📘 সময়ের মূল্য বুঝতেন যারা > 📄 উপযুক্ত সময়ের প্রতি গুরুত্ব প্রদান

📄 উপযুক্ত সময়ের প্রতি গুরুত্ব প্রদান


প্রিয় পাঠক! এ জীবনীতে তুমি আশ্চর্যজনক ও বিস্ময়কর যা কিছু পেয়েছো, হতবুদ্ধিকর ও প্রায় অসম্ভব যে কর্মযজ্ঞের কথা জেনেছো, তার কিছুই সম্ভবপর হত না এবং কোন কিছুই ঘটত না যদি তিনি সময়ের সদ্ব্যবহার না করতেন, প্রতিটি ক্ষণ ও মুহূর্তের মূল্যায়ন না করতেন। না হতো এতো সব হাদীছের সংরক্ষণ, আর না হতো এমন বিশাল বিশাল গ্রন্থ সংকলন, যার বিশালতাই বলে দেয়- বর্তমান যুগের কোন ইলমী একাডেমীও তা ছাপতে হিমশিম খাবে, সংকলন তো অনেক দূরের কথা।
সুতরাং হে বন্ধু! সময়ের সদ্ব্যবহার কর, জীবনের প্রতিটি মুহূর্তের যথার্থ মূল্যায়ন কর। কেননা, এই সময়ই তো হল কল্যাণ ও প্রাচুর্যের উৎস। তুমি যত পার তা থেকে প্রাচুর্য অর্জন কর, যত পার কল্যাণ সংগ্রহ কর।
সময়ের সদ্ব্যবহার ও তার যথাযথ মূল্যায়নকারী মনীষীগণের খণ্ড জীবনীর আলোচনায় কিতাবটি এখানেই সমাপ্ত হতে পারতো। কিন্তু আমি চাচ্ছি এর পরিসমাপ্তি খানিকটা বিলম্বিত করতে; সময় সংরক্ষণের কিছু কার্যকর পথ ও পন্থার আলোচনার পরে।
সময় ব্যয়ের ক্ষেত্রে যেদিকে দৃষ্টি দেয়া বিশেষ প্রয়োজন তা হল, ইলমী কাজগুলোকে সেগুলোর গুরুত্ব ও মর্যাদা হিসেবে উপযোগী সময়ে আঞ্জাম দেয়ার চেষ্টা করা।
কিছু ইলমী কাজ রয়েছে যে কোন সময়ে, যে কোন পরিস্থিতিতে সেগুলো আদায় করা যায়। সেগুলোর জন্য খুব বেশী মনোযোগ ও সতর্কতার প্রয়োজন হয় না। যেমন, কোন কিছুর অনুলিপিকরণ, কিংবা সাধারণ মুতালা'আ ও অধ্যয়ন। এসব কাজে সজাগ মস্তিষ্ক, পূর্ণ সতর্কতা কিংবা সূক্ষ্ম ও গভীর চিন্তা-ভাবনার দরকার হয় না।
পক্ষান্তরে কিছু কাজ এমন রয়েছে, যেগুলো এমন সময় ছাড়া পূর্ণরূপে আঞ্জাম দেয়া যায় না, যখন মস্তিষ্ক সজাগ ও সক্রিয় থাকে, মেধা ও মেজায প্রফুল্ল থাকে, যখন মৃদুমন্দ সমীরণ প্রবাহিত হয় আর আসমান থেকে বরকত নাযিল হয়। যেমন, খুব ভোরে, রাতের শেষ প্রহরে, কিংবা সকালে ও রাতে যখন সময়ের নীরবতা ও স্থানের নির্জনতা একাকার হয়ে যায়। কোন কিছু মুখস্থ করার জন্য, কঠিন ও জটিল বিষয় বোঝার জন্য, সূক্ষ্ম ও জটিল সমস্যার সমাধানের জন্য কিংবা ক্ষুদ্রাতিক্ষুদ্র বা সূক্ষ্মাতিসূক্ষ্ম ভুল ও বিকৃতির সংশোধনের জন্য এসকল সময়ের সদ্ব্যবহার করা প্রয়োজন।

