📄 অবশেষে তোমাকে বলছি বন্ধু
আমাদের উল্লিখিত সব ঘটনা এবং সুদীর্ঘ আলোচনার পর এখন তো নিশ্চয় তুমি একথা স্বীকার করে নেবে যে সময়ের চেয়ে দামী, তার চেয়ে মূল্যবান আর কিছুই নেই; এবং কিছুই হতে পারে না।
আর জেনে রাখ-বন্ধু! সময় কিন্তু সর্বক্ষণ এক রকম হয় না, তার কল্যাণধারা ও দানপ্রবাহ এক রকম থাকে না। ফলে সুখ-সৌভাগ্যের তারতম্যেও পরিবর্তন ঘটে।
তাই তো দেখা যায়, কোন কোন সময় অন্য সময় থেকে অধিক কল্যাণপ্রসূ, কোন দিন অন্যদিনের চেয়ে বেশী মর্যাদাপূর্ণ এবং কোন মাস অন্য মাসের চে' অধিক সম্মানিত। কবির ভাষায়:
هو الجد حتى تفضل العين أختها * وحتى يكون اليوم لليوم سيدا
অর্থ: আর তা হল নসীব, এমন কি তোমার এক চোখ অন্য চোখের চেয়ে উৎকৃষ্ট এবং এক দিন আরেক দিনের চেয়ে শ্রেষ্ঠ।
আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাঁর উম্মতকে বার বার সতর্ক করেছেন, বহু হাদীছে উল্লেখ করেছেন সময়ের সদ্ব্যহারের কথা এবং তা থেকে যথাযথভাবে উপকৃত হওয়ার পন্থা। যেমন ইঙ্গিতার্থে এক হাদীছে বলেন,
المؤمن بين مخافتين : بين عاجل قد مضى، لا يدرى ما الله صانع فيه، وبين أجل قد بقى لا يدرى ما الله قاض فيه
অর্থ: মু'মিন দুই শঙ্কাকালের মাঝে থাকে। একটি কাল হল যা অতিবাহিত হয়েছে (তথা, বিগতকাল), কিন্তু সে জানে না- সে ব্যাপারে আল্লাহ কী করবেন, অন্যটি হল ভবিষ্যতকাল), আর সে জানে না আল্লাহ তাতে কী ফায়সালা করবেন।
তাই প্রত্যেকের উচিৎ নিজের উপকারার্থে নিজের থেকে কাজ আদায় করে নেয়া, এবং আখেরাতের ফসলের জন্যে দুনিয়ার শস্যক্ষেত্রে শ্রম দিয়ে যাওয়া। বার্ধক্যের পূর্বেই তারুণ্য ও যৌবন থেকে সাধনা-সম্পদ অর্জনে ব্রতী হওয়া এবং মৃত্যুর পূর্বেই জীবনকে, তথা জীবনের শ্রেষ্ঠ সম্পদ সময়কে মূল্যায়ন করা।
প্রিয় পাঠক! বার বার একই কথা বলে যাচ্ছি, একই পথে আহ্বান করে চলছি- তোমার জীবনকে উপলব্ধি কর, সময়কে মূল্যায়ন কর। তা তো ধারালো তরবারির মত। তুমি তাকে না কাটলে, নিশ্চিতভাবে সে তোমাকে কেটে ফেলবে। আর কালক্ষেপণ ও দীর্ঘসূত্রিতা পরিহার কর। এরচে' ক্ষতির কিছুই নেই। আর, ................... আর আল্লাহর কাছে মকবুল কাজের এবং ফযিলতপূর্ণ সময়ের তাওফীক কামনা কর।
প্রিয় পাঠক! আল্লাহ আমাদের সকলকে সময়ের হেফাযত এবং সময়কে ইলমে নাফে' ও আমলে ছালেহ্ দ্বারা পূর্ণ রাখার তাওফীক দান করুন। আর আমাদেরকে তাঁদের দলে শামিল করুন, যাঁরা সময়ের মূল্য বোঝে এবং জীবনের প্রকৃত মূল্য উপলব্ধি করে ফলে তারা নিজেদেরকে প্রতারিত করে না, এবং দেশ ও জাতিকেও প্রতারিত করে না। আর তারাই সুপথপ্রাপ্ত।
تم بعون الله .