📄 ধৈর্যের অনুপম দৃষ্টান্ত হযরত ইউসুফ (আ.)
সর্বাবস্থায় আল্লাহর ওপর ভরসা করা ও ধৈর্যধারণ করাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। যার উজ্জ্বল দৃষ্টান্ত হযরত ইউসুফ (আ.)। জীবনের প্রতিটি বাঁকে বাঁকে তিনি সম্মুখীন হয়েছেন বিপদ-মুসিবত এবং হয়েছেন ষড়যন্ত্রের শিকার। কিন্তু কখনোই তিনি আল্লাহর ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেননি। বরং তিনি ধৈর্যের মাধ্যমে যেমনিভাবে তার পবিত্র চরিত্রে কলঙ্ক থেকে মুক্তি পেয়েছিলেন তেমনিভাবে বিপদ-মুসিবত থেকেও তিনি রক্ষা পেয়েছিলেন।
শৈশবে চুরির অপবাদ
হযরত ইউসুফ (আ.) ছিলেন মহাসম্মানিত নবী। ইব্রাহিম (আ.) এর প্রপুত্র সম্মানিত নবী ইসহাকের পৌত্র। আর সম্মানিত নবী ইয়াকুবের পুত্র। ইয়াকুব (আ.) এর দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন ইউসুফ (আ.) ও বিনইয়ামিন। শেষোক্ত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পরই তার মা মৃত্যুবরণ করেন। শৈশবেই তিনি মা হারিয়ে অসহায় অবস্থায় পড়েন এবং তার ভাইদের ষড়যন্ত্র শুরু হয় শৈশবে তার ওপর মিথ্যা অপবাদ আরোপের মাধ্যমে। এ সম্পর্কে কুরআন বলছে-
قَالُوا إِن يَسْرِقْ فَقَدْ سَرَقَ أَخٌ لَّهُ مِن قَبْلُ فَأَسَرَّهَا يُوسُفُ فِي نَفْسِهِ وَلَمْ يُبْدِهَا لَهُمْ قَالَ أَنتُمْ شَرٌّ مَّكَانًا وَاللَّهُ أَعْلَمُ بِمَا تَصِفُونَ .
অর্থাৎ, তারা বলল, 'যদি সে চুরি করে থাকে, তবে ইতঃপূর্বে তার এক ভাই চুরি করেছিল'। ইউসুফ বিষয়টি নিজের কাছে গোপন রাখল, তাদের কাছে প্রকাশ করল না, সে (মনে মনে) বলল, 'তোমাদের অবস্থান তো নিকৃষ্টতর, তোমরা যা বলছ, সে সম্পর্কে আল্লাহ ভালোভাবেই অবগত'। (সূরা ইউসুফ: ৭৭)
ভাইদের হিংসার শিকার ও অন্ধকূপে নিক্ষিপ্ত
স্বভাবগত রীতিতে বিমাতা ভাইয়েরা সাধারণত পরস্পর বিদ্বেষী হয়ে থাকে। ইউসুফ (আ.)-এর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ইউসুফ (আ.)-এর ভাইয়েরা তার প্রতি হিংসা শুরু করেছিল, তাদের হিংসার মূল উদ্দেশ্য ছিল- ১. বৈমাত্রেয় বিদ্বেষ ২. পিতার স্বভাবগত স্নেহের আধিক্য ৩. ইউসুফ (আ.) এর রূপ-লাবণ্য, চারিত্রিক বৈশিষ্ট্য, আকর্ষণীয় ব্যবহার মাধুর্যের প্রতি হিংসা ৪. স্বপ্ন-বৃত্তান্তের কথা শুনে তার প্রতি হিংসা।
ইউসুফ (আ.) এর গুণ তাদের সহ্য হয়নি। তাই তারা হত্যার সিদ্ধান্ত নিতেও দ্বিধা করলো না। যেমন কুরআন মাজীদে এসেছে-
إِذْ قَالُوا لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَى أَبِينَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ إِنْ أَبَانَا لَفِي ضَلَالٍ مُّبِينٍ • اقْتُلُوا يُوسُفَ أَوِ اطْرَحُوهُ أَرْضًا يَخْلُ لَكُمْ وَجْهُ أَبِيكُمْ وَتَكُونُوا مِن بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ .
অর্থাৎ, যখন তারা বলেছিল, 'নিশ্চয় ইউসুফ ও তার ভাই আমাদের পিতার নিকট আমাদের চেয়ে অধিক প্রিয়, অথচ আমরা একই দল। নিশ্চয় আমাদের পিতা সুস্পষ্ট বিভ্রান্তিতেই আছে, 'তোমরা ইউসুফকে হত্যা কর অথবা তাকে কোনো যমীনে ফেলে আস, তাহলে তোমাদের পিতার আনুকূল্য কেবল তোমাদের জন্য থাকবে এবং তোমরা সৎ লোক হয়ে যাবে'। (সূরা ইউসুফ: ৭-৯)
যৌবনের মহাপরীক্ষায় ইউসুফ (আ.)
