📄 নবীগণের ইল্ল্ম (জ্ঞান)
নবীগণের ইল্ল্ম (জ্ঞান)
'ইল্ম শব্দের আভিধানিক অর্থ 'জানা'। কিন্তু প্রত্যেক বিষয়ের জানার ধরন ও অবগতির মাধ্যম বিভিন্ন হইয়া থাকে। নবীগণের 'ইল্ম বলিতে স্বভাবতই আল্লাহ্ তাওহীদ, তাঁহার সত্তা, গুণাবলী, ধর্ম, শরী'আতের বিধানাবলী ও চারিত্রিক শিক্ষাকে বুঝানো হয়। ইবরাহীম ('আ) তাওহীদের দলীল উপস্থাপন করিয়া স্বীয় পিতাকে বলিলেন:
يَا أَبَتِ إِنِّي قَدْ جَاءَنِي مِنَ الْعِلْمِ مَالَمْ يَأْتِكَ (مريم ٤٣).
"হে আমার পিতা! আমার নিকট তো আসিয়াছে জ্ঞান যাহা তোমার নিকট আসে নাই" (১৯:৪৩)
খিযির ('আ) সম্পর্কে ইরশাদ হইয়াছে:
وَعَلَّمْنَاهُ مِنْ لَدُنَّا عَلمًا (الكهف - ٦٥ ) .
"আমার নিকট হইতে তাহাকে শিক্ষা দিয়াছিলাম এক বিশেষ জ্ঞান" (১৮: ৬৫)।
আল্লাহই তো সকল জিনিস দান করেন। তাহা সত্ত্বেও তাঁহার 'ইল্ম শিক্ষাদানের অর্থ কি? যাহা মানুষের পরিশ্রম ও চেষ্টা ব্যতীত অর্জিত হয় সেই সকল জিনিসকে 'আল্লাহ্র নিকট হইতে' বলা হয়। তাই আল্লাহ্র নিকট হইতে ইল্ম লাভের অর্থ হইল সেই ধরনের 'ইলম অর্জন করা যাহা মানুষের স্বাভাবিক জ্ঞানোপকরণ, প্রমাণ উপস্থাপন ও চিন্তা-সাধনা ছাড়াই লাভ হয়। ইহাই হইল আল্লাহ প্রদত্ত ইল্ম। এই কারণে সূফীদের পরিভাষায় ইহাকে ইল্ম লাদুন্নী বলা হয়। দাউদ ('আ) ও সুলায়মান ('আ) সম্পর্কে ইরশাদ হইয়াছে:
وَلَقَدْ أَتَيْنَا دَاوُدَ وَسُلَيْمَانَ علمًا (النمل - ١٥).
"আমি অবশ্যই দাউদ ও সুলায়মানকে জ্ঞান দান করিয়াছিলাম” (২৭: ১৫)। ইয়ূসুফ ('আ)-এর নবুওয়াতের ঊষালগ্ন সম্পর্কে ইরশাদ হইয়াছে:
وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ ( يوسف -٦).
"এইভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করিবেন, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন এবং তোমার প্রতি ও ইয়াকূবের পরিজনের প্রতি তাঁহার অনুগ্রহ পূর্ণ করিবেন" (১২:৬)।
উক্ত আয়াতগুলিতে সেই 'ইলমের উল্লেখ নাই যাহা সময়ের সহিত সম্পৃক্ত থাকে। কারণ বাক্যের বিন্যাস হইতে অনুমিত হয় যে, এখানে একবারই ইল্ম দানের কথা বলা হইয়াছে, যাহা নির্ধারিত ওহীর শান হইতে পারে না। ইয়ূসুফ ('আ) কর্তৃক একটি স্বপ্নের ফলাফল বর্ণনা প্রসঙ্গে ইরশাদ হইয়াছেঃ
ذلِكَمَا مِمَّا عَلَّمَنِي رَبِّي (يوسف -۳۷). 'আমি যাহা তোমাদিগকে বলিব, তাহা আমার প্রতিপালক আমাকে যাহা শিক্ষা দিয়াছেন তাহা হইতে বলিব” (১২ঃ ৩৭)।
এই কথা কোথাও বলা হয় নাই যে, স্বপ্নের ফলাফল বলিবার সময় তাঁহার উপর ওহী অবতীর্ণ হইয়াছিল, বরং তাঁহার মধ্যে এই ইল্মের শক্তি স্থায়ীভাবে দান করা হইয়াছিল। এই প্রকারের জ্ঞানের কারণেই কোন কোন নবীকে শিশুকালেই 'আলীম )علیم( )দ্র. ১৫:৫৩ ও ৫১: ২৮) বলিয়া অভিহিত করা হইয়াছে।
ইহা হইতে বুঝা যায় সময় সময় নবীগণের নিকট নাযিলকৃত নির্দিষ্ট ওহী ছাড়া ও 'ইলমের একটি স্থায়ী দান নবীগণকে প্রদান করা হইয়াছিল। ইহাকে নবীগণের স্বাভাবিক ইল্ম বা জ্ঞান বলিয়া অভিহিত করা যায় (শিবলী নু'মানী-সুলায়মান নাদবী, প্রাগুক্ত, ৪খ, পৃ. ৯৬)।
📄 সকল নবীর দীন এক ও অভিন্ন
সকল নবীর দীন এক ও অভিন্ন
এই জগতে যত নবী-রাসূল আগমন করিয়াছিলেন তাঁহাদের দীনের মূলনীতি ছিল এক ও অভিন্ন। অবশ্য তাঁহাদের ধর্মাচরণ ও বিধানাবলী সর্বক্ষেত্রে একই ধরনের ছিল না। নূহ ('আ) হইতে 'ঈসা ('আ) পর্যন্ত সময়ে শরীআতের বিধানে বহু পার্থক্য ছিল। তাহা সত্ত্বেও আল-কুরআনে ইহাকে একই ধর্ম বলিয়া ঘোষণা করা হইয়াছে। ইরশাদ হইয়াছে:
شَرَعَ لَكُمْ مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ (الشورى ۱۳).
“তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করিয়াছেন দীন যাহার নির্দেশ দিয়াছিলেন তিনি নূহকে, আর যাহা আমি ওহী করিয়াছি তোমাকে এবং যাহা নির্দেশ দিয়াছিলাম ইবরাহীম, মূসা ও 'ঈসাকে এই বলিয়া যে, তোমরা দীনকে প্রতিষ্ঠিত কর এবং উহাতে মতভেদ করিও না” (৪২: ১৩)।
আয়াতে উল্লিখিত নবীগণের বিধানাবলীর আনুষঙ্গিক বিষয়ে বিভিন্নতা থাকা সত্ত্বেও ইহাকে আদ-দীন বলিয়া উল্লেখ করা হইয়াছে। যদি শাখা-প্রশাখার বিভিন্নতাকে তাঁহাদের দীনের বিভেদ বলিয়া গণ্য করা হইত তাহা হইলে (وَلاَ تَفَرَّقُوا فِيهِ) তোমরা উহাতে মতভেদ করিও না) এই ঘোষণা কি করিয়া যথার্থ হইত (বদরে ‘আলম মিরাঠী, তরজুমানুস সুন্নাহ, ১খ, পৃ. ৩৭)? এই সম্পর্কে শিবলী নু'মানী ও সুলায়মান নাদবীর বক্তব্য হইল, পৃথিবীতে যত নবী-রাসূল আসিয়াছিলেন, তাঁহারা একই ধর্মবিশ্বাস লইয়া আগমন করিয়াছিলেন। তাওহীদ, নবুওয়াত, 'ইবাদত, আখলাক, শান্তি ও পুরস্কার এবং আমল ও ইবাদতে তাহা ছিল এক ও অভিন্ন। এই দিক দিয়া নবীগণের শিক্ষায় কোন মৌলিক প্রভেদ ছিল না। তবে নবীগণের শিক্ষার সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক ছিল তাওহীদের। ইহাই হইতেছে নবুওয়াতের মৌল অবিনশ্বর প্রবাহ। ইসলামের পূর্বে পৃথিবীতে বহু ভাল মানুষ আসিয়াছিলেন। তাঁহাদের দাওয়াতও ছিল উপকারী, তাহাদের চারিত্রিক পথনির্দেশও ছিল হৃদয়গ্রাহী। তবে গ্রীক দার্শনিক বা হিন্দুস্তানের অবতার বা অন্য কাহারও দাওয়াতে তাওহীদের শিক্ষা বিদ্যমান না থাকিলে তাহারা কস্মিন কালেও নবুওয়াতের মর্যাদার অধিকারী হইতে পারে না। নবীসুলভ শিক্ষার পরিচয়ই হইল তাওহীদের দাওআত। এই দাওয়াত পাওয়া না গেলে নবুওয়াতও পাওয়া যায় না। এই সম্পর্কে ইরশাদ হইয়াছে :
وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلهُ إِلَّا أَنَا فَاعْبُدُونِ.
