📘 সহীহ হাদীস সম্বলিত অহি ও ঈমান বিশ্বকোষ > 📄 ফিতনা থেকে পলায়ন পূর্ণাঙ্গ ঈমানের অংশ

📄 ফিতনা থেকে পলায়ন পূর্ণাঙ্গ ঈমানের অংশ


عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ المُسْلِمِ غَنَمُ يَتْبَعُ بِهَا شَعَفَ الجِبَالِ وَمَوَاقِعَ القَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الفتن».
আবু সা'ঈদ খুদুরী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "সেদিন দূরে নয়, যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরী, যা নিয়ে সে পাহাড়ের চুড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা থেকে সে তার দীন নিয়ে পালিয়ে যাবে”। সহীহ, মুয়াত্তা মালেক, হাদীস নং ১৬; সহীহ বুখারী, হাদীস নং ১৯।
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: جَاءَ أَعْرَابِيُّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ خَيْرٌ؟ قَالَ: رَجُلٌ جَاهَدَ بِنَفْسِهِ وَمَالِهِ، وَرَجُلٌ فِي شِعْبٍ مِنَ الشَّعَابِ: يَعْبُدُ رَبَّهُ، وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ».
আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, একজন বেদুঈন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, ইয়া রাসুলাল্লাহ্! কোন ব্যক্তি সবচাইতে উত্তম? তিনি বললেন, "সে ব্যক্তি যে নিজের জান ও মাল দিয়ে জিহাদ করে, আর সে ব্যক্তি যে ব্যক্তি পাহাড় বেষ্টিত এলাকাসমূহের কোনোটিতে তার রবের ইবাদত করতে থাকে এবং মানুষকে তার অনিষ্ট থেকে রেহাই দেয়”। মুত্তাফাকুন 'আলাইহি, সহীহ বুখারী, হাদীস নং ৬৪৯৪; সহীহ মুসলিম, হাদীস নং ১৮৮৮।
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «مِنْ خَيْرِ مَعَاشِ النَّاسِ لَهُمْ، رَجُلٌ مُمْسِكُ عِنَانَ فَرَسِهِ فِي سَبِيلِ اللهِ، يَطِيرُ عَلَى مَتْنِهِ، كُلَّمَا سَمِعَ هَيْعَةً، أَوْ فَزْعَةٌ طَارَ عَلَيْهِ، يَبْتَغِي الْقَتْلَ وَالْمَوْتَ مَظَانَّهُ، أَوْ رَجُلٌ فِي غُنَيْمَةٍ فِي رَأْسِ شَعَفَةٍ مِنْ هَذِهِ الشَّعَفِ، أَوْ بَطْنِ وَادٍ مِنْ هَذِهِ الْأَوْدِيَةِ، يُقِيمُ الصَّلَاةَ، وَيُؤْتِي الزَّكَاةَ، وَيَعْبُدُ رَبَّهُ حَتَّى يَأْتِيَهُ الْيَقِينُ، لَيْسَ مِنَ النَّاسِ إِلَّا فِي خَيْرٍ».
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "সর্বোত্তম জীবন যাপনকারী হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর পথে (জিহাদের উদ্দেশ্যে) তার ঘোড়ার লাগাম ধরে রাখে, যে দিকেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় অথবা সাহায্যের আবেদন শুনতে পায় সেদিকেই সে এর পিঠে চড়ে উড়ে চলে। সে এর পিঠে চড়ে প্রয়োজনের ক্ষেত্রে নিহত হয় বা মৃত্যুর দিকে (যুদ্ধক্ষেত্রে) ধাবিত হয় অথবা এমন ব্যক্তি যে তার মেষপাল নিয়ে নির্জনে কোনো পাহাড়ের উচ্চ শৃঙ্গে অথবা উপত্যকায় অবস্থান করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং তার রবের ইবাদতে মশগুল থাকে। এ অবস্থায় তার মৃত্যু এসে যায়, এ দুই ব্যক্তি মানুষের মধ্যে কেবল কল্যাণেই রত থাকে" সহীহ, সহীহ মুসলিম, হাদীস নং ১৮৮৯।

📘 সহীহ হাদীস সম্বলিত অহি ও ঈমান বিশ্বকোষ > 📄 ভয়-শঙ্কার কারণে ঈমান গোপন রাখা জায়েয প্রসঙ্গে

