📄 কথা ও ব্যাভিচারের পাপ পরিহারে ধৈর্য
কথা ও যৌনাচারের গুনাহ থেকে বেঁচে থাকার ধৈর্য হচ্ছে সর্বাধিক কঠিন। কথার গুনাহ হলো গীবত করা, অপবাদ দেওয়া, দুজনের মাঝে কলহ সৃষ্টির জন্য মিথ্যা বলা, প্রত্যক্ষ-পরোক্ষভাবে নিজের প্রশংসা করা, অপছন্দের লোকদের অপমান করা, পছন্দের লোকদের প্রশংসা করা। (সত্যি কথা বলতে কী), এসব করতে মজা লাগে, ফুর্তি আসে।
এসব অন্যায় করার জন্য অন্তরের শক্তিশালী আহ্বান যেমন ক্রিয়াশীল, তেমনই জিহ্বার সঞ্চালনও খুব সহজ। ফলে ধৈর্য দুর্বল হয়ে যায়। এ জন্য নবিজি মুআয -কে বললেন:
امسك عليك لسانك
“তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো।”
মুআয জিজ্ঞাসা করলেন, "আমরা যা বলি, সে জন্য কি পাকড়াও করা হবে?" নবিজি উত্তর দিলেন:
وهل يكب الناس في النار على مناخرهم الا حصائد ألسنتهم
“মানুষের জিহ্বার ফসল ছাড়া আর কিছু কি আছে, যা তাকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষিপ্ত করবে?”[৫৪]
একবার যখন মুখের কথা অন্যায় অভ্যাসে পরিণত হয়ে যায়, ধৈর্য তখন দুরূহ ও অসম্ভবপর হয়ে ওঠে। এ জন্যে অনেককে দেখা যায় যে, তারা রাতভর সালাতে দাঁড়িয়ে থাকে, সারাদিন রোজা রাখে, এমনকি সিল্কের তৈরি বালিশ পর্যন্ত স্পর্শ করে না, কিন্তু জিহ্বাকে লাগامহীন ছেড়ে রেখেছে গীবতচর্চায়, কুৎসা রটনায়, লোকদের মাঝে কলহ সৃষ্টির মতো জঘন্য-সব কাজে। এটা হয়ে থাকে তার বদ অভ্যাসের কারণে।
টিকাঃ
৫৪. হাদীসটির শুরুতে امسك عليك لسانك এর বদলে كُفُّ عَلَيْكَ هَذَا 'এটা থেকে বেঁচে থাকো' রয়েছে, আল মুসনাদ, আহমাদ: ২২০১৭, শাইখ শু'আইব আরনাউত্ব ও তাঁর সঙ্গীদের মতে শাওয়াহিদের কারণে সহীহ; আস সুনানুল কুবরা, নাসাঈ: ১১৩৩০; আল মু'জামুল কাবীর, তাবারানি: ২৬৬; আল আদাব, বাইহাকি: ২৯৫