📘 সময়ের মূল্য বুঝতেন যারা > 📄 উপযোগী স্থান নির্বাচন

📄 উপযোগী স্থান নির্বাচন


হাফেয খতীব বাগদাদী র. তাঁর الفقيه والمتفقه নামক গ্রন্থে হেফয (মুখস্থ) করার সর্বোত্তম সময় ও তার জন্য উপযোগী স্থানের ব্যাপারে আলোচনা করতঃ উল্লেখ করেন, "জেনে রাখ! কোন কিছু মুখস্থ ও আয়ত্ত করার কতক নির্ধারিত সময় ও নির্দিষ্ট স্থান রয়েছে। যারা কোন কিছু হিফয বা মুখস্থ করতে চায় এবং অল্প সময়ে বেশী কিছু আয়ত্ত করতে চায়, তাদের উচিৎ উল্লিখিত সময়গুলোকে সর্বোচ্চ মূল্যায়ন করা এবং সে স্থানগুলোতে সর্বদা অবস্থানের চেষ্টা করা।
হেফযের উপযুক্ত সময়গুলো হল, রাতের শেষ প্রহর বা সাহরীর সময়। অতঃপর দিনের প্রথম ভাগ, তারপর দিনের অন্যান্য সময়। তবে দিনের চেয়ে রাত এবং পরিতৃপ্তির মুহূর্ত থেকে ক্ষুধার মুহূর্ত, হিফযের জন্য অধিক উপযোগী। তাই হেফযকারী বা হেফয প্রত্যাশীর জন্য ক্ষুধার সময়গুলোর খোঁজে থাকা এবং সে অবস্থাকে নিজের মাঝে ধরে রাখায় সচেষ্ট থাকা উচিৎ। তবে তা হতে হবে অবশ্যই বিবেক চালিত; আবেগ-তাড়িত নয়। এ কথাটুকু বলার কারণ হল, কোন কোন মানুষ যখন তীব্র ক্ষুধাক্রান্ত হয় এবং তার পাকস্থলী শূন্য হয়ে পড়ে তখন সে পড়ার শক্তি ও মুখস্থ করার সাহস হারিয়ে ফেলে। তখন কোনকিছু না হয় তার মুখস্থ, আর না পড়ায় তার মন বসে। সে সময় সামান্য কিছু খেয়ে শুধু ক্ষুধার যন্ত্রণা দূর করবে। তবে কিছুটা ক্ষুধা যেন বাকী থাকে। কিন্তু যদি ক্ষুধার জ্বালায় পেট পুরে খায় তবে তো তার কাঙ্ক্ষিত মুহূর্ত, প্রত্যাশিত সময় দীর্ঘক্ষণের জন্য হাতছাড়া হয়ে গেলে।
আর সবচে' উপযোগী স্থানগুলো হল, নিরিবিলি ও নির্জন স্থান। যেমন- উপরের তলার একক কোন কামরা বা কুঠুরি, লোকালয় দূরবর্তী কোন নির্জন স্থান, যে স্থানে মনোযোগে ব্যাঘাত ঘটানোর কিছু নেই। যেখানে কলব সবরকম অন্যমনষ্কতা থেকে মুক্ত হবে। তাই বৃক্ষপূর্ণ সবুজ স্থানে বা নদীর পাড়ে ও পথের ধারে কোন কিছু মুখস্থ করার জন্য বসা অনুচিত। কারণ এসব স্থানগুলো অধিকাংশ ক্ষেত্রে নীরব ও নির্ঝঞ্ঝাট হয় না।৩১
তবে এক্ষেত্রে মুসলিম দার্শনিক আবু নছর আল ফারাবী র. এর ছিল ভিন্ন পথ ও ভিন্ন মত, ভিন্ন চিন্তা ও ভিন্ন দর্শন। আওইয়াতে ইবন খাল্লিকান এই মহান দার্শনিকের জীবনী আলোচনা করে বলেন যে, "তিনি ছিলেন আত্মসমাহিত মানুষ। জনতার মাঝেও তিনি নির্জনতা খুঁজে পেতেন। নিজে সাধারণত কারও সাথে তেমন একটা মিশতেন না, বিশেষ প্রয়োজন ছাড়া আলাপচারিতায় লিপ্ত হতেন না। তাছাড়াও রচনা ও সংকলনের মত গুরুত্বপূর্ণ কাজেও তাঁর নির্জন স্থানের প্রয়োজন হতো না। দীর্ঘকাল দামেস্কে অবস্থানের সময় প্রবহমান পানির ঝরণার পাশে বা কোন বাগানে বসে কিতাব রচনা করতেন, অথচ মানুষ একের পর এক সেখানে যাওয়া-আসা করত।
পূর্ববর্তী মনীষীগণ ইলম অন্বেষণের জন্য নির্জন ও কোলাহলমুক্ত স্থান ও পরিবেশ নির্বাচন করতেন। কেননা নীরবতা ও নির্জনতা চিন্তায় স্বচ্ছতা আনয়ন করে। আর চিন্তা-ভাবনা যখন স্বচ্ছ হয় তখন ইলমের তলবে ও জ্ঞানের অন্বেষণে উপলব্ধি ও বোধশক্তি সঠিক হয় এবং দৃষ্টিশক্তি ও পর্যবেক্ষণ একাগ্র হয়।

