📄 সূর্যকে ধরে রাখ, আমি তোমার সাথে কথা বলি
যুহৃদ ও দুনিয়াবিমুখতায় প্রসিদ্ধ তাবেয়ী, আমের ইবন আবদে কায়ছ র.। একবার এক ব্যক্তি এসে তাঁকে বলল, আমাকে একটু সময় দিন; আমি কিছু কথা বলব। তিনি বললেন, তাহলে তুমি সূর্যকে থামিয়ে রাখ।'
তাঁর কথার মর্ম হল, তুমি যদি সূর্যের গতিকে রোধ করতে পার, সময়ের প্রবাহকে থামিয়ে দিতে পার তবেই আমি তোমার সাথে কথা বলব।
📄 সময়ের ব্যাপারে সাহাবী-তাবেয়ীদের উক্তি
কেননা, সময় সদাবহমান। কখনও তা ফিরে আসে না। আর সামনের প্রতিটি সময়ই তো কোন না কোন কাজের জন্য নির্ধারিত। তাই তোমার সাথে কথা বলে যে সময়টা আমার চলে যাবে, যে ক্ষতি আমার হয়ে যাবে তা কখনো পূরণ করা যাবে না।
প্রসিদ্ধ সাহাবী আবদুল্লাহ ইবন মাসউদ রা. বলেন-
ما ندمت على شي ندمى على يوم غربت شمسه، نقص فيه أجلى ولم يزد فيه عملي .
আমার সবচে' বেশী আফসোস ও পরিতাপ হয়- এমন দিনের জন্য, যে দিনের সূর্য ডুবে গেল, আমার দুনিয়ার হায়াত কমে গেল, অথচ সেদিনে আমার নেক আমল বৃদ্ধি পেল না।
..... খিলাফতে রাশেদার সার্থক অনুসারী উমর ইবন আবদুল আযীয র. বলেন-
إن الليل والنهار يعملان فيك فاعمل فيهما .
রাত ও দিন তোমার মাঝে কাজ করে চলছে, (অর্থাৎ, তোমার চলা-ফেরা ও আচার-অভ্যাসে কোন না কোন ক্রিয়া সৃষ্টি করে চলছে।) তাই তুমিও তাদের মাঝে কাজ করে যাও, (অর্থাৎ, কোন না কোন পুণ্য ও ভাল কাজে দিন-রাতকে অতিবাহিত কর।)
..... প্রখ্যাত তাবেয়ী হাসান বসরী র. বলেন-
يا ابن آدم! إنما أنت أيام، فإذا ذهب يوم ذهب بعضك .
হে আদম সন্তান! তুমি তো কতক দিনের সমষ্টি মাত্র। সুতরাং যখন একটি দিন অতিবাহিত হল তখন তোমার জীবনের একাংশ হারিয়ে গেল।
তিনি আরও বলেন-
أدركت أقوامًا كانوا على أوقاتهم أشدَّ منكم حرصا على دراهمكم و دنانيركم -
আমি এমন অনেক ব্যক্তির সাহচর্য পেয়েছি, সময় সংরক্ষণে যাদের আগ্রহ, তোমাদের ধন-সম্পদ সংরক্ষণের আগ্রহের চেয়ে বেশী ছিল।