কূপ থেকে উদ্ধারের পর হযরত ইউসুফ (আ.) মিসরের এক মন্ত্রীর পরিবারে রাজপুত্রের সমাদরে বড় হতে থাকেন। এখানেই তিনি পূর্ণ যৌবন প্রাপ্ত হলেন। তখন আল্লাহ তায়ালা তাকে নবুয়্যত দান করেন। তখনকার মিসরের লোকদের নৈতিক চরিত্র ছিলো খুবই খারাপ। তাদের নারী-পুরুষ সবাই নির্লিপ্তের মতো পাপ করে বেড়াতো। কেউ পাপ করলে অন্যরা সেটাকে খারাপ বলে মনে করতো না। ইউসুফ (আ.) যেমন ছিলেন জ্ঞানী ও বিচক্ষণ ঠিক তেমনি ছিলেন অত্যন্ত সুন্দর ও বলিষ্ঠ যুবক। সেই মন্ত্রীর স্ত্রী ও অন্যান্য শহুরে মহিলারা ইউসুফকে চারিদিক থেকে পাপ কাজে লিপ্ত করার জন্য ফুসলাতে থাকে। মন্ত্রীর স্ত্রী জুলেখা এক পক্ষীয়ভাবে ইউসুফের সাথে পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য পাগল হয়ে ওঠে। কুরআন এ ঘটনা সুন্দরভাবে উপস্থাপন করেছে এভাবে-
আর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হলো, আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম এবং এভাবেই আমি ইহসানকারীদের প্রতিদান দিয়ে থাকি। আর যে মহিলার ঘরে সে ছিল, সে তাকে কুপ্ররোচনা দিল এবং দরজাগুলো বন্ধ করে দিল আর বলল, ‘এসো’। সে বলল, আল্লাহর আশ্রয় (চাই)। নিশ্চয় তিনি আমার মনিব, তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন। নিশ্চয় যালিমগণ সফল হয় না। আর সে মহিলা তার প্রতি আসক্ত হলো, আর সেও তার প্রতি আসক্ত হতো, যদি না তার রবের স্পষ্ট প্রমাণ প্রত্যক্ষ করত। এভাবেই, যাতে আমি তার থেকে অনিষ্ট ও অশ্লীলতা দূর করে দিই। নিশ্চয় সে আমার খালেস বান্দাদের অন্তর্ভুক্ত। (সূরা ইউসুফ: ২২-২৪)
আর ইউসুফ (আ.) আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করলেন ও ধৈর্যের পথ অবলম্বন করলেন। আর আল্লাহ তায়ালা তাকে সে অবস্থা থেকে রক্ষা করলেন।
কারাগারের জীবন
ইউসুফ (আ.) দেখলেন এই মহিলাদের চক্রান্ত থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। তখন তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এই বলে-
قَالَ رَبِّ السِّجْنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدْعُونَنِي إِلَيْهِ وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ الْجَاهِلِينَ .
অর্থাৎ, সে (ইউসুফ) বলল, 'হে আমার রব, তারা আমাকে যে কাজের প্রতি আহ্বান করছে, তা থেকে কারাগারই আমার নিকট অধিক প্রিয়। আর যদি আপনি আমার থেকে তাদের চক্রান্ত প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হব'। (সূরা ইউসুফ: ৩৩)
আর আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করলেন। ইউসুফ (আ.) কে কারাগারে প্রেরণ করা হলো।
বালাখানা থেকে জেলখানায় নিক্ষিপ্ত হওয়ার পর এক করুণ অভিজ্ঞতা শুরু হলো ইউসুফের জীবনে। মনোকষ্ট, দৈহিককষ্ট সাথে সাথে স্নেহান্ধ ফুফু ও সন্তানহারা পাগলপারা বৃদ্ধ পিতাকে কেনানে ফেলে আসার মানসিক কষ্ট সব মিলিয়ে ইউসুফের জীবন হয়ে ওঠে দুর্বিসহ। কেনানে ভাইয়েরা শত্রু, মিসরে জুলেখা শত্রু। নিরাপদ আশ্রয় কোথাও নেই। তারপরও তিনি আল্লাহর ওপর থেকে আস্থা হারালেন না। বরং তিনি পূর্ণ ধৈর্যধারণ করেছিলেন এবং জেলখানাতেই আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করতে লাগলেন। যেমনিভাবে কুরআনে এসেছে-
يَا صَاحِبَي السِّجْنِ أَأَرْبَابٌ مُّتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ .
