📄 গোড়ায় সঠিক
যা করার, তাড়াতাড়ি করতে হবে। পড়তি শুরু হওয়ার আগেই লাভজনক হয়ে যেতে হবে আপনাকে। যত দ্রুত লাভজনক হবেন, দীর্ঘমেয়াদে ব্যবসা টিকে থাকার সম্ভাবনা তত বাড়বে। অনিশ্চিত ভঙ্গিতে পদক্ষেপ নেবেন না। শুরু থেকেই প্রত্যয়ী থাকতে হবে। দিতে হবে প্রচুর শ্রম।
উদাহরণস্বরূপ, নেটওয়ার্ক মার্কেটিং-এ প্রথম সপ্তাহটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যবসা যদি দশ-বিশ বা এমনকি একশ বছরও টিকে থাকে, তবুও। কারণ প্রথম সপ্তাহটিই বাকি দশ-বিশ বা একশ বছরের গতিপথ নির্ধারণ করে দেয়। রেস্টুরেন্ট ব্যবসার ক্ষেত্রেও একই কথা। প্রথম সপ্তাহেই সব বন্ধু-প্রতিবেশীকে দাওয়াত দিয়ে দিন। উদ্বোধনী যেন হয় জাঁকালো, উত্তেজনাময়। কাস্টমার একবার পেয়ে গেলে তাদেরকে পরে ধরে রাখার জন্য হাজারো কৌশল আছে।
কিন্তু ৮০% শক্তি উদ্বোধনীর পেছনে খরচ করুন। আমার এক প্রশিক্ষক বলেছেন যে, জিনিসটা চাঁদে যাওয়ার মতো। রকেট ছাড়ার সময়ই ৮০% শক্তি খরচ করে সেটাকে বায়ুমণ্ডলের বাইরে ছুঁড়ে দিতে হবে। বিনিয়োগ জগতে এরকমই দেখবেন চারিদিকে। পুঁজিবাজারে কোনো কোম্পানি উদ্বোধনের দিনই প্রচুর অফার দেয়। সবখানে একটা সাজসাজ রব ফেলে দেওয়ার চেষ্টা করে। প্রচুর লেখালেখি, প্রচুর বিজ্ঞাপন; যতভাবে মানুষের মনোযোগ কেড়ে নিয়ে ফান্ডের ব্যবস্থা করা যায়।
📄 টাকা ভালোবাসে গতিকে
গতির দিকে টাকা আকৃষ্ট হয়। ব্যবসা শুরু করার একটি গুরুত্বপূর্ণ উপাদান গতি। উদ্যোক্তার মাঝে একটা তাড়াহুড়ো ভাব থাকতে হবে। তাড়া যে, ধনী হওয়ার জন্য হাতে একশ বছর সময় নেই। সে সুযোগ থাকলে তো চাকরিই করা যেত। আস্তে আস্তে টাকা জমিয়ে বিনিয়োগ করতেন, এখানে আধেকটা, ওখানে সিকি... এরকম। কিন্তু উদ্যোক্তাকে সুযোগ দেখামাত্র কাজ করতে হয়।
উদ্বোধন তো ঠিকঠাক মতো হলো। এবার হবে বৃদ্ধি। সেটাও খুব দ্রুত। টাকা খুইয়েছেন? দ্রুত পুষিয়ে নিন। ধনী হওয়ার পর কত মানুষকে সাহায্য করবেন বলে নিয়্যাত করেছেন আপনি! যত দেরি করবেন, তাদেরও সাহায্য পেতে দেরি হবে।
দ্রুত সিদ্ধান্ত নিতে পারাটা আমার দেখা সফল উদ্যোক্তাদের অনন্য গুণ। তাদের মনে দোটানা নেই। মন যা বলে, তার ওপর আস্থা আছে তাদের। আপনিও গড়ে তুলুন এ অভ্যাস। দ্রুত সিদ্ধান্ত নিয়ে আগে বেড়ে যান। পরিকল্পনার ভেতরেই আজীবন পড়ে থাকবেন না। পরিকল্পনা শেষ করে কাজে ঢুকে পড়ুন দ্রুত। ফলাফলের জন্য পরিকল্পনা যতটা জরুরি, বাস্তবায়নও ততটাই দরকারি। ফলাফল যতটুকুই হোক, অন্তত চোখে দেখা