📄 চাঁদ নয়, আপনিই বেশী সুন্দর
মদীনায় হিজরতকালে বিপদসঙ্কুল পথ পাড়ি দিয়ে সন্ত্রাসীদের দৃষ্টি এড়িয়ে নবী করীম (সা:) এবং হযরত আবু বকর (রা:) সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সে পথ ধরেই হযরত যুবাইর (রা:) সিরিয়া থেকে ব্যবসায়িক পণ্যসহ মক্কায় ফিরছিলেন। নবী করীম (সা:) এর সাথে তাঁর সাক্ষাৎ ঘটলো। হযরত যুবাইর (রা:) তাঁদেরকে কয়েকটি কাপড় উপহার দিলেন। সেই দুঃসময়ে অসহায় অবস্থায় ঐ সামান্য কাপড় যেন অসামান্য হয়ে দেখা দিয়েছিল। কিছুদূর এগিয়ে যাবার পরে পুনরায় নবী করীম (সা:) বাধার মুখোমুখি হলেন। মক্কার ইসলাম বিরোধিরা বিশ্বনবী (সা:) কে গ্রেফতার করতে পারলে কি পুরস্কার পাওয়া যাবে তা দূর-দূরান্তেও প্রচার করে দিয়েছিল। পুরস্কারের লোভে অনেকেই নবী করীম (সা:) এর সন্ধানে বের হয়েছিল। আসলাম গোত্রের প্রধান বারিদা তাঁর অনুগত ৭০ জন সাহসী যোদ্ধাসহ অবরোধ করেছিলো। নবী করীম (সা:) সে পথেই মদীনার দিকে এগিয়ে যাচ্ছিলেন।
সামনে একদল অস্ত্রে সজ্জিত লোক দেখে নবী করীম (সা:) মধুর কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াৎ করতে থাকলেন। পবিত্র কুরআনের জান্নাতি সুরের তরঙ্গ সম্মুখে দণ্ডায়মান মানুষগুলোর কানে প্রবেশ করে তাদের ভেতরের জগৎ সম্পূর্ণ পরিবর্তন করে দিল। যেখানে ছিল অন্ধকার সেখানে পবিত্র কুরআনের সুর মুহূর্তে তাওহীদের পবিত্র উজ্জ্বল শিখা জ্বালিয়ে দিল। আসলাম গোত্র প্রধান বারিদা বিনয়ের ভঙ্গিতে রাসূল (সা:) এর দিকে এগিয়ে এলেন।
নবীর পবিত্র মুখমণ্ডলের প্রতি কিছুক্ষণ নির্নিমেষে তাকিয়ে রইলেন। এই মানুষটি সম্পর্কে মক্কার আবু জাহিল আর তার দলবল যে মিথ্যে অপবাদ প্রচার করেছে তা যেন গোত্র প্রধান বিশ্বনবী (সা:) এর পবিত্র চেহারায় অনুসন্ধান করতে লাগলেন। দীর্ঘক্ষণ তিনি দেখলেন। পবিত্র চেহারা দেখে তাঁর যেন সাধ আর মিটে না। মানুষটির মুখে সামান্যতম কলংকের আঁচড় নেই। তাহলে আবু জাহিলরা যা প্রচার করেছে তা সম্পূর্ণ মিথ্যা! আকাশের চাঁদেও সামান্য কালো দাগ আছে, কিন্তু আল্লাহর নবীর চেহারায় তা-ও নেই।
বারিদা নিজেকে আর স্থির রাখতে পারলেন না। দীন ভিখারীর মতই বিশ্বনবীর কাছে আত্মসমর্পণ করে জানালেন, 'হে আল্লাহর রাসূল (সাঃ)! আমাদের ক্ষমা করুন! অপপ্রচারে বিভ্রান্ত হয়ে আমরা আপনার বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে ছিলাম। আমাদের আপনি মুসলমানদের দলে স্থান করে দিন'।
একথা বলেই আসলাম গোত্র প্রধান বারিদা কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। তাঁর কন্ঠে কণ্ঠ মিলিয়ে তাঁর সকল সাথী বজ্রকণ্ঠে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন।
মহান আল্লাহর কি অদ্ভুত ব্যবস্থা! কোথায় নবী করীম (সা:) একাকী ছিলেন। মানুষের পক্ষ থেকে তাঁর কোনো নিরাপত্তার সামান্য ব্যবস্থা ছিল না। আর এখন তাঁর নিরাপত্তায় ৭০ জন বীর যোদ্ধা অস্ত্রে সজ্জিত হয়ে তাঁকে প্রহরা দিচ্ছে। বারিদা (রা:) এর সাথের যোদ্ধারা তাদের শিরস্ত্রাণ বর্শার অগ্রভাগে বেঁধে পতাকা বানিয়ে নিয়ে সে পতাকা উড়িয়ে সামনে অগ্রসর হলো। এক বিশাল মিছিল মহাসত্যের বিজয় কেতন উড়িয়ে আল্লাহর নবীকে পরিবেষ্টন করে মদীনা অভিমুখে এগিয়ে চললো।
ইসলামপন্থীদের প্রাণপ্রিয় শ্লোগান 'আল্লাহু আকবার' ধ্বনীতে দিগদিগন্ত মুখরিত হয়ে উঠলো। মহাত্রাসে বাতিল শক্তি থরথর করে কেঁপে উঠলো। ইসলাম বিদ্বেষী বন্ধুরা দেখুন, ইসলাম তরবারীর শক্তিতে নয়, কোন্ শক্তির কারণে ইসলাম পৃথিবী ব্যাপী প্রতিষ্ঠিত হয়েছিল তা অনুধাবন করে অনুগ্রহ পূর্বক সত্য উপলব্ধি করে উদারতার পরিচয় দিন।
৭০ জন রক্ত পিপাসু ভয়ংকর সন্ত্রাসী কিভাবে কোন্ মায়াবলে মুহূর্তের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানবে পরিণত হলো! যারা নবী করীম (সা:) কে হত্যা করে ১০০ উট পুরস্কার গ্রহণ করবে, তাঁরাই তাঁর সামনে এসে নিজেদের ঘৃণ্য সন্ত্রাসী প্রবৃত্তিকে হত্যা করে এমন এক জীবন গ্রহণ করলো, পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত তাদেরকে শতকোটি মানুষ পরম শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
৭০ টি ঘোড়ার পিঠে ৭০ জন বীর যোদ্ধা, তাদের হাতের সুতীক্ষ্ম তরবারী সূর্য কিরণে ঝলসে উঠে ইসলামের বিজয় ঘোষণা করলো। বারিদা (রা:) সামনে অগ্রসর হচ্ছেন আর কবিতা আবৃত্তি করছিলেন। তাঁর সে কবিতার অর্থ হলো, 'শান্তির সম্রাটের আগমন ঘটেছে। মুক্তিদাতা আগমন করছেন। যিনি সন্ধি স্থাপন করবেন তিনি আগমন করছেন। যিনি সত্য এবং ন্যায় স্থাপন করে পৃথিবীতে জান্নাতের শান্তি প্রতিষ্ঠিত করবেন তিনি আগমন করছেন। পৃথিবীবাসীর কাছে আজকের এটাই শুভ সংবাদ'। (ইবনে জওযী, আল ইসাবা, মাদারেজ)
বিশ্বনবী (সা:) মদীনা যাওয়ার সহজ পথ পরিহার করে গোপন পথে যাত্রা করেছিলেন। সে পথ ছিল বড় বন্ধুর। পথ প্রদর্শক তাদেরকে নিয়ে মক্কার নিম্ন অঞ্চল দিয়ে প্রথমে উপকূল এলাকায় গিয়েছিল। সেখান থেকে উসফান এলাকার নিম্ন অঞ্চল দিয়ে আমাজের নিম্ন এলাকা হয়ে কুসাইদ এলাকা অতিক্রম করে খাররার নামক স্থানে এসে থেমে ছিল। তারপর লেকফ এবং মাদলাজ লেকফ এলাকা অতিক্রম করে মাদলাজ মাহাম নামক স্থানে উপনীত হয়েছিল।
এরপর মারজাহ মাহাজ নামক স্থান, সেখান থেকে মারজাহ যিল গাদাওয়াইন নামক স্থান, সেখান থেকে বাতন যি, কাশর এবং জাদাজিদ, আজরাদ এসে থেমেছিল। তারপর মাদলাজা তিহিন এবং আবাবিদ আল ফাজ্জাহ অতিক্রম করেছিল। এরপর তাঁরা আরজ নামক স্থানে এসে উপনীত হয়েছিলেন।
এই স্থানের অধিবাসীরা নবী করীম (সা:) কে অভ্যর্থনা জানানোর জন্য পূর্ব হতেই প্রতীক্ষার প্রহর গুনছিল। এখানে আসলাম গোত্রের হযরত আওস ইবনে হাজার (রা:) তাঁর নিজের উটে আরোহন করিয়ে এবং তাঁর এক গোলামকে নবী (সা:) এর সাথে দিয়ে মদীনা যাওয়ার ব্যবস্থা করেছিল। এরপর তাঁরা রুকুবার দক্ষিণ পাশ অতিক্রম করে সানিয়াতুল আয়ের পথ দিয়ে বাতনু রিম নামক স্থানে এসে উপনীত হয়েছিল। এখান থেকেই বিশ্বনবী (সা:) মদীনার কুবা এলাকায় বনী আমর ইবনে আউফ গোত্রে এসে পৌঁছেছিলেন। সেদিন তারিখ ছিল রবিউল আওয়াল মাসের ১২ তারিখ এবং সময় ছিল প্রখর রোদে ঝলসানো দুপুর। (ইবনে হিশাম এবং ইবনে ইসহাক)
