📄 যৌতুক বাবদ প্রদেয় জিনিসপত্র প্রদর্শন করা
কোন কোন স্থানে বিবাহ পড়ানোর আগে বা পরে যৌতুকের জিনিস প্রকাশ্য উন্মুক্ত করে দিয়ে মানুষের বাহবা কুড়ানো হয়। এটাও অন্যায় এবং নির্লজ্জতার কাজ। কারণ, একে তো যৌতুক আদান প্রদান করার নাজায়েয কাজ। অতপর সেই নাজায়েয কাজের প্রদর্শনী। মুসলমানদের এহেন কুপ্রথা থেকে বেঁচে থাকা কর্তব্য।
সূত্র: ইসলামী বিবাহ- পৃ: ৩৭
📄 বিবাহের অনুষ্ঠানে মহিলাদের সমাগম হওয়া
বর্তমানে বিবাহের অনুষ্ঠান গুলোতে মহিলারা যেভাবে সাজ সজ্জা করে, অলংকারাদী পরে নিজেকে বিকশিত করে বেপর্দেগীর সাথে উপস্থিত হয়, তাতে একথা বুঝতে কারো অসুবিধা হয়না যে, দাওয়াত রক্ষার তুলনায় নিজের প্রদর্শনীই এখানে মুখ্য উদ্দেশ্য। এ ধরণের বেপর্দেগী আর বেহায়াপনার কারণে উক্ত অনুষ্ঠানে উপস্থিত নারী পুরুষ সকলেই গুনাহগার হয়।
কয়েকজন মহিলা দ্বীনি মজলিস ছাড়া অন্য কোথাও একত্রিত হলে সেখানে গুনাহের কাজ যে হবেই তাতে কোন সন্দেহের অবকাশ নেই।
কাজেই, মহিলারা শুধুমাত্র শরঈ প্রয়োজনেই পরষ্পর একত্রিত হতে পারে; অন্য কোন কারণে নয়। তবে এ ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে, তারা যেন সাজ সজ্জা না করে, স্বাভাবিক কাজ কর্মের পোষাক পরে তাতে উপস্থিত হয়। আর স্বামী বা অন্য কোন মাহরাম যেন তাদের সাথে থাকে। দ্বীনী কোন মজলিসেও মহিলাদেরকে একাকী পাঠানো উচিৎ নয়।
সূত্র: ইসলামী বিবাহ: পৃ: ৩৮
📄 গায়ে হলুদের অনুষ্ঠান করা
গায়ে হলুদের নামে ছেলে মেয়েদের অবাধে মেলামেশা করা, বিবাহ অনুষ্ঠান উপলক্ষে নাচ-গানের আসর করা, আলোকসজ্জা করা, আতশবাজী ফোটানো, পুরুষের হাতে মেহেদী লাগানো ইত্যাদি সবই নাজায়েয। বিশেষত: পুরুষের জন্য বিয়ে বা অন্য কোন সময় হাতে বা পায়ে সৌন্দর্যের উদ্দেশ্যে মেহেদী লাগানো জায়েয নেই; বরং তা মাকরুহ। তবে যদি কোন রোগের কারণে যেমন: হাতে বা পায়ে ঘায়ের কারণে ঔষধ হিসাবে পুরুষ মেহেদী ব্যবহার করে তবে মাকরুহ হবেনা।
সূত্র: ফাতাওয়া আলমগীরী ৫/৩৫৯ ফাতাওয়া রশীদিয়া পৃঃ ৪৭১
📄 সামর্থের অধিক মহরানা ধার্য করা
শরীয়তে মোহরের কোন পরিমাণ নির্ধারিত নেই। প্রত্যেকে নিজের সামর্থ অনুযায়ী মোহর ধার্য করবে। তবে মোহরের সর্বনিম্ন পরিমাণ শরীয়ত কর্তৃক নির্ধারিত আছে। আর তা হচ্ছে, আড়াই ভরি রোপা। আর আড়াই ভরি রোপার মূল্য কত? তা বাজার থেকে জেনে নেয়া যেতে পারে। এর চেয়ে কম মোহর ধার্য করা যাবে না।
কিন্তু বর্তমানে আমাদের সমাজে যে প্রথা চালু হয়ে গেছে যে, ছেলের সামর্থ থাক বা না থাক এবং মোহরানার টাকা আদায় করার ইচ্ছা থাক বা না থাক, লোক দেখানো, লোক লজ্জা কিংবা অন্য কোন চাপের কারণে দুই লাখ, পাঁচ লাখ, সাত লাখ, দশ লাখ বা এ ধরণের বড় অংকের মোহরানা ধার্য করা হয়, এটা শরীয়ত সম্মত নয়।
একটি হাদীসে বর্ণিত আছে, “মোহর আদায়ের ইচ্ছা না থাকা স্বত্বেও যে ব্যক্তি মোহর ধার্য করবে সে কাল কিয়ামতের দিন ব্যাভিচারীদের কাতারে উঠবে। এবং ঐ অবস্থায় তাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে।”
সূত্র: কানযুল উম্মাল ১৬/৫৪২, ইসলামী বিবাহ-১৪