📄 ভয়-শঙ্কার কারণে ঈমান গোপন রাখা জায়েয প্রসঙ্গে


عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اكْتُبُوا لِي مَنْ تَلَفَّظَ بِالإِسْلامِ مِنَ النَّاسِ، فَكَتَبْنَا لَهُ أَلْفًا وَخَمْسَ مِائَةِ رَجُلٍ، فَقُلْنَا: نَخَافُ وَنَحْنُ أَلْفُ وَخَمْسُ مِائَةٍ، فَلَقَدْ رَأَيْتُنَا ابْتُلِينَا، حَتَّى إِنَّ الرَّجُلَ لَيُصَلِّي وَحْدَهُ وَهُوَ خَائِفٌ.
হুযাইফা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মানুষের মধ্যে যারা ইসলামের কালেমা উচ্চারণ করেছে তাদের নাম তালিকাভুক্ত করে আমাকে দাও। হুযাইফা রাদিয়াল্লাহু 'আনহু বলেন, তখন আমরা এক হাজার পাঁচশ লোকের নাম তালিকাভুক্ত করে তাঁর নিকট পেশ করি। তখন আমরা বলতে লাগলাম, আমরা একহাজার পাঁচশত লোক এখন আমাদের ভয় কিসের? (বর্ণনাকারী) হুযাইফা রাদিয়াল্লাহু 'আনহু বলেন, পরবর্তীকালে আমরা দেখেছি যে, আমরা এমনভাবে ফিতনায় পতিত হয়েছি যাতে লোকেরা ভীত-সন্ত্রস্ত অবস্থায় একা একা সালাত আদায় করছে”।
মুত্তাফাকুন 'আলাইহি, সহীহ বুখারী, হাদীস নং ৩০৬০; সহীহ মুসলিম, হাদীস নং ১৪৯। সহীহ মুসলিমের বর্ণনায় এসেছে,
أَحْصُوا لِي كَمْ يَلْفِظُ الْإِسْلَامَ، قَالَ: فَقُلْنَا : يَا رَسُولَ اللَّهِ ، أَتَخَافُ عَلَيْنَا وَنَحْنُ مَا بَيْنَ السَّتِّمِائَةِ إِلَى السَّبْعِمِائَةِ؟ قَالَ: «إِنَّكُمْ لَا تَدْرُونَ لَعَلَّكُمْ أَنْ تُبْتَلُوا»، قَالَ: «فَابْتُلِيَنَا حَتَّى جَعَلَ الرَّجُلُ مِنَّا لَا يُصَلِّي إِلَّا سِرًا»
"কতোজন মানুষ ইসলামের কথা স্বীকার করেছে তা আমাকে গণনা করে জানাও। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কি আমাদের ব্যাপারে আশঙ্কা করেছেন? আমরা তো প্রায় ছয়শত থেকে সাতশ লোক আছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানো না, সম্ভবত তোমাদেরকে পরীক্ষায় ফেলা হবে। সাহাবী বলেন, পরবর্তীকালে সত্যিই আমরা পরীক্ষার সম্মুখীন হই; এমন কি আমাদের কোনো কোনো ব্যক্তিকে গোপনে সালাত আদায় করতে হতো”।
সহীহ, সহীহ মুসলিম, হাদীস নং ১৪৯।

