📘 সিয়াম ও যাকাত > 📄 স্বর্ণ ও রৌপ্যের উপর যাকাত নগদ অর্থে রূপান্তরিত করার পদ্ধতি

📄 স্বর্ণ ও রৌপ্যের উপর যাকাত নগদ অর্থে রূপান্তরিত করার পদ্ধতি


মালিকানাধীন স্বর্ণ ও রৌপ্যের উপর যাকাতের পরিমাণ নগদে নির্ণয়ের জন্য যাকাত বাবদ নির্ধারিত পরিমাণকে গ্রাম প্রতি মূল্য দ্বারা গুণ করে নিতে হবে। উদাহরণ স্বরূপ, স্বর্ণের বাজার দর প্রতি গ্রাম ২,০০০/- টাকা হলে ৮৫ গ্রামের মূল্য = ১,৭০,০০০/- টাকা, যার উপর যাকাত হবে ২.৫% হারে (১,৭০,০০০ ÷ ৪০) = ৪,২৫০/- টাকা। আর রূপার বাজার দর প্রতি গ্রাম ৫০ টাকা হলে ৫৯৫ গ্রামের মূল্য = ২৯,৭৫০/- টাকা, যার উপর যাকাত হবে ২.৫% হারে (২৯৭৫০ ÷ ৪০) = ৭৪৩.৭৫ টাকা। যাকাত হিসাব করার সময় এসব স্বর্ণ ও রৌপ্যের বিক্রয় মূল্যের অর্থাৎ যাকাত হিসাব করার সময় বিক্রয় করতে চাইলে যে মূল্য পাওয়া যাবে এর ভিত্তিতে যাকাত হিসাব করতে হবে। উল্লেখ্য যে, কারো নিকট যদি স্বর্ণ অথবা রৌপ্য না থাকে; কিন্তু স্বর্ণের অথবা রৌপ্যের নিসাবের বাজার মূল্যের সমপরিমাণ অর্থ থাকে, তাহলে তাকে স্বর্ণ অথবা রৌপ্যের নিসাব অনুযায়ীই যাকাত দিতে হবে。

📘 সিয়াম ও যাকাত > 📄 ব্যবহারী অলংকারের উপর যাকাত

📄 ব্যবহারী অলংকারের উপর যাকাত


স্বর্ণ ও রৌপ্য যে অবস্থাতেই থাকুক না কেন, সর্বাবস্থায় এর উপর যাকাত প্রদান করা ফরয। হাদীসে এসেছে,
আমর ইবনে শু'আইব (রাঃ) তার পিতা, তিনি তার দাদা হতে বর্ণনা করেন, জনৈক মহিলা তার মেয়েকে নিয়ে রাসূলুল্লাহ ﷺ এর নিকট আসলেন। সে সময় তার মেয়ের হাতে দুটি স্বর্ণের বালা পরা ছিল। রাসূলুল্লাহ ﷺ তাকে বললেন, তুমি এর যাকাত আদায় করেছ? মেয়েটি উত্তরে বলল, না। রাসূলুল্লাহ ﷺ বললেন, তোমার কাছে কি এটা পছন্দনীয় যে, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা এগুলোকে আগুনের চুড়ি বানিয়ে তোমার হাতে পরিয়ে দিন? (বর্ণনাকারী) বলেন, এরপর মেয়েটি সেগুলো খুলে ফেলল এবং রাসূলুল্লাহ ﷺ এর নিকট দিয়ে দিল। তারপর বলল, এগুলো আল্লাহ এবং তাঁর রাসূলের জন্য।
অপর হাদীসে এসেছে,
রাসূলুল্লাহ ﷺ এর স্ত্রী আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ ﷺ আমার নিকটে এসে দেখেন যে, আমি রূপার আংটি পরে আছি। তিনি জিজ্ঞেস করলেন, এটা কী- হে আয়েশা? উত্তরে আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি আপনার জন্যই নিজেকে সজ্জিত করতে এগুলো তৈরি করেছি। তিনি বললেন, তুমি কি এগুলোর যাকাত আদায় করেছ? আমি বললাম, না অথবা মাশাআল্লাহ অর্থাৎ আল্লাহ যেমনটা চেয়েছেন তেমনটাই হয়েছে। রাসূলুল্লাহ ﷺ বললেন, তোমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা এক মহিলা তাকে জিজ্ঞেস করলেন যে, অলংকারের যাকাত দিতে হবে কি? তিনি বললেন, যদি তা ২০০ দিরহামে পৌঁছে, তাহলে তার যাকাত দিতে হবে।
সুতরাং ব্যবহারী অলংকার যদি নিসাব পর্যন্ত পৌঁছে, তাহলে উক্ত অলংকারের উপরও যাকাত প্রদান করা ফরয।