📄 মদীনার নীলিমায় মক্কার সূর্য
মহাকাশের সূর্যের সাথে বাসযোগ্য ক্ষুদ্রগ্রহ এ পৃথিবীর বন্ধন রজ্জু অনুসন্ধানী দৃষ্টিতে ধরা পড়ে না। কিন্তু ধরা না পড়লেও সূর্য তাপেই পৃথিবী ফলে ফুলে সুশোভিত হয়। যে স্থান থেকে সূর্য উদিত হয় সে স্থান মেঘমালা আচ্ছাদিত থাকলেও সূর্যের উদয় পথে বাধা সৃষ্টি করতে পারে না। আপন গতি পথেই সূর্য এগিয়ে যেতে থাকে। পূর্বাকাশ মেঘাচ্ছন্ন থাকলে পশ্চিমাকাশে সূর্য আপন প্রভা বিকিরণ করে। মদীনার সাথে বুঝি নবী করীম (সা:) এর নাড়ির সম্পর্ক বিদ্যমান ছিল। তিনি মক্কায় জন্মগ্রহণ করে মক্কায় অবস্থান করেন কিন্তু তাঁর সে সম্পর্ক কারো দৃষ্টিতে ধরা না পড়লেও তাঁরই প্রভাবে মদীনার আনসাররা আলোকিত হয়ে উঠেছিল। মক্কা থেকে তিনি মহাসত্যের যে তাপ বিকিরণ করতেন, সে তাপে মদীনা ফলে ফুলে সুশোভিত হয়েছিল।
মক্কার আকাশ ছিল মেঘাচ্ছন্ন, মহাসত্যের সূর্য উদিত হলো কিন্তু সে সূর্য ঘন নিকষ কালো মেঘের কারণে মক্কার আকাশে স্বাধীনভাবে তাঁর তাপ বিকিরণ করতে সক্ষম হলো না। দুর্ভাগ্য মক্কাবাসীর। তারপর কালক্রমে মক্কার সে সূর্য মদীনার আকাশে এসে উদিত হয়েছিল। মদীনার মেঘমুক্ত আকাশে মহাসত্যের সে সূর্য স্বাধীনভাবে তাপ বিকিরণ করেছিল। সময়ের ব্যবধানে সে তাপ সমগ্র পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল।
আজ নবী করীম (সা:) শারীরিকভাবে আমাদের মাঝে নেই, তিনি আর কোনোদিন এ পৃথিবীতে মানুষের সামনে শারীরিকভাবে মানুষের জাগ্রত অবস্থায় সবার সামনে আসবেন না। কিন্তু তিনি যে তাপ বিকিরণ করেছেন, তাঁর অবর্তমানে তাঁরই অনুসারীগণ শত সহস্রগুণ শক্তিশালী করে পৃথিবীময় বিকিরণ করেছিল। ইতিহাসের ধারা পরিক্রমায় সে তাপ ছড়িয়ে পড়ার গতি কিছুটা হ্রাস পেলেও মহাসত্যের তাপের গতি যে পুনরায় বৃদ্ধি লাভ করবে তার সকল নিদর্শন পৃথিবীব্যাপী সুস্পষ্ট হয়ে উঠেছে। সে শুভ মুহূর্ত আগত প্রায় যখন হেরার রাজ তোরণ পুনরায় বিশ্বব্যাপী প্রজ্জ্বলিত হবে। সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্যে ও আফ্রিকার অন্তর্ভুক্ত লিবিয়ার ঘটনাবলী এ কথারই স্বাক্ষর বহন করছে।
হিজরতকালে দীর্ঘ চৌদ্দদিন কুবায় অবস্থান করে একটি মসজিদ নির্মাণের পরে বিশ্বনবী (সা:) মদীনা শহরের দিকে যাত্রা শুরু করলেন। তিনি যে পথ দিয়ে শহরের দিকে যাচ্ছেন সে পথের দু'ধারে উৎসুক জনতা আল্লাহর নবীর পবিত্র চেহারা মুবারক একটি বার দেখার জন্য গভীর আগ্রহে দাঁড়িয়েছিল। তাঁকে দেখার সাথে সাথে জনতা আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলছিল। নবী করীম (সা:) উটের পিঠে, ধীর মন্থর পায়ে উট এগিয়ে যাচ্ছে মদীনার দিকে, রাসূলের শেষ বিশ্রামস্থলের দিকে।
সেদিন ছিল পবিত্র জুমুয়াবার। পথে জুমা নামাজের সময় হলে নবী করীম (সা:) বনী সালেম গোত্রে জুমা নামাজ আদায় করলেন তাঁর অনুসারী মুসলমানদের জীবনে এটাই ছিল প্রথম জুমা নামাজ। এখানেই তিনি জুমার প্রথম খুত্বাদান করেছিলেন। এই মসজিদের নাম হয়েছে বাতনুল ওয়াদির মসজিদ বা ওয়াদিয়ে রানুনার মসজিদ। নবী করীম (সা:) এর প্রথম জুমা নামাজ আদায়ের স্মৃতি বিজড়িত মসজিদ।
বনী সালেম গোত্রের আবাল বৃদ্ধ বনিতাদের হৃদয়ের স্বপ্ন, যদি আল্লাহর রাসূল তাদের মাঝে থাকতেন! তাঁরা দলবদ্ধভাবে এসে নবীর সামনে নিবেদন করলেন, 'হে আল্লাহর রাসূল (সা:)! আমাদের যা কিছু আছে সবই আপনার পবিত্র কদমে উৎসর্গিত। আপনি যদি সন্তুষ্ট হয়ে আমাদের মধ্যে চিরদিনের জন্য থাকতেন'!
দুর্ভাগ্য তৎকালীন মক্কাবাসীর, কি অমূল্য রত্ন তারা হারালো বুঝতে পারলো না। যখন বুঝলো তখন সে রত্ন হাতছাড়া হয়ে গেছে। তখন সে অমূল্য সম্পদের অধিকারী মদীনাবাসী। আল্লাহর রাসূলের মুখে মধুর হাসি। তিনি বললেন, 'আমার উটকে তোমরা যেতে দাও, মহান আল্লাহ এই উটকে নির্দেশ দান করেছেন কোথায় আমাকে নিয়ে যেতে হবে'।
মহান আল্লাহ তা'য়ালাই এই ব্যবস্থা করেছিলেন। এই ব্যবস্থা অবলম্বন না করলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও রাসূল (সা:) কে নিজেদের অধিকারে রাখার জন্যে গোত্রে গোত্রে দাঙ্গা সৃষ্টি হতো। উট এগিয়ে যাচ্ছে, পথে যে গোত্রই পড়ছে সেই গোত্রই ঐ একই আবেদন পেশ করছে। নবী করীম (সা:) মুখে চাঁদের হাসি ফুটিয়ে সবাইকে একই কথা বলছেন। অবশেষে উট তাঁকে বহন করে মদীনা শহরে পৌঁছলো।
পূর্বেই শহরে সংবাদ এসেছিল, ত্রিভুবনের প্রিয় মুহাম্মাদ (সা:) আজ এই শহরে তাঁর পবিত্র কদম রাখবেন। মদীনার আনাচে কানাচে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল। কুবা থেকে মদীনা শহর পর্যন্ত কোনো একটি স্থান শূন্য ছিল না। পথের দু'পাশে ছিল মানব বন্ধন আর অগণিত জনতার ভীড়। মানুষ উঁচু স্থানে আরোহন করে প্রতিযোগিতা করছিল, কে আগে আল্লাহর নবীকে দেখে নিজের তৃষ্ণার্ত নয়ন সার্থক করবে।
মদীনার অবরোধপুরবাসিনী নারী গোষ্ঠী, শিশু, বালক-বালিকারা গৃহের ছাদে উঠে মধুর কণ্ঠে তালে তালে তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করছিল। এ সকল কবিতা ছিল রাসূলের প্রশংসায় নিবেদিত। কিয়ামত পর্যন্ত মানুষ সে কবিতা আবৃত্তি করতে থাকবে। তাঁরা মধুর কন্ঠে আবৃত্তি করছিল-
طَلَعَ الْبَدْرُ عَلَيْنَا - مَنْ ثَنِيَاتِ الْوَدَاعِ - وَجَبَ الشَّكْرُ عَلَيْنَا - مَادَ عَى لِلَّهِ دَاعٍ -
'চন্দ্র হয়েছে উদয় বিদা পর্বতের ঘাঁটি হতে, মোদের প্রতি আল্লাহর প্রশংসা করা বাধ্যতামূলক, যে পর্যন্ত প্রার্থনাকারী প্রার্থনা করবে'।
মদীনার বালিকাগণ বিশেষ এক প্রকার বাদ্যযন্ত্র যাকে বলা হয় 'দক্', এই দফ বাজিয়ে কোরাশ কণ্ঠে কবিতা আবৃত্তি করছিল-
نَحْنُ جَوَارِ مِنْ بَنِي النَّجَّارِ - يَا حُبَنَا مُحَمَّدًا مِنْ جَارِ -
'নাজ্জার বংশের বালিকা আমরা, মুহাম্মাদ (সা:) আমাদের সর্বোত্তম প্রতিবেশী'।
আল্লাহর নবী (সা:) পরম মমতাভরা দৃষ্টিতে শিশু মেয়েদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। মধুর কণ্ঠে তাদেরকে বললেন, 'আমাকে কি তোমরা চাও?'
