📘 সহীহ শামায়েলে তিরমিযী > 📄 রাসূলুল্লাহ্ ﷺ এর মোজা ব্যবহার

📄 রাসূলুল্লাহ্ ﷺ এর মোজা ব্যবহার


রাসূলুল্লাহ ﷺ নাজ্জাশীর হাদিয়াকৃত কালো রঙের মোজা পরিধান করতেন:
عَنِ ابْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيْهِ . أَنَّ النَّجَاشِيَ أَهْدَى لِلنَّبِيِّ ﷺ خُفَّيْنِ أَسْوَدَيْنِ سَادَجَيْنِ. فَلَبِسَهُمَا ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَيْهِمَا
৫৮. ইবনে বুরাইদা (রাঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন যে, একদা নাজ্জাশী রাসূলুল্লাহ-কে এক জোড়া কালো রঙের মোজা হাদিয়া পাঠান। এরপর তিনি ঐ মোজা দুটি পরিধান করে ওযু করলেন এবং এর উপর মাসেহ করলেন।
ব্যাখ্যা: তৎকালীন হাবশার (আবিসিনিয়ার) বাদশার উপাধি ছিল নাজ্জাশী। মক্কা হতে মুসলমানদের হাবশায় হিজরত করাটা নাজ্জাশীর শাসনামলে হয়েছিল। তিনি ইসলাম কবুল করেছিলেন। নাজ্জাশী রাসূলুল্লাহ-কে বিভিন্ন জিনিস উপহার হিসেবে পাঠিয়ে ছিলেন। তার মধ্যে একটি কোর্তা, একটি পাজামা এবং একটি রুমাল ছিল। রাসূলুল্লাহ তাঁর মৃত্যুর সংবাদ শুনে সাহাবীদেরকে নিয়ে গায়েবানা জানাযা আদায় করেছিলেন। আর এটাই হলো প্রথম গায়েবানা জানাযার নামায।

টিকাঃ
৬০ আবু দাউদ, হা/১৫৫; ইবনে মাজাহ, হা/৫৪৯; মুসনাদে আহমাদ, হা/২৩০৩১: সুনানে কুবরা লিল বায়হাকী, হা/১৩৯৪।