"আমি তোমার পূর্বে এমন কোন রাসূল প্রেরণ করি নাই তাহার প্রতি এই ওহী ব্যতীত যে, আমি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। সুতরাং তোমরা আমারই ইবাদত কর” (২১: ২৫)।
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولاً أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ.
"আল্লাহ্ ইবাদত করিবার ও তাগূতকে বর্জন করিবার নির্দেশ দিবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠাইয়াছি” (১৬: ৩৬)।
ইহা হইতে প্রতীয়মান হয় যে, তাওহীদের দ্বারাই নবুওয়াতের পরিচয় লাভ করা যায়। ইসলামের দাওআত আসিবার পূর্বে ধর্ম প্রচারের গুরুত্বপূর্ণ অংশ যদি তাওহীদ ভিত্তিক না হয় তাহা হইলে তাহার নবুওয়াতের দাবির কোনই অবকাশ নাই (শিবলী নু'মানী ও সুলায়মান নাদাবী, প্রাগুক্ত, ৪খ, পৃ. ১১৪)।
সায়্যিদ আবুল 'আলা মওদূদী বলেন, নবীর পর নবী আসিয়াছেন বলিয়া আমরা আল-কুরআন দ্বারা অবগত হইয়াছি। তাঁহারা সকলেই স্বীয় গোত্রকে এই দাওআত দিয়াছেন :
يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهِ غَيْرُهُ (هود - ٥٠).
"হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদত কর। তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই" (১১:৫)।
ব্যাবিলন শহর হউক আর সাদৃম এলাকা হউক বা পৃথিবীর অন্য যে কোন অঞ্চলের হউক, তাঁহারা দাস শ্রেণীর হউক বা রাজেশ্বর হউক, সর্ব জাতিতে সর্বকালে সর্ব স্থানে আল্লাহর পক্ষ হইতে আগত পথপ্রদর্শকগণ মানবজাতির সামনে এই একই দাওয়াত পেশ করিয়াছিলেন। ইবরাহীম ('আ) তাঁহার জাতিকে বলিয়া দিয়াছিলেন, তোমাদের মধ্যে ও আমার মধ্যে কোন পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বন্ধন সেই পর্যন্ত প্রতিষ্ঠিত হইবে না যতক্ষণ না তোমরা আল্লাহ্ তাওহীদে বিশ্বাস করিবে। ইরশাদ হইয়াছে:
كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّى تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَهُ.
"আমরা তোমাদিগকে মানি না। তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হইল শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য- যদি না তোমরা এক আল্লাহতে ঈমান আন" (৬০:৪)।
মূসা ('আ) ফিরআউনের সম্মুখে গিয়া বনূ ইসরাঈলকে তাঁহার সঙ্গে প্রেরণ করিবার পূর্বে তাহাকে বলিয়াছিলেন, তুমি তো আমার প্রভু নহ, আমার প্রভু হইলেন:
رَبُّنَا الَّذِي أَعْطَى كُلَّ شَيْءٍ خَلَقَهُ ثُمَّ هَدَى (طه - ٥٠ ) .
"আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তাহার আকৃতি দান করিয়াছেন, অতঃপর পথনির্দেশ করিয়াছেন" (২০:৫০)।
ঈসা ('আ) বনূ ইসরাঈলকে দাওআত দিয়াছিলেন এই বলিয়া:
إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ (ال عمران - ٥١ ) .
"নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। সুতরাং তোমরা তাঁহার ইবাদত করিবে; ইহাই সরল পথ" (৩: ৫১)। (সায়্যিদ আবুল 'আলা মওদূদী, সীরাতে সারওয়ারে আলম, ১খ, পৃ. ৬৬)।
📄 নুবওয়াত লাভের পূর্বে নবীগণের অবস্থা
নুবওয়াত লাভের পূর্বে নবীগণের অবস্থা
আল-কুরআন হইতে জানা যায় যে, ওহী আসিবার পূর্বে নবীগণের 'ইল্ম সাধারণ মানুষের ইল্ম হইতে ভিন্নতর হয় না। সাধারণের মত তাঁহাদের নিকট ইল্ম আসিবার অন্য কোন মাধ্যমও থাকে না। ইরশাদ হইয়াছেঃ
مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيْمَانُ (الشورى - ٥٢ ) .
"তুমি তো জানিতে না কিতাব কি এবং ঈমান কি" (৪২ঃ ৫২)?
وَوَجَدَكَ ضَالاً فَهَدَى (الضحى (۷).
"তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন” (৯৩ঃ ৭)।
এতদসঙ্গে আল-কুরআন হইতে আমরা ইহাও অবগত হই যে, নবুওয়াত লাভের পূর্বে নবীগণ সাধারণের 'ইল্ম ও মারিফাতের মত 'ইল্ম দ্বারা গায়বের উপর ঈমান আনার সোপান অতিক্রম করিয়া থাকেন। ওহী আসিয়া কেবল তাহা সুদৃঢ় করিয়া থাকে। তাঁহাদের অন্তরে ঈমানের যেই রহস্য বদ্ধমূল থাকে ওহী আসিয়া ইহার অনুকূলে সাক্ষী দান করে যে, ইহাই সঠিক ও যথার্থ ঈমান, যাহাতে তাঁহারা পূর্ণ আস্থার সহিত দুনিয়াবাসীর সামনে ইহার সাক্ষ্য প্রদান করিতে পারেন। এই বিষয়টি রাসূলুল্লাহ (স) সম্পর্কে নিম্নোক্ত আয়াতে পরিস্ফুটিত হইয়া উঠিয়াছে :
أَفَمَنْ كَانَ عَلَى بَيِّنَةٍ مِنْ رَبِّهِ وَيَتْلُوهُ شَاهِدٌ مِنْهُ وَمِنْ قَبْلِهِ كِتَابٌ مُوسَى إِمَامًا وَرَحْمَةً (হুদ- ১৭).
"তাহারা কি উহাদের সমতুল্য যাহারা প্রতিষ্ঠিত উহাদের প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর, যাহার অনুসরণ করে তাঁহার প্রেরিত সাক্ষী এবং যাহার পূর্বে ছিল মূসার কিতাব আদর্শ ও অনুগ্রহস্বরূপ” (১১:১৭)?
নূহ ('আ)-এর উক্তি আল-কুরআনে এইভাবে ব্যক্ত হইয়াছে :
يُقَوْمِ أَرَأَيْتُمْ إِنْ كُنْتُ عَلَى بَيِّنَةٍ مِّنْ رَّبِّي وَأَتْنِي رَحْمَةً مِّنْ عِنْدِهِ فَعُمِيَتْ عَلَيْكُمْ أَنْتَزِمُكُمُوهَا وَأَنْتُمْ لَهَا كُرْهُونَ (هود-২৮).
"হে আমার সম্প্রদায়! তোমরা আমাকে বল, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তাঁহার নিজ অনুগ্রহ হইতে দান করিয়া থাকেন, আর ইহা তোমাদের নিকট গোপন রাখা হইয়াছে, আমি কি এই বিষয়ে তোমাদিগকে বাধ্য করিতে পারি, যখন তোমরা ইহা অপসন্দ কর" (১১: ২৮)?
