুদ্ধ জাহাজ নির্মাণ কারখানার পত্তন হয়। এখানে সর্ব প্রথম উস্কুল (নৌবহর) প্রতিষ্ঠা করেন মিসরের শাসনকর্তা গিতা ইব্ন ইসহাক। ইনি মুতাওয়াক্কিল 'আলাল্লাহ্ 'আব্বাসীর আমলে মিসরের শাসনকর্তা ছিলেন। তখন রোমান বাহিনী 'দামিয়াত' অধিকার করে সেখানে ব্যাপক লুটতরাজ ও দাঙ্গা-হাঙ্গামা চালাচ্ছিলো। এতে মিসর অধিপতি গিতা ইবন ইসহাক যারপরনাই মর্মাহত হন এবং রোমানদের সমুচিত শাস্তিদান মানসে একটি নৌবহর প্রতিষ্ঠা করেন। আর এভাবেই মিসরে একটি নৌবাহিনী সংগঠিত হয়।
মিসর অধিপতি নৌসেনার জন্যে বিভিন্ন পুরস্কার ও দৈনিক মজুরি বরাদ্দ করেন। ফলে সবাই তাদের জওয়ান ছেলেদের নৌবাহিনীতে ভতি করা শুরু করেন। তিনি এইসব নও জওয়ানকে ফৌজী তা'লীম দানের উদ্দেশ্যে অভিজ্ঞ ও দক্ষ কমাণ্ডার নিয়োগ করেন।
নৌসেনাদের উপযুক্ত ট্রেনিং দানের পর তিনি 'দামিয়াত' আক্রমণ করেন। তীব্র সংঘর্ষের পর রোমান বাহিনী পর্যুদস্ত ও 'দামিয়াত' পুনর্দখল হয়।
'আব্বাসিয়াদের পর মিসরে ফাতিমী যুগের সূচনা হয়। তাঁরা অচিরেই 'দামিয়াত' ও আলেকজান্দ্রিয়ায় নৌবহর গড়ে তোলার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। মিসরে ফাতিমী যুগেই নৌশক্তির উৎকর্ষ সূচিত হয়। তাঁরা নৌসেনাদের বেতন ছাড়া জায়গীরও প্রদান করতেন। এসব জায়গীরকে তাঁরা 'গাষীদের আয়াব' নামে অভিহিত করতেন। যুদ্ধের সময় নৌ-প্রধান গোটা নৌবহরের দায়িত্ব নিজ হাতে গ্রহণ করতেন।
বেতন ও ওযীফা বাদশাহ্ খোদ নিজ হাতে বণ্টন করতেন। এতে দেশের অন্যান্য বাহিনী অপেক্ষা নৌবাহিনীর সম্মান বৃদ্ধি পেতো। মু'ইযষ্ণু লিদীনিল্লাহ্ শাসনামলে যুদ্ধ জাহাজের সংখ্যা ৬০০-তে গিয়ে দাঁড়িয়েছিলো।
নৌবহরের যুদ্ধ যাত্রাকালে মহা ধুমধামে জলসা অনুষ্ঠিত হতো। সাড়ম্বরে আনন্দ-উৎসব চলতো। জলসায় স্বয়ং বাদশাহ্ তাঁর পারিষদসহ উপস্থিত থাকেতন। বাদশাহ্ ও তাঁর পারিষদবর্গ নীলনদের তীরবর্তী 'মাকাস' নামক স্থানে এক বিশেষ ছাউনিতে বসে এই দৃশ্য উপভোগ করতেন। জাহাজীরা এই ছাউনির নীচে যুদ্ধ জাহাজ নিয়ে আসতো। জাহাজগুলো যুদ্ধাস্ত্র ও আসবাবপত্রে সুসজ্জিত হয়ে জাতীয় পতাকা ধারণ করতো। তারপর যুদ্ধের বিভিন্ন কলা-কৌশল প্রদর্শন করে বেরিয়ে যেতো।
যুদ্ধে যেসব রণ-নৈপুণ্যের প্রয়োজন পড়তো, তার সবগুলোই তখন দেখাতে হতো। অতঃপর প্রতিটি জাহাজের নৌ-প্রধান ও সর্দারগণ বাদশাহ্ সামনে হাযির হতেন। বাদশাহ্ তাঁদের পুরস্কৃত করতেন।
যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকালেও এরূপ জমকালো উৎসব অনুষ্ঠিত হতো। নৌযুদ্ধ বিভাগের এক আলাদা দফতরও খোলা হয়েছিলো। এই দফতরের নাম ছিলো 'দিওয়ানুল উস্কুল'। নৌবাহিনীর সমস্ত খরচপত্র এই দিওয়ানই নির্বাহ করতো।
