📘 সম্পদ গড়ার কৌশল > 📄 সঞ্চয়, সঞ্চয়, সঞ্চয়

📄 সঞ্চয়, সঞ্চয়, সঞ্চয়


সম্পদ তৈরির প্রথম ধাপ আসলেই সঞ্চয়। সঞ্চয়ের অভ্যাস না থাকা বড় খারাপ। মুহাম্মাদ সালিম বলেন যে, স্থায়ী সাফল্যকামী মুসলিম উদ্যোক্তার উচিত নিজ সামর্থ্যের মাঝে চলা। আল্লাহ অপচয় পছন্দ করেন না। নিজের ব্যবসা আগে গড়ে তুলুন। নিজের টাকা ব্যবহার করুন ব্যবসা গড়তে। এরপর যত আসবাবপত্র কিনতে মন চায়, কিনবেন! মুহাম্মাদ সালিম তার ব্যবসা দাঁড় করানোর শুরুর দিকে এমন একটা ঘর কিনেছিলেন, যার নির্মাণ অসম্পূর্ণ। ওই ঘরেই থেকেছেন তিন থেকে চার বছর। মাশাআল্লাহ, এখন তার পরিবার থাকে কোটি টাকার অট্টালিকায়!

কী পরিমাণ সঞ্চয় করলে ভালো? যতজন আলিমের সাথে কথা বলেছি, বেশিরভাগই আমাকে বলেছেন আয়ের যতটুকু অলস পড়ে থাকে, তার ১৫ থেকে ২০% দান করে দেওয়া ভালো। যদিও যাকাত শুধু ২.৫%, কিন্তু লক্ষ্য থাকতে হবে ২০%। আমাদের অনেকের কাছে অঙ্কটা বেশ বড়ই।

কীভাবে সঞ্চয় করতে হয়, তার একটা উদাহরণ দিচ্ছিলেন জনাব রিজভি। ২০০৯ সালেও তিনি একটা ২০০০ টয়োটা করোলা চালাতেন। অতি সম্প্রতি কিনেছেন মার্সিডিজ। চলন-বলন পরিপাটি, মার্জিত; কিন্তু গাড়ি সস্তা। অথচ তখন থেকেই তিনি পুরো কানাডার সেরা আবাসন ব্যবসায়ী। মানুষ ভাবত তিনি বুঝি মজা করছেন। কিন্তু আসলেই তার কাছে মনে হয়েছে যে, গাড়িটা এখানে বড় কথা না। মানুষ দেখে গুণগত মান।

এভাবে চিন্তা করুন। ঘর মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই জিনিস বিক্রি করতে হলে বুঝেশুনে পা ফেলতে হয়। নাহলে জনগণের আর্থিক অবস্থা ধ্বংস করে দেওয়া আপনার পক্ষে খুবই সম্ভব। তাই জনাব রিজভির দৃষ্টিভঙ্গি ছিল কাজের মান ঠিক রাখা, টাকা খরচ করা না। ওই সময় থেকে যে সাফল্য পেয়েছেন, তার বদৌলতে এখন ইচ্ছেমতো খরচ করলেও সমস্যা হবে না আর।

তবে একেবারে কৃপণ হওয়াও চলবে না। কারণ এতেও সম্পদ বাড়ে না। অপচয় ও কৃপণতা দুই-ই নিন্দনীয়। আল্লাহ যদি সম্পদ দিয়ে থাকেন, তা দেখান, যেন অভাবীরা আপনার কাছে সাহায্যের জন্য আসে। কোটিপতির জন্য ভাঙাচোরা ঘরে থাকা ঠিক নয়। অবস্থা অনুযায়ী জীবনযাপন করুন। 'আর আপনার প্রতিপালকের অনুগ্রহের ব্যাপারে (কথা এই যে), তা প্রচার করুন।' [২০]