যাবে। বিনিয়োগকারীরা দৃশ্যমান ফলাফল চান। সবকিছু যদি আপনার মনের ভেতরই অদৃশ্য আকারে থাকবে, বিনিয়োগকর্তারা বুঝতে পারবে না আপনি বাস্তবিকই সিরিয়াস কি না। কারণ আপনার ধ্যানধারণাকে প্রমাণ করার মতো ভিত্তি তো এখনও নেই। তাই কিছু ফলাফল দৃশ্যমান করে নিন, হোক তা আকারে ছোট। তাহলে বাজারের গতিবিধিও বুঝে আসবে। এগুতে পারবেন সে অনুযায়ী। আর হ্যাঁ, অবশ্যই দ্রুত আগাবেন।
মনে ইচ্ছে আছে খুব গুরুত্বপূর্ণ মানুষ হওয়ার? এখনই সে অনুযায়ী কাজ করুন। এখনই চাকরি ছেড়ে দিয়ে শুরু করুন নিজের জন্য কাজ। নিয়্যাতকে আমলে রূপ দিন। ফলাফল আল্লাহর অধীনে। শক্তি ও নিশ্চয়তা নিয়ে দ্রুত সামনে চলুন। কাজ করলেই ফলাফল দেখবেন, অন্যথায় নয়।
📄 ১৫ মিনিটের পরীক্ষা
কাজ শুধু দ্রুত করলেই হবে না, করতে হবে কার্যকরভাবে। ব্রিটিশ চিকিৎসক ড. আমিনা কক্সন প্রশিক্ষণ নিয়েছেন আমেরিকার একটি সেরা হসপিটাল জন হপকিন্স থেকে। খ্রিষ্টান পরিবারে জন্ম নেওয়া আমিনা ছোটকাল থেকেই ছিলেন অনুসন্ধানী স্বভাবের। নিজের ধর্মবিশ্বাস নিয়ে সন্তুষ্ট হতে পারেননি। বয়স যখন ৫০, তখন একবার স্বপ্নে দেখেন একটি আলো তাকে কাবার দিকে নিয়ে চলেছে। এভাবেই আজ থেকে ২৩ বছর আগে তার ইসলামকে খুঁজে পাওয়া শুরু হয়।
একবার খুবই জটিল এক রোগী আসে তার কাছে। তার রোগ পরীক্ষা করতে যেকোনো গড়পড়তা ডাক্তারের লাগবে কমপক্ষে এক ঘণ্টা। ড. আমিনা সেটা ১৫ মিনিটের মাঝে করে ফেলেন। তার এক্স-রে টেকনিশিয়ান তো হতবাক! নিজ বিষয় নিয়ে নিবিড় পড়াশোনাই তাকে দিয়েছে এরকম কার্যকরী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা।
লোকে তাকে ডাকে, 'চক্ষুবিজ্ঞানের রকস্টার!' এটা মোটেও রসিকতা নয়। যদি কখনো তার অপরেশনের ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝবেন, কেন তাকে দুনিয়ার সেরা চক্ষু সার্জনদের একজন বিবেচনা করা হয়। ড. আমিনার প্রশিক্ষণের কার্যকারিতার একটি উদাহরণ আগেই দেখেছেন। বিশ বছর হবে না দেখা একটি রোগ তিনি ধরে ফেলেছেন ১৫ মিনিটের ডায়াগনোসিসে। এর কারণ নিজ পড়াশোনার বিষয়ের প্রতিটা খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান। বই খুলে দেখা বা মনে করার পেছনে সময় দিতে হয় না তাকে। রোগীরাও অবাক! বিশেষত বেসরকারিভাবে পরিচালিত চেম্বারে এত দক্ষতা ও সততা পেয়ে তারা যথেষ্ট মুগ্ধ। তিনি জানেন যে, আরও সময় দিলে আরও টাকা কামাতে পারতেন। কিন্তু এতে মানসম্মত সেবা নিশ্চিত হতো না। ব্যক্তিগত পড়াশোনা বা পরিবারকে দেওয়ার মতো সময়ও কমে যেত সেক্ষেত্রে। তাই নিজ ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানাশোনা থাকার সুবিধা বহুমুখী।
