📄 পূর্ণতার শক্তি
যত প্রকল্পে হাত দিয়েছেন, একটাও পূর্ণ না করে ছাড়বেন না। নিজের টীম বা এমনকি স্ত্রীর সাথে বসেও হিসেব কষতে পারেন দৈনিক কতটুকু কাজ হলো। কী করছেন, কী এর ভবিষ্যৎ। পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ, শক্তি অর্জন, অংশীদার সংগ্রহ করে ব্যবসা শুরু করে দিয়েছেন। পাশাপাশি পেতে শুরু করেছেন অল্পবিস্তর ফলাফলও। এবার মনোযোগ দিন পরিপূর্ণতার ওপর।
পরিপূর্ণতা কী? যা শুরু করেছেন, তা শেষ করা। কোনো ডিগ্রি অর্জন শুরু করে থাকলে শেষ করুন। যদিও উদ্যোক্তার জন্য উচ্চতর পড়াশোনা তেমন জরুরি নয়। যেমন: অনেক উদ্যোক্তা হাইস্কুলও সম্পন্ন করেননি। কিন্তু নিজেদের কোনো প্রকল্প শুরু করলে ঠিকই পূর্ণ করেন তারা। কারণ এই কাজটির প্রতি তাদের আগ্রহ-উদ্দীপনা আছে। কঠিন বলেই কোনোকিছু আধাখেচড়া ফেলে রাখবেন না। একটা উপসংহার আসা পর্যন্ত লেগে থাকুন, যদিও শেষটা হয় ব্যর্থতা দিয়ে। ফলাফল আসা চাই। নাহলে পুরো সময় আর শ্রমের অপচয়। সেইসাথে আত্মসম্মানের অবক্ষয়।
কাজ পুরো করার অভ্যাস গড়তে পারলে লক্ষ্যপূরণও সহজ হবে। বড় কাজের ছোট ছোট অংশগুলো আলাদা আলাদা করে শেষ করুন। চোখ রাখুন ভবিষ্যতের ওপর। শিখুন অতীতের ভুল থেকে। সংশোধন করে নিন বর্তমানের কর্মখসড়া।
এই মূলনীতি প্রয়োগের এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছেন স্টাইল টেক্সটাইলসের সিইও শাহজাদ আসগার। তিনি যা শুরু করেন, তা শেষ করে ছাড়েন; সব সময়। সফল মানুষদের এই এক বৈশিষ্ট্য। কাজ করলে ইহসান সহকারে করে। নাইকির মতো স্পোর্টিং কোম্পানি তাদের পণ্য তৈরিতে যেসব কাঁচামাল ব্যবহার করে, তা উৎপাদন করেন শাহজাদ। তার কৌশল হলো সব সময় সময়মতো পণ্য সরবরাহ করা, তাও ৯৮% এর বেশি বিশুদ্ধতা সহকারে। গুণগত মান আর সরবরাহের সময়ে একচুলও এদিক-সেদিক করেন না কখনও। এভাবে তিনি রয়েছেন প্রতিযোগিতার শীর্ষে।
পূর্ণতার এই মূলনীতি প্রয়োগ করেন জনাব ফারুক শেইখ। উদ্যোগ বিষয়ে একটি বক্তব্য দিয়ে নেমে আসার পর কথা বলছিলাম তার সাথে। ফ্রান্স থেকে আগত এক উদ্যমী তরুণ আমাদের সাথে যোগ দেয়। কয়েকটি প্রকল্প একসাথে চালাচ্ছিল সে। জনাব ফারুক শুনলেন তার সকল প্রস্তাবনা। তারপর বললেন, 'সফল হতে চাইলে একটিতে লেগে থাকুন। সাফল্য আসার আগ পর্যন্ত ছাড়বেন না ওটা।' এ থেকেই বোঝা যায় মুসলিম উদ্যোক্তাদের আচরণ কতটা বাস্তবসম্মত। তাদের লক্ষ্য ও মনোযোগ অখণ্ড। এভাবেই সফল হন তারা। একটি প্রকল্প শুরু করলে তা পূর্ণ করেন। যদি ব্যর্থও হয়, তবুও।
📄 দৈনিক ১৫ ঘণ্টা কাজ
কর্ম-নৈতিকতা ভালো করতে হলে উচ্চাশা রাখতে হবে। নিচু আশার একটি চিহ্ন হলো সারাদিন ঘুমানো আর আকাশ-কুসুম কল্পনা। এটি আমাদের যে কারও সাথে ঘটতে পারে। স্বল্প ইচ্ছেশক্তির মানুষ প্রচুর স্বপ্ন দেখে কিন্তু তা বাস্তবায়নে যথেষ্ট পদক্ষেপ নেয় না। তার লক্ষ্য আসলে লক্ষ্য নয়, শখ।
