📄 মরণোত্তর চক্ষু, কিডনি বা অন্য কোন অঙ্গ দান করা
পূর্ববর্তী ফুকাহায়ে কেরাম নিজের জীবদ্দশায় রক্ত ব্যতীত দেহের অন্য কোন অঙ্গ প্রতঙ্গ যেমন, চক্ষু, কিডনি, ইত্যাদি ক্রয়-বিক্রয় করা, অন্য কাউকে দান করা বা মরণোত্তর দান করার ওসিয়্যত করাকে নাজায়েয বা হারাম বলে ফাতাওয়া প্রদান করেছেন।
কিন্তু পরবর্তী অনেক ফকীহ প্রয়োজনের প্রতি লক্ষ্য করে কতিপয় শর্ত সাপেক্ষে চক্ষু, কিডনি ইত্যাদি জোড়া অঙ্গের কোন একটি যদিও দান করা জায়েয বলে ফাতাওয়া প্রদান করেছেন কিন্তু এগুলো বিক্রি করা কিংবা মরণোত্তর দান করে দেওয়ার ওসিয়্যত করাকে কোন অবস্তাতেই জায়েয বলে ফতওয়া দেননি। কারণ, আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ ফরমান, “আমি সমগ্র সৃষ্ট জীবের মধ্যে মানব জাতীকে সর্বাধিক সম্মানিত করেছি।” সূত্র: সূরা বনী ইসরাঈল, আয়াত- ৭০
অপর এক আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, “ভূপৃষ্টে যা কিছু আছে সব তিনি তোমাদের (মানব মন্ডলীর) উপকারের জন্যই সৃষ্টি করেছেন।” সূত্র: সূরা বাকারা, আয়াত ২৯
আল্লাহ তা'আলা মানুষের উপকারার্থে তাদের অঙ্গ-প্রতঙ্গ সমূহকে তাদের নিকট আমানত রেখেছেন এবং নির্ধারিত ক্ষেত্র সমূহে ব্যবহারের অনুমতি প্রদান করেছেন।- তাদেরকে এগুলোর মালিক বানিয়ে দেননি। এ কারণেই আত্মহত্যা করা হারাম বলে ঘোষণা করা হয়েছে এবং অঙ্গ-প্রতঙ্গ বেচাকেনা বা দান করার কোন অধিকার বান্দাকে দেওয়া হয়নি। কারণ, কোন কিছু বেচাকেনা করা বা দান করার জন্য ঐ বস্তুর মালিকানা থাকা জরুরী।
আবূ দাউদ শরীফে বর্ণিত একটি হাদীসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, “মৃত ব্যক্তির হাড় ভেঙ্গে দেওয়া জীবিত ব্যক্তির হাড় ভেঙ্গে দেওয়ার মতই অপরাধ।” অর্থাৎ মৃত ব্যক্তি এতে জীবিত ব্যক্তির ন্যায়ই কষ্ট অনুভব করে। যদিও প্রকাশ করতে পারেনা। আর এর দ্বারা জীবিত ব্যক্তির ন্যায় মৃত ব্যক্তিরও অসম্মান করা হয়। সূত্র: আবূদাঊদ হাদীস নং ৩২০৭
ফাতাওয়ার কিতাব সমুহে সুস্পষ্ট ভাবে বর্ণিত আছে যে, মানুষের চুল বিক্রি করা নাজায়েয এবং এর দ্বারা অন্যের উপকৃত হওয়াও নাজায়েয। কারণ, মানুষ সম্মানিত।
এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে, শরীয়তের বিধি-নিষেধ মানতে গিয়ে সংকটে পড়তে হয় এমন ধারণা করাও অবান্তর। কেননা, চিকিৎসা বিজ্ঞানীগণ যদি মানব অঙ্গের বিকল্প ব্যবস্থা হিসাবে জড় পদার্থ উদ্ভিদ ও অন্যান্য প্রাণী নিয়ে গবেষণা করেন তাহলে তা থেকে চূড়ান্ত লক্ষ্য অর্জন করা মোটেও অসম্ভব নয়। এভাবে তা সম্পূর্ণ শরীয়ত সম্মত পদ্ধতিতে মানব কল্যাণে ব্যবহৃত হতে পারে।