📘 সহীহ শামায়েলে তিরমিযী > 📄 রাসূলুল্লাহ্ ﷺ এর জুতার বিবরণ

📄 রাসূলুল্লাহ্ ﷺ এর জুতার বিবরণ


রাসূলুল্লাহ এর প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল:
عَنِ ابْنِ عَبَّاسٍ ﷺ قَالَ : كَانَ لِنَعْلِ رَسُولِ اللَّهِ ﷺ قِبَالَانِ مَثْنِيٌّ شِرَا لَهُمَا
৫৯. ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ এর প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল। ৬১
তাঁর জুতা ছিল চামড়ার:
حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ قَالَ : أَخْرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ نَعْلَيْنِ جَرْدَا وَيْنِ لَهُمَا قِبَالَانِ. قَالَ : فَحَدَّثَنِي ثَابِتٌ بَعْدُ عَنْ أَنَسٍ أَنَّهُمَا كَانَتَا نَعْلَي النَّبِيِّ ﷺ
৬০. ঈসা ইবনে তাহমান (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আনাস ইবনে মালিক (রাঃ) আমাদের সম্মুখে দুটি লোমশূণ্য জুতা নিয়ে আসেন। আর ঐ দুটিতে দুটি করে চামড়ার ফিতা ছিল। তিনি (আহমাদ) বলেন, পরে সাবিত (রহঃ) আমাকে আনাস (রাঃ) হতে হাদীস শোনান যে, সে জুতা দুটি ছিল রাসূলুল্লাহ এর। ৬২
ব্যাখ্যা: সে সময়ে আরবে পশমসহ চামড়া দ্বারা জুতা বানানোর রীতি ছিল এবং এ ধরনের জুতা পরিধানের রীতি ছিল। এজন্য বর্ণনাকারী স্পষ্ট করে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ এর জুতা পশমবিহীন ছিল।
তিনি এসব জুতা পরে ওযু করতেন:
عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ ، أَنَّهُ قَالَ لِابْنِ عُمَرَ : رَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السَّبْنِيَّةَ ، قَالَ : إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَلْبَسُ النِّعَالَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ ، وَيَتَوَضَّأُ فِيهَا ، فَأَنَا أُحِبُّ أَنْ الْبَسَهَا
৬১. উবাইদ ইবনে জুরাইজ (রহঃ) হতে বর্ণিত। তিনি ইবনে উমর (রাঃ)-কে বললেন, আমি আপনাকে লোমশূণ্য জুতা পরিধান করতে দেখেছি। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ কে এমন জুতা পরিধান করতে দেখেছি, যাতে কোন লোম ছিল না। আর তিনি সে জুতা পরিধান করে ওযু করেছেন। তাই আমি লোমশূণ্য জুতা অধিক ভালোবাসি। ৮০
তাঁর জুতার ফিতা দুটি ছিল চামড়ার:
عَنْ أَبِي هُرَيْرَةَ ﷺ ، قَالَ : كَانَ لِنَعْلِ رَسُوْلِ اللَّهِ ﷺ قِبَالَانِ
৬২. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ এর জুতায় দুটি করে চামড়ার ফিতা ছিল। ৬৪
রাসূলুল্লাহ তালিযুক্ত জুতাও পরিধান করতেন:
عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ ﷺ يَقُولُ : رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ يُصَلِّي فِي نَعْلَيْنِ مَخْصُوفَتَيْنِ
৬৩. আমর ইবনে হুরায়ছ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ -কে তালিযুক্ত জুতা পরিধান করে সালাত আদায় করতে দেখেছি। ৬৫
তিনি এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন:
عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ : لَا يَمْشِيَنَّ أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ ، لِيُنْعِلُهُمَا جَمِيعًا أَوْ لِيُحْفِهِمَا جَمِيعًا
৬৪. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাঁটে। হয়তো দু'পায়ে জুতা পরিধান করবে কিংবা খালি পায়ে হাঁটবে। ৬৬
عَنْ جَابِرٍ ، أَنَّ النَّبِيَّ ﷺ نَهَى أَنْ يَأْكُلَ ، يَعْنِي الرَّجُلَ ، بِشِمَالِهِ ، أَوْ يَمْشِيَ فِي نَعْلٍ وَاحِدَةٍ
৬৫. জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী বাম হাতে খেতে এবং এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন। ৬৭
জুতা পরিধান করা এবং খোলার ব্যাপারে রাসূলুল্লাহ এর দিক নিদের্শনা:
عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ : إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأُ بِالْيَمِينِ ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأُ بِالشِّمَالِ ، فَلْتَكُنِ الْيَمِينُ أَوْ لَهُمَا تُنْعَلُ وَاخِرَهُمَا تُنْزَعُ
৬৬. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। নবী ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে। কিন্তু খোলার সময় যেন বাম দিক হতে আরম্ভ করে। আর তাই জুতা পরিধানে ডান পা প্রথমে দেবে এবং খোলার সময় বাম পা হতে প্রথমে জুতা খোলবে। ৬৮
রাসূলুল্লাহ ডান দিক থেকে জুতা পরিধান করতেন:
عَنْ عَائِشَةَ قَالَتْ : كَانَ رَسُولُ اللهِ ﷺ يُحِبُّ التَّيَمَنَ مَا اسْتَطَاعَ فِي تَرْجُلِهِ وَتَنَعُلِهِ وَظُهُورِهِ
৬৭. আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ তাঁর কেশ বিন্যাস করা, জুতা পরিধান করা ও পবিত্রতা অর্জনের ব্যাপারে ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। ৬৯
আবু বকর ও উমর (রাঃ)ও রাসূলুল্লাহর এর ন্যায় জুতা ব্যবহার করতেন:
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : كَانَ لِنَعْلِ رَسُولِ اللهِ ﷺ قِبَالَانِ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ ، وَأَوَّلُ مَنْ عَقَدَ عَقْدًا وَاحِدًا عُثْمَانُ
৬৮. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ, আবু বকর (রাঃ) ও উমর (রাঃ) প্রমুখের জুতায় দুটি করে ফিতা ছিল। উসমান (রাঃ)-ই সর্বপ্রথম এক ফিতাবিশিষ্ট জুতা পরিধান করেন। ৭০