শিশু মেয়েরা আত্মহারা হয়ে উঠলো। তাঁরা সমবেত কণ্ঠে খুশীর আবেগ প্রকাশ করলো, 'হে আল্লাহর রাসূল (সা:) আপনাকে আমরা চাই'।
বিশ্বনবী (সা:) তাদের প্রতি স্নেহ প্রকাশ করে বললেন, 'আমিও তোমাদেরকে চাই'।
উট এগিয়ে গেল, সামনে পড়লো বিশ্বনবী (সা:) এর মামাদের পরিবার বনী আদী নাজ্জারের গোত্র। এই গোত্রেরই মেয়ে ছিলেন নবী করীম (সা:) এর দাদার মাতা সালামা বিনতে আমর। এই গোত্রের লোকজন নবীর উটের সামনে দাঁড়িয়ে করুণ কন্ঠে আবেদন পেশ করলো, 'হে আল্লাহর রাসূল (সা:)! আমাদের সবকিছুই আপনার, আপনি আমাদের সাথে অবস্থান করুন!'
নবী করীম (সা:) তাদেরকেও বললেন, 'উটের প্রতিই আল্লাহ তা'য়ালা আদেশ করেছেন, সে আমাকে যথাস্থানে নিয়ে যাবে। তোমরা উটকে পথ করে দাও'।
উট এবার এগিয়ে গিয়ে বনী মালিক ইবনে নাজ্জারের বাসস্থানের সামনে এসে আস্তে আস্তে হাঁটু ভাঁজ করে বসলো। মসজিদে নববীর প্রবেশ দ্বার এখানেই বানানো হয়েছিল। সে সময় ঐ স্থানটি ছিল বনী নাজ্জার গোত্রের সাহল ও সুহাইল নামক দু'জন ইয়াতিম শিশুর। তাদেরকে লালন পালন করতো হযরত মায়াজ ইবনে আকরা। এ স্থানে বাচ্চা দু'টো তাদের খেজুর শুকাতো।
উট বসে পড়লেও নবী করীম (সা:) উট থেকে অবতরণ করলেন না। কিছুক্ষণ পরে উট উঠে কিছুদূর এগিয়ে গেল। তারপর উট সেখান থেকে পেছনের দিকে তাকালো যেখানে সে প্রথম বসেছিল। তারপর পুনরায় সে পূর্বের স্থানে ফিরে এসে বসে পড়লো। এবার সে একটু শব্দ করে তার গলা এবং বুক মাটির সাথে স্পর্শ করলো। আল্লাহর রাসূল (সা:) অনুভব করলেন, মহান আল্লাহ উটকে এই স্থানেই থেমে যেতে আদেশ করেছেন।
সামনেই ছিল হযরত আবু আইউব আনসারী (রা:) এর বাড়ি। তাঁর প্রকৃত নাম আবু আইউব খালিদ ইবনে যায়িদ আনসারী (রা:)। তিনি দ্রুত এগিয়ে এসে নবী করীম (সা:) এর সামান্য আসবাব-পত্র নামিয়ে নিজের ঘরে নিয়ে গেলেন। মহাসৌভাগ্যবান ব্যক্তি তিনিই হলেন যার ঘরে মেহমান হলেন সমগ্র সৃষ্টির মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী স্বয়ং আল্লাহ তা'য়ালার রাসূল বিশ্বনবী মুহাম্মাদ (সা:)।
আরেক বর্ণনায় এসেছে, বর্তমানে যেখানে মাসজিদে নববী অবস্থিত সেখানেই ছিল হযরত আবু আইউব (রা:) এর ঘর। এখানে উট এসে পৌঁছলে রাসূল (সা:) কার মেহমান হবেন তা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হলো। শেষ পর্যন্ত সমাধান করা হলো এভাবে যে, উট যার ঘরের সামনে থামবে রাসূল (সা:) তাঁরই মেহমান হবেন। উট এসে থেমেছিল হযরত আবু আইউব (রা:) এর ঘরের সামনে।
পক্ষান্তরে মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে যে, মদীনার আনসারদের মধ্যে রাসূলের মেহমানদারী করা নিয়ে বিতর্ক দেখা দিলে নবী করীম (সা:) স্বয়ং বলেছিলেন, 'আমি বনী নাজ্জার গোত্রে থামবো। কারণ তাঁরা আমার দাদার মামা'।
সুতরাং নবী করীম (সা:) তাঁর দাদার আত্মীয়তার কারণে হযরত আবু আইউব (রা:) এর মেহমান হয়েছিলেন। ইমাম বুখারী তাঁর তারিখে ছগীরে লিখেছেন, নবী করীম (সা:) তাঁর দাদার আত্মীয়তার কারণে হযরত আবু আইউব (রা:) এর মেহমান হয়েছিলেন।
এই বাড়িতে বিশ্বনবী (সা:) প্রায় সাত মাস অতিবাহিত করেন। তাঁরপর মাসজিদে নববী এবং উম্মাহাতুল মুমেনিনের জন্য বাসগৃহ নির্মাণ করা হলে তিনি সেখান থেকে মাসজিদে নববীর পাশে চলে আসেন।
হযরত আবু আইউব (রা:) এর বাড়িটা ছিল দোতলা। সে সময় একতলা আর দোতলার মধ্যবর্তী অংশ বর্তমানের দোতলা বাড়ির মত ছিল না। হয়তঃ কাঠ দিয়ে মাঝের অংশ প্রস্তুত করে তার ওপরে মাটির প্রলেপ দেয়া হত। এ কারণে ওপরের অংশে পানি পড়লে সে পানি গড়িয়ে নিচের তলায় পৌঁছতো। হযরত আবু আইউব (রা:) বিশ্বনবী (সা:) এর মর্যাদার দিক লক্ষ্য করে তাঁর কাছে আবেদন করলেন, 'হে আল্লাহর রাসূল (সা:)! আমার মাতা-পিতা আপনার কদম মুবারকে উৎসর্গিত হোক, আপনি ওপরের তলায় অবস্থান করুন!'
নবী করীম (সা:) তাঁকে বললেন, 'আমার সাথে লোকজন দেখা সাক্ষাৎ করতে আসবে, দোতলায় থাকলে তাদের সাথে সাক্ষাৎ করা অসুবিধা হবে। আমি নিচের তলাতেই অবস্থান করি'।
এভাবে তিনি সে বাড়ির নিচের তলাতেই অবস্থান করতে থাকলেন। হযরত আবু আইউব (রা:) তাঁর নিজের অনুভূতির কথা এভাবে বলেন যে, 'আমরা তাঁর জন্য খাবার প্রস্তুত করে সবটুকু খাবারই তাঁর কাছে প্রেরণ করতাম। আল্লাহর রাসূল আহার করে অবশিষ্টাংশ ফেরৎ পাঠাতেন। আমরা লক্ষ্য করতাম খাদ্য পাত্রের কোনো কোনো স্থানে রাসূলের পবিত্র আঙ্গুলের চিহ্ন পাওয়া যায়। যেসব স্থানে চিহ্ন দেখতাম সে স্থান থেকেই আমরা আহার করতাম। আমরা অধিক বরকতের আশায় এমন করতাম। একদিন আমরা খাবার প্রস্তুত করার সময় একটু রসুন বা পিঁয়াজ দিয়েছিলাম। সে খাবার রাসূলের কাছ থেকে যখন ফেরৎ এলো তখন দেখলাম, রাসূলের পবিত্র আঙ্গুলের চিহ্ন নেই খাদ্য পাত্রে। আমরা অনুভব করলাম তিনি খাদ্য আহার করেননি। আমরা অস্থির হয়ে পড়লাম। জানি না আমাদের দ্বারা এমন কী ভুল হয়ে গেল যে, তিনি আহার করলেন না?