মনে রাখতে হবে, শরীয়তের এ গুরুত্বপূর্ণ বিধানের প্রতি অবহেলো প্রদর্শন পূর্বক যদি আল্লাহ তা'আলার নিষেধাজ্ঞা অমান্য করা হয় তাহলে এর পরিণাম হবে ভয়াবহ। যেমনটি বর্তমানে অহরহ শোনা যাচ্ছে যে, দুর্বৃত্তরা সুস্থ-সবল মানুষকে অপহরণ করে নিয়ে তাদের শরীরের দামী অঙ্গ-প্রত্যঙ্গ তুলে নিয়ে অবশিষ্টাংশ ফেলে দিচ্ছে। এভাবে লুণ্ঠণ আর হাইজ্যাকের ঘটনা দিন দিন বেড়েই চলছে।
এছাড়াও, অসচ্ছল গরীবগণ স্বেচ্ছা প্রণোদিত হয়ে তাদের শরীরের এক এক অঙ্গ ধনীদের নিকট বিক্রি করে দারিদ্রতা দূর করছে, এমন খবরও শোনা যায়। সুতরাং শরীয়তের হুকুম পালন করার মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে।
সূত্র: সহীহ বুখারী ২/৮৭৮, ফাতাওয়ায়ে শামী ৫/৮৫, ফাতাওয়ায়ে আলমগীরী ৩/১১৫, বাদায়েউস সানায়ে ৪/৩৩৩, ফাতাওয়ায়ে রহীমিয়্যাহ ১০/২৫০
📄 মুমূর্ষু ব্যক্তিকে কালিমা পড়ার তাকীদ দেওয়া
মুমূর্ষু ব্যক্তিকে কালিমার তালকীন করা মুস্তাহাব। তবে, এ ক্ষেত্রে তাকে কালিমা পড়ার আদেশ দেওয়া অনুচিৎ। কারণ, সে মৃত্যু যন্ত্রনায় কাতর হয়ে কালিমা পড়তে অস্বীকার করে বসতে পারে। ফলে, জীবনের শেষ মুহুর্তে ঈমান হারা হয়ে মৃত্যু বরণ করতে পারে। কাজেই, এটা কত মারাত্মক স্পর্শকাতর বিষয়! আমরা কি কখনো চিন্তা করে দেখেছি?
নিয়ম হলো, মুমূর্ষু ব্যক্তি শুনতে পায় এতটুকু আওয়াজে তার পার্শ্বে বসে কালিমা পড়তে থাকা। যাতে সে তা শুনে নিজেও পড়ে নেয়। এভাবে একবার কালিমা পড়ে নিলে দ্বিতীয়বার পড়ার জন্য আর তালকীন না করা। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কালিমার তালকীন করতেই থাকতে হবে এমন মনে করা ভুল।
সূত্র: ফাতাওয়া শামী ২/১৯
📄 মাইয়্যেতের আত্মীয় স্বজন কর্তৃক সবরের পরিপন্থী কাজ করা
মাইয়্যেতের মৃত্যুর পর প্রায়শ:ই দেখা যায়, তার আত্মীয় স্বজন সবরের পরিপন্থী অনেক কাজে লিপ্ত হয়ে থাকে। যেমন: উঁচু আওয়াজে ক্রন্দন করা, পরিধেয় বস্ত্র ছিঁড়ে ফেলা, মাথা, বুক চাপড়ানো, মুখে শিরকী শব্দ উচ্চারণ করা ইত্যাদি। এগুলো থেকে অবশ্যই বিরত থাকা উচিৎ। কারণ, অনেক ক্ষেত্রে এর দরুন মৃত ব্যক্তিকে আজাব ভোগ করতে হয়।
সূত্র: বুখারী, হাদীস নং ৬২৯৪, তিরমিযী শরীফ, হাদীস নং ৯৮৪
📄 কালিমা বা কুরআনের আয়াত খঁচিত চাদর দিয়ে মুর্দার খাটিয়া ঢাকা
অনেক স্থানে দেখা যায়, কালিমা, আয়াতুল কুরসী বা কুরআনের অন্য কোন আয়াত খঁচিত চাদর দ্বারা মাইয়্যেতের খাটিয়া ঢেকে রাখা হয়। আবার অনেকে কাফনের কাপড়ে আয়াতুল কুরসী বা অন্য কোন আয়াত লিখে দেয় বা মাইয়্যেতের কপালে বা বুকের উপর আল্লাহ বা অন্য কোন শব্দ সুরমা দিয়ে বা অন্য কোন কিছু দিয়ে লিখে দেয়। অনেকে আবার এগুলো করার জন্য অসিয়্যত করে যায়।
এসবই নাজায়েয। কারণ, এর দ্বারা কুরআনের বেহুরমতী হয়। কখনো কখনো কুরআনের আয়াতে নাপাক লেগে গিয়ে তা গুনাহের কারণ হয়ে যায়। সুতরাং এসব প্রথা পরিহার করা উচিৎ এবং মাইয়্যেতকে ঢাকতে চাইলে সাধারণ চাদর দিয়ে ঢাকা উচিৎ।
সূত্র: বুখারী শরীফ, হাদীস নং ২৬৯৭, আহসানুল ফাঃ ১/৩১৫