ঠিক এই বিষয়টি উক্ত সূরার ৬৩ নং আয়াতে এবং ৮৮ নং আয়াতে যথাক্রমে সালিহ ('আ) ও শু'আয়ব ('আ)-এর যবানীতে ব্যক্ত হইয়াছে। ইহা হইতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, ওহীর মাধ্যমে পথনির্দেশ লাভের পূর্বে নবীগণ পর্যবেক্ষণ ও ধ্যান-ধারণার সৃষ্টিগত যোগ্যতা দ্বারা তাওহীদের রহস্য পর্যন্ত পৌঁছিয়া থাকেন। ইহার পর আল্লাহ তা'আলা আবার তাঁহাদিগকে ইহার অনুকূলে ইলমে ওহী দান করিয়া থাকেন। এই দান অর্জিত নহে, বরং আল্লাহ প্রদত্ত হইয়া থাকে (সায়্যিদ আবুল আ'লা মওদূদী, সীরাতে সারওয়ারে 'আলম, ১খ, পৃ. ৭২)।
📄 যুক্তির কষ্টিপাথরে নবুওয়াত
শহর বন্দরে আমরা হাজার হাজার কল-কারখানা বিদ্যুতের সাহায্যে চলিতে দেখি। আরও দেখি রেল ও ট্রাম গাড়ী চলিতেছে। সন্ধ্যা হইলে হাজার হাজার আলোর ঝিকিমিকি প্রত্যক্ষ করি। গ্রীষ্মকালে ঘরে ঘরে অসংখ্য বৈদ্যুতিক পাখা চলে। ইহা অবলোকন করিয়া আমাদের মধ্যে কোন প্রকার প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না। ইহার আলো দান ও সঞ্চালনের কারণ সম্পর্কে আমাদের মধ্যে কোন দ্বিমতও নাই। এই ঐক্যমতের ভিত্তি কি? তাহা হইল, এই আলো বাতির সম্পর্ক যেই তারের সঙ্গে রহিয়াছে তাহা আমরা চোখে দেখি, বিদ্যুৎ উৎপাদনের স্থানও আমরা প্রত্যক্ষ করি। এখানকার শ্রমিক ও প্রকৌশলী সম্পর্কে আমরা অবহিত। মেশিন ও যন্ত্রপাতি যাহার সাহায্যে ইহা উৎপন্ন হয় তাহার খবরও আমরা রাখি। বিদ্যুতের প্রভাব দেখিয়াও ইহার উৎস সম্পর্কে আমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি না হইবার কারণ হইল ইহার উৎস আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য। আমরা ইহা প্রত্যক্ষ করি। যদি এই সকল যান্ত্রিক আয়োজন আমাদের দৃষ্টিশক্তির আড়ালে থাকিত, তাহা হইলে ইহার উৎস সম্পর্কে অবশ্যই আমাদের মধ্যেমত পার্থক্য সৃষ্টি হইত। কারণ উৎস সম্পর্কে অজ্ঞতা মতবিরোধের কারণ হইয়া থাকে। হাজার হাজার লাখ লাখ বৈদ্যুতিক বাতি, পাখা, গাড়ী ও কারখানা কোন শক্তির জোরে চলিতেছে ইহা যদি জানা না থাকিত তাহা হইলে সকল মানুষ ইহার উৎস সন্ধানে ব্যস্ত হইয়া পড়িত। কেহ বলিত, এই সকল জিনিস স্বভাবতই আলোকিত হয়, বাহিরের কোন উপাদান ইহাদেরকে আলো দান করে না। কেহ বলিত, এই উপাদানগুলির অবতার রহিয়াছে, ইহাদের কোনটি আলো দান করে, আবার কোনটি রেল ও ট্রাম গাড়ী চালনা করে, কোনটি পাখা ও কারখানা ইত্যাদি চালায়। কেহ কেহ এই ব্যাপারে গবেষণা করিতে গিয়া কোন সমাধান না পাইয়া বাধ্য হইয়া বলিত, ইহা আমাদের কল্পনাশক্তির বাহিরের কোন শক্তি দ্বারা চালিত। আমরা কেবল ইহাই জানি যাহা করি, ইহা ব্যতীত অন্য কিছু আমরা জানি না, বুঝি না। আর যাহা আমরা জানি না তাহাকে সত্যও বলি না, মিথ্যাও না। তাহারা এই ব্যাপারে পরস্পর বিতর্কে লিপ্ত কিন্তু স্ব-স্ব দাবির সমর্থনে অনুমান ব্যতীত অন্য কোন দলীল নাই।