আমি দ্রুত তাঁর কাছে উপস্থিত হয়ে আবেদন করলাম, 'হে আল্লাহর রাসূল (সা:)! আপনার জন্য আমাদের মাতা-পিতা কুরবান হোক! আপনি খাদ্য ফেরৎ পাঠিয়েছেন অথচ আপনার হাতের চিহ্ন নেই। আমরা বরকতের আশায় আপনার হাতের চিহ্ন দেখে সেখান থেকে আহার করতাম। হে আল্লাহর রাসূল! আমরা বুঝতে পারছি না আমাদের কি অপরাধ!'
নবী করীম (সা:) তাঁকে সান্ত্বনা দিয়ে পরম স্নেহের স্বরে বললেন, 'অন্য কোনো কারণ নয়, আমি আজ খাবারের মধ্যে একটি গাছের গন্ধ পেয়েছি। তা আহার করলে মুখে গন্ধ হয়। অনেকের সাথে আমাকে কথা বলতে হয়, মুখ থেকে গন্ধ বের হবে। এ কারণে আমি আহার করিনি। তোমরা আহার করতে পারো'।
হযরত আবু আইউব (রা:) জবাবে বলেছিলেন, 'হে আল্লাহর রাসুল (সাঃ)! আপনি যা পছন্দ করেন না, আমরাও তা পছন্দ করবো না'। (উসুদুল গাবা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নং-৮১, মুসলিম শরীফ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নং-১৯৮, সীরাতে ইবনে হিশাম, প্রথম খণ্ড, পৃষ্ঠা নং-৪৯৯)
নবী করীম (সা:) জিবরাঈল (আ:) সহ অন্যান্য ফেরেশতাদের সাথে ক্ষেত্র বিশেষে মহান আল্লাহ তা'য়ালার সাথে কথা বলতেন। এ কারণে তিনি কোনো গন্ধযুক্ত খাবার পছন্দ করতেন না। এই ঘটনার পর থেকে তাঁর কাছে কোনো ধরনের গন্ধযুক্ত খাদ্য প্রেরণ করা হতো না। কোনো বর্ণনায় উল্লেখ করা হয়েছে, এই ঘটনার পর থেকে হযরত আবু আইউব (রা:) ও তাঁর পরিবার পরিজন রসুন বা পিঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন।
হযরত আবু আইউব আনসারী (রা:) বলেন, 'তখন আমরা বাধ্য হয়েই ওপর তলায় অবস্থান করি। একদিন রাতে হঠাৎ করেই পানির পাত্রটা ভেঙ্গে গেল। নিচের তলায় রাসূল (সা:) অবস্থান করছেন। পানি এখন গড়িয়ে নিচের তলায় চলে যাবে। আমরা বিচলিত হয়ে পড়লাম। অবশেষে আমাদের শোবার মত যে কম্বলটা ছিল তা পানির ওপর বিছিয়ে দিয়ে সে পানি শোষণ করালাম। তারপর আমরা ঘরের এক কোণে সমগ্র রাত ভয়ে জড়সড় হয়ে বসে অতিবাহিত করলাম। সকালে নবী করীম (সা:) এর সামনে উপস্থিত হয়ে আমরা আমাদের অনুভুতির কথা ব্যক্ত করে তাঁকে অনুরোধ করলাম তিনি যেন ওপর তলায় চলে যান। আমাদের অনুরোধে তিনি আমাদের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে ওপরে চলে গেলেন'। (উসুদুল গাবা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নং-৮১, হায়াতুস সাহাবা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নং-৩২৮-৩২৯, সীরাতে ইবনে হিশাম, প্রথম খণ্ড, পৃষ্ঠা নং-৪৯৮)
বিশ্বনবী (সা:) ইসলামের প্রথম শিক্ষক, মুবাল্লিগ, প্রথম দূত হযরত মুসআব ইবনে উমায়ের (রা:) এর সাথে হযরত আবু আইউব (রা:) এর ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দেন। ইতিহাসে বর্ণনা করা হয়েছে, তাদের উভয়ের চরিত্রে অপূর্ব সাদৃশ্য ছিল। উভয়ের মধ্যেই প্রাণ প্রাচুর্য এবং উৎসাহ উদ্দীপনা ছিল অদ্ভুত ধরনের। (তাবাকাতে ইবনে সাআদ, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নং-৪৮৪)
বিশ্বনবী (সা:) মদীনায় আগমন করেই হযরত যায়েদ (রা:) কে দু'টো উট এবং পাঁচশত দেরহাম দিয়ে মক্কায় প্রেরণ করলেন পরিবারের সদস্যদের মদীনায় নিয়ে আসার জন্য। হযরত আবু বকর (রা:)ও পত্র প্রেরণ করেছিলেন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মদীনায় চলে আসার জন্য। তাঁর সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর (রা:) পরিবারের সকল সদস্যদের নিয়ে হযরত যায়েদ (রা:) এর সাথেই অর্থাৎ নবী পরিবারের সদস্য এবং হযরত আবু বকর (রা:) এর পরিবারের সদস্যগণ একত্রেই মদীনায় আগমন করেন। পক্ষান্তরে নবী করীম (সা:) এর এক কন্যা সে সময় আসতে পারেননি। তিনি তাঁর স্বামী হযরত উসমান (রা:) এর সাথে সে সময় হাবশায় অবস্থান করছিলেন।
নবী করীম (সা:) কে ঘীরে মদীনার বালক-বালিকাগণ যে কবিতা আবৃত্তি করছিলো, তার মধ্যে 'বদর' শব্দ উল্লেখ রয়েছে। পূর্ণীমার পূর্ণ শশীকে আরবী ভাষায় 'বদর' বলা হয়। সাধারণত চন্দ্রকে আরবী ভাষায় 'ক্বামার' বলা হয়। মদীনায় হিজরতকালে নবী করীম (সা:) কে শুধু চাঁদের সাথে তুলনা না করে তাঁরা পূর্ণীমার পূর্ণ চন্দ্রের সাথে তুলনা করে আবৃত্তি করছিলো, 'আজ আমাদের ওপর কৃতজ্ঞতা প্রকাশ করা বাধ্যতামূলক হয়েছে'। মদীনায় হিজরতকালে নবী করীম (সা:) কে দেখে মদীনার শিশু-কিশোররা যে কবিতাটি আবৃত্তি করেছিলো তা কিয়ামত পর্যন্ত সমগ্র পৃথিবীব্যাপী প্রতিদিন কোথাও না কোথাও আবৃত্তি হতে থাকবে, এটি কখনো পুরনো হবে না।
পূর্ণীমা ব্যতীত চাঁদকে কখনোই পূর্ণ অবয়বে দেখা যায় না, পূর্ণীমার তিথীতেই চাঁদকে পৃথিবীর মানুষ পূর্ণ অবয়বে দেখে থাকে। এ সময় চন্দ্রের কিরণচ্ছটা পূর্ণরূপে বিকশিত হয়। মক্কার একশ্রেণীর মানুষ সে সময় নবী করীম (সা:) এর মর্যাদা উপলব্ধি করতে না পারলেও মদীনার ঐ মানুষগুলো ঠিকই উপলব্ধি করেছিলো, এই মহামানবের অনুসরণের মধ্যেই রয়েছে শোষণ, নিপীড়ন, নির্যাতন, গৃহযুদ্ধ ও সকল প্রকার লাঞ্ছনা, অবহেলা, অমর্যাদা এবং অপমান থেকে মুক্তি। কেবলমাত্র তাঁর অনুসরণই মর্যাদার সুউচ্চ স্থানে আরোহণের সোপান। ইতিহাস কথা বলে, নবী করীম (সা:) কে ঘীরে তাঁদের উপলব্ধি, তাঁদের মায়া- মমতা, প্রেম-ভালোবাসা, ত্যাগ-তিতীক্ষা, উৎসর্গ কল্পনার কোনো বিষয় ছিলো না, পৃথিবীর ইতিহাসে সকল মানব গোষ্ঠীর মধ্যে মদীনার আনসারগণ যে দৃষ্টান্ত স্থাপন করে অতুলনীয় সম্মান অর্জন করেছে, সমগ্র মানব জাতির ইতিহাসে এর একটি দৃষ্টান্তও নেই।
মদীনার হিজরতপূর্ব ইতিহাস যাঁরা জানেন, তাঁরা অবশ্যই অবগত রয়েছেন যে, গৃহযুদ্ধ আর ইয়াহুদীদের নির্যাতন মদীনার অধিবাসীদের প্রায় নিঃশেষ করে এনেছিলো। নবী করীম (সা:) এর আগমন তাঁদের নিঃশেষিত ক্ষয়িষ্ণু অস্তিত্বে প্রাণের সঞ্চার করেছিলো ইতিহাসের পৃষ্ঠা থেকে চিরতরে মুছে যাওয়া থেকে রক্ষা করেছিলো। আর এ জন্যেই বোধহয় তাঁরা সেদিন নবী করীম (সা:) কে পূর্ণীমার পূর্ণ শশীর সাথে তুলনা করে কবিতা আবৃত্তি করেছিলো।