টিকাঃ
৬১ ইবনে মাজাহ, হা/৩৬১৪; শারহুস সুন্নাহ, হা/৩১৫৪।
৬২ সহীহ বুখারী, হা/৩১২৭।
৮০ মুয়াত্তা ইমাম মালেক, হা/৭৩৩; সহীহ বুখারী, হা/১৬৬; সহীহ মুসলিম, হা/২৮৭৫; আবু দাউদ, হা/১৭৭৪; মুসনাদে আহমাদ, হা/৫৩৩৮; সহীহ ইবনে হিব্বান, হা/৩৭৬৩।
৬৪ মুজামুল সগীর, হা/২৫৪।
৬৮ সুনানে কুবরা লিন নাসাঈ, হা/৯৭১৭; মুসনাদে আবু ইয়ালা, হা/১৪৬৫।
৬৬ মুয়াত্তা মালেক, হা/১৬৩৩; সহীহ বুখারী, হা/৫৮৫৬।
৬৭ সহীহ মুসলিম, হা/৫৬২০; মুসনাদে আহমাদ, হা/১৪১৫৩; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৩৩৩২।
৬৮ মুয়াত্তা মালেক, হা/১৬৩৪; সহীহ বুখারী, হা/৫৮৫৫; মুসনাদে আহমাদ, হা/১০০০৪।
৬৯ সহীহ বুখারী, হা/৪২৬; সুনানে নাসাঈ, হা/৪২১; মুসনাদে আহমাদ, হা/২৪৬৭১; ইবনে হিব্বান, হা/১০৯১।
৭০ মুজামুল কাবীর, হা/১২৮।