📄 দলবদ্ধ শিকার
কর্ম, ধর্ম আর জীবনের মাঝে সমন্বয় করা তো শিখলেন। এবার শিখবেন কাজ ভাগাভাগি। ব্যবসার সব কাজ নিজে করতে গেলে চাকরিজীবীর মতোই সময়ের বাঁধনে বাঁধা পড়বেন। বরং কাজের ছোট ছোট টুকরো এমনভাবে মানুষের মাঝে ভাগ করে দিন, যেন সবারই আয়ের চাকা ঘুরতে থাকে। আর আপনিও হয়ে যান মুক্ত।
ব্যবসার ভাষায় একে বলে ডেলিগেটিং। এটা নেতার অন্যতম বৈশিষ্ট্য। জামাআতের সাথে আল্লাহর সাহায্য থাকার ব্যাপারটি নিয়ে সামনে আরও আলাপ হবে। নেতা হিসেবে ডেলিগেটিং কেন করবেন, সে আলোচনায় থাকা যাক আপাতত। মানুষ যেসব বড় বড় কোম্পানির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়, সেগুলোকে বিশ্লেষণ করুন। দেখুন নিজের আশপাশের উদ্যোক্তাদেরও। এরা কেউই একাকী কাজ করে না, করেনি। জনসমক্ষে একজন দেখা দিলেও পর্দার আড়ালে থাকে বিনিয়োগকারীদের পুরো একটা দল। প্রকল্পের পৃষ্ঠপোষক তারা। এছাড়াও পুরো দলের মধ্যে রয়েছে নানারকম দক্ষতা, নানারকম দৃষ্টিভঙ্গিবিশিষ্ট মানুষ। একেই বলে ডেলিগেটিং। অন্যদের বিশ্বাস করা।
একাও কাজ করা যায়। তবে সেটা খুবই ছোট ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য। নিজেকে সীমাবদ্ধ করে ফেলার রেসিপি যাকে বলে! ব্যবসা বড় করতে চাইলে লোক লাগবেই। আপনার সাথে সাথে আরও অনেক মানুষ আলাদাভাবে নিজ নিজ লক্ষ্য অর্জন করবে। কিন্তু সবাই মিলে আবার একটি অভিন্ন বৃহৎ লক্ষ্যের পথিক।
দলবদ্ধ কাজ শেখার জন্য নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে পড়াশোনার কোনো বিকল্প নেই। মানুষ-কেন্দ্রিক দক্ষতা বাড়ে এর ফলে। সবাই মিলে একই লক্ষ্যে কাজ করার সামর্থ্য তৈরি হয়। দলটিকে ডেলিগেট করে দেওয়া মানে একজনও এখন আর প্রতিস্থাপনযোগ্য নয়। সবাইকেই দরকার আছে আলাদা করে। দুজন মানুষ পরস্পর প্রতিস্থাপনযোগ্য হওয়া মানে দুজনের শক্তি ও দুর্বলতা একই। ব্যবসায়ী দলকে এমন হলে হবে না। মানুষেরা প্রায়ই সঙ্গী হিসেবে বেছে নেয় নিজের মতো কাউকে। ব্যক্তিগতভাবে পছন্দের কোনো মানুষকে। এর ফলে তারা প্রতিস্থাপনযোগ্য হয়ে যায়। ব্যবসায়ে এভাবে দল গড়বেন না। ধরা যাক, আপনি বিজ্ঞানী। তাহলে সঙ্গী হিসেবে নিন কোনো আইনজীবীকে। তারা সামলাবে লেখালেখি, আপনি করবেন অঙ্ক। দলের সদস্যরা একে অপরের পরিপূরক হলেই কার্যকর ডেলিগেটিং সম্ভব।