📄 ১০. চার সহচরকে নিয়া কলি দমন
কল্কি পুরাণে উল্লিখিত আছে যে, কল্কি অবতার তাঁহার চারজন সহচর নিয়া কলি অর্থাৎ শয়তানকে নিবারিত করিবেন (কল্কি পুরাণ, ২য় অধ্যায়, ৫ম শ্লোক)। বস্তুত হযরত মুহাম্মাদ (স) চারজন শ্রেষ্ঠ সহচর সঙ্গে লইয়া শয়তানী অপশাসন ও অনাচার উৎখাত করেন। তাঁহারা হইলেন হযরত আবু বকর সিদ্দীক (রা), উমার ফারুক (রা), উছমান (রা) ও আলী (রা)। পরবর্তী কালে তাঁহারা একের পর এক খলীফা হইয়া পৃথিবীর শ্রেষ্ঠ দুই শয়তানী শক্তি রোমান ও পার্সিয়ানদের পর্যুদস্ত করেন।
📄 ১১. দেবতা কর্তৃক সহায়তা
কল্কি পুরাণ, ২য় অধ্যায়, ৭ম শ্লোকে বলা হইয়াছে যে, কল্কি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবতাগণ সাহায্য করিবেন। বস্তুত বদর যুদ্ধে হযরত মুহাম্মাদ (স)-কে ফেরেশতাগণ সাহায্য করিয়াছেন। কুরআন পাকে এই সম্পর্কে বলা হইয়াছে :
وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ الَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلْثَةِ أَلْفَ مِّنَ الْمَلْئِكَةِ مُنْزَلِيْنَ. "অবশ্যই বদর যুদ্ধে তোমাদিগকে সাহায্য করিয়াছেন আল্লাহ। অথচ তোমরা ছিলে দুর্বল ও সংখ্যায় কম। সুতরাং একমাত্র আল্লাহকে ভয় করা এবং তাঁহারই প্রশংসা করা তোমার উচিত। যখন তুমি মুমিনদিগকে বলিতেছিলে, তোমাদের প্রভু তিন হাজার ফেরেশতা পাঠাইয়া তোমাদিগকে সাহায্য করিবেন, ইহা কি তোমাদের জন্য যথেষ্ট নয়"? (৩: ১২৩-১২৪)।
📄 ১২. অনুপম কান্তিময় হওয়া
ভাগবত পুরাণের ১২ স্কন্ধ, ২য় অধ্যায় ২০ শ শ্লোকে কল্কি অবতার সম্পর্কে উল্লেখ আছে যে, তিনি অনুপম ও অতুলনীয় কান্তির অধিকারী হইবেন। বুখারী শরীফে হযরত আনাস (রা) হইতে বর্ণিত আছে যে, মুহাম্মাদ (স) সর্বাপেক্ষা অধিক সুন্দর ও কান্তিমান-ছিলেন।
📄 ১৩. জন্ম তিথির সামঞ্জস্য
কল্কি পুরাণের ২য় অধ্যায়ে ১৫শ শ্লোকে বলা হইয়াছে যে, কল্কি অবতার মাধব মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তারিখে জন্মগ্রহণ করিবেন। বস্তুত ইহা ঐতিহাসিক সত্য যে, মুহাম্মাদ (স) রবীউল আওয়াল মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তারিখে জন্মগ্রহণ করেন।