📄 নির্মাণ ও ধ্বংসসাধন
উমর বলেন, 'অবসর সময়ের পরিণামের ব্যাপারে আমি তোমাদের সতর্ক করছি। কেননা, অবসরতা উন্মাদনা সৃষ্টিকারী যাবতীয় মন্দ কাজের সমষ্টি।'
সময়কে গনিমত মনে করার মূলভিত্তি হিসেবে উমর একটি মানদণ্ড স্থাপন করেছেন। সবার কাছে তা পছন্দ হতেও পারে, নাও হতে পারে। তিনি বলেন, 'নিশ্চয় আমি সেই ব্যক্তিকে অপছন্দ করি, যাকে দ্বীনি কিংবা দুনিয়াবি কোনো কাজ ছাড়াই অযথা হাঁটতে দেখি।'
তাই তো উমর-এর জীবনটা সময়কে কাজে লাগানোর জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ততুল্য। তিনি পুরো উম্মাহকে নেক আমল, বিজয়াভিযান, উন্নত সভ্যতা নির্মাণ এবং মর্যাদা অর্জনের মাঝে কাজে লাগিয়ে রেখেছিলেন। ফলে যুবকদের সময়গুলো নেক কাজে ভরে গেল এবং বৃদ্ধদের অবস্থা হলো এমন যে, তারা যেন যুবকদের চেয়েও অধিক ব্যস্ত। একদিন উমর রা. খুজাইমা বিন সাবিত রা.-এর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তাঁকে বললেন, 'আপনার ভূমিতে আপনি নিজে গাছ রোপণ করতে কে আপনাকে বাধা দিচ্ছে?' খুজাইমা বিন সাবিত রা. তাঁকে বললেন, 'আমি তো একজন বয়োবৃদ্ধ মানুষ। একটু পর ইনতিকাল করব।' তখন উমর রা. তাঁকে বললেন, আপনি আপনার ভূমিতে গাছ রোপণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করুন।' তাঁর ছেলে আম্মারা রা. বললেন, 'অতঃপর আমি উমর বিন খাত্তাব রা.-কে দেখেছি, তিনি নিজ হাতে আমার বাবার সাথে তা রোপণ করছেন।'
এ জন্যই সালিহিনদের কেউ একজন বলেছিলেন, 'মনে রেখো, অবসর সময় হচ্ছে মৃত্যুর মতো। আর ব্যস্ততা হচ্ছে জীবিতদের মতো। সুতরাং যদি তুমি সিদ্ধান্ত নাও যে, তুমি জীবিত থাকবে, তাহলে কাজ করতে থাকো।'
জনৈক বিজ্ঞ লোক বলেন, 'অন্তরকে কখনো জিকির থেকে গাফিল রেখো না। সন্তানকে ব্যস্ত করে রাখবে। কেননা, অবসর হৃদয় খারাপ কিছু করতে চায় এবং অবসর হাত পাপাচারের দিকে দ্রুত এগিয়ে যায়।'
(তুমি যতটুকু সময় অবসর থাকবে, ততটুকু সময় শয়তান তোমার মাঝে খারাপ ইচ্ছা জাগ্রত করার চেষ্টা করে যাবে। ফলে অবসর থাকার কারণে মনের মাঝে কুপ্রবৃত্তি জাগ্রত হয় আর কুপ্রবৃত্তি থেকেই সূচনা হয় হারাম কাজের।)
অবসর সময়গুলো যেন তোমার মাঝে ব্যস্ত হয়ে যাওয়ার স্পৃহা তৈরি করে। কারণ, অবসর সময়ই বিপদাপদের কারণ।
তাই সেই ব্যক্তির ওপর কোনো (কল্যাণের) আশা করা যায়, যে একের পর এক ব্যস্ততার মাঝে জড়িয়ে থাকে। কবি সত্যই বলেছেন :
'তুমি যতক্ষণ ব্যস্ত থাকবে, ততক্ষণ আমাদের প্রয়োজনগুলো পূরণ করার জন্য একটু সময় রেখো। কেননা, অবসর হয়ে গেলে তুমি আর কারও আশার পাত্র হবে না।'
শত শত বছর পর নেপোলিয়নও আরবদের সাথে সুর মিলিয়ে একই কথা বলেছেন। কেননা, বাস্তবতা একটাই হয় এবং দৃঢ় প্রতিজ্ঞাগুলো অত্যন্ত মজবুত হয়। তিনি বলেছেন, 'যখন তুমি কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে চাইবে, তখন কোনো ব্যস্ত মানুষকে তার দায়িত্ব দাও। কারণ, একই সময়ে অবসর ও ব্যস্ততা একত্রিত হতে পারে না।'
(হে ভাই, সময় হলো একটি জাহাজের ন্যায়, যাতে আরোহণ করা যায়। দুনিয়া হলো সমুদ্র আর এই জাহাজের গন্তব্য হলো কবর। সুতরাং তুমি কী দিয়ে তোমার জাহাজকে পূর্ণ করছ?)