মহান আল্লাহ তা'য়ালা মদীনার আনসারদের ওপর রহম করুন, তাঁরা শুধুমাত্র নবীপ্রেম ও আদর্শের কারণে যে ত্যাগ স্বীকার করেছে এমন দৃষ্টান্ত পৃথিবীর কোনো একটি জাতির মধ্যে নেই। মক্কা থেকে যেসব অসহায় মুসলমান শূন্য হাতে তাদের কাছে গিয়ে উপস্থিত হয়েছিল, তাঁরা এসব অসহায় মানুষদের জন্য নিজেদের বাড়ি-ঘর ছেড়ে দিয়েছে। যে জাতি নিজের অধিকার ব্যতীত অন্যের অধিকারের ব্যাপারে এক মুহূর্তের জন্য মাথা ঘামাতে প্রস্তুত ছিল না, সেই জাতি ইসলামের সংস্পর্শে এসে নিজে অনাহারে থেকে অপরিচিত ব্যক্তিকে খাদ্য দিয়েছে। অন্যের সুবিধার জন্য নিজের বাড়ি-ঘর ছেড়ে দিয়েছে। নিজের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা অর্থ-সম্পদ আরেকজনকে দিয়ে দিয়েছে। এমনকি নিজের দুইজন স্ত্রী থাকলে একজনকে তালাক দিয়ে তাঁর দ্বীনি ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে।
ত্যাগের এই মহান দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোনো জাতির মধ্যে খুঁজে পাওয়া যাবে? ইসলাম ও মুসলিম বিদ্বেষী অমুসলিম বন্ধুগণ মুসলিম ব্যতীত অন্য কোনো জাতির ইতিহাস থেকে এ ধরনের একটা দৃষ্টান্ত উপস্থিত করতে পারবেন? গর্ভধারিণী মায়ের জন্য রেষ্টুরেন্টে মাত্র একটি ডলার ব্যয় করার মত হৃদয় যাদের নেই, তাদের পক্ষে এমন ধরণের দৃষ্টান্ত উপস্থিত করা কষ্টকরই বৈকি। 'ইসলাম শক্তি প্রয়োগ করে এবং তরবারীর জোরে বিস্তার লাভ করেছে' এ সব কথা যারা বলেন এবং লিখেন, তাঁরা যে লজ্জার শেষ আবরণ, বিবেকের অবগুণ্ঠন ছুড়ে ফেলেই তা বলেন তাতে সন্দেহ নেই। অপরের সম্পদ ছিনিয়ে নেয়ার মধ্যেই যাদের গৌরব নিহিত ছিল, সেই জাতি কোন্ যাদুর স্পর্শে ত্যাগের অনুপম মহিমায় এমন তুলনাহীন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, এ সম্পর্কে অমুসলিম বন্ধুদেরকে ক্ষণিকের জন্য হলেও চিন্তা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
📄 নবী করীম (সা:) এর মদীনার ভাষণ, মানবতার মুক্তি সনদ
নবী করীম (সা:) হিজরত করে মদীনা পৌঁছার পরপরই সেখানে একটি আদর্শিক বিপ্লব সাধিত হয়েছিল। মদীনার সিংহভাগ মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল। কিন্তু এর মধ্যেও দু'চারটি গোত্র ছিল যারা প্রথমে ইসলাম গ্রহণ করেনি। আউস গোত্রের একটি ছোট অংশ নবী করীম (সা:)-এর আগমনের পরও তাদের ভ্রান্ত আদর্শ আঁকড়ে ধরেছিল। পরবর্তীতে অবশ্য সকলেই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল।
সার্বিক পরিস্থিতি কিছুটা নিজের নিয়ন্ত্রণে এনে নবী করীম (সা:) মদীনার জনগোষ্ঠীর উদ্দেশ্যে ভাষণ পেশ করেছিলেন। ভাষণের সূচনায় তিনি মহান আল্লাহ তা'য়ালার প্রশংসা করে বললেন, 'হে মানুষ! তোমরা আখিরাতের জন্য পূজি অর্জন করো। মনে রেখো, তোমাদের মধ্যে হয়তঃ কোনো ব্যক্তি দ্রুতই ইন্তেকাল করবে। তার পশু সম্পদ পরিচালনা করার মতো কেউ থাকবে না। তখন তাকে তার প্রতিপালক প্রশ্ন করবেন, তোমার কাছে কি আমি রাসুল প্রেরণ করিনি? তোমার প্রতি অনুগ্রহ করে আমি তোমাকে ধন-সম্পদ দান করিনি? সে সকল সম্পদ থেকে তুমি আখিরাতের জন্য কি প্রেরণ করেছো?'
নবী করীম (সা:) বললেন, 'তখন সে ব্যক্তি তাঁর চারদিকে দৃষ্টি নিক্ষেপ করবে। কিন্তু একমাত্র জাহান্নাম ব্যতীত আর কিছুই দেখতে পাবে না। সুতরাং তোমাদের উচিত ঐ জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা। একটি খুরমা দান করে হলেও আখিরাতের পূজি অর্জন করা। যার দান করার মতো কিছুই নেই, তাঁর উচিত ভালো কথা বলে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করা। কারণ মহান আল্লাহ তা'য়ালা ভালো কাজের পুরস্কার দশগুণ থেকে সাতশত গুণ বৃদ্ধি করে দেন'। (ইবনে হিশাম)
একটি বিষয় লক্ষনীয়, নবী করীম (সা:) তাঁর প্রথম ভাষণে মানুষকে আখিরাতের কথা বলেছেন। মানুষের মধ্যে আল্লাহর কাছে জবাবদিহীর অনুভূতি সৃষ্টি করেছেন। পৃথিবীর জীবনে আরাম আয়েশ ভোগ করার জন্য মানুষ প্রচুর অর্থ-সম্পদ ব্যয় করে থাকে। কিন্তু এই জীবন ক্ষণস্থায়ী, পক্ষান্তরে পরকালের জীবন অনন্ত, যার কোনো শেষ নেই। সে অফুরন্ত জীবনে মানুষ যেন অনাবিল সুখ-শান্তিতে থাকতে পারে, এ কারণে তিনি মানুষকে আল্লাহ তা'য়ালার রাস্তায় দান করতে অনুপ্রাণিত করেছেন।
যাদের অর্থ-সম্পদ দান করার মতো সামর্থ নেই তাদেরকে বলা হয়েছে, দান সামান্য হলেও মহান আল্লাহ তা'য়ালা তার পুরস্কার বৃদ্ধি করে দিবেন। এভাবে সামান্য কোনো কিছু দান করতে অসমর্থ হলে তার উচিত মানুষকে সৎ উপদেশ দেয়া ও মানুষের সাথে উত্তম ব্যবহার করা। এসবের বিনিময়েও মহান আল্লাহ তা'য়ালা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন।
পৃথিবীতে মানুষকে সৎ বানানোর কোনো টেক্সোলজি আবিষ্কার হয়নি এবং হবেও না। একমাত্র আখিরাতের ভয় ব্যতীত মানুষ কোনোক্রমেই সৎ হতে পারে না। মানুষের মাথায় যখন এই চিন্তা ক্রিয়াশীল থাকে যে, তাঁর সকল কাজের হিসাব মহান আল্লাহর কাছে পেশ করতে হবে। তখন সে মানুষ স্বাভাবিকভাবেই সৎ হতে বাধ্য। এ কারনেই নবী করীম (সা:) প্রথমে মানুষের অন্তরে আখিরাতের ভয় বা আল্লাহ ভীতি প্রবেশ করিয়েছিলেন। অপরদিকে সমগ্র ত্রিশপারা কুরআনে সর্বাধিক আলোচিত বিষয় হলো আখিরাত। আখিরাতের আলোচনা সম্বলিত আয়াতসমূহ একত্রিত করলে তা প্রায় দশ পারার সমান হবে বলে কুরআন বিশেষজ্ঞগণ মতামত দিয়েছেন। একটি বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ আলোচনার একটিই উদ্দেশ্য, তাহলো মানুষের মনে পরকালের জবাবদীহী জাগ্রত করে মানুষকে সৎ মানুষে পরিণত করা।