📘 সহীহ শামায়েলে তিরমিযী > 📄 রাসূলুল্লাহ্ ﷺ এর আংটির বিবরণ

📄 রাসূলুল্লাহ্ ﷺ এর আংটির বিবরণ


রাসূলুল্লাহ এর আংটিতে আবিসিনীয় পাথর বসানো ছিল:
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ خَاتَمُ النَّبِيِّ ﷺ مِنْ وَرِقٍ ، وَكَانَ فَقُهُ حَبَشِيًّا
৬৯. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী রূপার আংটি ব্যবহার করতেন। আর তাঁর আংটিতে আবিসিনীয় পাথর বসানো ছিল। ৭১
রাসূলুল্লাহ সীল মারার জন্য আংটিটি তৈরি করেছিলেন:
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ هُ قَالَ : لَمَّا أَرَادَ رَسُولُ اللهِ ﷺ أَنْ يَكْتُبَ إِلَى الْعَجَمِ قِيلَ لَهُ : إِنَّ الْعَجَمَ لَا يَقْبَلُونَ إِلَّا كِتَابًا عَلَيْهِ خَاتَمْ ، فَاصْطَنَعَ خَاتَمًا فَكَانِي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي كَفِهِ
৭১. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ যখন অনারব রাজা-বাদশাহদের কাছে দাওয়াতপত্র প্রেরণের সংকল্প (ইচ্ছা) করেন তখন তাঁকে জানিয়ে দেয়া হয় যে, তারা সীল ছাড়া চিঠি গ্রহণ করে না। তাই তিনি একটি আংটি তৈরি করান। তাঁর হাতের নিচে রাখা আংটিটির ঔজ্জ্বল্য যেন আজও আমার চোখের সামনে ভাসছে।৭৩
ব্যাখ্যা: রাসূলুল্লাহ প্রথমত কোন আংটি তৈরি করেননি। কিন্তু যখন অবগত হলেন বিভিন্ন রাজা-বাদশাহগণ সীল-মোহর ছাড়া চিঠিপত্রের মূল্যায়ন করেন না, তাই রাসূলুল্লাহ দীনের দাওয়াত দিয়ে চিঠি প্রেরণের জন্য আংটি তৈরি করেন।
হাদীস থেকে প্রতিয়মান হয় যে, চিঠিপত্রের মাধ্যমে দীনের দাওয়াত দেয়াও সুন্নত। সুলায়মান (আঃ) সর্বপ্রথম চিঠির মাধ্যমে সাবার রাণী বিলকীসকে দাওয়াত দিয়েছিলেন।
আংটিটিতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ' অংকিত ছিল:
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : كَانَ نَقْشُ خَاتَمِ رَسُولِ اللهِ ﷺ : مُحَمَّدٌ سَطْرٌ ، وَرَسُولٌ سَطْرٌ ، وَاللَّهُ سَطْرٌ
৭২. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ এর আংটিতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ' অংকিত ছিল। 'মুহাম্মাদ' এক লাইনে, 'রাসূল' এক লাইনে এবং 'আল্লাহ' এক লাইনে। ৭৪
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ه . أَنَّ النَّبِيَّ ﷺ كَتَبَ إِلَى كِسْرَى وَقَيْصَرَ وَالنَّجَاشِيِّ ، فَقِيلَ لَهُ : إِنَّهُمْ لَا يَقْبَلُونَ كِتَابًا إِلَّا بِخَاتَمٍ فَصَاغَ رَسُولُ اللهِ ﷺ خَاتَمًا حَلْقَتُهُ فِضَّةٌ ، وَنُقِشَ فِيْهِ : مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ
৭৩. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী পারস্য সম্রাট কিসরা, রোম সম্রাট কায়সার এবং আবিসিনীয় বাদশাহ নাজ্জাশীর নিকট (ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে) চিঠি লেখার ইচ্ছে পোষণ করেন। তখন তাঁকে জানানো হলো যে, তারা সীল-মোহর ছাড়া চিঠি গ্রহণ করেন না। এরপর রাসূলুল্লাহ একটি আংটি তৈরি করান, যার বৃত্তটি ছিল রৌপ্যের। আর তিনি ঐ আংটিতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ' অংকিত করান। ৭৫
