📄 বৃষ্টির পানি ও কৃত্রিম সেঁচ উভয়ের সমন্বয়ে উৎপাদিত ফসলের যাকাত
যেসব ফসল কেবল বৃষ্টির পানি অথবা কেবল কৃত্রিম সেঁচের মাধ্যমে উৎপন্ন হয় না; বরং কিছু অংশ বৃষ্টির পানিতে এবং কিছু অংশ কৃত্রিম সেঁচের মাধ্যমে উৎপন্ন হয়, সেসব ফসলের যাকাত বের করার নিয়ম হল, যদি বৃষ্টির পানির পরিমাণ বেশি হয় তাহলে ১০ ভাগের ১ ভাগ তথা ১০% যাকাত দিতে হবে। আর যদি কৃত্রিম সেঁচের পরিমাণ বেশি হয়, তাহলে ২০ ভাগের ১ ভাগ তথা ৫% যাকাত দিতে হবে। আর যদি ফসলের অর্ধেক অংশ বৃষ্টির পানিতে এবং অর্ধেক অংশ কৃত্রিম সেঁচের মাধ্যমে উৎপন্ন হয়, তাহলে ৭.৫০% যাকাত দিতে হবে।
টিকাঃ
২৩৩. ফিকহুস সুন্নাহ ১/৩৫৪ পৃঃ; নায়লুল আওতার ৪/২০১।
📄 ফসলের যাকাত কখন আদায় করবে
শস্য ও ফলের উপর যাকাত নিসাব পূর্ণ হলে তার উপর এক বছর অতিক্রান্ত হওয়ার প্রয়োজন হয় না। বরং ফসল কাটার সময় যদি উৎপাদিত শস্য নিসাব পরিমাণ হয়, তাহলে যাকাত আদায় করতে হবে। আল্লাহ তা'আলা ফসল কাটার দিনই এর যাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, 'আর তোমরা ফসল তোলার দিন তার হক আদায় করো এবং অপচয় করো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না।' (সূরা আন'আম- ১৪১) কাজেই একই বছরে জমিতে যতবার ফসল উৎপন্ন হবে ততবারই যাকাত আদায় করতে হবে।
ফল ও শস্য যখনই পরিপক্ক হয় তখনই তার উপর যাকাত ধার্য হয়। ফসল সংগ্রহ করার আগেই যদি নষ্ট হয়ে যায় তাহলে তার উপর যাকাত ধার্য হবে না। জমির মালিক মারা গেলেও তার উত্তরাধিকারীকে যাকাত পরিশোধ করতে হবে। সমজাতীয় ফসল একত্র করে পরিমাপ করা যাবে। যেমন- ধানের ক্ষেত্রে মিনিকেট, আঠাশ, উনত্রিশ, স্বর্ণ, চায়না, পারিজা ইত্যাদি। তবে ভিন্ন ভিন্ন ধরনের ফসল পৃথকভাবে পরিমাপ করতে হবে। যেমন- ধান, গম ইত্যাদি।
টিকাঃ
২৩৪. সহীহ ফিকহুস সুন্নাহ ২/৪৫ পৃঃ।
📄 যাকাত আদায়ের সময় চাষাবাদের খরচ বাদ যাবে
জমি চাষ, বীজ বপন, চারা রোপণ, সার প্রয়োগ এবং শস্য কর্তন সম্পর্কিত সমুদয় খরচ বাদ দিয়ে কৃষিপণ্যের উপর যাকাত আদায় করতে হবে। ইবনে আব্বাস (রাঃ) বলেন, 'প্রথমে ফল উৎপাদনের জন্য যা ব্যয় করেছে তা পরিশোধ করবে, অতঃপর অবশিষ্টাংশের যাকাত আদায় করবে।'
উল্লেখ্য যে, শস্য উৎপাদনের জন্য যদি কেউ ঋণ নিয়ে থাকে, তাহলে শস্য কর্তনের পরে প্রথমে ঋণ পরিশোধ করে অবশিষ্ট শস্যের যাকাত আদায় করবে। ইবনে উমর (রাঃ) বলেন, 'প্রথমে যে ঋণ নিয়েছে তা পরিশোধ করবে। অতঃপর অবশিষ্টাংশের যাকাত আদায় করবে।'
টিকাঃ
২৩৫. সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৬৮৫৮; মারেফাতুস সুনান ওয়াল আছার, হা/২৫১১।
২৩৬. সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৭৮৫৮; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/১০১৯২।
📄 ভাড়াকৃত জমিতে উৎপাদিত ফসলের যাকাত
ভাড়া গ্রহীতাকে ভাড়াকৃত জমিতে উৎপাদিত ফসলের উপর যাকাত প্রদান করতে হবে। আর জমির মালিক জমির ভাড়াকে তার মালিকানাধীন নগদ অর্থসহ অন্যান্য সম্পদের মূল্যের সাথে যোগ করে যাকাত প্রদান করবে。