📘 সীরাত বিশ্বকোষ > 📄 হযরত আবূ যার (রা)-এর ইসলাম গ্রহণ

📄 হযরত আবূ যার (রা)-এর ইসলাম গ্রহণ


হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, হযরত আবূ যার গিফারী (রা) যখন রাসূলুল্লাহ (স)-এর নবুওয়াত সম্পর্কে জানিতে পারিলেন তখন তাঁহার ভাই উনাইসকে তিনি বলিলেন, "তুমি মক্কায় গিয়া সেই ব্যক্তি সম্পর্কে জানিয়া আস যিনি দাবি করিয়াছেন যে, তিনি নবী এবং তাঁহার নিকট আকাশ হইতে ওহী নাযিল হয়। তাঁহার কথা শুনিয়া আমার নিকট আসিয়া ইহার বিবরণ জানাও”। উনাইস মক্কায় পৌঁছিয়া রাসূলুল্লাহ (স)-এর কথা শুনিয়া আবূ যার (রা)-এর নিকট ফিরিয়া আসেন। অতঃপর বলেন, 'আমি তাঁহাকে দেখিয়াছি যে, তিনি লোকজনকে উত্তম চরিত্র-মাধুর্যের কথা বলেন। তাঁহার কথায় মোটেও কবিতার ছোঁয়া নাই।' আবূ যার (রা) বলিলেন, 'তোমার কথায় আমি তৃপ্ত হইতে পারিলাম না।' অতঃপর তিনি সফরের পাথেয় ও পানির মশক নিয়া বাহির হইয়া পড়িলেন এবং মক্কায় আসিয়া মসজিদে উপস্থিত হইলেন। অতঃপর রাসূলুল্লাহ (স)-কে তালাশ করিলেন। কিন্তু তিনি যেহেতু তাঁহাকে চিনিতেন না, তাই তাঁহার সম্পর্কে কাহাকেও কিছু জিজ্ঞাসা করা সমীচীন মনে করিলেন না। অবশেষে রাত্র হইলে তিনি মসজিদে শুইয়া পড়িলেন। হযরত আলী (রা) মসজিদে আসিয়া তাঁহাকে দেখিয়া বুঝিতে পারিলেন যে, ইনি কোন মুসাফির। তাঁহাকে তিনি নিজ গৃহে নিয়া গেলেন। কিন্তু কেহই কাহাকেও কোন কিছু জিজ্ঞাসা করিলেন না। এইভাবেই সকাল হইয়া গেল। পরদিনও তিনি মসজিদে আসিয়া রাসূলুল্লাহ (স)-কে তালাশ করিয়া পাইলেন না। রাত্র হইলে শুইয়া পড়িলেন। হযরত আলী (রা) তাঁহার পাশ দিয়া যাওয়ার সময় তাঁহাকে উঠাইয়া সঙ্গে নিয়া গেলেন। কিন্তু কেহই কাহাকেও কিছু জিজ্ঞাসা করিলেন না। তৃতীয় দিনও এইরূপ ঘটিল। তখন হযরত আলী (রা) তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, 'তুমি কেন এখানে আসিয়াছ তাহা কি আমাকে বলিতে পার?' তিনি বলিলেন, 'তুমি যদি আমার সহিত এই অঙ্গীকার কর যে, তুমি আমাকে সঠিক সংবাদ দিবে, তাহা হইলে আমি তোমাকে বলিতে পারি।' তিনি রাজী হইলেন। আবূ যার (রা) সব বলিলেন। আলী (রা) বলিলেন, 'নিশ্চয় তিনি হক এবং তিনি আল্লাহ্র রাসূল। সকাল বেলা তুমি আমার অনুসরণ করিয়া চলিও। কিন্তু বিরুদ্ধবাদীদের কারণে আমার খুব আশংকা হয়। তাই আমি পথ চলার সময় যদি তোমার জন্য আশংকাজনক কিছু দেখি, তখন আমি পেশাব করিবার বাহানায় বসিয়া যাইব। তুমি হাঁটিতে থাকিবে। এইভাবে আমি তোমাকে তাঁহার নিকট পৌঁছাইয়া দিব।' পরদিন তিনি হযরত আলী (রা)-এর সহিত রাসূলুল্লাহ (স)-এর নিকট হাজির হইলেন এবং তাঁহার কথা শুনিলেন এবং সেই স্থানেই মুসলমান হইয়া গেলেন। রাসূলুল্লাহ (স) তাঁহাকে বলিলেন, ارجع الى قومك فأخبرهم حتى يأتيك امرى "তুমি তোমার গোত্রের নিকট ফিরিয়া যাও এবং তাহাদেরকে ইহার সংবাদ দাও। তোমার নিকট আমার নির্দেশ পৌঁছিয়া যাইবে।” কিন্তু তিনি আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! সেই সত্তার কসম যিনি আপনাকে প্রেরণ করিয়াছেন। আমি চিৎকার করিয়া শত্রুদের মধ্যে ইহা ঘোষণা করিব। ইহা বলিয়া তিনি মসজিদে আসিয়া উচ্চৈস্বরে ঘোষণা করিলেন اشهد ان لا اله الا الله وأن محمدا رسول الله
ইহা শুনিয়া কুরায়শরা তাঁহাকে প্রহার করিতে লাগিল। তখন হযরত আব্বাস (রা) তাঁহাকে আড়াল করিয়া তাহাদেরকে ভর্ৎসনা করিলেন এবং বলিলেন, তোমরা কি জান না, ইনি গিফার গোত্রের লোক? তোমাদের ব্যবসায়ের উদ্দেশে সিরিয়া যাওয়ার পথেই ইহাদের গিফার গোত্র। তখন তাহারা তাঁহাকে ছাড়িয়া দেয়। দ্বিতীয় দিন সকালেও তিনি অনুরূপ ঘোষণা করিলে প্রহৃত হন এবং আব্বাস (রা) আসিয়া তাঁহাকে রক্ষা করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00