এই প্রেক্ষিতে এক ব্যক্তির আবির্ভাব হইল। তিনি আহবান জানাইলেন, হে লোকসকল! আমার নিকট জ্ঞানের এমন একটি মাধ্যম রহিয়াছে যে, এই সকল বাতি, পাখা, গাড়ী ও কারখানার সংযোগ এমন একটি গোপন তারের সংগে রহিয়াছে যাহা তোমরা অনুধাবন করিতে সক্ষম নও। বিরাট একটি উৎপাদন কেন্দ্র হইতে এই তার বিদ্যুতায়িত হয়। এই কেন্দ্রে শক্তিশালী মেশিন রহিয়াছে। অনেক লোক ইহা চালনার কাজে নিয়োজিত। তাহারা একজন বড় প্রকৌশলীর অধীনে কর্মরত। এই প্রকৌশলীর জ্ঞান ও কর্মদক্ষতার ফলে এই সকল ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হইয়াছে। তাহার নির্দেশনায় এই কাজ পরিচালিত হইতেছে। এই আহবানকারী লোকটি পূর্ণ উদ্যমে তাহার মিশন চালাইয়া যাইতেছেন। মানুষ তাঁহাকে মিথ্যাবাদী বলিয়া অভিহিত করিতেছে, তাঁহার বিরুদ্ধে সংগ্রাম করিতেছে, পাগল বলিতেছে, আঘাত করিতেছে, দুঃখ-ক্লেশ দিতেছে, দেশান্তরি করিয়া দিতেছে। কিন্তু এত কিছুর পরও তিনি তাঁহার দাবিতে অনড় রহিয়াছেন। কোন ভয়ভীতি ও প্রলোভন তাঁহাকে স্বীয় দাবি হইতে বিচ্যুত করিতে পারিতেছে না।
ইহার পর আরও একজন লোকের আগমন ঘটিল তিনিও অবিকল এই আহ্হ্বান জানাইলেন। ইহার পর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ব্যক্তি আসিয়া এই একই আহ্বান জানাইলেন। ক্রমান্বয়ে তাঁহাদের সংখ্যা হাজারের কোঠা অতিক্রম করিল। সকলের আহ্বান ও মতাদর্শ অভিন্ন। স্থান-কাল-পাত্র নির্বিশেষে তাঁহাদের সকলের একই দাবি: "আমাদের নিকট জ্ঞানের এমন একটি উৎস রহিয়াছে যাহা সাধারণের মধ্যে অনুপস্থিত"। ইহার ফলে সাধারণ মানুষ তাঁহাদেরকে দুঃখ-কষ্টে জর্জরিত করে, কিন্তু দুনিয়ার কোন শক্তি তাঁহাদেরকে এই দাবি হইতে নিবৃত্ত করিতে পারে নাই।
এই অদম্য সংকল্প ও অবিচলতার সহিত তাঁহাদের বৈশিষ্ট্য হইল, তাঁহারা চরিত্রবান ও পূণ্যবান মানুষ, তাঁহারা পাগলও নহেন, বরং তাঁহারা সূক্ষ্ম ও প্রজ্ঞাপূর্ণ বিধান দান করেন। একদিকে তাঁহাদিগকে মিথ্যা প্রতিপন্নকারী দল এবং অপর দিকে একই চিন্তাধারার দাবিদারগণ। সুস্থ ও স্থির বুদ্ধির আদালতে এই দুই দলের বিচার দায়ের করা হইলে বিচারক হিসাবে