মুসলিম শাসন বিস্তারে মুসলিম নৌবাহিনীর ভূমিকা ছিলো অপরিসীম। মুসলিম শাসকগণ নৌবাহিনীর সাহায্যেই ভূমধ্যসাগরের বড় বড় দ্বীপাঞ্চল-সাডিনিয়া, সিসিলী, মাল্টা, ক্রীট ও সাইপ্রাস প্রভৃতি অধিকার করেন। এইসব দ্বীপাঞ্চল ব্যতীত মুসলমানগণ বহু উপকূলীয় এলাকাও করায়ত্ত করেন। বহু ইউরোপীয় অঞ্চলও মুসলিম অধিকারে আসে।
মুসলিম নৌবহরসমূহ গোটা ভূমধ্যসাগরে চক্কর দিয়ে বেড়াতো। ইউরোপের উপকূলবর্তী দেশসমূহে যখন-তখন হামলা করতো।
ভূমধ্যসাগর উপকূলের ইউরোপীয় দেশসমূহে সবচেয়ে বড় আক্রমণ হয় সিসিলীর সম্রাট বানুল হাসানের শাসনকালে। তাঁর প্রচণ্ড নৌ-আক্রমণে ইউরোপে এক সন্ত্রাসের সৃষ্টি হয়েছিলো।
মোট কথা, মুসলমানগণ নৌবহরের সাহায্যে গোটা ভূমধ্যসাগরের একচ্ছত্র মালিক বনে গিয়েছিলেন। তাঁরা স্থলভাগের ন্যায় পানিভাগেরও সর্বাধিনায়ক বনেছিলেন। এ হচ্ছে তখনকার কথা, যখন গোটা ইউরোপবাসী অধঃপতন ও অজ্ঞতার অন্ধকারে হাবুডুবু খাচ্ছিলো। তাদের নৌশক্তি ছিলো মুসলমানদের তুলনায় নির্জীব ও হীনবল।
আজ মুসলমানদের নৌশক্তি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। আর ইউরোপের অধিবাসীরা গা ঝেড়ে উঠে দাঁড়াচ্ছে। তারা বহু মুসলিম রাজ্য ও উপকূলীয় অঞ্চলে সৈন্য পরিচালনা করে রাজত্ব ও নৌবহর উভয়ই দখল করে নিয়েছে।
স্পেন থেকে মুসলমানরা বিতাড়িত হয়েছে। স্পেনের মুসলিম নৌ-শক্তি ইউরোপীয়দের হস্তগত হয়েছে। সিসিলীর মুসলমানরা নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানকার মুসলিম নৌশক্তিও চিরতরে শেষ করে দেয়া হয়েছে।
একদিন যে নৌসেনাদের 'মুজাহিদীন ফী সাবীলিল্লাহ্' এবং 'গুযাত্ ফী আ'দাইল্লাহ্'র গৌরবদীপ্ত উপাধিতে ভূষিত করা হতো, আজ অধঃপতন ও লাঞ্ছনার যুগে সেই 'উস্কুল'-কে একটি বাজারী শব্দ ভাবা হচ্ছে। আর যুদ্ধ-জাহাজের ক্রিয়াকাণ্ডকে গণ্য করা হচ্ছে অপমান ও লজ্জার বিষয় হিসেবে।
বস্তুত যেদিন থেকে মুসলমানরা তাদের নৌশক্তি হারিয়ে ফেললো, সেদিন থেকেই তারা দ্রুত অবনতির দিকে ধাবিত হলো। রাজ্য গেলো। রাজত্ব গেলো। স্থলভাগেরও আধিপত্য গেলো। মৃত্যুভয় প্রবলতর হলো। সমুদ্রাতঙ্ক বৃদ্ধি পেলো। শৌর্যবীর্য বিলুপ্ত হলো। পরিণাম ফল ইতিহাসে লিপিবদ্ধ। আমাদের এখন তা থেকে শিক্ষা নিতে হবে।
📄 মুসলিম রণপোত কারখানা
'আরবরা জাহাজ নির্মাণ কারখানাকে 'দারুস্সানা'আ' বলতো। জাহাজ নির্মাণ শিল্পে তারা পূর্ণ পারদর্শিতা অর্জন করেছিলো। আরবদের বদওলাতেই আজ বিশ্ববাসী نৌশিল্পে এত উৎকর্ষ সাধন করতে সক্ষম হয়েছে।
