📘 সমকালীন কুসংস্কার ও সামাজিক প্রথা > 📄 পীরের সাথে পর্দা না করা

📄 পীরের সাথে পর্দা না করা


আমাদের সমাজে কিছু ভন্ডপীর আছে, যারা নারীদেরকে মুরীদ করে। আর নারীরা ও পীর বাবার প্রতি পূর্ণ ভক্তি সহকারে তার সামনে এসে যায়; সবক গ্রহণ করে। সুখ দুঃখের কথা বলে, শুনে। আর পীর বাবাও নারী আসলে বসে মিষ্টি মধুর বাক্যালাপে অনেক সময় রাত পর্যন্ত কাটিয়ে দেয়। কখনো আবার নারী মুরীদ পীরের নির্দেশ পালনে কিংবা পীরের ফয়েজ বরকত পেতে পীরের শারীরিক খেদমত সহ সব রকমের খেদমত ও সেবা প্রদান করতে কুসূর করেনা। পীরের সাথে পর্দা করার কোন ধারণাও তাদের নেই।
আর পীর ও তাদেরকে পর্দা করতে বলেনা বলে তাদের মনে একথা বদ্ধমূল হয়ে গেছে যে, পীর-মুর্শীদের সাথে পর্দা করতে হয়না।
অথচ শরীয়তের বিধান হলো, পীর যদি গাইরে মাহরাম হয় তবে তার সাথেও পর্দা করতে হবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পর্দার আড়াল থেকে একজন মহিলা লিখিত একটি কাগজের টুকরা দেয়ার জন্য হাত বাড়ালে তিনি হাত সরিয়ে নেন এবং বলেন, এ হাত কি কোন নারীর না পুরুষের? মহিলাটি বলল, এটি নারীর হাত। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম_বললেন, তোমার নখের শুভ্রতা মেহেদি দ্বারা বদলে দেয়া উচিৎ ছিল, যাতে পুরুষের হাত না নারীর হাত তা বুঝা যায়। সূত্র: আবু দাউদ, হাদীস নং ৪১৬৬
তো রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় পীর ও বুযুর্গ আর কে হতে পারে? তিনিই যখন মহিলাকে নিজের সামনে আসতে দেননি তখন এ ভন্ড পীরেরা নারী মজলিসে বসে খোশ গল্প করে কী করে? বস্তুত: এসব বেশরা পীর নিজেও জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, সাথে সাথে মুরীদদেরকেও জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে。

📘 সমকালীন কুসংস্কার ও সামাজিক প্রথা > 📄 হিজাব/বোরকা পরে চেহারা খোলা রাখা

📄 হিজাব/বোরকা পরে চেহারা খোলা রাখা


বর্তমানে এটা একটা ফ্যাশন হয়ে গেছে যে, মেয়েরা বোরকা/হিজাব পড়ে চেহারা খোলা রাখে। হিজাব বা বোরকা পরার উদ্দেশ্য যে শরঈ বিধান পর্দা করা তা যেন তারা বেমালুম ভুলেই গেছে। অবস্থা দৃষ্টে মনে হয়, এটা যেন ফ্যাশনের জন্যই তাদেরকে দেয়া হয়েছে। কেননা, পর্দা করার জন্যই যদি এটা পরা হয়ে থাকে তাহেলে চেহারা খোলা রাখা হয় কেন? তাদের প্রতি আকর্ষণ ও রূপ-লাবণ্যের মূল কেন্দ্রবিন্দুই তো এ চেহারা। পুরো শরীর ঢেকে যদি চেহারাই খোলা রাখা হয় তবে রূপ লাবণ্য প্রকাশের আর বাকী থাকল কী? পর্দার বিধানে সুষ্পষ্ট ভাবেই নারীকে চেহারা ঢেকে রাখতে বলা হয়েছে।
হয়রত ফুকাহায়ে কিরাম নারীর চেহারা ও হাতের কব্জিকে সতর থেকে পৃথক বলে বর্ণনা করেছেনে। এর অর্থ হলো, নামাযের সময় এ দুটি অঙ্গ আবরণ মুক্ত থাকলে নামায হয়ে যাবে। তারা এ ক্ষেত্রে পায়ের পাতাকেও এ হুকুমের মধ্যে গণ্য করেছেন। এতদ্ব্যতীত নারীদের গোটা দেহই সতরের মধ্যে গণ্য। যদি অন্য কোন অঙ্গ খোলা থাকে তবে নামায হবেনা। চেহারা খোলা থাকলেও নামায হয়ে যাবে। এটা হলো নামাযে সতর ঢেকে রাখার বিধান।
কিন্তু গাইরে মাহরাম বা পর পুরুষের সঙ্গে পর্দা করার মূল ভিত্তি হলো, ফিত্নার আশংকা। যা খোলা থাকলে ফিৎনার আশংকা সৃষ্টি হবে, তা আবৃত রাখতে হবে।
উল্লেখ্য যে, নারীদের প্রধান আকর্ষণ তার মুখমন্ডল। সুতরাং তা পর পুরুষের সামনে খোলা রাখলে অবশ্যই ফিৎনার আশংকা দেখা দিবে। তাই ফুকাহায়ে কিরাম নারীদের মুখ মন্ডল খোলা রাখার অনুমতি দেননি।

