📄 কানের রোযা
মুমিনের কানও রোযা রাখে। কান রোযা রাখে নোংরা ও অশ্লীল কথা শোনা থেকে, অবৈধ প্রেম ও ব্যভিচারের দিকে আহ্বানকারী গান-বাজনা শোনা থেকে। রোযা রাখে আল্লাহর হারামকৃত যেসব কথা তাঁকে ক্রোধান্বিত ও অসন্তুষ্ট করে সেসব কথা শোনা থেকে। মু'মিনের কান রোযা রাখে শয়তানের সুর শোনা থেকে। কেননা আল্লাহ তা'আলা কিয়ামতের দিন বান্দার কান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। মহান আল্লাহ বলেন, 'কর্ণ, চক্ষু ও অন্তর এদের প্রত্যেকটির বিষয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে।' (সূরা বনী ইসরাঈল- ৩৬)
📄 চোখের রোযা
মুমিনের চোখও রোযা রাখে আল্লাহর হারামকৃত জিনিস দেখা হতে বিরত থাকার মাধ্যমে। হারাম কিছু চোখে পড়লে সে তার চক্ষুকে অবনত করে নেয়, অশ্লীল কিছু দেখা হতে দৃষ্টিকে ফিরিয়ে রাখে। যেমন: নোংরা ফিল্ম, শ্লীলতাহীন টিভি সিরিজ এবং পরনারী ইত্যাদি দেখা হতে বিরত থাকে। মহান আল্লাহ মুমিন পুরুষদেরকে সম্বোধন করে বলেন, 'মুমিন পুরুষদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে এবং নিজ নিজ যৌনাঙ্গের হেফাযত করে; এটিই তাদের জন্য উত্তম।' (সূরা নূর- ৩০)
অতঃপর আল্লাহ তা'আলা মুমিন নারীদেরকেও সম্বোধন করে বলেন, 'আর মুমিন নারীদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে এবং নিজ নিজ যৌনাঙ্গের হেফাযত করে।' (সূরা নূর- ৩১)
📄 হাত ও পায়ের রোযা
মুমিনের হাত রোযা রাখে হারাম কিছু ধরা ও স্পর্শ করা থেকে। সুতরাং যে মহিলাকে স্পর্শ করা তার জন্য হালাল নয়, তাকে যেন স্পর্শ না করে। তার হাত যেন রোযা রাখে মানুষের উপর অত্যাচার করা থেকে, কাউকে অন্যায়ভাবে মারা থেকে। সুদ, ঘুষ, চুরি ও অন্যান্য হারাম পন্থায় অর্থ উপার্জন করা থেকেও মুমিনের হাত রোযা রাখে।
মুমিনের পা-ও রোযা রাখে। আর তার রোযা হলো- যে পথে গমন করলে আল্লাহ অসন্তুষ্ট হন সে পথে যাবে না। সকল প্রকার পাপাচারের পথে চলা হতে সে বিরত থাকবে। কারণ হাত-পা দিয়ে পাপ করলে কিয়ামতের ময়দানে এগুলো বান্দার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তা'আলা বলেন, 'আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তারা যা করত সে সম্পর্কে তাদের পা সাক্ষ্য দেবে।' (সূরা ইয়াসীন- ৬৫)
📄 পেটের রোযা
মুমিনের পেটও রোযা রাখে। পেট রোযা রাখে হারাম খাদ্য খাওয়া থেকে। সুতরাং সে হারাম খাবার সাহারীতে খায় না এবং ইফতারীতেও খায় না। সুদ, ঘুষ এবং অন্যান্য হারাম উপায়ে উপার্জিত সম্পদ কখনো সে তার পেটে প্রবেশ করায় না। কেননা যে ব্যক্তি নিজ উদরে হারাম মাল প্রবেশ করায়; অর্থাৎ যার খাদ্য ও পানীয় হারাম হয় তার দু'আ কবুল হয় না। হাদীসে এসেছে,
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, হে লোক সকল! নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোন কিছু গ্রহণ করেন না। আর আল্লাহ তা'আলা রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছিলেন মুমিনদেরকেও সেই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তা'আলা বলেন, হে রাসূলগণ! তোমরা পবিত্র জিনিস খাও এবং নেক আমল করো। নিশ্চয় তোমরা যা কর সে বিষয়ে আমি অবগত আছি। (সূরা মু'মিনূন- ৫১) আল্লাহ তা'আলা আরো বলেন, হে ঈমানদারগণ! আমি তোমাদেরকে যে রিযিক দান করেছি তা থেকে পবিত্র জিনিস খাও। (সূরা বাকারা- ১৭২)
অতঃপর নবী ﷺ এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দীর্ঘ সফর করে, এলোমেলো কেশবিশিষ্ট, ধূলোয় মলিন শরীর, সে আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার রব! হে আমার রব! অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারামের দ্বারা সে প্রতিপালিত হয়েছে, সুতরাং কীভাবে তার দু'আ কবুল হবে?
উপরের হাদীস থেকে আমরা জানতে পারলাম যে, ইবাদাত কবুল হওয়ার জন্য হালাল রিযিক খাওয়া পূর্বশর্ত। অন্যথায় ইবাদাত কবুল না হওয়ার কারণে জাহান্নামে যেতে হবে। হাদীসে এসেছে,
আবু বকর সিদ্দিক (রাঃ) নবী ﷺ হতে বর্ণনা করেন। তিনি বলেন, যে শরীর হারাম দ্বারা প্রতিপালিত তার জন্য জাহান্নামের আগুনই উপযুক্ত।
টিকাঃ
১৭৬. সহীহ মুসলিম, হা/২৩৯৩; তিরমিযী, হা/২৯৮৯; মুসনাদে আহমাদ, হা/৮৩৩০; বায়হাকী, হা/৬১৮৭; সুনানে দারেমী, হা/২৭১৭; শারহুস সুন্নাহ, হা/২০২৮; জামেউস সগীর, হা/৪৫১০; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৭১৭; মিশকাত, হা/২৭৬০।
১৭৭. মুস্তাদরাকে হাকেম, হা/৭১৬৪; জামেউস সগীর, হা/৮৬৪৮; মিশকাত, হা/২৮২৫।