📄 উত্তম ধৈর্য এবং আতঙ্ক
মুজাহিদ বলেন, "উত্তম ধৈর্য (সবরুন জামিল) হচ্ছে সেই ধৈর্য, যে ধৈর্যে কোনো আতঙ্ক থাকে না।" [১১৯]
আমর ইবনু কায়েস বলেন, "সুন্দর (সবরুন জামিল) ধৈর্য হচ্ছে দুর্যোগে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর ইচ্ছের কাছে আত্মসমর্পণ করা।" [১২০]
ইউনুস ইবনু ইয়াজিদ বলেন, "আমি রাবিআ ইবন আবী আবদির রহমানকে জিজ্ঞাসা করলাম, ধৈর্যের চূড়ান্ত রূপ কী?" তিনি বলেন, "বিপদগ্রস্ত অবস্থায় বাহ্যিক দিক থেকে ঠিক তেমন থাকা, বিপদ আসার আগে যেমনটা ছিল। "[১২১] (এর অর্থ এই নয় যে, বিপদগ্রস্ত ব্যক্তি কষ্ট অনুভব করবে না। এই উদাহরণের অর্থ হচ্ছে বিপদে আতঙ্কিত না হওয়া এবং অভিযোগ করা থেকে বিরত থাকা।)
উত্তম ধৈর্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কাইস ইবনুল হাজ্জাজ বলেন, "বিপদগ্রস্ত ব্যক্তি লোকদের মাঝে এভাবে থাকবে যে, তাকে (তার বিপদের জন্য) পৃথকভাবে চেনা যাবে না।"[১২২]
টিকাঃ
১১৯. আত-তাফসীর, তাবারি: ১২/১৬৬
১২০. আস সবর, ইবন আবিদ দুনইয়া: ১১৬
১২১. আস সবর, ইবন আবিদ দুনইয়া: ১১৪
১২২. আস সবর, ইবন আবিদ দুনইয়া: ১১৫