সম্প্রতি এ নিয়ে এক জায়গায় আলাপ করছিলাম। পশ্চিম আফ্রিকার সবচেয়ে বিখ্যাত একজন উদ্যোক্তা দানশীলতার জন্য বেশ সুপরিচিত। তিনি আবার প্রায়ই উমরাহ করতে যান ব্যক্তিগত জেটে চড়ে। সম্পদ যখন ২০ বিলিয়ন ডলার, তার ক্ষেত্রে এটা অপচয় না। ওই প্রাইভেট জেট হয়তো তার সম্পদের হাজার ভাগের এক ভাগ হবে। সেখানে অনেক সাধারণ মানুষই আয়ের এক-দশমাংশ ব্যয় করে গাড়ির পেছনে। বলুন তো, কে বেশি সঞ্চয় করছে? প্লেনের মালিক বিলিয়নেয়ার, না গাড়ির মালিক মধ্যবিত্ত?

টিকাঃ
[২০] সূরা আদ-দুহা ৯৩:১১

📘 সম্পদ গড়ার কৌশল > 📄 দান মানে বিনিয়োগ

📄 দান মানে বিনিয়োগ


সফলতম মুসলিম উদ্যোক্তাগণ মহত্তম দাতাও। কোটিপতি হওয়ার উদ্দেশ্য শুধু নিজের অট্টালিকা, নিজের গাড়িই হওয়া উচিত না। এগুলোও থাকতে হবে। জীবনের মজা লুটতে হবে। কিন্তু মুসলিম কোটিপতি হওয়ার আসল লক্ষ্য হওয়া উচিত অনেক অনেক দান করতে পারা। আপনার ধনী হওয়ার ইচ্ছেকে বাঁকা চোখে দেখার অধিকার কারও নেই। যদি কেউ করেও, তাকে চ্যালেঞ্জ করলাম এই পরিমাণ সদকা করতে, যতটা আপনি ধনী হওয়ার পর করবেন।

কতটা দান করা উচিত? ইমাম আশরাফের পরামর্শের পুনরাবৃত্তি করছি। পরামর্শটি সুন্নাহভিত্তিকও বটে। যদি ১০% দান করেন, আপনার ব্যবসায় জীবনে মন্দা হবে না। আর ৩৩% দান করলে ব্যবসা হবে লালে লাল। যে পরিমাণ মুনাফা ঘরে আনছেন, তার ৩৩%। অনেকের কাছে মনে হতে পারে এতে উলটো লাল বাতি জ্বলবে ব্যবসায়। কিন্তু খেয়াল করে দেখবেন যে, অনেক পশ্চিমা দেশের নাগরিকরা সরকারকে ট্যাক্সই দেয় উপার্জনের এই পরিমাণ। কিছু ক্ষেত্রে আরও বেশি! তাই পরিমাণটা যথেষ্ট যৌক্তিক। নিজে কত টাকার মালিক হতে চান, তার ওপরই নির্ভর করবে সব।

📘 সম্পদ গড়ার কৌশল > 📄 অর্থ ব্যবস্থাপনা

📄 অর্থ ব্যবস্থাপনা


অর্থ ব্যবস্থাপনা শুনে মনে হচ্ছে যেন এটা কোনো কোটি ডলার কোম্পানির কাজ! না। অর্থ ব্যবস্থাপনা করতে অত বড়ও হওয়া লাগবে না আপনাকে। যা আছে, তা-ই দিয়ে শুরু করুন। আমার মনে আছে, সেনেগালে থাকতে আমি পয়সার হিসেবে সঞ্চয় শুরু করেছিলাম। যথেষ্ট লম্বা সময় সঞ্চয় চালিয়ে গেলে ভালোই ধনী হয়ে উঠবেন একসময়। একসময় এমনকি মানুষকে ধার দেওয়ার সামর্থ্যও হয়ে যায় আমার; প্রতিদিন কয়েক পয়সা জমানোর মাধ্যমেই।