বিবেকের কাজ হইল উভয় দলের অবদান সম্পর্কে অবহিত হওয়া। ইহার আগে বিবেককেও নিজের অবস্থান সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন থাকিতে হইবে। ইহার পর উভয় দিক পর্যালোচনা করিয়া সিদ্ধান্ত দিতে হইবে কোন দলের কথা প্রাধান্য পাওয়ার যোগ্য। বিচারকের অবস্থা হইল তাহার নিকট সঠিক বিষয় সম্পর্কে অবহিত হইবার কোন মাধ্যম নাই। প্রকৃত ঘটনা তিনি জানেনও না। বাদীও বিবাদীর যুক্তি-তর্ক ও বিবৃতির ভিত্তিতেই তাহাকে ফয়সালা দিতে হইবে।
মিথ্যা প্রতিপন্নকারীদের অবস্থান হইল: (১) মূল বিষয় সম্পর্কে তাহাদের চিন্তাধারা পরস্পর বিরোধী। কোন ছোটখাট বিষয়েও তাহারা একমত নহেন।
(২) তাহারা স্বয়ং এই কথা স্বীকার করেন যে, তাহাদের নিকট জানার কোন মাধ্যম নাই যেইভাবে অন্যদের কোন মাধ্যম নাই। পরস্পরের মধ্যে তাহাদের চিন্তাধারা অধিকতর শক্তিশালী, এই ব্যাপারেও কোন স্বীকৃত দাবী নাই। তাহারা স্ব-স্ব ধারণাকে ধারণা হিসাবেই স্বীকার করিয়া থাকেন।
(৩) নিজেদের চিন্তাধারার উপর তাহাদের বিশ্বাস অবিচল ও স্থির নহে, বারংবার তাহা পরিবর্তিত হয়। গতকাল অবধি তাহারা যেই চিন্তাধারা পোষণ করিয়াছেন আজ ইহার সম্পূর্ণ বিপরীত চিন্তাধারা গ্রহণ করিয়াছেন।
(৪) দাবিদারগণকে তাহারা শুধু এই বলিয়া প্রত্যাখ্যান করিতেছেন যে, তাহাদের নিকট গ্রহণযোগ্য উহাদের নিশ্চিত কোন প্রমাণ উপস্থাপন করিতে পারেন নাই। উহারা গোপন তারের যেই সংযোগের কথা বলিতেছেন তাহা দেখাইতে পারিতেছেন না।
দাবিদারগণের অবস্থান হইল : (১) তাঁহারা পরস্পর সামঞ্জস্যশীল কথা বলিতেছেন। দাবির বুনিয়াদী সূক্ষ্ম বিষয়াদিতে তাঁহাদের মধ্যে পূর্ণ ঐক্যমত রহিয়াছে।
(২) তাঁহাদের ঐকমত্যের দাবি হইল, আমাদের নিকট এমন একটি মাধ্যম রহিয়াছে যাহা সাধারণ লোকের মধ্যে অনুপস্থিত।
(৩) তাঁহাদের কেহই এই দাবি করিতেছেন না, আমরা যাহা বলিতেছি তাহা ধারণাপ্রসূত, বরং সকলেই একই সুরে বলিতেছেন, মূল প্রকৌশলীর সহিত আমাদের বিশেষ ধরনের যোগাযোগ রহিয়াছে।
(৪) তাঁহাদের মধ্যে এইরূপ একটি নজীরও পাওয়া যায় না যে, কেহ তাঁহার বর্ণনায় এক তিল পরিমাণ রদবদল করিয়াছেন। দাবির সূচনা হইতে জীবনের শেষ পর্যন্ত তাঁহারা একই ধরনের কথা বলিতেছেন।
(৫) তাঁহাদের আচার-আচরণ সীমাহীন পবিত্র। মিথ্যাচার, ধোঁকাবাজি ও প্রতারণার লেশ মাত্র তাঁহাদের জীবনে নাই।
(৬) এই দাবি উত্থাপনে তাঁহাদের নিজেদের কোন উপকার নিহিত রহিয়াছে বলিয়া কোন প্রমাণ নাই, বরং এই দাবির কারণে তাঁহারা অবর্ণনীয় দুঃখ-কষ্ট সহ্য করিয়াছেন। কেহ কেহ বন্দী হইয়াছেন, আবার কেহ নিহতও হইয়াছেন।
