📘 সম্পদ গড়ার কৌশল > 📄 উদ্যোক্তা বনাম কর্মচারী

📄 উদ্যোক্তা বনাম কর্মচারী


চাকরিজীবী মাস শেষে নিশ্চিত বেতনের অপেক্ষা করে। উদ্যোক্তার সেরকম কোনো নিশ্চয়তা নেই। এর বদলে আছে বিশ্বাস। উদ্যোক্তা বিশ্বাস করে যে, কাজ করার মাধ্যমে তার রিযক আসবে। প্রচলিত শিক্ষাব্যবস্থা আমাদের কর্মচারী হতে শেখায়। আর এর মাধ্যমে ভালোভাবে বেঁচে থাকা সম্ভবও বটে। কিন্তু সম্পদশালী হতে চাইলে (আশা করি সেটা হতে চান বলেই বইটি পড়ছেন) বেতনের দ্বারস্থ হবেন না। লক্ষ্য উঁচু করুন। এটি ইসলামের আরেকটি বৈশিষ্ট্য। সেরাটার দিকে নিশানা করা।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন যে, আল্লাহ ব্যবসায় বারাকাহ রেখেছেন। কুরআনেও উৎসাহিত করা হয়েছে ব্যবসাকে। প্রশংসা করা হয়েছে একে পেশা হিসেবে। উদ্যোক্তার আয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই। ধরা যাক, আপনি আবাসন ব্যবসা করেন। যতদিন মানবজাতি আছে, ততদিন তাদের থাকার ঘর লাগবে। এ এক ক্রমবর্ধমান বাজার। অথবা হয়তো সাবান বিক্রি করেন। প্রতিদিন প্রায় প্রতিটা মানুষের সাবান দরকার হয়। এ এক অনিঃশেষ চাহিদা ও জোগান। মানুষ যতদিন আছে, ততদিন সুযোগ আছে। বিশেষ কোনো দেশে জন্ম নেওয়ার বা দেশান্তরি হওয়ার কোনো দরকার নেই। দরকার শুধু মানুষ। তাদের কোনো একটা চাহিদা পূরণ করুন, আয়ের আর সীমা থাকবে না। মানুষ আছে যতদিন, মুনাফা আসবে ততদিন। কেউ বলতে পারবে না, 'এই মাসে আপনার ২০,০০০ টাকা রোজগার হবে।' না! বিলিয়ন টাকাও হতে পারে, যদি সেটাই হয় আপনার লক্ষ্য।

এর ভালো একটি উদাহরণ যুক্তরাজ্যবাসী জনাব আনওয়ার পারভেজ। ব্র্যাডফোর্ডে একসময় বাসচালক ছিলেন তিনি। এখন আর নন। বেস্টওয়ে গ্রুপের সভাপতি হিসেবে তিনি এখন বিলিয়নেয়ার। বাসচালক থাকাকালে মাসিক আয় ছিল কর্মঘণ্টা অনুযায়ী নির্ধারিত। ঘণ্টায় ২০ ইউরো করে আয় ও সপ্তাহে একশ ঘণ্টা কাজ করলে মাসিক আয় দাঁড়াত সর্বোচ্চ ৮০০০ ইউরো। নাকে-মুখে কাজ করলেও চাকরিজীবীরা সময়ের বাঁধনে বন্দি।

উদ্যোক্তার সেই বন্দিত্ব নেই। তাই তিনি বিলিয়নেয়ার। তাকে ঘণ্টায় বিশ ইউরো করে পাঁচ কোটি ঘণ্টা কাজ করতে হয়নি। তিনি যা করেছেন, তা হলো কোনো সংস্থা বা কোম্পানি স্থাপন। তার সাথে জড়িত অংশীদার, সরবরাহকারী, কর্মচারী, কর্মকর্তা সবাই এই প্রক্রিয়া ধনী হয়েছে। নিজেও ব্যবস্থা করেছেন পরিবারের অন্নের। অথচ পাকিস্তান থেকে যুক্তরাজ্যে আসা এই ব্যক্তিটি হাইস্কুলের পর আর পড়াশোনা করেননি। আপনিও পারেন চাকরির বদলে ব্যবসা করে বিলিয়নেয়ার হতে। চাকরি যত ভালোই হোক, আপনি চাকরই। ওই পথে সম্পদশালী হতে পারবেন না, যদি না বিনিয়োগের মতো কোনো পদ্ধতি অনুসরণ করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00