📘 সম্পদ গড়ার কৌশল > 📄 দলবদ্ধ শিকার

📄 দলবদ্ধ শিকার


কর্ম, ধর্ম আর জীবনের মাঝে সমন্বয় করা তো শিখলেন। এবার শিখবেন কাজ ভাগাভাগি। ব্যবসার সব কাজ নিজে করতে গেলে চাকরিজীবীর মতোই সময়ের বাঁধনে বাঁধা পড়বেন। বরং কাজের ছোট ছোট টুকরো এমনভাবে মানুষের মাঝে ভাগ করে দিন, যেন সবারই আয়ের চাকা ঘুরতে থাকে। আর আপনিও হয়ে যান মুক্ত।

ব্যবসার ভাষায় একে বলে ডেলিগেটিং। এটা নেতার অন্যতম বৈশিষ্ট্য। জামাআতের সাথে আল্লাহর সাহায্য থাকার ব্যাপারটি নিয়ে সামনে আরও আলাপ হবে। নেতা হিসেবে ডেলিগেটিং কেন করবেন, সে আলোচনায় থাকা যাক আপাতত। মানুষ যেসব বড় বড় কোম্পানির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়, সেগুলোকে বিশ্লেষণ করুন। দেখুন নিজের আশপাশের উদ্যোক্তাদেরও। এরা কেউই একাকী কাজ করে না, করেনি। জনসমক্ষে একজন দেখা দিলেও পর্দার আড়ালে থাকে বিনিয়োগকারীদের পুরো একটা দল। প্রকল্পের পৃষ্ঠপোষক তারা। এছাড়াও পুরো দলের মধ্যে রয়েছে নানারকম দক্ষতা, নানারকম দৃষ্টিভঙ্গিবিশিষ্ট মানুষ। একেই বলে ডেলিগেটিং। অন্যদের বিশ্বাস করা।

একাও কাজ করা যায়। তবে সেটা খুবই ছোট ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য। নিজেকে সীমাবদ্ধ করে ফেলার রেসিপি যাকে বলে! ব্যবসা বড় করতে চাইলে লোক লাগবেই। আপনার সাথে সাথে আরও অনেক মানুষ আলাদাভাবে নিজ নিজ লক্ষ্য অর্জন করবে। কিন্তু সবাই মিলে আবার একটি অভিন্ন বৃহৎ লক্ষ্যের পথিক।

দলবদ্ধ কাজ শেখার জন্য নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে পড়াশোনার কোনো বিকল্প নেই। মানুষ-কেন্দ্রিক দক্ষতা বাড়ে এর ফলে। সবাই মিলে একই লক্ষ্যে কাজ করার সামর্থ্য তৈরি হয়। দলটিকে ডেলিগেট করে দেওয়া মানে একজনও এখন আর প্রতিস্থাপনযোগ্য নয়। সবাইকেই দরকার আছে আলাদা করে। দুজন মানুষ পরস্পর প্রতিস্থাপনযোগ্য হওয়া মানে দুজনের শক্তি ও দুর্বলতা একই। ব্যবসায়ী দলকে এমন হলে হবে না। মানুষেরা প্রায়ই সঙ্গী হিসেবে বেছে নেয় নিজের মতো কাউকে। ব্যক্তিগতভাবে পছন্দের কোনো মানুষকে। এর ফলে তারা প্রতিস্থাপনযোগ্য হয়ে যায়। ব্যবসায়ে এভাবে দল গড়বেন না। ধরা যাক, আপনি বিজ্ঞানী। তাহলে সঙ্গী হিসেবে নিন কোনো আইনজীবীকে। তারা সামলাবে লেখালেখি, আপনি করবেন অঙ্ক। দলের সদস্যরা একে অপরের পরিপূরক হলেই কার্যকর ডেলিগেটিং সম্ভব।