(৭) তাঁহাদের কেহ পাগল বা অপ্রকৃতিস্থ ছিলেন এমন কোন প্রমাণও নাই, বরং তাঁহারা জীবনের সকল কাজ অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত আনজাম দিয়াছেন বলিয়া প্রমাণ রহিয়াছে। তাঁহাদের বিরুদ্ধবাদীরা এই কথা অকপটে স্বীকার করিয়াছেন।
(৮) তাঁহারা স্বয়ং ইহারও দাবি করেন নাই যে, তাঁহারাই ইহার উদ্ভাবক বা নির্মাতা। বিরুদ্ধবাদীদেরকে তাঁহারা যে এই শক্তির উৎসের সহিত মিলাইয়া দিবেন তাহাও বলেন নাই। তাঁহারা যেই দিকে আহবান করিতেছেন তাহা তাঁহারা স্বয়ং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে লাভ করিয়াছেন ইহাও বলেন নাই; বরং তাঁহাদের কথা হইল, এই সকল বিষয় তাঁহারা 'গায়ব' হইতে লাভ করিয়াছেন।
এখন যুক্তির কষ্টিপাথরে পর্যালোচনা করিয়া দেখিলে উভয় দলের মধ্যে দ্বিতীয় দল তাঁহাদের দাবিতে যে সঠিক তাহা স্পষ্টত প্রতিভাত হয়। কারণ স্থান-কাল-পাত্রভেদ সত্ত্বেও এত অধিক সংখ্যক লোকের কোন কলংকের কালিমা নাই, তাঁহারা স্বীয় দাবিতে মিথ্যাবাদী হইতে পারেন না। নিশ্চয় তাঁহাদের নিকট অস্বাভাবিক পন্থায় কোন ইলমের মাধ্যম রহিয়াছে। তাঁহারা যাহা বলিতেছেন তাহা অসম্ভব কিছুও নহে। কতক মানুষের মধ্যে অস্বাভাবিক কোন শক্তি থাকাকে যুক্তিও অস্বীকার করে না। বাস্তব অবস্থার প্রতি তাকাইলেও মনে হয় দ্বিতীয় দলের দাবি নির্ভুল। কারণ বাতি, পাখা, গাড়ী ও কারখানা ইত্যাদি আপনাআপনি আলোকিত ও সচল হইতে পারে না, ইহা তাহাদের ইচ্ছাধীনও নয়। কেবল পারস্পরিক সংযোগের ফলেও তাহা সচল ও আলোকিত হইতে পারে না। কারণ যখন তাহা সচল ও আলোকিত হয় না তখনও ইহার সংযোগ থাকে। সুতরাং প্রথম পক্ষ যত প্রকার অভিযোগ অনুযোগ উপস্থাপন করিয়া থাকুক না কেন সবগুলিই অযৌক্তিক বলিয়া বিবেচিত হয়। একদল সন্দেহ পোষণকারীর বক্তব্য হইল তাহারা এই বিষয় বুঝেন না। সুতরাং যাহা তাহারা বুঝেন না তাহাকে তাহারা সত্য বা মিথ্যা কোনটির স্বীকৃতি দিবেন না। বিবেক এই কথাকেও যথার্থ বলিয়া রায় দেয় না। কারণ শ্রোতার বোধগম্যতার উপর ঘটনার সত্যতা নির্ভর করে না। ইহার অনুকূলে কোন গ্রহণযোগ্য, বিবেকবান, সত্যবাদী, নিঃস্বার্থ সাক্ষী বর্তমান থাকিলেই ঘটনার সত্যতাকে স্বীকার করিয়া লওয়া হয়। প্রথম শ্রেণীর লোকদের উদাহরণ হইল নবুওয়াতের দাবিদার তথা আম্বিয়া (আ)-এর (সায়্যিদ আবুল আলা মওদূদী, সীরাতে সারওয়ারে আলম, প্রাগুক্ত, ১খ, পৃ. ৪৬)