📘 সময়ের মূল্য বুঝতেন যারা > 📄 চেষ্টার অব্যাহততা জরুরি

📄 চেষ্টার অব্যাহততা জরুরি


এসব কথা যখন সে বারবার শুনবে, বারবার ভাববে তখন সে উপলব্ধি করতে পারবে- তার উপরও রয়েছে কিছু দায়িত্ব ও কর্তব্য। তাকেও নিয়মিত মস্তিষ্ককে খোরাক যোগাতে হবে, যেমন সে উদরকে যোগায়। কারণ, খোরাক যেমন দেহ ও জীবনের অনিবার্য প্রয়োজন তেমনি মন-মস্তিষ্কেরও। আর সময়ের যথার্থ মূল্যায়ন ও তার থেকে সর্বোচ্চ উপকার গ্রহণের চেষ্টা ছাড়া মস্তিষ্কের খোরাকের কল্পনাও করা যায় না।
তখন ধীরে ধীরে ব্যক্তি, তারপর সমাজ, তারপর দেশ উন্নত থেকে উন্নততর হতে থাকবে- সকল ক্ষেত্রে, সর্বদিক থেকে।
প্রিয় পাঠক, আত্মজিজ্ঞাসা ও বিবেকের কাছে জবাবদিহিতাকে তুমি নিজের অভ্যাস বানিয়ে নাও। নিজেকে সব সময় প্রশ্ন কর, অবসর সময়ে আমি কী করছি? আমি কি তা নিজের বা অন্যের স্বাস্থ্য, অর্থ বা জ্ঞানের উৎকর্ষ সাধনে ব্যয় করছি?
আর সবসময় লক্ষ রাখ, তোমার কর্মশূন্য ও অবসর সময়টুকু বিবেক নিয়ন্ত্রিত থাকছে কি না? তাহলে তো নিশ্চয় তা কোন ভাল লক্ষ্য-উদ্দেশ্যে ব্যয় হবে। যদি এমনটা হয়ে থাকে তবে তো তুমি সফল বা তোমার সফলতা অবশ্যম্ভাবী। অন্যথায় তুমি এসব গুণ ও অভ্যাস চরিত্রে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাও এবং নিরবচ্ছিন্ন সাধনা অব্যাহত রাখ। আর অব্যাহত চেষ্টার ফল তো সফলতা বৈ কিছু নয়।
আরবী ভাষার কবি কত সুন্দর বলেছেন,
أخلق بذى الصبر أن يحظى بحاجته ومدمن القرع للأبواب أن يلجا
অর্থ: ধৈর্যশীল ব্যক্তি তার প্রয়োজন লাভের উপযুক্ত আর অবিরাম দরজায় করাঘাতকারী গৃহে প্রবেশের দ্বারপ্রান্তে।
তবে এটাও আমাদের জেনে রাখা দরকার, খুব দীর্ঘদিন যাবৎ কোন নির্দিষ্ট কাজে সময়কে বেঁধে রাখা যায় না। কেননা, জীবনের পট সদা পরিবর্তনশীল। কখনো এমনও হতে পারে যে, তা ধারণারও বহু ঊর্ধ্বে তোমাকে নিয়ে যাবে, কল্পনাতীত উৎকর্ষ দান করবে।
আবার কখনো হয় তার বিপরীত। তবে জীবনচক্র যেদিকেই আবর্তিত হোক তোমার চিন্তা-ভাবনা থাকবে সর্বদা উন্নতির। আর চেষ্টা-সাধনা থাকবে সদা ঊর্ধ্বগতির।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00