📄 ১৪. শাহজাদ আজগর
লক্ষ্য পুনর্নিধারণকে অভ্যাসে পরিণত করা উচিত। একটা লক্ষ্য অর্জিত হয়েছে? ভালো কথা, আনন্দ করুন! এরপর নতুন লক্ষ্য বানান। আগে এক কোটি ছিল? এবার হবে দশ কোটি, বিশ কোটি। পাঁচ হাজার মানুষকে আর্থিক মুক্তি দিয়েছেন? এবার তাহলে দশ হাজার জনের কর্মসংস্থান করুন। ঠিক জনাব শাহজাদ আজগরের মতো। পাকিস্তানে তিনি নিজস্ব পোশাক কারখানার মালিক। দশ হাজার মানুষের বেতনের দায়িত্ব তার হাতে। এ এক অসাধারণ অর্জন! আপনি কি বর্তমানে একশ জন মানুষের কর্মসংস্থানকারী? লক্ষ্য উচু করুন, এক হাজার! এখন দশ কোটি কামাই করছেন? এক বিলিয়নের জন্য তৈরি হোন! অসুবিধে কী? আল্লাহর ভাণ্ডার নিঃসীম।
তাই সফলতা পেতে হলে, হতে পারেন জনাব শাহজাদ আজগরের মতো। স্টাইল টেক্সটাইল প্রাইভেট লিমিটেড শুধুমাত্র পাকিস্তানের সর্ববৃহৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রি নয়, এটি সারা দুনিয়ার শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর একটি। এর প্রতিষ্ঠাতার ১৯৯২ সালে লাহোরে। সর্বাধুনিক প্রযুক্তি ও বিশ্বমানের জ্ঞানের সমন্বয়ে মাত্র তিরিশ বছরের মাথায় প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক কোম্পানিগুলোকে নিজেদের ক্লায়েন্ট হিসেবে পেতে শুরু করে। অ্যাডিডাস, যারা, রিবক, গ্যাপ, কেলভিন ক্লেইন, টমি হিলফিগার সবাই আছে তাদের ক্লায়েন্টের তালিকায়। শুধুমাত্র ২০১৯ সালেই প্রতিষ্ঠান রপ্তানিকৃত পণ্যের মূল্য ছিল ২৯৪ মিলিয়ন ডলার।
📄 ১৫-১৬. জগলুল ব্রাদার্স
এনটিজি ক্ল্যারিটি নেটওয়ার্ক ইনক. এর প্রতিষ্ঠাতা ইমাম আশরাফের মতে, উপার্জনের ১০% দান করতে থাকলে আর কখনওই ব্যবসায় মন্দা দেখা দেবে না। তাই দানশীল হোন। আপনার সম্পদেও গরীবের হক আছে, একথা ভুলবেন না।
আশরাফের জগলুলের ছোট ভাই হাতিম জগলুল কানাডায় এসেছিলেন ১৯৮৩ সালে। তখন কখনো ভাবেননি, মাত্র ছয় বছরের মাথায়, তিনি ও তার সহকর্মীরা এমন একটি প্রযুক্তি আবিষ্কার করবেন, যা আধুনিক বিশ্বের যোগাযোগ ব্যবস্থাকে রাতারাতি বদলে দেবে। মিস্টার জগলুলকে ওয়াই-ফাই প্রযুক্তির আবিষ্কারকদের একজন হিসেবে ধরা হয়। কারণ তার নামে 'WOFDM' প্রযুক্তি পেটেন্ট করা আছে। এই প্রযুক্তির ভিত্তিতেই পরবর্তীতে ওয়াইফাই আবিষ্কৃত হয়েছিল।
📄 ১৭. ড. নূর মুহাম্মাদ খান
সৌদি আরবের হারফ আল-বাতিনে অবস্থিত নূর খান হাসপাতালের সিইও ড. নূরের সাথে কথা হচ্ছিল। জিজ্ঞেস করলাম, "সফল হওয়ার জন্য কী নিয়ে পড়াশোনা করেন?" তিনি জবাব দিলেন, কুরআন পাঠ ও সুন্নাহর অনুকরণ। বিদেশীরা সৌদি নাগরিকত্ব তেমন একটা পায় না। কিন্তু ড. নূরের জন্য সম্মানসূচক সৌদি নাগরিকত্ব ঘোষণা করেছেন স্বয়ং সৌদি রাজা। এটি ঐ দেশের স্বাস্থ্যখাতে তার দৃষ্টান্তসূচক অবদানের স্বীকৃতি। এই ৮০ বছর বয়সে এসেও ব্যবসা বাড়িয়ে চলেছেন তিনি। কাজে যান প্রতিটি দিন। কুরআনও পড়েন রোজ রোজ। সত্যিকারের উদ্যোক্তাকে আসলে থামানো যায় না। তাই ভালো অভ্যাস গড়ার ইচ্ছে থাকলে সুন্নাহ অনুসরণ করুন।
ড. নূর বলেন, 'আমার ক্যারিয়ার শুরু হয়েছিল একটি সরকারি পলিক্লিনিকের ডাক্তার হিসেবে। বলতে গেলে আমাকে একাই সবকিছু দেখতে হতো। রিসোর্স ছিল খুবই সামান্য। এরপর ১৯৯৫ সালে আমি একটি প্রাইভেট ক্লিনিক খুলি। এলাকাবাসীর জন্য একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন আমার সবসময়ই ছিল। এরপর আল্লাহর সাহায্যে আমার স্বপ্ন পূরণ হয়, ২০০১ সালে এই হাসপাতালটি যাত্রা শুরু করে।'
📄 ১৮. ড. আব্দুল্লাহ ইদরিস আলি
সুদানীজ বংশোদ্ভূত ড. আব্দুল্লাহ ইদরিস আলি এক ঝানু ব্যবসায়ী। অনেকগুলো যৌথ ব্যবসা চালানোর পাশাপাশি একটি বিদ্যালয়েরও পরিচালক। এত ব্যস্ততার পরও মুখে লেগে থাকে হাসি। তিনি কানাডার বৃহত্তম মুসলিম সংস্থা ইসনা'র প্রেসিডেন্ট। ইসনা'র মাধ্যমে মুসলিম সমাজের সাধারণ জনগণ, কর্তাব্যক্তি ও বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করেন তিনি।
নিজের সুমহান মর্যাদা ও কঠিন দায়িত্ব সত্ত্বেও নবি (সা) ছিলেন ছেলে-বুড়ো নির্বিশেষে সবার কাছের মানুষ। নবিজির এই চারিত্রিক বৈশিষ্ট্য আব্দুল্লাহ ইদরিসের অনুপ্রেরণা। মানুষের সাথে আচার-আচরণের এই দক্ষতা শিখতে হবে আপনাকেও। কারণ দিনশেষে ব্যবসা মানেই তো মানুষের সাথে কাজ করা। আর নবী (সা) বলেছেন, 'মুসলিম ভাইয়ের সাথে হাসিমুখে কথা বলাও সাদাকা।'