সূত্র: সূরা আহযাব, আয়াত-৫৯

📘 সমকালীন কুসংস্কার ও সামাজিক প্রথা > 📄 মাথায় কৃত্রিম চুল লাগানো

📄 মাথায় কৃত্রিম চুল লাগানো


কারো জন্য নিজের ঝরে যাওয়া চুল বা অন্য কোন মানুষের চুল মাথায় লাগানো নাজায়েয। কেউ এমনটি করলে তার ব্যাপারে হাদীসে অভিসম্পাতের কথা বর্ণিত হয়েছে। অবশ্য, কারো যদি অল্প বয়সে মাথার চুল পড়ে যায় তাহলে প্রয়োজনে কোন প্রাণীর পশম কিংবা কৃত্রিম চুল মাথায় লাগানো জায়েয আছে। এটা শরঈ নিষিদ্ধতার আওতাভুক্ত নয়।

সূত্র: সহীহ বুখারী ২/৮৭৮, উমদাতুল কারী ১৮/১১৫, রদ্দুল মুহতার ২/৩৮২, হিন্দিয়‍্যা ৫/৩৫৮, আহসানুল ফাতাওয়া ৮/৭৫

📘 সমকালীন কুসংস্কার ও সামাজিক প্রথা > 📄 বিউটি পার্লারে গিয়ে মেকআপ করা

📄 বিউটি পার্লারে গিয়ে মেকআপ করা


আজকাল আধুনিকতার কোন জুড়ি নেই। পারিবারিক বিষয়াদী থেকে শুরু করে রাষ্ট্রীয় বরং আন্তর্জাতিক বিষয় পর্যন্ত প্রায় সব কিছুই আধুনিকতার ছাপে করা হয়। যুগ যুগ ধরে মেয়েরা তাদের সাজ সজ্জার জন্য প্রয়োজনে অন্য মেয়ের সহযোগিতা নিয়ে সব কিছু সেরে নিতো। কিন্তু এ কাজটিও এখন আর বাড়ীতে কিংবা অপর নারীর সহযোগিতায় নিজ ঘরে সম্পন্ন করা হলে ছোট লোকের আচরণ বলে মনে করা হয়।
ফলে, আমাদের দেশে ছোট বড় শহরগুলোতে বিভিন্ন স্থানে এখন পাশ্চাত্যের অনুকরণে অসংখ্য বিউটি পার্লার গড়ে উঠেছে। তরুণী, যুবতীরা বিবাহ কিংবা অন্য কোন অনুষ্ঠানে গমণ উপলক্ষে সে সব পার্লারে গিয়ে নির্ধারিত ফি আদায় করে সাজ সজ্জা করে থাকে। এর মধ্যে বৈধ সাজ সজ্জাও রয়েছে। কখনো কখনো অবৈধ সাজ সজ্জাও সেখানে করা হয়ে থাকে। যেমন: ভ্রু সরু করা, চুল বব কাটিং করা ইত্যাদি।
প্রশ্নহলো, এভাবে পার্লারে গিয়ে সাজ সজ্জা করা জায়েয কি না? সাধারণ দৃষ্টিতে দেখলে এর মধ্যে কোন অনিষ্টতা কিংবা অসুবিধা নেই। কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে দেখা যাবে এ পার্লার বিজাতীয় সভ্যতা সংস্কৃতির লালন কেন্দ্র। এখান থেকে সাজ-গোজের নতুন নতুন এমন মডেল সরবরাহ করা হয় যা অত্যন্ত গর্হিত। এ ব্যাপারে শরীয়তের বিধান হলো, সেখানে গিয়ে বৈধ কোন সাজ সজ্জা করার অবকাশ থাকলেও বর্তমানে বদ দ্বীনী, বেপর্দা, নির্লজ্জতা ও অবাধে চলা ফেরার যে সয়লাব শুরু হয়েছে এবং পার্লারগুলো বিজাতীয় রীতি প্রভাবিত ও নানা রকম পাপ কর্মের কেন্দ্র হওয়ায় সেখানে যাওয়া জায়েয হবেনা। আর অবৈধ সাজ সজ্জা করার জন্য সেখানে যাওয়া জায়েয হওয়ার প্রশ্নই উঠেনা। সুতরাং সেখানে যাওয়া থেকে বিরত থাকা আবশ্যক।

সূত্র: আহসানুল ফাতাওয়া ৮/৭১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00