টিকাঃ
২১৩. আবু দাউদ, হা/১৫৬৫; নাসাঈ, হা/২৪৭৯; দার কুতনী, হা/১৯৮২; বায়হাকী, হা/৭৩৪০।
২১৪. আবু দাউদ, হা/১৫৬৭; দার কুতনী, হা/১৯৫১; মুস্তাদরাকে হাকেম, হা/১৪৩৭; বায়হাকী, হা/৭৩৩৮।
২১৫. মু'জামুল কাবীর লিত তাবারানী, হা/৯৪৭৮; সনদটি হাসান।

📘 সিয়াম ও যাকাত > 📄 একাধিক মালিকানায় স্বর্ণ ও রৌপ্য নিসাব পরিমাণ হলে যাকাত ফরয হবে কি

📄 একাধিক মালিকানায় স্বর্ণ ও রৌপ্য নিসাব পরিমাণ হলে যাকাত ফরয হবে কি


যাকাত ফরয হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে, ব্যক্তিকে এককভাবে নিসাব পরিমাণ সম্পদের পূর্ণ মালিকানা অর্জন করতে হবে। সুতরাং একাধিক মালিকানাভুক্ত স্বর্ণ ও রৌপ্য যদি নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে উক্ত সম্পদের উপর যাকাত আদায় করা আবশ্যক হবে না।
অনুরূপভাবে যদি একই পরিবারের একাধিক ব্যক্তির নিকট পৃথক পৃথকভাবে এত পরিমাণ সম্পদ থাকে, যা যাকাতের নিসাবের সমতুল্য, তাহলে তাদের উপর যাকাত ফরয হবে না। বরং যখন পরিবারের কোন সদস্য এককভাবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তখন তাকে যাকাত দিতে হবে। তবে যদি একজনের মালিকানাভুক্ত বস্তু কয়েকজনে ব্যবহার করে এবং উক্ত সম্পদ নিসাব পরিমাণ হয়, তাহলে উক্ত সম্পদের যাকাত দিতে হবে。

📘 সিয়াম ও যাকাত > 📄 ব্যাংক ও বীমা কোম্পানীতে জমাকৃত অর্থের উপর যাকাত

📄 ব্যাংক ও বীমা কোম্পানীতে জমাকৃত অর্থের উপর যাকাত


ব্যাংক ও বীমা কোম্পানীতে যেসব অর্থ জমা দেয়া হয় সেগুলোর ক্ষেত্রে বিধান হচ্ছে-
১। কোন কোম্পানীতে যেসব অর্থ জমা রাখা হয় তা যদি নিসাব পরিমাণ হয়, তবে সে সম্পদের যাকাত দিতে হবে। আর যদি তা নিসাব পরিমাণ না হয় তবে অন্যান্য সম্পদের সাথে এটা যোগ করে নিসাব পরিমাণ হলে যাকাত আদায় করতে হবে।
২। যদি কোন কোম্পানীতে টাকা জমা রাখার পর এরূপ পরিস্থিতি হয় যে, ঐ টাকা আর ফেরত পাওয়া যাবে না, তাহলে তার উপর যাকাত প্রযোজ্য হবে না।
৩। যেসব কোম্পানী সুদী কারবারের উপর প্রতিষ্ঠিত, তাতে অর্থ জমা রাখা বৈধ নয়। যদি কেউ ঐসব প্রতিষ্ঠানে লেনদেন করে তাহলে সে পাপী হবে। তবে মূল জমাকৃত টাকার যাকাত অবশ্যই দিতে হবে। আর সুদ হিসেবে অতিরিক্ত যা কিছু পাবে, তা সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দেবে অথবা দান করে দেবে。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00