নবী করীম (সা:) তাঁর আরেক ভাষণে বলেছেন, 'সমস্ত প্রশংসা মহান আল্লাহ তা'য়ালার। আমি তাঁরই প্রশংসা করছি এবং তাঁর কাছেই সাহায্য কামনা করছি। আমরা যাবতীয় নিষিদ্ধ কর্ম এবং আমাদের নফসের প্ররোচনা 'থেকে তাঁর কাছেই আশ্রয় কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন যাকে সত্য পথ প্রদর্শন করেন তাকে কোনো শক্তি ভুল পথে পরিচালিত করতে পারে না। মহান আল্লাহ এক এবং তাঁর কোনো অংশীদার নেই। আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি ব্যতীত অন্য কোনো আইন দাতা, বিধান দাতা, ইলাহ নেই। মহান আল্লাহ তা'য়ালার কুরআনই হলো সর্বশ্রেষ্ঠ বাণী। যার অন্তরে কুরআনের প্রতি আকর্ষণ রয়েছে, কুফুরির অন্ধকারের অধিবাসী হয়েও যে ব্যক্তি কুরআনের আলোর অধিবাসী হয়েছে, মানুষের মনগড়া কথা তথা আদর্শ ত্যাগ করে যে ব্যক্তি কুরআনকে আঁকড়ে ধরেছে, সে ব্যক্তি অবশ্যই সফল হয়েছে। কারণ কুরআনের আদর্শের তুলনায় ভিন্ন কোনো আদর্শ বা কথা সুন্দর নয়'।
তিনি তাঁর ভাষণে বলেন, 'মহান আল্লাহ তা'য়ালা যা পছন্দ করেন তোমরা তা গ্রহণ করো এবং নিজের সমগ্র সত্তা দিয়ে আল্লাহ তা'য়ালাকে ভালোবাসো। আল্লাহ তা'য়ালার কুরআন তিলাওয়াত করো, তাঁকে স্বরণে রাখো, নিজের হৃদয়কে কঠিন হতে দিওনা। কারণ মহান আল্লাহ তাঁর সকল সৃষ্টি থেকে কাউকে নির্বাচিত করবেন এবং সৃষ্টির সকল কর্ম থেকেও কিছু কর্ম নির্বাচিত করবেন। আল্লাহ তা'য়ালা তাঁর বান্দাদের মধ্য থেকেও কিছু বান্দাকে নির্বাচিত করেছেন। মহান আল্লাহ সর্বোত্তম কথা ভালোবাসেন'।
আল্লাহ তা'য়ালার নবী (সা:) আরো বলেন, 'মানুষকে যা কিছু দান করা হয়েছে, তার ভেতরে হালালও আছে এবং হারামও আছে। সুতরাং তোমরা মহান আল্লাহর দাসত্ব করো এবং তাঁর সাথে কারো শরীক করো না। সত্যিকার অর্থেই আল্লাহ তা'য়ালাকে ভয় করো। তোমরা যে কথা বলবে তা কাজে পরিণত করবে। এভাবে আল্লাহ তা'য়ালার কাছে সত্যবাদী হবে। মহান আল্লাহর রহমত দিয়ে একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামীনের সাথে ওয়াদা করে তা ভঙ্গ করলে তিনি নারাজ হন'।
বিশ্বনবী (সা:) তাঁর ভাষণে একটি কথা এভাবে বলেছেন যে, 'তোমাদেরকে যা কিছু দান করা হয়েছে তার ভেতর যেমন হালাল আছে এবং হারামও আছে, সুতরাং তোমরা আল্লাহ তা'য়ালার দাসত্ব করো এবং তাঁর সাথে কারো শরীক করো না'। এ কথার তাৎপর্য হলো, হারাম হালাল তথা যাবতীয় বিষয়ে মহান আল্লাহ তা'য়ালা যে বিধান দান করেছেন তাই অনুসরণ করবে। এ ব্যাপারে অন্য কারো বিধান অনুসরণ করবে না। যদি করো তাহলে যার বিধান অনুসরণ করবে তাকে স্রষ্টার আসনে বসানো হলো, আর এটাই শিরক করা। এই শিরক থেকে মুসলিমগণ নিজেদেরকে অবশ্যই রক্ষা করবে।
নবী করীম (সা:) এর হিজরতকালে মদীনায় তিন শ্রেণীর মানুষ ছিল। মদীনায় এক শ্রেণীর মানুষের অস্তিত্ব তখন পর্যন্ত ছিল যারা মদীনারই অধিবাসী এবং মূর্তিপূজক। অন্য স্থান থেকে ইয়াহুদীরা এসে মদীনায় বাসস্থান গড়ে তুলেছিল। আর মক্কা থেকে হিজরতকারী মুসলমানরা এবং মদীনার আনসাররা। যাদের মধ্যে চিন্তার ঐক্য ছিল না। মূর্তিপূজকদের চিন্তা চেতনা ছিল এক ধরনের, ইয়াহুদীদের চিন্তা ছিল আরেক ধরনের আর মুসলমানদের চিন্তা ছিল সে সময় সমগ্র পৃথিবীর অন্য মানুষদের চিন্তা থেকে ভিন্ন।
এই তিন গোষ্ঠীকে একত্রিত করে তাদের ঐক্যবদ্ধ শক্তি কাজে লাগিয়ে একটি শক্তিশালী জাতিতে পরিণত করা এবং বিশ্বের মানচিত্রে একটি অজেয় রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে নবী করীম (সা:) মনোনিবেশ করলেন। মদীনায় যে সকল মূর্তিপূজক ছিল তাদের শক্তি ক্রমশঃ ক্ষয় হয়ে আসছিল। কারণ প্রতিদিনই দু'একজন করে ইসলাম গ্রহণ করছিল, ফলে তাদের সংখ্যা ক্রমশঃ হ্রাস পাচ্ছিল। ইয়াহুদীরা যদিও ইসলাম এবং মুসলমানদের শত্রু ছিল তবুও তারা প্রকাশ্যে শত্রুতা করতে সাহস পেত না।
নবী করীম (সা:) ইসলামী বিধান পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে মূর্তিপূজক এবং ইয়াহুদীদের নেতৃস্থানীয় ব্যক্তিদের আহ্বান করে একটি বৈঠক করলেন। কোনো বর্ণনায় উল্লেখ করা হয়েছে, তিনি মদীনার ভেতরের এবং আশেপাশের সকল গোত্রপতিদের আহ্বান করেছিলেন সে বৈঠকে। তিনি তাদের কাছে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন এবং অভ্যন্তরীণ সাম্প্রদায়িক ঐক্য ও সম্প্রীতির প্রয়োজনীয়তা ব্যক্ত করলেন। দীর্ঘ আলোচনার পর সকলের সম্মতির ভিত্তিতে একটি ঘোষণাপত্র বা সনদপত্র প্রস্তুত করা হয়।
সে সনদ পত্রে প্রথমেই লেখা হলো মুহাজির, আনসার ও অন্য মুসলমানদের সম্পর্ক, তাদের অধিকার এবং দায়িত্ব কর্তব্য, বিচার ব্যবস্থাসহ বিভিন্ন দিক। গুরুত্বসহকারে একটি কথা লেখা হলো, 'সকল বিষয়ের সিদ্ধান্ত গ্রহণের অধিকার থাকবে নবী করীম (সা:) এর এবং মুসলিম জনগোষ্ঠীর ইখতিয়ারে'।
ইয়াহূদীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ঘোষণা, সকল গোত্রের ধর্মীয় স্বাধীনতার ঘোষণা এবং তাদের সম্পদের মালিকানার প্রতি স্বীকৃতি ইত্যাদী বিষয় সম্পর্কে ঘোষণা করা হলো। সকল গোত্র বা সম্প্রদায়ের ওপর প্রযোজ্য পরিকল্পিত এই সাধারণতন্ত্রের সংবিধানে সকল গোত্রের প্রতিনিধিবর্গ নিজ নিজ নাম স্বাক্ষর করেন। আমরা সে ঘোষণাপত্র বা সনদপত্রের বিস্তারিত বিবরণ সীরাতে ইবনে হিশাম থেকে উদ্ধৃত করলাম।
📄 বিশ্বনবী (সা:) এর ঘোষণা পত্র
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
মুহাম্মাদ (সা:), কুরাইশ এবং মদীনার মুসলমানগণ, পরে যারা ইসলাম গ্রহণ করবে এবং তাদের সাথে একাকার হবে, জিহাদে যোগ দিবে তাদের পক্ষ থেকে এটি একটি সনদপত্র। সকল মানব জাতির মধ্যে তাঁরা একটি পৃথক এবং স্বতন্ত্র জাতি বা উম্মাহ। কুরাইশদের মধ্য থেকে যারা এসেছে, তাঁরা ইসলাম গ্রহণের সময় যেমন ছিল তেমনই থাকবে। তাদের মধ্যে ক্ষতিপূরণ দেয়ার যে নীতি ছিল তা বহাল থাকবে। তাঁরা বন্দীদেরকে ন্যায়সঙ্গত উপায়ে একে অপরের কাছে গ্রহণযোগ্য পদ্ধতিতে মুক্তিপণ গ্রহণ করে মুক্তি দিতে পারবে।