টাকার ব্যবস্থাপনা আসলে একটা মানসিকতা। কত আয় করছেন, সেটা বিষয় না। আসল হলো কতটুকু জমাচ্ছেন। তাই 'বিশাল খরচ' থেকে 'বিশাল সঞ্চয়' এর দিকে ঘুরিয়ে দিন নিজের মনকে। ব্যবসায় কতটুকু খাটাবেন, সেটাও আপনার অর্থ ব্যবস্থাপনার অংশ। আমাকে সাক্ষাৎকারদাতা বেশিরভাগ ব্যক্তিই বলেছেন যে, ব্যবসা চালাতে গিয়ে ঋণে পড়ে যাওয়ার দরকার নেই। মোটকথা, সতর্ক থাকা চাই। বিশেষত এই ব্যাংক আর সুদের কারবারের যুগে। ঋণে পতিত হওয়া খুবই ঝামেলার ব্যাপার। কেউ কেউ সামলে উঠতে পারে, বেশিরভাগই পারে না। বেশিরভাগ সফল মুসলিম উদ্যোক্তা নিজের টাকায় ব্যবসা করেছেন। অন্তত শুরুর দিকে। ফান্ড গড়ে তুলেছেন পরে।

📘 সম্পদ গড়ার কৌশল > 📄 ট্যাক্স অথবা মৃত্যু

📄 ট্যাক্স অথবা মৃত্যু


ইসলামী দৃষ্টিকোণ থেকে ট্যাক্স একেবারেই অপছন্দনীয় জিনিস। বেশিরভাগ আলিমের মতে এটি ইসলামবিরোধী। তারপরও যে রাষ্ট্রে বাস করেন, সেখানকার আইন মানাই লাগে। আর তেমনটা করাই বুদ্ধিমানের কাজ। আমার ব্যবসার প্রথম বছরে ট্যাক্সের ৭০০০ ডলার ফেরত পেয়েছিলাম। কারণ ব্যবসা খুব একটা ভালো করছিল না তখন। লাভজনক হচ্ছিল না। কিন্তু এও বুঝতে পারছেন যে, ট্যাক্স ব্যবস্থার সাথে সৎ হলে সুবিধা আছে বটে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে উত্তর আমেরিকায় ট্যাক্স ফেরত পাওয়া যায়। তবে শত-সহস্র করে একসময় কোটি টাকা আয় করতে শুরু করলে আরাম করে বড় অঙ্কের ট্যাক্স দিতে পারবেন।

আনন্দের সংবাদ হলো, চাকরির আয়ের তুলনায় ব্যবসায়িক আয়ের ওপর ট্যাক্সের হার কম। এই ট্যাক্সের কারণে চাকরি করাটা খুবই খরুচে হয়ে দাঁড়ায়। ধরুন, আপনার ছয় অঙ্কের বার্ষিক উপার্জনের প্রায় ৪০% চলে যাবে কর দিতে গিয়ে। তাই প্রতি বছর টাকা হারাচ্ছেন বিশাল পরিমাণে। তাই ট্যাক্স আপনার বৃহত্তম ব্যয়ের খাত।

তারপরও অভিজ্ঞ অ্যাকাউন্ট্যান্ট জনাব সালিম সিদ্দিকির মতে, ব্যবসাকে কর বাঁচানোর কৌশল বানিয়ে ফেলা ঠিক না। আপনার লক্ষ্য হতে হবে শুধুই ব্যবসা। কারণ কখনও কখনও বিশ পয়সা ট্যাক্স বাঁচাতে এক টাকা বেশি খরচ করতে হয়। তাই খরচ বাড়িয়ে ট্যাক্স ফাঁকি দেওয়া কোনো কাজের কথা না। ব্যবসা করছেন, করুন। ট্যাক্স যা আসার, আসবেই। অবশ্যই আমরা চাই এই পদ্ধতিটি বিলুপ্ত হয়ে যাক, যাতে আরও ধনী হতে পারি। আশার কথা এই যে, সৌদি আরব, কাতার, ওমান-সহ বেশ কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোনো ট্যাক্সই কাটা হয় না। ওখানে চলে গেলে আরও ধনী হবেন, হয়তো! চিন্তার খোরাক বটে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00