📄 ৮. উত্তর দিকে গমন ও প্রত্যাবর্তন
কল্কি পুরাণে উল্লিখিত আছে যে, কল্কি অবতার পর্বতের দিকে যাইবেন। সেখানে পরশুরাম কর্তৃক জ্ঞানলাভ করিয়া উত্তর দিকে গমন করিবেন এবং পুনরায় প্রত্যাবর্তন করিবেন। মুহাম্মাদ (স)-ও প্রথমে হেরা পর্বতে গমন করেন। সেখানে জিবরাঈল (আ) হইতে ওহী প্রাপ্ত হন এবং তাঁহার উপর কুরআন অবতীর্ণ হইতে আরম্ভ হয়। উহার কয়েক বৎসর পর তিনি উত্তর দিকে মদীনায় গমন করেন এবং পুনরায় মক্কা বিজয় করিয়া জন্মভূমিতে প্রত্যাবর্তন করেন।
📄 ৯. শিব কর্তৃক কল্কিকে অশ্ব প্রদান
কল্কি পুরাণে বলা হইয়াছে যে, শিব কল্কি অবতারকে একটি অতি উত্তম অশ্ব প্রদান করিবেন। হযরত মুহাম্মাদ (স)- ও জিবরাঈল (আ)-এর মারফত আল্লাহ্ তরফ হইতে মি'রাজ গমনের জন্য বোরাক নামে একটি অশ্ব প্রাপ্ত হন।
📄 ১০. চার সহচরকে নিয়া কলি দমন
কল্কি পুরাণে উল্লিখিত আছে যে, কল্কি অবতার তাঁহার চারজন সহচর নিয়া কলি অর্থাৎ শয়তানকে নিবারিত করিবেন (কল্কি পুরাণ, ২য় অধ্যায়, ৫ম শ্লোক)। বস্তুত হযরত মুহাম্মাদ (স) চারজন শ্রেষ্ঠ সহচর সঙ্গে লইয়া শয়তানী অপশাসন ও অনাচার উৎখাত করেন। তাঁহারা হইলেন হযরত আবু বকর সিদ্দীক (রা), উমার ফারুক (রা), উছমান (রা) ও আলী (রা)। পরবর্তী কালে তাঁহারা একের পর এক খলীফা হইয়া পৃথিবীর শ্রেষ্ঠ দুই শয়তানী শক্তি রোমান ও পার্সিয়ানদের পর্যুদস্ত করেন।
📄 ১১. দেবতা কর্তৃক সহায়তা
কল্কি পুরাণ, ২য় অধ্যায়, ৭ম শ্লোকে বলা হইয়াছে যে, কল্কি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবতাগণ সাহায্য করিবেন। বস্তুত বদর যুদ্ধে হযরত মুহাম্মাদ (স)-কে ফেরেশতাগণ সাহায্য করিয়াছেন। কুরআন পাকে এই সম্পর্কে বলা হইয়াছে :
وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ الَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلْثَةِ أَلْفَ مِّنَ الْمَلْئِكَةِ مُنْزَلِيْنَ. "অবশ্যই বদর যুদ্ধে তোমাদিগকে সাহায্য করিয়াছেন আল্লাহ। অথচ তোমরা ছিলে দুর্বল ও সংখ্যায় কম। সুতরাং একমাত্র আল্লাহকে ভয় করা এবং তাঁহারই প্রশংসা করা তোমার উচিত। যখন তুমি মুমিনদিগকে বলিতেছিলে, তোমাদের প্রভু তিন হাজার ফেরেশতা পাঠাইয়া তোমাদিগকে সাহায্য করিবেন, ইহা কি তোমাদের জন্য যথেষ্ট নয়"? (৩: ১২৩-১২৪)।