টিকাঃ
৩১. তেমনিভাবে বর্তমানে পার্ক বা মনোমুগ্ধকর দর্শনীয় স্থান। এসব স্থানগুলো যদিও সাহিত্যচর্চার জন্য উপযোগী কিন্তু হিফযের জন্য অনুপযোগী।

📘 সময়ের মূল্য বুঝতেন যারা > 📄 শ্রেষ্ঠ ও উৎকৃষ্টের জন্যই নিয়োজিত হও

📄 শ্রেষ্ঠ ও উৎকৃষ্টের জন্যই নিয়োজিত হও


আর পূর্বসূরীদের জ্ঞান অর্জন সর্বদা বুদ্ধি ও বিবেকের পরিমাপে নির্ণীত হতো। আর তা এমনই সূক্ষ্ম বিষয় যে, সামান্য একটু উদাসীনতা ও অন্যমনষ্কতায় তা প্রভাবিত ও বিকৃত হয়ে যায়। তখন তো তাদের ইস্তেকামাত ও অবিচলতা এবং একাগ্রতা ও নিষ্ঠা বজায় থাকবে না। তাই তাঁরা সূক্ষ্ম-জটিল বিষয়াদির ক্ষেত্রে সময় ও স্থানের প্রতি বিশেষভাবে দৃষ্টি দিতেন। যেন তাঁদের চিন্তা ও ভাবনা এবং বুঝ ও বোধ পূর্ণ ও যথার্থ হয় আর সিদ্ধান্ত গ্রহণ সঠিক হয়।
ইমাম, মুহাদ্দিস, ফকীহ ও আদীব আবু সুলায়মান হামদ বিন মুহাম্মাদ আল-খাত্তাবী র. (৩১৯-৩৮৮) ছন্দে ছন্দে বলেন-
إذا ما خلوت صفا ذهنى وعارضني خواطر كطراز البرق في الظلم وإن توالى صياح الناعقين على أذنى عَرتْني منه حُكلة العجم
অর্থ: যখন আমি নির্জনে থাকি/অন্ধকারে বিদ্যুৎ চমকের মত বহু ভাবনা আমার মনন জগতকে আলোকিত করে/পক্ষান্তরে যদি শোরগোল, হৈ চৈ ক্রমাগত কানে আসতেই থাকে/তবে যেন নির্বাকতা ও চিন্তার বন্ধ্যাত্ব আমাকে পেয়ে বসে।
এমন কিছু ইলম ও জ্ঞান রয়েছে যেগুলোর উপকারিতা ও নির্ভরতা এবং গুরুত্ব ও প্রয়োজনীয়তা খুব অল্প। সেগুলোর অর্জনে হয়তো জ্ঞান-জগতে পূর্ণতা আসে, সমৃদ্ধি ঘটে, তবে অর্জন না করলে লোকসান বা ঘাটতি হয় না কিংবা কমতি রয়ে যায় না। এ জাতীয় বিষয়ে দীর্ঘ সময় ব্যয় না করা এবং মেধা ও মস্তিষ্ককে বেশী ব্যস্ত না করা উচিৎ। কেননা অশ্রেষ্ঠ ও নিকৃষ্টে মগ্নতা তো উৎকৃষ্ট ও অত্যুৎকৃৃষ্টে পৌঁছার পথে বাধা ও প্রতিবন্ধক বৈ কিছু নয়। তা ছাড়া এতে সময়ও নষ্ট হয় এবং শারীরিক উদ্যম ও মানসিক আগ্রহও স্তিমিত হয়ে যায়। ফলে মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে, শ্রেষ্ঠ ও উৎকৃষ্টে পৌঁছতে অক্ষম হয়ে পড়ে। এদিকে ইঙ্গিত করেই আরব কবি ছালেহ বিন আবদুল কুদ্দুছ র. বলেছেন-
و إذا طلبت العلم فاعلم أنه حمل فأبصر أي شئ تحمل وإذا علمت بأنه متفاضل فاشغل فؤادك بالذي هو أفضل
অর্থ: জ্ঞান যদি অন্বেষণ করতে চাও তবে জেনে রাখ, তা কিন্তু একটি বোঝা/সুতরাং ভেবে দেখ, কিসের বোঝা তুমি বহন করছ।/আর যখন তুমি বুঝতে পারছ তার মাঝে মর্যাদায় তারতম্য রয়েছে/তখন তোমার উচিৎ সর্বোৎकृष्टের জন্যই তোমার কলবকে মশগুল করা।
সুতরাং প্রতিটি মানুষের এবং প্রত্যেক জ্ঞানীর উচিৎ তার মন ও মস্তিষ্ককে, মেধা, মনন ও চিন্তা-ভাবনাকে এবং মূল্যবান সম্পদ সময়কে শ্রেষ্ঠতর কর্ম এবং উৎকৃষ্টতর উপার্জনে ব্যয় করা। তাহলেই সে পেতে পারে শ্রেষ্ঠত্বের সন্ধান।