ব্যাখ্যা: রাসূলুল্লাহ যেসব বাদশাহর নামে চিঠি পাঠিয়েছেন: রাসূলুল্লাহ যেসব রাজা-বাদশাহ ও শাসকদের নামে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি প্রেরণ করেন তাদের কয়েকজনের তালিকা নিম্নে দেয়া হলো:
১. রোমের সম্রাট হিরাক্লিয়াস : সাহাবী দিহইয়া কালবী (রাঃ) তার কাছে চিঠি নিয়ে যান। রাসূলুল্লাহ ﷺ এর নবুওয়াতের প্রতি তার বিশ্বাস থাকার পরও তিনি ঈমান আনেননি। তবে রাসূলুল্লাহ ﷺ এর চিঠির কোন অবমাননাও করেননি।
২. পারস্যের সম্রাট পারভেজ : আবদুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী (রাঃ) তার কাছে চিঠি নিয়ে যান। পাপী পারভেজ রাসূলুল্লাহ ﷺ এর চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে। অতঃপর রাসূলুল্লাহ ﷺ এর বদ দু'আর ফলে তার রাজ্যও ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায়।
৩. আবিসিনিয়ার অধিপতি নাজ্জাশী : এ চিঠির বাহক সাহাবী আমর ইবনে উমাইয়া (রাঃ)। যে নাজ্জাশী হাবশায় মুসলমানদেরকে স্থান দিয়েছিলেন তাঁর নাম আমবাসা। ষষ্ঠ হিজরী সনে তিনি ইসলাম গ্রহণ করেন এবং নবম হিজরী সনে মারা যান। মদিনায় রাসূলুল্লাহ ﷺ তাঁর গায়েবানা জানাযা আদায় করেন।
৪. মিশরের রাজা মুকাওকিস : তার কাছে চিঠি নিয়ে যান হাতিব ইবনে আবী বালতা'আ। তিনি ইসলাম কবুল করেননি। তবে রাসূলুল্লাহ ﷺ এর নিকট হাদিয়া প্রেরণ করেন।
৫. বাহরাইনের রাজা মুনযির ইবনে সাদী: আলা ইবনে হাযরাম (রাঃ) তার কাছে চিঠি নিয়ে যান। তিনি ইসলাম কবুল করেন এবং ইসলামী খিলাফাতের অন্তর্ভুক্ত হয়ে যান।
৬. আম্মানের রাজা: সে সময় আম্মানে ছিল দু'জন বাদশাহ। রাসূলুল্লাহ ﷺ আমর ইবনে আস (রাঃ) এর মাধ্যমে তাদের কাছে চিঠি প্রেরণ করেন। চিঠি পেয়ে তাঁরা উভয়েই ইসলাম গ্রহণ করেন।
আংটিটি পর্যায়ক্রমে খলীফাগণ ব্যবহার করেন এবং উসমান (রাঃ) এর হাত থেকে তা একটি কূপে পড়ে যায়:
عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : اتَّخَذَ رَسُولُ اللهِ ﷺ خَاتَمًا مِنْ وَرِقٍ ، فَكَانَ فِي يَدِهِ ثُمَّ كَانَ فِي يَدِ أَبِي بَكْرٍ ، وَيَدِ عُمَرَ ثُمَّ كَانَ فِي يَدِ عُثْمَانَ ، حَتَّى وَقَعَ فِي بِئْرِ آرِيسٍ نَقْشُهُ : مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ
৭৪. ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ একটি রূপার আংটি তৈরি করান। সর্বদা তা তাঁর হাতে থাকত। তারপর তা পালাক্রমে আবু বকর (রাঃ) উমর (রাঃ) এর হাতে আসে। এরপর উসমান (রাঃ) এর হাত থেকে (মু'আয়কিবের সাথে লেনদেনের সময়) তা আরীস নামক কূপে পড়ে যায়। তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ' অংকিত ছিল। ৭৬
ব্যাখ্যা: এ কূপটি মসজিদে কুবার নিকটস্থ একটি খেজুর বাগানে অবস্থিত ছিল। সিরীয় ভাষাতে 'আরীস' অর্থ কৃষক। আরীস নামক একজন ইয়াহুদির নাম অনুপাতে ঐ কূপের নামকরণ করা হয়েছিল 'বি'রে আরীস' বা আরীসের কূপ।