ধরা যাক একটা বাচ্চা বাইসাইকেল চায়। কিন্তু বাবা-মা কিছুতেই দেবেন না, কারণ সে এখনও ছোট। বাচ্চাটার মনের অবস্থা কী হবে? বাইরে গেলেই তার চোখে পড়বে বাইসাইকেল আর বাইসাইকেল। আর তর সইবে না নিজের একটা সাইকেল পাওয়ার জন্য। এটাই সত্যিকারের ইচ্ছা। এতে কোনো খাদ নেই। বাইসাইকেল তার স্বপ্ন। মাসের পর মাস চলে গেলেও বাবার কানের কাছে ঘ্যানঘ্যানানি থামবে না তার। এখন বাবা যদি শর্ত দেন পড়াশোনায় ভালো করলে সাইকেল কিনে দেবেন, কী করবে বাচ্চাটা? জানপ্রাণ দিয়ে পড়াশোনা করবে। আগে আগে ঘুম থেকে উঠে পড়তে বসবে মন না চাইলেও। একসময় এই ইচ্ছেশক্তিই তাকে এনে দেবে কাঙ্ক্ষিত বাইসাইকেল। তাই কাজ সমাধা করার পেছনে আবেগের গুরুত্ব কতটা বাস্তব। তাই কাজের জন্য কারণ খুঁজে নিন। হোক তা আপনার পরিবার বা নিজের অভাবমুক্তি।
শুরুর দিকে কর্মঘণ্টা দীর্ঘ হওয়াই স্বাভাবিক। রেডকো'র সিইও মুজীবুর রহমানের কাছ থেকে শিখলাম ব্যাপারটা। মধ্যপ্রাচ্য ও পাকিস্তানে বিরাট কন্সট্রাকশান কোম্পানি পরিচালনা করেন তিনি। তার কর্ম-নৈতিকতা অবিশ্বাস্য। দিনে পনেরো ঘণ্টা করে কাজ করার উপদেশ দেন তিনি মানুষকে। ঠিক ওই বাইসাইকেলপ্রেমী বাচ্চার মতো, যে দৈনিক পনেরো ঘণ্টা বাবার কাছে কান্নাকাটি করেও ক্লান্ত হয় না। দীর্ঘমেয়াদে সফল হতে হলে এভাবেই শুরু করা চাই।
📄 গন্ডারের মতো আক্রমণ
উদ্যমী উদ্যোক্তাকে আমার কাছে আসলেই গন্ডারের মতো মনে হয়। আল্লাহ এই প্রাণীগুলোকে দৃষ্টান্ত হিসেবে সৃষ্টি করেছেন। পরিশ্রমীদের প্রশংসায় আল্লাহ বলেন, 'যারা আল্লাহকে স্মরণ করে, দাঁড়িয়ে, বসে ও শুয়ে। আর গভীর চিন্তাভাবনা করে আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে। [১৫]'
আল্লাহর সৃষ্টিজগতে ছড়িয়ে আছে প্রচুর শিক্ষা। গন্ডার উদ্যমী ও শক্তিশালী। সামনে যে বাধাই থাকুক, তা ভেঙেচুরে এগিয়ে যায়। উদ্যোক্তা হিসেবে আপনাকেও হতে হবে এমন। ফান্ডিং চান কিন্তু কর্মোদ্যম নেই, তাহলে তো বিনিয়োগকর্তারা আগ্রহ পাবে না। তাই গন্ডারের মতো শক্তি গড়ে তুলুন।
উদ্যমী উদ্যোক্তার উদাহরণ কোম মির্জা। তার চেহারা থেকে যেন ঠিকরে পড়ে শক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কখনও কখনও দেখবেন তা। ব্যবসা দাঁড় করাতে চাইলে সোশ্যাল মিডিয়া থেকে কখনও অনুপস্থিত রাখবেন না নিজেকে। কোম মির্জা সব সময় লম্বা লম্বা পোস্ট লিখে কাজের গতিবিধি ধরে রাখেন। গাড়ির ডিলারশিপ সফটওয়্যার দিয়ে কাজ শুরু করে এখন তিনি নানা ময়দানের বিনিয়োগকারী। তার কর্মোদ্যম আসলে সংক্রামক। আশপাশের মানুষদেরও চনমনে করে দেয়।
জনাবা উমু এন্দিয়াই এরকম আরেকজন। কাস্টমসের জন্য সফটওয়্যার প্রস্তুতকারী একটি কোম্পানির শীর্ষব্যক্তি তিনি। মা হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রেও তার উদ্যম রীতিমতো ছোঁয়াচে। ডেডলাইন ঠিক রাখা যে কারও জন্যই ক্লান্তিকর। তাই নিজের টীমকে সেই শক্তি সরবরাহ করতে হবে আপনারই। এমন একজন ব্যবসায়ীও চিনি না, যিনি উদ্যমী ও উচ্চাকাঙ্ক্ষী নন। না তাদের কেউ অলস। পরিশ্রমের একটি গুণ হলো তা আশপাশ থেকে জীবন কেড়ে নেয় না, উলটো জীবনীশক্তি দান করে। পরিশ্রমীর উপস্থিতিতে ভালো বোধ করে অন্যরাও। উৎসাহ পায় নিজ নিজ লক্ষ্য অর্জনের। আপনিও যদি এমনই একজন মানুষ হতে চান, তাহলে এরকম মেজাজ গড়ে তুলুন।
টিকাঃ
১৫. সূরা আলে ইমরান ৩:৯১