📘 সহীহ হাদীস সম্বলিত অহি ও ঈমান বিশ্বকোষ > 📄 ঈমানের ব্যাপারে ইনশা আল্লাহ বলা

📄 ঈমানের ব্যাপারে ইনশা আল্লাহ বলা


আওযা'ঈ রহ, আল্লাহর নিম্নোক্ত বাণীর ব্যাপারে বলেছেন,
لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ إِن شَاءَ اللَّهُ عَامِنِينَ﴾ [الفتح: ٢٧]
"তোমরা ইনশাআল্লাহ নিরাপদে তোমাদের মাথা মুণ্ডন করে এবং চুল ছেঁটে নির্ভয়ে আল-মাসজিদুল হারামে অবশ্যই প্রবেশ করবে”। [সূরা আল-ফাতহ, আয়াত: ২৭] তিনি বলেন, আল্লাহ অবশ্যই জানেন যে, তারা নিঃসন্দেহে মসজিদে হারামে প্রবেশ করবেন; তারপরেও তিনি ইনশাআল্লাহ বলেছেন। (সুতরাং ইনশাআল্লাহ বললে সন্দেহযুক্ত হয়ে যাবে তা শুদ্ধ নয়)।
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى الْمَقْبُرَةَ، فَقَالَ: «السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَاحِقُونَ، وَدِدْتُ أَنَّا قَدْ رَأَيْنَا إِخْوَانَنَا قَالُوا: أَوَلَسْنَا إِخْوَانَكَ؟ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «أَنْتُمْ أَصْحَابِي وَإِخْوَانُنَا الَّذِينَ لَمْ يَأْتُوا بَعْدُ فَقَالُوا: كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ يَأْتِ بَعْدُ مِنْ أُمَّتِكَ؟ يَا رَسُولَ اللهِ فَقَالَ: «أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلًا لَهُ خَيْلٌ غُرُّ مُحَجَّلَةٌ بَيْنَ ظَهْرَيْ خَيْلٍ دُهُم بُهُم أَلَا يَعْرِفُ خَيْلَهُ؟ قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: «فَإِنَّهُمْ يَأْتُونَ غُرًا مُحَجَّلِينَ مِنَ الْوُضُوءِ، وَأَنَا فَرَطُهُمْ عَلَى الْحَوْضِ أَلَا لَيُنَادَنَّ رِجَالٌ عَنْ حَوْضِي كَمَا يُذَادُ الْبَعِيرُ الضَّالُ أُنَادِيهِمْ أَلَا هَلُمَّ فَيُقَالُ: إِنَّهُمْ قَدْ بَدَّلُوا بَعْدَكَ فَأَقُولُ سُحْقًا سُحْقًا».
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, “একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরস্থানে এসে বললেন, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। এটা মুমিনদের ঘর। ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে এসে মিলবো। আমার বড় ইচ্ছা হয় আমাদের ভাইদেরকে দেখি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, তোমরা তো আমার সাহাবী। আর যারা এখনো (পৃথিবীতে) আসে নি তারা আমাদের ভাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনার উম্মাতের মধ্যে যারা এখনো (পৃথিবীতে) আসে নি তাদেরকে আপনি কীভাবে চিনবেন? তিনি বললেন, কেন? যদি কোনো ব্যক্তির কপাল ও হাত-পা সাদাযুক্ত ঘোড়া সম্পূর্ণ কালো ঘোড়ার মধ্যে মিশে যায় তবে সে কি তার ঘোড়াকে চিনে নিতে পারে না? তারা বললেন, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্! তিনি বললেন, তারা (আমার উম্মাত) সেদিন এমন অবস্থায় আসবে যে, অযুর ফলে তাদের মুখ- মণ্ডল হবে নুরানী এবং হাত-পা দীপ্তিময়। আর হাউযের পাড়ে আমি হবো তাদের অগ্রনায়ক। জেনে রাখো, কিছু সংখ্যক লোককে সেদিন আমার হাউয থেকে হটিয়ে দেওয়া হবে যেমনিভাবে পথহারা উটকে হটিয়ে দেওয়া হয়। আমি তাদেরকে ডাকব, এসো এসো। তখন বলা হবে, এরা আপনার পরে (আপনার দীনকে) পরিবর্তন করে দিয়েছিল। তখন আমি বলবো, দূর হও, দূর হও”।
সহীহ, সহীহ মুসলিম, হাদীস নং ২৪৯।
সুফিয়ান সাওরী রহ. বলেন, যে ব্যক্তি 'আমি ইনশাআল্লাহ মুমিন' একথা বলতে অপছন্দ করে সে আমাদের কাছে মুরজিয়াহ ফের্কার অন্তর্ভুক্ত - একথা বলে তিনি তাঁর কণ্ঠ উঁচু করেন - । অনুরূপ একলোক 'আলকামা রহ. কে জিজ্ঞেস করলেন, অপনি কি মুমিন? তিনি বললেন, ইনশাআল্লাহ আশা করি আমি মুমিন। ইমাম বায়হাকী রহ. শু'আবুল ঈমানে (১/৩৮) বলেন, আমরা একথা সাহাবী, তাবেয়ী ও সৎ উত্তরসূরীদের এক বিরাট দল থেকে বর্ণনা করেছি।

📘 সহীহ হাদীস সম্বলিত অহি ও ঈমান বিশ্বকোষ > 📄 ঈমানের অর্ধেক

📄 ঈমানের অর্ধেক


عَنْ أَبِي مَالِكِ الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، وَسُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَانِ - أَوْ تَمْلَأُ - مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَالصَّلَاةُ نُورُ، وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءُ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ، كُلُّ النَّاسِ يَغْدُو فَبَايِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا».
আবু মালিক আশ'আরী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "পবিত্রতা ঈমানের অর্ধেক। 'আল হামদুলিল্লাহ' (শব্দটি) পাল্লাকে ভরে দেয়। 'সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ' (দু' পাল্লাকে) ভরে দেয় অথবা (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন) আকাশ ও পৃথিবীর মধ্যবতী স্থান ভরে দেয়। সালাত হলো আলো, সদাকা হলো প্রমাণ, ধৈর্য হলো জ্যোতি। কুরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। প্রত্যেক মানুষ প্রত্যহ আপন সত্তাকে বিক্রি করে, তখন কেউ সত্তার উদ্ধারকারী হয় আর কেউ হয় ধ্বংসকারী”।
সহীহ, সহীহ মুসলিম, হাদীস নং ২২৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00