বনী আউফ গোত্র ইসলাম গ্রহণ করার সময় যে অবস্থায় ছিল তাঁরা সে অবস্থাতেই বহাল থাকবে। তাদের একে অপরের মধ্যে ক্ষতিপূরণ দেয়ার পুরোনো নীতি বহাল থাকবে। প্রতিটি সম্প্রদায়ের মুসলমানদের মধ্যে মুক্তিপণ গ্রহণ করে বন্দীকে মুক্তি দেয়ার আইন বহাল থাকবে। বনী সায়েদা গোত্র যে অবস্থায় ইসলাম গ্রহণ করেছিল তাঁরা সে অবস্থাতেই থাকবে। তাদের প্রত্যেক সম্প্রদায়ের মুসলমানদের মধ্যে মুক্তিপণ গ্রহণ করে বন্দীকে মুক্তি দেয়া যাবে।
বনী হারেস গোত্র যে অবস্থায় ইসলাম গ্রহণ করেছিল তাঁরা সেই অবস্থার ওপরেই থাকবে। তাদের পরস্পরের মধ্যে ক্ষতিপূরণ দেয়ার সাবেক নীতি বহাল থাকবে। তাদের প্রত্যেক সম্প্রদায়ের মুসলমানদের মধ্যে মুক্তিপণ গ্রহণ করে বন্দীকে মুক্তি দেয়া যাবে। বনী জুশাম গোত্র যে অবস্থায় ইসলাম গ্রহণ করেছিল তাঁরা সেই অবস্থার ওপরেই থাকবে। তাদের প্রত্যেক সম্প্রদায়ের মুসলমানদের মধ্যে মুক্তিপণ গ্রহণ করে বন্দীকে মুক্তি দেয়া যাবে। বনী নাজ্জার গোত্র ইসলাম গ্রহণ করার সময় যে অবস্থায় ছিল তাঁরা সে অবস্থাতেই বহাল থাকবে। তাদের একে অপরের মধ্যে ক্ষতিপূরণ দেয়ার ন্যায়সঙ্গত, গ্রহণযোগ্য পদ্ধতিতে মুক্তিপণ গ্রহণ করে মুক্তি দিতে পারবে।
বনী আমর ইবনে আউফ গোত্র যে অবস্থায় ইসলাম গ্রহণ করেছিল তাঁরা সেই অবস্থার ওপরেই থাকবে। তাদের একে অপরের মধ্যে ক্ষতিপূরণ দেয়ার ন্যায়সঙ্গত, গ্রহণযোগ্য পদ্ধতিতে মুক্তিপণ গ্রহণ করে মুক্তি দিতে পারবে। বনী নাবিত গোত্র ইসলাম গ্রহণ করার সময় যে অবস্থায় ছিল তাঁরা সে অবস্থাতেই বহাল থাকবে। তাদের একে অপরের মধ্যে ক্ষতিপূরণ দেয়ার পুরোনো নীতি বহাল থাকবে। ন্যায় সঙ্গত, গ্রহণযোগ্য পদ্ধতিতে মুক্তিপণ গ্রহণ করে বন্দীকে মুক্তি দিতে পারবে।
বনী আওস গোত্র যে অবস্থায় ইসলাম গ্রহণ করেছিল তাঁরা সেই অবস্থার ওপরেই থাকবে। তাদের একে অপরের মধ্যে ক্ষতিপূরণ দেয়ার ন্যায়সঙ্গত, গ্রহণযোগ্য পদ্ধতিতে মুক্তিপণ গ্রহণ করে বন্দীকে মুক্তি দিতে পারবে। মুসলমানগণ তাদের ঋণগ্রস্ত এবং অধিক সন্তানের অধিকারী ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ ও মুক্তিপণ দিয়ে ন্যায়ানুগ পদ্ধতিতে অর্থ সাহায্য করবে। এক মুসলমান আরেক মুসলমানের মিত্রের বিরোধিতা করবে না। মুসলমানগণ তাদের বিদ্রোহী, অত্যাচারী, অপরাধী, সমাজ বিরোধি, সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, সমাজের ক্ষতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে অপরাধী কার কে তা বিবেচনা করে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না।
ইসলাম বিরোধিদের স্বার্থে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে না। কোনো মুসলমানের বিরুদ্ধে ইসলামের শত্রুকে সাহায্য করা যাবে না। ইসলামী রাষ্ট্রে অনুগত অমুসলিমদের অধিকার সমানভাবে নিরাপদ। যে কোনো শ্রেণীর অমুসলিমকে মুসলমানরা পূর্ণ নিরাপত্তার সাথে আশ্রয় দিবে। এক মুসলমান আরেক মুসলমানের মিত্র হয়ে থাকবে। তবে অন্যদের ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য নয়।
ইয়াহুদীদের মধ্যে যে ব্যক্তি মুসলমানদের আনুগত্য করবে এবং অনুসরণ করবে সে ব্যক্তি মুসলমানদের অনুরূপ অধিকার ভোগ করবে। এ ধরনের কোনো ব্যক্তির প্রতি অত্যাচার হতে দেয়া যাবে না। এ ধরনের ব্যক্তির ওপর কেউ আক্রমণ করলে আক্রমণকারীকে সাহায্য করা যাবে না। মুসলমানদের রক্ষাকবচ সকলের ক্ষেত্রে এক এবং অভিন্ন।
ইসলামের স্বার্থে যুদ্ধ সংঘটিত হলে সে যুদ্ধে মুসলমান কোনো অমুসলিমের সাথে সমতা ও ন্যায়ের ভিত্তি ব্যতীত আপোষ করবে না। মুসলমানদের মধ্য থেকে যুদ্ধের এক বাহিনী আরেক বাহিনীকে অনুসরণ করবে। মুসলমানগণ আল্লাহ তা'য়ালার আইন অনুসারে হত্যার বিনিময়ে হত্যা করতে পারবে।
আল্লাহভীরু মুসলমানগণ সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী আদর্শের ওপরে দণ্ডায়মান। মদীনার কোনো অমুসলিম মক্কার কোনো কুরাইশের প্রাণ বা সম্পদের রক্ষাকারী হতে পারবে না। কোনো মুসলমানের ক্ষতি করার ব্যাপারে সাহায্য করতে পারবে না বা প্রশ্রয় দিবে না। কোনো মুসলমানকে ন্যায়সঙ্গত কারণ ব্যতীত হত্যা করলে এবং তা প্রমাণীত হলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। অবশ্য নিহত ব্যক্তির উত্তরাধিকারীকে ক্ষতিপূরণ দিয়ে তাদের কাছ থেকে ক্ষমা ভিক্ষা করলে প্রাণদণ্ড হবে না। তবে যে কোনো অবস্থায় মুসলমানগণ সবাই মুসলিম হত্যাকারীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এবং কোনো অবস্থাতেই হত্যাকারীর পক্ষে অবস্থান গ্রহণ করা মুসলমানদের জন্য বৈধ হবে না।
এই সনদপত্রকে যারা গ্রহণ করেছে এবং যারা আল্লাহ তা'য়ালা ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে এমন কোনো মুসলমানের পক্ষে ইসলামের মধ্যে নতুন কোনো প্রথা সংযোজনকারীকে (অর্থাৎ বিদয়াত সৃষ্টিকারীকে) কোনো প্রকার সাহায্য করা বা প্রশ্রয় বা আশ্রয় দেয়া হালাল নয়। বিদয়াত সৃষ্টিকারীকে যে ব্যক্তি কোনো ধরনের সাহায্য করবে বা আশ্রয়- প্রশ্রয় দিবে তার প্রতি আল্লাহ তা'য়ালার অভিশাপ এবং কিয়ামতের দিন তার প্রতি আল্লাহ তা'য়ালার গযব অবতীর্ণ হবে। তার পক্ষে (বিদয়াত সৃষ্টিকারীর) কোনো সুপারিশ বা পণ গ্রহণ করা হবে না।
তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য দেখা দিলে সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য তোমরা আল্লাহ তা'য়ালা ও তাঁর রাসূলের দিকে প্রত্যাবর্তন করবে। ('নবী করীম (সা:) এর অবর্তমানে কুরআন ও হাদীস থেকে সমাধান গ্রহণ করতে হবে')
মুসলমানরা যতদিন যুদ্ধ পরিচালনা করবে ততদিন ইয়াহুদীরা যুদ্ধের খরচ বহনে অংশগ্রহণ করবে। বনী আওফের ইয়াহুদীরা ও তাদের মিত্ররা মুসলমানদের সাথে একই উম্মাহ বলে পরিগণিত হবে। এ ক্ষেত্রে তারা যার যার ধর্ম পালন করবে। তবে যে ব্যক্তি কোনো অন্যায় বা অপরাধমূলক কাজে অংশগ্রহণ করবে সে ব্যক্তি তার এবং তার পরিবার-পরিজনের ধ্বংস ডেকে আনবে।