আধুনিক রণপোত শিল্প 'আরবরাই পত্তন করেছিলো। ইউরোপের অধিবাসীরা স্পেন, সিসিলী এবং আফ্রিকায় 'আরবদের নিকট থেকে এই বিদ্যা শিক্ষা করেছিলো। আরবদের পূর্বে জাহাজ-নির্মাতা ও জাহাজ- চালক ছিলো রোমকরা। কিন্তু তাদের জাহাজ-নির্মাণ ও নৌ-চালনা ছিলো সম্পূর্ণ পুরানো ধাঁচের। রোমকরা নিছক ছোট ছোট রণতরীই নির্মাণ করতে পারতো। বড় বড় যুদ্ধ-জাহাজ তাদের কারখানায় তৈরী হতো না। 'আরবরাই এই শিল্পে নতুনত্ব আনয়ন করেন। নতুন নতুন মডেল ও কৌশল আবিষ্কার করেন। 'আরবরাই সর্বপ্রথম নৌ-দফতর প্রতিষ্ঠা করেন। এই দফতরের নাম ছিলো 'দীওয়ানুল উন্ন'। এই দফতরের অধীনে অনেক বড় বড় ইঞ্জিনীয়ার ছিলেন। তাঁরা রণতরীর নতুন নতুন মডেল ও নক্সা তৈরী করতেন।
পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, স্পেন, আফ্রিকা, মিসর ও সিরিয়া ছিলো মুসলমানদের বড় বড় নৌকেন্দ্র। এই সবগুলো দেশই ভূমধ্য- সাগরের উপকূলে অবস্থিত। ভূমধ্যসাগরের উপকূলভাগ সব সময়ই তার মনোরম আবহাওয়ার দরুন তাহযীব-তামাদ্দুনের কেন্দ্রভূমি ছিলো।
মুসলমানরা তাঁদের সর্বপ্রথম 'দারুস্সানা'আ' প্রতিষ্ঠা করেন হিজরী প্রথম শতাব্দীতে মিসরের 'ফুসতাত্' নামক স্থানে। আহমদ ইব্ন তুলুন এই কারখানার উন্নতি বিধানে প্রাণান্ত চেষ্টা করেন। আশেদী খান্দানের শাসকরাও এর সবিশেষ উন্নতি সাধন করেন।
ফাতিমী শাসকগণ এটি 'ফুস্তাত্' থেকে 'মাকাসে' স্থানান্তর করে আরো শ্রীবৃদ্ধি ও বিস্তৃতি দান করেন। নদনদী ও সাগর-মহাসাগরেই ছিলো তাঁদের প্রকৃত রাজস্ব। তাঁদের রণতরী যেমন দেশের প্রতিরক্ষা কাজে নিরত থাকতো, তেমনি তাঁদের বাণিজ্যতরীগুলো প্রাচ্য দেশসমূহের পণ্যসম্ভার বহন করে পাশ্চাত্য দেশসমূহে পৌঁছে দিতো।
ফাতিমী আমলে দুই ধরনের জাহাজ নির্মিত হতো। এক-যুদ্ধ জাহাজ। এগুলোকে 'উস্কুল' বলা হতো। শুধু যুদ্ধের কাজেই ব্যবহৃত হতো। বিভিন্ন রণসম্ভার ও নৌসেনারা অবস্থান করতো। দুই-তেজারতী জাহাজ। এগুলো দ্বারা শুধু একদেশ থেকে আরেক দেশে পণ্যসামগ্রী আনা-নেয়া হতো। এগুলোকে বলা হতো 'নীলী' জাহাজ। 'নীলী' জাহাজগুলো 'উজ্জ্বল' থেকে আকারে ছোট হতো। ছোট নদ-নদীতেও যাতায়াত করতে পারতো।
'দারুস্সানা'আ'য় ছোট-বড় অনেক রকম যুদ্ধ জাহাজ তৈরী হতো। নামও ছিলো বিভিন্ন। আকার-আকৃতি ও গঠন-প্রকৃতিও ছিলো নানারূপ। এগুলোর সমষ্টিকে 'উজ্জ্বল' বলা হতো। আমরা এখানে কয়েকটি যুদ্ধ জাহাজের নাম উল্লেখ করছি।