📘 সময়ের মূল্য বুঝতেন যারা > 📄 ইলমের গুরুত্বপূর্ণ শাখাগুলোতে মগ্ন হও

📄 ইলমের গুরুত্বপূর্ণ শাখাগুলোতে মগ্ন হও


প্রয়োজনে আত্মপ্রতারণার আশ্রয় গ্রহণ
এক কথায় বলা যায়, প্রতিটি মানুষের, বিশেষত যারা বড় হতে চায়, জীবনকে গড়তে ও সাজাতে চায়, শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হতে চায়, তাদের উচিৎ বিচার-বিবেচনার মাধ্যমে, বুদ্ধি ও বিবেককে কাজে লাগিয়ে সময়-সম্পদকে ব্যয় করা- সুস্থতা বা অসুস্থতা, প্রসন্নতা বা অপ্রসন্নতা, সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি যে কোন অবস্থায়, যে কোন মুহূর্তে। এক্ষেত্রে প্রয়োজনে বাহ্যিক আত্মপ্রতারণার আশ্রয় গ্রহণ করাও নিন্দনীয় নয়, বরং প্রশংসনীয়।
আবু হেলাল আসকারী র. রচিত الحث على طلب العلم গ্রন্থে বিশিষ্ট সাহিত্যিক ও নাহব-বিদ ইবন জারউ আল-মাওছিলি র. এর একটি উক্তি উল্লেখ করা হয়, তিনি বলেন-
ينبغى أن يؤخر الإنسان درسه للأخبار والأشعار لوقت ملله .
অর্থ: মানুষে উচিৎ তথ্য ও কাব্যের অধ্যয়নকে তার ক্লান্তি ও বিরক্তির মুহূর্তের জন্য রেখে দেয়া।
আরেকজন সাহিত্যিক ও ভাষাবিদ ইবনুল মারাগী র. বলেন-
ينبغى أن يُخادع الإنسان نفسه في الدرس ـ
অর্থ: মানুষের উচিৎ অধ্যয়নের স্বার্থে (প্রয়োজনে) আত্ম-প্রতারণার আশ্রয় গ্রহণ করা।
(শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ র. বলেন) সম্ভবত এ কথার ব্যাখ্যা এই হতে পারে যে, মানুষ যখন ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ে, দুর্বলতা ও অবসন্নতা তাকে পেয়ে বসে তখন তাকে (অর্থাৎ, ক্লান্তি ও বিরক্তিকে) প্রশ্রয় দিতে নেই, তার আহ্বানে দেহ মনকে সাড়া দেয়ার সুযোগ দিতে নেই; বরং অবসন্নতার প্রতিবিধান করা উচিৎ। ক্লান্তি ও বিরক্তির সাথে দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতায় নামা এবং যে কোন উপায়ে বিজয়ী হওয়ার চেষ্টা করা উচিৎ। যেন সেগুলো দূরীভূত হয়ে যায় এবং দেহ-মনে প্রফুল্লতা ও উদ্যম ফিরে আসে।