বনী নাজ্জারভুক্ত ইয়াহুদীদের অধিকার বনী আওফের ইয়াহুদীদের অনুরূপ। এভাবে বনী শুতাইবা, বনী হারেস, বনী সালাবা, বনী সায়েদা, বনী আওস ও বনী জুশামের ইয়াহুদীদের অধিকার বনী আওফের ইয়াহুদীদের অনুরূপ। তবে যে ব্যক্তি কোনো অন্যায় বা অপরাধমূলক কাজে অংশগ্রহণ করবে সে ব্যক্তি তার এবং তার পরিবার-পরিজনের ধ্বংস ডেকে আনবে। বনী সালাবার যে কোনো ধরনের প্রকাশ্য বিষয় তাদের অভ্যন্তরীণ বিষয়ের সমপর্যায়ে তাদের প্রাণের মতই সম্মানিত। আনুগত্য এবং অঙ্গিকার পালনে সকলকে যেন পাপের অনুষ্ঠান থেকে হেফাজত করে।
বনী সালাবার মিত্রদের অধিকার তাদের অধিকারের অনুরূপ। ইয়াহুদীদের অভ্যন্ত রীণ বিষয় তাদের প্রাণের মতই সম্মানিত। তবে ইয়াহুদীদের মধ্যে কেউই মুহাম্মাদ (সা:)-এর অনুমতি ব্যতীত মদীনার বাইরে গমন করতে পারবে না। প্রতিটি ব্যক্তির স্মরণে রাখা প্রয়োজন, কোনো ধরনের যুক্তিতর্ক দিয়ে আগুন থেকে নিরাপদ থাকা যাবে না। যে ব্যক্তি কাউকে হত্যা করলো, সে ব্যক্তি তার পরিবার-পরিজনের ধ্বংসের বিনিময়েই তা করলো। তবে নিহত ব্যক্তি যদি হত্যাযোগ্য অপরাধ করে থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়। মহান আল্লাহ তা'য়ালা এ ক্ষেত্রে ক্ষমা পছন্দ করেন। ইয়াহুদীদের ব্যয়ভার তারা স্বয়ং এবং মুসলমানদের ব্যয়ভার তারা স্বয়ং বহন করবে। অর্থাৎ যার যার ব্যয়ভার সেই বহন করবে।
এই ঘোষণাপত্র যারা গ্রহণ করেছে তাদের মধ্যে কেউ যুদ্ধরত থাকলে তাকে সবাই সাহায্য করবে, একে অপরের কল্যাণ কামনা করবে, একে অপরকে পরামর্শ দিবে, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। কোনো অন্যায় বা পাপ কাজে কেউ কাউকে সাহায্য করবে না। নিজের মিত্রশক্তির ক্ষতিসাধন করা ভয়ংকর এবং ক্ষমাহীন অপরাধ, অত্যাচারিতকে সাহায্য করা সবার দায়িত্ব।
মুসলমানরা যতদিন যুদ্ধ পরিচালনা করবে ততদিন ইয়াহুদীরা যুদ্ধের খরচ বহনে অংশগ্রহণ করবে। (এখানে প্রকাশ থাকে যে, এই সনদপত্র প্রস্তুত করার সময় কোনো অমুসলিমের প্রতি জিজিয়া আরোপ করা হয়নি এমনকি ইয়াহুদীরা যুদ্ধে অংশগ্রহণ করলে তাদেরকে গণিমতের সম্পদে অংশ দেয়া হতো। এ কারণে এই সনদপত্রে ইয়াহুদীদের যুদ্ধের খরচে অংশগ্রহণ করা বাধ্যতামূলক ছিল) এই সনদ পত্রে যারা অংশগ্রহণ করেছে তাঁরা মদীনার অভ্যন্তরে সম্পূর্ণ নিরাপদ।
প্রতিবেশী যদি অপরাধী বলে প্রমাণীত না হয় এবং তার দ্বারা কোনো ক্ষতি না হয় তাহলে তার সকল কিছুই নিজের সকল কিছুর মতই নিরাপত্তার অধিকারী। কারো বাড়ির আঙ্গিনায় বাড়ির মালিকের অনুমতি ব্যতীত প্রবেশ করা যাবে না। এই সনদপত্রে অংশগ্রহণকারীদের মধ্যে কোনোরূপ মতানৈক্য দেখা দিলে তা সমাধানের জন্য আল্লাহ তা'য়ালা এবং তাঁর রাসূলের কাছে প্রত্যাবর্তন করতে হবে। মহান আল্লাহ তা'য়ালা পরিপূর্ণ সততা ও সর্বাধিক সতর্কতার সাথে এই সনদপত্রের বাস্ত বায়ন দেখবেন।
আবারো স্মরণে রাখা প্রয়োজন যে, মক্কার কুরাইশ ও তাদের সাহায্যকারীকে কোনোরূপ সহযোগিতা করা যাবে না। মদীনা আক্রান্ত হলে সকলেই ঐক্যবদ্ধভাবে মুকাবেলা করবে। সন্ধি ও মৈত্রী স্থাপনের জন্য আহ্বান জানানো হলে সকলেই তা পালন করবে এবং এ ব্যাপারে মুসলমানগণও বাধ্য। তবে যে বা যারা ধর্মের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে, তার বা তাদের সাথে কোনো সন্ধি বা মৈত্রী স্থাপন করা যাবে না। সাধারণ কেউ যুদ্ধে অংশগ্রহণ করলে সে তার প্রাপ্য অংশ তার কাছে থেকেই গ্রহণ করবে, যে তাকে যুদ্ধে অংশগ্রহণ করিয়েছে।
আওস গোত্রের ইয়াহুদীদের, তাদের মিত্রদের অধিকার এবং দায়-দায়িত্ব এই সনদপত্র গ্রহণকারীদের অধিকার ও দায়দায়িত্বেরই অনুরূপ। তারা এই সনদপত্র প্রস্তুতকারীদের কাছ থেকে পূর্ণ ন্যায়-সঙ্গতভাবে লাভ করতে পারবে। কেউ যখন সত্যে ফিরে আসবে তখন তার পূর্বের অপরাধ ক্ষমা করা হবে। কেউ অন্যায় করলে তা তার নিজেরই সর্বনাশ ডেকে আনবে। মহান আল্লাহ তা'য়ালা পরিপূর্ণ সততা ও সর্বাধিক সতর্কতার সাথে এই সনদপত্রের বাস্তবায়ন দেখবেন।
এই সনদপত্র কোনো অপরাধীর রক্ষাকবচ নয়। কোনো ধরনের অপরাধ বা অত্যাচারের সাথে জড়িত না থাকলে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা বা যুদ্ধে অংশগ্রহণ না করা লোকও মদীনার সীমানার ভেতরে নিরাপত্তা লাভ করবে। যে ব্যক্তি ন্যায়ের পথে অবস্থান করবে এবং আল্লাহ তা'য়ালাকে ভয় করবে, ইসলামের পথে অটল থাকবে, স্বয়ং আল্লাহ তা'য়ালা এবং তাঁর রাসূল সেই ব্যক্তির আশ্রয়দাতা হবেন এবং তাঁর সহায়তা করবেন। (সীরাতে ইবনে হিশাম)
তদানীন্তন পরিবেশ পরিস্থিতির অনুকূলে এই সনদপত্র প্রণয়ন করা হলেও বর্তমান পৃথিবীতে এর উপযোগীতা সমভাবে বিদ্যমান। রাষ্ট্র বিজ্ঞানীগণ এই সনদপত্র ব্যাখ্যা বিশ্লেষণ করে নানা ধরণের ধারা-উপধারায় বিভক্ত করেছেন। প্রতিবেশী রাষ্ট্রের ক্ষেত্রে কত সুন্দর নীতিই না গ্রহণ করা হয়েছিল মদীনার ইসলামী কল্যাণ রাষ্ট্রে। প্রতিবেশী রাষ্ট্র যতক্ষণ ক্ষতিকর বলে প্রমাণ না হবে, ততক্ষণ সে রাষ্ট্রের সকল কিছুই নিরাপত্তা লাভ করবে, যে ধরনের নিরাপত্তা ইসলামী রাষ্ট্র তার নিজের ব্যাপারে গ্রহণ করে থাকে。
কারো বাড়িতে বাড়ির মালিকের অনুমতি ব্যতীত প্রবেশ করা যাবে না। এ কথা দিয়ে যেমন ব্যক্তির বাড়ীকে বুঝানো হয়েছে তেমনি বুঝানো হয়েছে, কোনো রাষ্ট্রে আগ্রাসন চালানো যাবে না। কোনো অপরাধীকে সাহায্য সহযোগিতা করা যাবে না। যার যার ধর্ম সে সে পালন করবে। তবে রাষ্ট্র এবং সমাজ এ সকল দিক পরিচালিত হবে মহান আল্লাহ তা'য়ালা দেয়া বিধান অনুযায়ী। ইসলামের শত্রুরা মদীনার সনদ দেখেও দেখে না। ইসলামের প্রতি অভিযোগ আরোপ করে, 'ইসলাম অন্য ধর্মকে সহ্য করতে পারে না'। ইসলামের প্রতি অন্ধ বিদ্বেষে যাদের অন্তর মেঘাচ্ছন্ন, তারা ব্যতীত এমন জ্ঞানপাপী সুলভ কথা আর কেউই বলতে পারে না।