কবি বলেন :
‘মানুষ তো একজন আরোহীর ন্যায়। যার জীবন কাটে সফরে সফরে।
দিন আর মাস গুনতে গুনতে তার সফর একদিন ফুরিয়ে যায়।
রাত যায় সকাল আসে, সকাল যায় রাত আসে।
এভাবে সে দুনিয়া ছেড়ে কবরের কাছে পৌঁছে যায়।’
📄 মূল্যবান ভান্ডার
যখন তুমি কোনো মানুষকে জিজ্ঞেস করবে, সম্পদ এবং সময় দুটোর মধ্যে কোনটিকে তুমি সঞ্চয় করে রাখতে চাও। অধিকাংশ মানুষকেই দেখবে, তারা খুব দ্রুততার সাথে উত্তর দিয়ে বলবে যে, সময়। অথচ সম্পদ কীভাবে ব্যয় করতে হবে, এই জ্ঞান লাভ করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো, সময়কে কীভাবে ব্যয় করতে হবে, তা জানা থাকা। কারণ, সম্পদ ব্যয়ের ক্ষেত্রে ভুল হলে তা শোধরানো সম্ভব। কিন্তু সময় ব্যয় করার ক্ষেত্রে কোনো ভুল হলে তা শোধরানো সম্ভব নয়; বরং তা ব্যক্তিকে ধ্বংসের মাঝেই নিপতিত করবে।
ইয়াহইয়া বিন ইউসুফ নামের একজন বিজ্ঞ আলিম এমনটিই বলেছেন। তিনি বলেন, 'সেই ব্যক্তিকে দেখে আশ্চর্যান্বিত হই, যে সম্পদ শেষ হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করে। অথচ তার বয়স শেষ হয়ে যাচ্ছে, এই নিয়ে তার কোনো দুঃখ নেই।'
হে ভাই,
তোমার অবসর সময়টুকু একটি অশোধিত হিরার টুকরোর মতো। চাইলে তা দ্বারা অত্যন্ত মূল্যবান কিছু তৈরি করতে পারো। আবার চাইলে তাকে সাধারণ পাথরের মতো পদদলিত করে নষ্টও করে ফেলতে পারো। এতে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তুমি যা ইচ্ছে, তা-ই করতে পারো।
জন ম্যাক্সওয়েল তার TODAY MATTERS নামক বইতে বলেছেন:
• যদি তুমি একটি পূর্ণ বছরের গুরুত্ব অনুধাবন করতে চাও, তাহলে শেষ পরীক্ষায় অকৃতকার্য হওয়া একজন ছাত্রকে জিজ্ঞাসা করো।
• যদি একটি মাসের মূল্য বুঝতে চাও, তাহলে একজন মাকে জিজ্ঞাসা করো। যিনি দীর্ঘ দশ মাস সন্তানকে গর্ভে ধারণ করার পর প্রসব করেছেন।
• যদি একটি সপ্তাহের গুরুত্ব বুঝতে চাও, তাহলে সাপ্তাহিক পত্রিকার একজন সাংবাদিক বা সম্পাদককে জিজ্ঞাসা করো।
• যদি তুমি একটি দিনের গুরুত্ব অনুধাবন করতে চাও, তাহলে একজন দিনমজুরকে জিজ্ঞাসা করো। যে তার উপার্জনের অর্থ দিয়ে ছয়জন সন্তানকে লালনপালন করে।
• যদি একটি ঘণ্টার গুরুত্ব বুঝতে চাও, তাহলে দুজন প্রেমিক-প্রেমিকাকে জিজ্ঞাসা করো। যারা একে অপরের সাক্ষাতের অপেক্ষায় আছে।
• যদি একটি মিনিটের গুরুত্ব অনুধাবন করতে চাও, তাহলে এমন একজন মুসাফিরকে জিজ্ঞাসা করো, যার ফ্লাইট মিস হয়েছে।
• যদি একটি সেকেন্ডের গুরুত্ব বুঝতে চাও, তাহলে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করো, যে অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেয়েছে।
• যদি তুমি একটি ন্যানো সেকেন্ডের গুরুত্ব বুঝতে চাও, তাহলে একশ মিটার দৌড় প্রতিযোগিতায় সিলভার ম্যাডেল পাওয়া একজন বিজয়ীকে জিজ্ঞাসা করো।
📄 একটি দিন নষ্ট করার অপরাধ
বড় দুঃখ ও পরিতাপের বিষয় হলো, বর্তমানে অনেকের কাছে সময় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের মানুষদের মধ্যে অনেকে তাদের সঙ্গী-সাথিকে বলে, চলো, আমরা গল্পগুজব করে কিছুটা সময় অতিবাহিত করি। এমন কথার দ্বারাই সময়ের প্রতি তাদের অবহেলা, গুরুত্বহীনতা ও আল্লাহর (নৈকট্য) থেকে দূরে সরে যাওয়ার প্রমাণ পাওয়া যায়। জনৈক ব্যক্তি সত্যই বলেছেন, 'অযথা সময় নষ্ট করা সময়ের প্রতি অবজ্ঞার আলামত বহন করে।'
📄 ‘হে অকৃতজ্ঞ’
কতিপয় উলামায়ে কিরামের মতে (عقوق الايام ) সময়ের অপব্যবহার) বলতে বোঝায়—
যদি কোনো ব্যক্তি তার ওপর অর্পিত কোনো ফরজ আদায়, মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন, আল্লাহর প্রশংসা আদায় বা তাসবিহ পাঠ, যেকোনো ভালো কাজ অথবা তার অর্জিত উপকারী ইলমকে কাজে লাগানো ইত্যাদির মধ্য দিয়ে তার দিন অতিবাহিত না করে, তাহলে সে ওই দিনের প্রতি অকৃতজ্ঞ হলো।