শূনাঃ এগুলো বিরাটকায় ছিলো। এতে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য কিল্লা ও মিনার তৈরী হতো।
হাররাকা: এগুলোতে 'মিজানীক' স্থাপন করা হতো। 'মিজানীক' দ্বারা শত্রু পক্ষের ওপর বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করা হতো।
তার রাদাঃ এ ছিলো এক ধরনের ছোট দ্রুতগামী নৌবিশেষ।
উশারিয়াতঃ (এক বচনে 'উশারী'): এতে করে নৌ-সেনারা নীল নদে টহল দিয়ে বেড়াতো।
শালান্ দিয়াত্: (এক বচনে 'শালান্দী'): এসব দিয়ে বিভিন্ন খবরাখবর পৌঁছানো হতো।
মিস্তাহাত: (এক বচনে 'মিস্তাহ্'): 'মিস্তাহ্' সাধারণ যুদ্ধের কাজে ব্যবহৃত হতো।
'আরবী জাহাজের আকার-আকৃতি গ্রীক ও রোমান জঙ্গী জাহাজের অনুরূপ ছিলো। কারণ, 'আরবরা এই বিদ্যাটি গ্রীক ও রোমকদের নিকট থেকেই শিখেছিলেন।
'আরবদের জঙ্গী জাহাজে সাধারণত এইসব রণসম্ভার মওজুদ থাকতোঃ যিরাহ্ (লৌহবর্ম), খোদ (শিরস্ত্রাণ), ঢাল, নেযা, কামান, লৌহ যিঞ্জীর ও মিজানীক। মিজানীক দ্বারা শত্রু জাহাজের ওপর প্রস্তর নিক্ষেপ করা হতো।
যুদ্ধ-জাহাজের থামের ওপর বড় বড় সিন্দুক বাঁধা থাকতো। তাতে নৌসেনারা ওত পেতে বসে থেকে শত্রু পক্ষের ওপর পাথর, বিস্ফোরক, গরম চুন ইত্যাদি নিক্ষেপ করতো।
'আরব রণপোতগুলোতে নব-উদ্ভাবিত যুদ্ধাস্ত্র ব্যবহৃত হতো। যখন যুদ্ধাস্ত্র আবিষ্কৃত হতো তাই দিয়ে তা সজ্জিত করা হতো।
জাহাজের চারদিকে চামড়া, পশমী কাপড় প্রভৃতি মুড়ে দেয়া হতো। আবার কখনো কখনো জাহাজের কাঠে এমন এমন জিনিস সেঁটে দেয় হতো, যাতে সেগুলোতে আগুন ধরে যেতে না পারে। যুদ্ধের সময় শত্রুর নজর থেকে বাঁচার জন্যে জাহাজে নিষ্প্রদীপ মহড়ার ব্যবস্থা করা হতো। হাঁস-মুরগী ও পাখ-পাখালি রাখা হতো না। অধিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাহাজের ওপর নীল রঙের কাপড় চড়িয়ে দেয়া হতো, যাতে শত্রুপক্ষ দূর থেকে জাহাজ দেখতে না পায়।
মুসলমানরা তাঁদের রণতরীর চারপাশে লোহার নেযা ও লম্বা সুচালো লৌহখণ্ড লাগিয়ে দিতো। ফলে, শত্রু জাহাজ তাঁদের কাছে ঘেঁষতে পারতো না। ঘেঁষা মাত্র ফুটো হয়ে পানিতে ডুবে যেতো।
মুসলমানরা জাহাজ নির্মাণের নতুন নতুন কৌশল আবিষ্কার করেন। এসব কৌশল গ্রীক ও রোমানদের মধ্যে প্রচলিত ছিলো না। ইউরোপের লোকেরা মুসলমানদের নিকট থেকে এগুলো লুফে নেয়। পরে তারা এর আরো উন্নতি সাধন করে।
ইউরোপে বাষ্প আবিষ্কৃত হওয়ার পর নৌ-জাহাজেও তার ব্যবহার শুরু হয়। এখন এই শিল্পটি জাতীয় উন্নতির চাবিকাঠি। যে জাতির নিকট উন্নত নৌশক্তি নেই, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের নিরাপত্তা ও বাণিজ্য দুই-ই বিপন্ন।