অর্থাৎ, 'হে আমার কারা সঙ্গীদ্বয়, বহু সংখ্যক ভিন্ন ভিন্ন রব ভালো নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ?' (সূরা ইউসুফ: ৩৯)
অবশেষে আল্লাহ তায়ালা তার ধৈর্যের ফলে তাকে মিসরের শাসক হিসেবে নির্বাচিত করলেন এবং তার প্রাণপ্রিয় পিতার সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। এতকিছুর পরও তিনি তার বৈমাত্রেয় ভাইদের সাথে খারাপ আচরণ করলেন না, বরং তাদেরকে ক্ষমা করে দিলেন। যেমন কুরআনে এসেছে-
তারা বলল, 'তুমি কি সত্যিই ইউসুফ'? সে বলল, আমি ইউসুফ। আর এ আমার সহোদর। আল্লাহ আমাদের ওপর অনুগ্রহ করেছেন। নিশ্চয় যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, তবে অবশ্যই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না'। তারা বলল, 'আল্লাহর কসম, আল্লাহ আমাদের ওপর তোমাকে প্রাধান্য দিয়েছেন, আর আমরাই ছিলাম অপরাধী'। সে বলল, 'আজ তোমাদের ওপর কোনো ভর্ৎসনা নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। আর তিনি সবচেয়ে বেশি দয়ালু'। (সূরা ইউসুফ: ৯০-৯২)
এভাবে আল্লাহ তায়ালা ইউসুফকে তার ধৈর্যধারণের ফলে তাকে মর্যাদায় ভূষিত করলেন এবং তাকে প্রজ্ঞা, বিচক্ষণতার মাধ্যমে প্রশংসিত করেছিলেন।
📄 কুরবানির পরীক্ষায় হযরত ইসমাইল (আ.) ধৈর্যধারণ
সবরের দিক থেকে হযরত ইসমাঈল (আ.)-এর সবর ছিল সবচেয়ে উচ্চ মর্যাদাপূর্ণ সবর। কেননা এ সবর ছিল আসসবরু ফি তাআ'তি আল্লাহি বা আল্লাহর আনুগত্য ও নির্দেশ পালনের জন্য সবর। যার দৃষ্টান্ত হচ্ছে এ রকম-
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ •
অর্থাৎ, অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল, 'হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি, অতএব দেখ তোমার কী অভিমত'; সে বলল, 'হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তাই করুন। আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন'। (সূরা আস-সফফাত: ১০২)
ইব্রাহিম (আ.) একদিন স্বপ্ন দেখলেন তিনি তার প্রাণপ্রিয় পুত্রের গলায় ছুরি চালাচ্ছেন। নবীদের স্বপ্ন একপ্রকার অহি বা আল্লাহর আদেশ। আল্লাহর হুকুম শিরধার্য। কিন্তু ইসমাঈল (আ.) কি এ হুকুম মেনে নিবে? আসলে আল্লাহ তো সে পরীক্ষাই নিতে চান। আল্লাহ তো দেখতে চান ইসমাঈল (আ.) আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে কি না? নিজের জীবনের চাইতেও আল্লাহর হুকুম পালন করাকে বড় কর্তব্য মনে করে কি না? আল্লাহর সন্তুষ্টির জন্য সে নিজের জীবনকে কুরবানি করতে প্রস্তুত আছে কি না? কিন্তু ইসমাঈল তো তার পিতার মতোই আল্লাহর অনুগত। আল্লাহর সন্তুষ্টির চাইতে বড় কোনো কাম্য তার নেই। কুরআন সে ঘটনার কথা এভাবে বর্ণনা করছে-
"অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং সে তাকে কাত করে শুইয়ে দিল তখন আমি তাকে আহ্বান করে বললাম, 'হে ইবরাহীম, 'তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি'। 'নিশ্চয় এটা সুস্পষ্ট পরীক্ষা'। আর আমি এক মহান যবেহের বিনিময়ে তাকে মুক্ত করলাম।" (সূরা আস-সফফাত: ১০৩-১০৭)
তখন পিতা-পুত্র দু'জনই আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিলেন এবং ইব্রাহিম (আ.) পুত্রকে উপুড় করে শুইয়ে দিয়ে ছুরি চালাতে উদ্যত হলেন তখন আল্লাহ তায়ালা ফেরেশতাকে বললেন, ইসমাঈলের স্থলে একটি দুম্বা রেখে দিতে। তখন ইব্রাহিম (আ.) সেই দুম্বাকে জবেহ করলেন। যেমন কুরআনে এসেছে-
وَإِسْمَاعِيلَ وَإِدْرِيسَ وَذَا الْكِفْلِ كُلٌّ مِّنَ الصَّابِرِينَ . وَأَدْخَلْنَاهُمْ فِي رَحْمَتِنَا إِنَّهُم مِّنَ الصَّالِحِينَ .
অর্থাৎ, আর স্মরণ কর ইসমাঈল, ইদরীস ও যুল্-কিফল এর কথা, তাদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিল। আর তাদেরকে আমি আমার রহমতে শামিল করেছিলাম। তারা ছিল সৎকর্মপরায়ণ। (সূরা আম্বিয়া: ৭৫-৭৬)
আল্লাহ তায়ালা পিতা-পুত্র দুইজনকেই কবুল করে নিলেন এবং ধৈর্যশীল হিসেবে আখ্যায়িত করলেন।