📄 মৃত্যু, কবর, হিসাব, পুলসিরাত ও কিয়ামতের ভয়াবহতার কথা অধিক স্মরণ করা
এখন বেশির ভাগ মানুষই নিজ আমলের হিসাব-নিকাশের ব্যাপারে উদাসীন। আর কেউ যখন কোনো সমস্যায় পতিত হয়ে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে, তখন সে বুঝতে পারে যে, সে এ ব্যাপারে কতটা সীমালঙ্ঘন করেছে!
জ্ঞানী ব্যক্তি জানে, তার নিশ্চিন্ত ও সুখের জীবন খুবই সীমিত। আর বিপদ ও মুসিবত যত বড়ই হোক না কেন, মৃত্যু ও তার যন্ত্রণার সামনে তা একেবারেই নগণ্য।
সুতরাং মৃত্যুর স্মরণ অন্য সব বিষয়কে তুচ্ছ করে তোলে এবং দুনিয়া ও দুনিয়ার বিপদ-মুসিবতকে হালকা করে দেয়। এটা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়াবহতাকে মানুষের নিকট বড় ও গুরুত্ববহ করে তোলে এবং দুনিয়ার বিপদ-মুসিবতকে একেবারেই তুচ্ছ করে দেয়।
মুমিন কষ্ট-মুসিবতের ওপর সবচেয়ে বেশি ধৈর্যধারণ করে। কঠিন বিপদের সময় প্রশান্ত চিত্তে দৃঢ়তার সাথে নিজ অবস্থানের ওপর অটল থাকে। কারণ, সে জানে—পরকালের জীবনের তুলনায় তাদের দুনিয়ার জীবন খুবই ছোট। সুতরাং তারা এটা কামনা করে না, জান্নাতে প্রবেশের পূর্বেই দুনিয়া তাদের জন্য জান্নাত হয়ে যাক।
📄 আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা
এটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু অনেকেই এ বিষয়ে উদাসীন থাকে। কখনো কখনো মানুষকে এমন বিষয়ের সম্মুখীন হতে হয়, যা সন্দেহযুক্ত অথবা মাকরুহ আবার কোনোটা সরাসরি হারাম। আর তখন সে তার মনিবকে খুশি করার জন্য তা অবলীলায় করে ফেলে। যেমন: কোনো স্ত্রী তার স্বামীকে খুশি করার জন্য এমন হারাম কাজ করে ফেলে, যাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। অর্থাৎ মানুষকে খুশি করার জন্য আল্লাহর নাফরমানি করে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
مَنْ طَلَبَ رِضَا اللهِ بِسَخَطِ النَّاسِ كَفَاهُ اللَّهُ مُؤْنَةَ النَّاسِ وَمَنَ الْتَمَسَ سَخَطَ اللَّهِ بِرِضًا النَّاسِ وَكَلَهُ اللَّهُ إِلَيْهِمْ
“যে ব্যক্তি মানুষের ক্রোধ সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাআলা-ই মানুষের ব্যাপারে তার জন্য যথেষ্ট হয়ে যান।
আর যে আল্লাহর ক্রোধ সত্ত্বেও মানুষের সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাআলা তার সকল দায়-দায়িত্ব মানুষের কাছেই অর্পণ করে দেন।"৩৫
এ কারণেই কোনো হারাম সিদ্ধান্ত ও সমাধানের পথ বেছে নেওয়া জায়েজ নেই। চাই সেটা নিজের ব্যাপারে হোক কিংবা আল্লাহর হকের ব্যাপারে হোক বা হোক তা মানুষের হকের ব্যাপারে। সুতরাং আল্লাহর অবাধ্যতায় কোনো সমাধানই সমাধান নয় এবং কোনো কল্যাণই কল্যাণ নয়।
টিকাঃ
৩৫. মুসনাদে ইসহাক বিন রাহুইয়াহ: ১১৭৫
📄 পারতপক্ষে সরকারি মাধ্যম তথা থানা-পুলিশ ও কোর্ট-কাছারির দ্বারস্থ না হওয়া
মানুষের সমস্যা বিভিন্ন ধরনের। উত্তম আচরণ, ধৈর্যধারণ ও ভেবে-চিন্তে, ধীরে-সুস্থে সিদ্ধান্ত গ্রহণই সমাধানের জন্য যথেষ্ট। আর এ কারণেই যথাসম্ভব থানা-পুলিশ ও কোট-কাছারির দ্বারস্থ না হওয়া উচিত; যাতে পরস্পরের প্রতি ঘৃণা ও বিদ্বেষ না বাড়ে এবং দূরত্ব ও ফাটল আরও গভীর না হয়। আবার কখনো তো এ কারণেই উক্ত সমস্যাটা আরও গভীর ও জটিল আকার ধারণ করে। সুতরাং মধ্যস্থতা ও উপদেশবাণী শোনানোর পরও সমস্যা সমাধানের কোনো উপায় না হলে, তবেই সর্বশেষ ধাপ হিসেবে সরকারি মাধ্যম গ্রহণ করা যেতে পারে। কিছু বিচারকার্য অবশ্য (পরস্পর নসিহত ও বোঝাপড়ার মাধ্যমে না করে) সরাসরি শরয়ি আইনে করলেই অধিকার আদায় নিশ্চিত হয়; বিশেষত প্রতিপক্ষ যদি মূর্খ, গোঁয়ার, বিদ্বেষী ও হিংসুক প্রকৃতির হয়।
📄 সুন্দর কথা ও উত্তম আচরণ করা
সুন্দর কথা ও উত্তম আচরণের মাধ্যমে বেশির ভাগ সমস্যাই সমাধান হয়ে যায়। উভয় দিকের লোককেই বাস্তবতার প্রতি লক্ষ করে উত্তম আচরণ প্রকাশ করতে হবে এবং পরিহার করতে হবে নেতিবাচক বিষয়গুলো।
এ বিষয়টি স্বামী-স্ত্রী উভয়ের ক্ষেত্রেই কাম্য। অনুরূপভাবে নিকটাত্মীয়, পরিচিতজন এবং প্রতিবেশীদের ক্ষেত্রেও একই কথা। কারণ, এ সকল সম্পর্ক অনেক দীর্ঘ; বরং বলা যায় চিরজীবনের। সুতরাং সামান্য খারাপ আচরণ ও আঘাত দিয়ে কথা বলার মাধ্যমে সম্পর্ক নষ্ট করা ঠিক নয়। এ সম্পর্ক টিকিয়ে রাখা উচিত। তুমি আল্লাহ তাআলার এই কালাম নিয়ে একটু ভেবে দেখো। আল্লাহ তাআলা বলেন-
الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ ﴾
"যারা সচ্ছলতা ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগ সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। বস্তুত আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।”৩৬
রাগ সংবরণ ক্রমান্বয়ে ক্ষমা প্রদর্শনের দিকে নিয়ে যায়; বরং বলা যায়, ধীরে ধীরে দয়া ও ইহসানের পথে ধাবিত করে। কেউ যদি এ উত্তম আচরণগুলোর একটি আচরণও প্রয়োগ করে, তাহলে এর প্রভাব অনেক গভীরে গিয়ে পড়ে। আর যদি সব উত্তম আচরণই গ্রহণ করে, তাহলে এর প্রভাব কতটা হবে, একবার ভেবে দেখো!
টিকাঃ
৩৬. সুরা আলে ইমরান: ১৩৪