📘 সিয়াম ও যাকাত > 📄 ব্যবসায়িক মালের যাকাত

📄 ব্যবসায়িক মালের যাকাত


ব্যবসায়িক উদ্দেশ্যে নিয়োজিত যে কোন ধরনের পণ্যকে ব্যবসায়িক পণ্য বলা হয়। জমি ক্রয়-বিক্রয়, প্লট ব্যবসা, দালান-কোঠা (ফ্ল্যাট ব্যবসা), খাদ্য সামগ্রী ও কৃষি-পণ্য ইত্যাদি যদি ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয়-বিক্রয় হয়, তাহলে সেগুলোও ব্যবসায়িক পণ্য হিসেবে বিবেচিত হবে। সুতরাং স্থায়ী সম্পত্তি যা প্রতিষ্ঠানকে চালিয়ে নেয়ার কাজে ব্যবহৃত হয় যেমন- কারখানা, দালান-কোঠা, কলকজা, যানবাহন, ডেস্ক, আসবাবপত্র, গুদাম, পণ্যদ্রব্য সাজিয়ে রাখার জন্য র‍্যাক বা তাক ইত্যাদির যাকাত আসবে না।

ব্যবসায়িক সম্পদের মূল্য নির্ধারণ করা :
যাকাত নির্ণয় করার সময় বর্তমান বাজারের পাইকারি মূল্যের আলোকেই ব্যবসায়িক সম্পদের মূল্য নির্ধারিত হবে। এক্ষেত্রে বাজারমূল্য ক্রয়মূল্যের চেয়ে কম না বেশি- তা বিবেচ্য নয়।

📘 সিয়াম ও যাকাত > 📄 খামারে উৎপাদিত সম্পদের যাকাত

📄 খামারে উৎপাদিত সম্পদের যাকাত


বর্তমান যুগে বিভিন্ন ধরনের খামার গড়ে উঠেছে। যেমন- কৃষি খামার, নার্সারী, হাঁস-মুরগীর খামার, পশু-সম্পদ খামার, দুগ্ধ খামার, মৎস্য খামার, ইত্যাদি। এসব খামার বাণিজ্যিকভাবে পরিচালিত হয় বলে ব্যবসায়িক সম্পদ হিসেবে এগুলোর উপর যাকাত প্রযোজ্য হবে। ব্যবসায়িক উদ্দেশ্যে খামারে পালিত হাঁস-মুরগি, ডিম ও বাচ্চা ইত্যাদি ব্যবসায়িক পণ্য হিসেবে যাকাতের আওতাভুক্ত হবে।
ব্যবসায়িক উদ্দেশ্যে পশু প্রতিপালন করা হলে সেসকল পশুর বাছুর, দুগ্ধ ও দুগ্ধজাত সামগ্রী, মাংস, চামড়া ইত্যাদি ব্যবসায়িক পণ্য বলে গণ্য হবে এবং তাতে যাকাত প্রযোজ্য হবে। তাছাড়া মজুদ পশুখাদ্য, ব্যবসার নগদ অর্থ ও অন্যান্য চলতি সম্পদের সাথে যোগ করে যাকাত নির্ধারণ করতে হবে।

📘 সিয়াম ও যাকাত > 📄 পাওনা টাকার যাকাত

📄 পাওনা টাকার যাকাত


পাওনা টাকা দু'রকম হতে পারে :
ক) আদায়যোগ্য পাওনা :
যে ঋণ ঋণগ্রহীতা কর্তৃক স্বীকৃত এবং ঋণগ্রহীতা তা পরিশোধ করতে সক্ষম অথবা যদি ঋণ পরিশোধে ঋণগ্রহীতা অস্বীকৃতি জানায়, কিন্তু তার প্রমাণ রয়েছে এবং আদালতে অভিযুক্ত হলে ঋণ পরিশোধে বাধ্য হবে, তাকে আদায়যোগ্য পাওনা বলে। এরূপ পাওনা মোট সম্পত্তির সাথে যোগ করে যাকাতের আওতাধীন সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে হবে।
খ) আদায়ের অযোগ্য পাওনা :
ঋণগ্রহীতা যদি দেউলিয়া হয়ে যায়, কিংবা ঋণ পরিশোধে অস্বীকৃতি জানায়, কিংবা ঋণের সমর্থনে কোন বৈধ প্রমাণ না থাকে কিংবা ঋণ স্বীকার করলেও ঋণ পরিশোধ করতে অহেতুক গড়িমসি করে তাহলে ঐ ঋণকে আদায়ের অযোগ্য পাওনা বলা হয়। এ ধরনের সন্দেহজনক পাওনা কার্যত আদায় না হওয়া পর্যন্ত যাকাতের আওতায় আসবে না। এ জাতীয় পাওনা আদায় হওয়ার পর মাত্র এক বছরের যাকাত আদায় করতে হবে, এটিই অধিকাংশ আলেমদের অভিমত।

📘 সিয়াম ও যাকাত > 📄 ঋণগ্রস্ত ব্যক্তির উপর যাকাত

📄 ঋণগ্রস্ত ব্যক্তির উপর যাকাত


যদি কোন ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়ে, তাহলে প্রথমে তাকে ঋণ পরিশোধ করতে হবে। এরপর যদি দেখা যায় যে, তার অবশিষ্ট সম্পত্তি নিসাব পরিমাণ রয়েছে তাহলে তা থেকে যাকাত দিতে হবে। রমাযান মাস আসলে উসমান (রাঃ) বলতেন,
'এটি (রমাযান) যাকাতের মাস। অতএব যদি কারো উপর ঋণ থাকে, তাহলে সে যেন প্রথমে ঋণ পরিশোধ করে। এরপর অবশিষ্ট সম্পদ নিসাব পরিমাণ হলে তার যাকাত আদায় করবে।'

টিকাঃ
২৪০. মুয়াত্তা ইমাম মালিক, হা/৮৭৩; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৭৮৫৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00