টিকাঃ
৭১ আবু দাউদ, হা/৪২১৮
৭২ নাসাঈ, হা/৫২১৮; মুসনাদে আহমাদ, হা/৫৩৬৬।
৭৩ সহীহ মুসলিম, হা/৫৬০২; মুসনাদে আবু ইয়ালা, হা/৩০৭৫।
৭৪ সহীহ বুখারী, হা/৫৮৭৮; ইবনে হিব্বান, হা/১৪১৪।
৭৫ সহীহ মুসলিম, হা/৫৬০৩।
৭৬ সহীহ বুখারী, হা/৫৮৭৩; সহীহ মুসলিম, হা/৫৫৯৭; মুসনাদে আহমাদ, হা/৪৭৩৪; সুনানে কুবরা লিন নাসাঈ, হা/৭৮১৪।

📘 সহীহ শামায়েলে তিরমিযী > 📄 নবী ﷺ ডান হাতে আংটি পরিধান করতেন

📄 নবী ﷺ ডান হাতে আংটি পরিধান করতেন


রাসূলুল্লাহ ﷺ আংটি ডান ও বাম হাতে পরিধান করতেন- এ সম্পর্কে উভয় ধরনের হাদীস বর্ণিত আছে। ইমাম বুখারী (রহঃ) ও ইমাম তিরযিমী (রহঃ) এর মতে ডান হাতে আংটি পরিধান করার হাদীস প্রাধান্যযোগ্য। তবে এ অধ্যায়ে ইমাম তিরমিযীর শিরোণাম থেকেই স্পষ্ট হয়ে যায়, তিনি ডান হাতে পরিধান করার হাদীসসমূহকে প্রাধান্য দিয়েছেন।
নবী ﷺ ডান হাতে আংটি পরিধান করতেন:
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ لَهُ : أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَلْبَسُ خَاتَمَهُ فِي يَمِينِهِ
৭৫. আলী ইবনে আবু তালেব (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ ডান হাতে আংটি পরিধান করতেন। ৭৭
সাহাবীগণও তাঁর অনুসরণে ডান হাতে আংটি পরিধান করতেন:
عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ ، قَالَ : رَأَيْتُ ابْنَ أَبِي رَافِعٍ ، يَتَخَتَّمُ فِي يَمِينِهِ فَسَأَلْتُهُ عَنْ ذُلِكَ فَقَالَ : رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ ، وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ : كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَتَخَتَمُ فِي يَمِينِهِ
৭৬. হাম্মাদ ইবনে সালামা (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবু রাফি'কে ডান হাতে আংটি পরিধান করতে দেখে কারণ জিজ্ঞেস করলাম। জবাবে তিনি বললেন, আমি আবদুল্লাহ ইবনে জাফরকে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছি। আর আবদুল্লাহ ইবনে জাফর (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ ﷺ কে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছেন। ৭৮
عَنِ الصَّلَتِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ : كَانَ ابْنُ عَبَّاسٍ ، يَتَخَتَمُ فِي يَمِينِهِ وَلَا إِخَالُهُ إِلَّا قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَتَخَتَمُ فِي يَمِينِهِ
৭৭. সালত ইবনে আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইবনে আব্বাস (রাঃ) তাঁর ডান হাতে আংটি পরিধান করতেন। আমার যতদূর মনে পড়ে তিনি শুধু বলেছিলেন, রাসূলুল্লাহ ডান হাতে আংটি পরিধান করতেন।
রাসূলুল্লাহ এর আংটির পাথরটি হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখতেন :
عَنِ ابْنِ عُمَرَ : أَنَّ النَّبِيَّ ﷺ اِتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ ، وَجَعَلَ فَضَةً مِمَّا يَلِي كَفَّهُ ، وَنَقَشَ فِيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللهِ ، وَنَهَى أَنْ يَنْقُشَ أَحَدٌ عَلَيْهِ وَهُوَ الَّذِي سَقَطَ مِنْ مُعَيُقِيبٍ فِي بِثْرِ أَرِيسٍ
৭৮. ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ একটি রৌপ্যের আংটি তৈরি করান, যার পাথর স্থাপিত দিকটি তাঁর হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখেন। এ আংটিতে তিনি 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ' অংকিত করান। তবে অন্য কাউকে তা অংকিত করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ঐ আংটিটি মু'আয়কীবের হাত থেকে আরীস কূপে পড়ে যায়। ১৭৯
হাসান ও হুসাইন (রাঃ) বাম হাতে আংটি পরিধান করতেন :
عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيْهِ قَالَ : كَانَ الْحَسَنُ وَالْحُسَيْنُ يَتَخَتَمَانِ فِي يَسَارِهِمَا
৭৯. জাফর ইবনে মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিত। তিনি তাঁর পিতার হতে বর্ণনা করেন যে, হাসান ও হুসাইন (রাঃ) বাম হাতে আংটি পরিধান করতেন।৮০
স্বর্ণের আংটি ব্যবহার করা যাবে না :
عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : اتَّخَذَ رَسُولُ اللهِ ﷺ خَاتَمًا مِنْ ذَهَبٍ ، فَكَانَ يَلْبَسُهُ فِي يَمِينِهِ . فَاتَّخَذَ النَّاسُ خَوَا تِيمَ مِنْ ذَهَبٍ فَطَرَحَهُ وَقَالَ : لَا الْبَسُةَ أَبَدًا فَطَرَحَ النَّاسُ خَوَاتِيْمَهُمْ
৮০. ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ একটি স্বর্ণের আংটি তৈরি করান। তিনি তা ডান হাতে পরিধান করতেন। সাহাবায়ে কেরাম (রাঃ)ও তাঁর দেখাদেখি স্বর্ণের আংটি তৈরি করান। এক পর্যায়ে তিনি স্বর্ণের আংটিটি খুলে ফেলেন এবং বলেন, আমি কখনো তা পরিধান করব না। অতঃপর সাহাবায়ে কেরাম (রাঃ)ও তাঁদের আংটি খুলে ফেলেন।১
ব্যাখ্যা: ইসলামের প্রাথমিক যুগে স্বর্ণের ব্যবহার বৈধ ছিল। এজন্য রাসূলুল্লাহ প্রথমে স্বর্ণের আংটি তৈরি করান এবং পরিধান করেন। অতঃপর সাহাবীগণও তাঁর অনুসরণে স্বর্ণের আংটি তৈরি করান। যখন স্বর্ণের ব্যবহার পুরুষের জন্য নিষিদ্ধ হয়, রাসূলুল্লাহ তখন সে আংটিটি খুলে ফেলেন এবং সাহাবীগণও খুলে ফেলেন।

টিকাঃ
৭৭ আবু দাউদ, হা/৪২২৮: সুনানে নাসাঈ, হা/৫২০৩; সুনানে কুবরা লিন নাসাঈ, হা/৯৪৫৮; ইবনে হিব্বান, হা/৫৫০১।
৭৮ মুসনাদে আহমাদ, হা/১৭৪৬; শারহুস সুন্নাহ, হা/৩১৪২।
১৭৯ সহীহ মুসলিম, হা/৫৫৯৮; মুস্তাখরাজে আবু 'আওয়ানা, হা/৬৯৮৬; শারহুস সুন্নাহ, হা/১৩৩৩; মুসনাদে হুমায়দী, হা/৭০৯।
৮০ মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/২৫৬৭৩; শারহুস সুন্নাহ, হা/৩১৪৭।
৮১ শারহুস সুন্নাহ, হা/৩১২৯।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00