📘 সম্পদ গড়ার কৌশল > 📄 কিশোর-পরিচালিত বিলিয়ন ডলার ব্যবসা

📄 কিশোর-পরিচালিত বিলিয়ন ডলার ব্যবসা


সংকীর্ণ মানসিকতার মানুষেরা নিজের আইডিয়া লুকিয়ে রাখতে চায়। চেষ্টা করে একাই সেটা নিয়ে কাজ করতে। ইমাম আশরাফের আলোচনা থেকে জেনেছি যে, এটা কোনো কাজের কথা নয়। এই পদ্ধতি অনুসরণ করলে ছোট ব্যবসা ছোটই রয়ে যায়। আমরা চাই প্রাচুর্য মানসিকতা। আইডিয়া ভাগাভাগি করুন অন্যের সাথে। তিনি যে আপনার অংশীদার হবেনই, এমন কোনো কথা নেই। হতে পারে নিজের কাজ সামলে তার আর নতুন কিছুতে অংশগ্রহণের সময় নেই। আর যদি সে নিজেই হয় অসফল উদ্যোক্তা, তাহলে আপনার আইডিয়াকে সফল করার সম্ভাবনাও তার পক্ষে ক্ষীণ। হয়তো তার কর্ম-নৈতিকতা, অভিজ্ঞতা বা সামর্থ্যের অভাব আছে। কিন্তু সে যা-ই হোক, আপনার তাতে ক্ষতিবৃদ্ধি নেই। আপনার আইডিয়া ছড়িয়ে দিন সবখানে। মাটি খুঁড়ে বের করে আনুন বিনিয়োগকারী আর অংশীদারদের। জামাআতের সাথে কাজ করুন, আল্লাহর হাত আপনাদের সাথে থাকবে।

অংশীদারই হলো সঠিক সিস্টেম তৈরি করার পথ। দলবদ্ধ কাজই পারে আপনাকে ওপরের ধাপে নিয়ে যেতে। কাবাব শপের উদাহরণ দেখুন। কাবাব শপ খুবই ছোট ব্যবসা। একজন মানুষ ভালো মানসম্পন্ন কাবাব পরিবেশন করে। এই মডেলের ওপরের ধাপে রয়েছে ম্যাকডোনাল্ড'সের মতো মডেল। এদের ব্যবসা নিয়মতান্ত্রিক। একটা কিশোরও চালাতে পারবে এই মডেলের ব্যবসা। কারণ তা একেবারে সহজ। কোটি কোটি টাকার ব্যবসা হলেও সহজ। রান্না, পরিবেশন ও অর্ডার গ্রহণের প্রতিটা জিনিস শিখিয়ে দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজি পদ্ধতির এই ব্যবসায়। সবকিছু নিয়মতান্ত্রিক। নিজে থেকে অনুমান করে বের করার কিছু নেই, এমনকি রান্নার তাপমাত্রাও না। এ কারণেই ম্যাকডোনাল্ড'সের খাবার যেখান থেকেই কিনুন, স্বাদ একই।

তাই একটি সিস্টেম দাঁড় করিয়ে নিন। সময়, শ্রম ও শক্তি বাঁচবে। ধনী লোকেরা একঘেয়েমিপূর্ণ কাজ করতে পারে। এটা তাদের একটি গুণ। ধনী লোক একই বিরক্তিকর কাজ একটানা বিশ বছর করে যেতে পারে। অন্যরা খালি এখান থেকে ওখানে লাফাবে। বর্তমানে উত্তর আমেরিকায় মানুষ একটা চাকরিতে থাকে গড়ে চার থেকে পাঁচ বছর। এরপর একঘেয়ে লাগতে শুরু করায় লাফিয়ে চলে যায় অন্যত্র। সফল লোকেরা ওই একঘেয়ে কাজটাই বিশ, চল্লিশ বা তারও বেশি বছর ধরে করে যেতে সক্ষম। সক্ষম বলেই তারা সফল। যেই কাজে সবচেয়ে বেশি ফলাফল আসে, মাথা গুঁজে পড়ে থাকুন সেটায়। একঘেয়ে কাজ করতে অভ্যস্ত হোন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00