এই ক্লান্তি ও বিরক্তি দূর করার এবং তন্দ্রা ও অলসতার প্রতিবিধান করার বিভিন্ন উপায় হতে পারে। যেমন, লোবান বা চুইংগাম জাতীয় কিছু চিবানো। ছাদের নীচ ছেড়ে খোলা ময়দানে, উন্মুক্ত পরিবেশে বের হওয়া, বিভিন্ন কামরায় সামান্য পায়চারী করা, ঠাণ্ডা বা গরম পানিতে গোসল করা কিংবা হাত-মুখ ধুয়ে নেয়া, সামান্য কিছু পানাহার করা বা বন্ধু ও সহপাঠীর সাথে অল্পক্ষণ কথাবার্তা বলা, উচ্চস্বরে কোরআন তেলাওয়াত বা কবিতা আবৃত্তি করা ইত্যাদি।
আবার কখনো বসার অবস্থা বা অবস্থান পরিবর্তন করা, একটু ওঠাবসা বা উঁচুতে আরোহণ করা কিংবা পঠিত কিতাব বা বিষয় পরিবর্তন করা ইত্যাদি মাধ্যমেও উপকার পাওয়া যেতে পারে।
প্রতিটি দেহেরই সংশোধন এবং দেহের প্রতিটি অবস্থা ও প্রতিটি শূন্যতারই পরিবর্তক ও পরিপূরক রয়েছে। জ্ঞান অন্বেষণে আগ্রহী, মেধাবী ও বিচক্ষণ ব্যক্তি মাত্রই সেগুলো জানেন। সবগুলোর আলোচনা বোধ হয় এখানে নিষ্প্রয়োজন।
আমাদের জীবন অতি সংক্ষিপ্ত, সময় অতি অল্প, কিন্তু জ্ঞান-সাগরের পরিধি ও গভীরতা এবং ইলমের ভাণ্ডারের ব্যাপ্তি ও বিশালতা তো সীমাহীন, অপরিমিত। তাই আমাদের উচিৎ ইলমের গুরুত্বপূর্ণ দিক ও অত্যাবশ্যকীয় শাখাগুলোর মাঝেই ব্যস্ত ও মগ্ন হওয়া। যেমনটা বলেছেন হাফেয খতীব বাগদাদী র.-
العلم كالبحار المتعذر كيلها، والمعادن التي لا ينقطع نيلها، فاشتغل بالمهم منه، فإنه من شغل نفسه بغير المهم أضر بالمهم -
অর্থ: ইলম ও জ্ঞানের পরিধি তো সু-বিশাল সাগরের মত, যা পরিমাপ করা যায় না এবং সুবৃহৎ খনির মত যার খনিজ দ্রব্য কখনো শেষ হয় না। সুতরাং তার গুরুত্বপূর্ণ অংশে নিয়োজিত হও। কেননা, গুরুত্বহীন বিষয়ে মশগুল হওয়া গুরুত্বপূর্ণ বিষয়ের অর্জনকে ক্ষতিগ্রস্ত করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00