📘 সিয়াম ও যাকাত > 📄 যাকাত আদায়ের সময় চাষাবাদের খরচ বাদ যাবে

📄 যাকাত আদায়ের সময় চাষাবাদের খরচ বাদ যাবে


জমি চাষ, বীজ বপন, চারা রোপণ, সার প্রয়োগ এবং শস্য কর্তন সম্পর্কিত সমুদয় খরচ বাদ দিয়ে কৃষিপণ্যের উপর যাকাত আদায় করতে হবে। ইবনে আব্বাস (রাঃ) বলেন, 'প্রথমে ফল উৎপাদনের জন্য যা ব্যয় করেছে তা পরিশোধ করবে, অতঃপর অবশিষ্টাংশের যাকাত আদায় করবে।'
উল্লেখ্য যে, শস্য উৎপাদনের জন্য যদি কেউ ঋণ নিয়ে থাকে, তাহলে শস্য কর্তনের পরে প্রথমে ঋণ পরিশোধ করে অবশিষ্ট শস্যের যাকাত আদায় করবে। ইবনে উমর (রাঃ) বলেন, 'প্রথমে যে ঋণ নিয়েছে তা পরিশোধ করবে। অতঃপর অবশিষ্টাংশের যাকাত আদায় করবে।'

টিকাঃ
২৩৫. সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৬৮৫৮; মারেফাতুস সুনান ওয়াল আছার, হা/২৫১১।
২৩৬. সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৭৮৫৮; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/১০১৯২।

📘 সিয়াম ও যাকাত > 📄 ভাড়াকৃত জমিতে উৎপাদিত ফসলের যাকাত

📄 ভাড়াকৃত জমিতে উৎপাদিত ফসলের যাকাত


ভাড়া গ্রহীতাকে ভাড়াকৃত জমিতে উৎপাদিত ফসলের উপর যাকাত প্রদান করতে হবে। আর জমির মালিক জমির ভাড়াকে তার মালিকানাধীন নগদ অর্থসহ অন্যান্য সম্পদের মূল্যের সাথে যোগ করে যাকাত প্রদান করবে。

📘 সিয়াম ও যাকাত > 📄 ভাগে চাষাবাদকৃত জমিতে উৎপাদিত ফসলের যাকাত

📄 ভাগে চাষাবাদকৃত জমিতে উৎপাদিত ফসলের যাকাত


যদি জমির মালিক নিজেই চাষ করে, তাহলে মালিকই উৎপাদিত ফসলের যাকাত প্রদান করবে। কিন্তু যদি কেউ অপরের জমি নির্দিষ্ট চুক্তিতে ভাগে চাষাবাদ করে, তাহলে উৎপাদিত ফসল থেকে উভয়ের অংশ পৃথক করার পর যার অংশ নিসাব পরিমাণ হবে তাকে যাকাত প্রদান করতে হবে এবং যার অংশ নিসাব পরিমাণ হবে না, তাকে যাকাত প্রদান করতে হবে না。

📘 সিয়াম ও যাকাত > 📄 খাজনার জমিতে উৎপাদিত ফসলের যাকাত

📄 খাজনার জমিতে উৎপাদিত ফসলের যাকাত


যেসব জমির খাজনা দিতে হয়, সেসব জমিতে চাষাবাদ করা হলে তা হতে উৎপাদিত ফসলেরও যাকাত দিতে হবে। কেননা খাজনা ও যাকাত দুটি পৃথক পৃথক বিষয়। খাজনার কারণে যাকাত রহিত হবে না। একদা উমর ইবনে আব্দুল আযীয (রহ.) কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'খাজনা হল জমির উপর এবং যাকাত (ওশর) হল ফসলের উপর।'
উল্লেখ্য যে, 'মুসলিমদের উপর একই সাথে খাজনা ও ওশর একত্রিত হয় না'- মর্মে বর্ণিত হাদীসটি জাল।

টিকাঃ
২৩৭. সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৭৭৪৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00