📄 দুই হাতের কব্জি
হিন্দ ইব্ন আবু হালাহ বলেন, রাসূলুল্লাহ (স) طويل الزنديین "প্রলম্বিত কজির অধিকারী ছিলেন” (আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ২০)।
📄 হাতের কোমলতা
রাসূলুল্লাহ (স)-এর মুবারক হস্তদ্বয় খুবই কোমল ছিল। হযরত আনাস (রা) বলেনঃ
ما مسست حريرا ولا ديباجا ألين من كف النبي ﷺ "কোন রেশম কিংবা কোন গরদকেও আমি মহানবী (স)-এর হাতের তালু অপেক্ষা অধিকতর কোমল পাই নাই” (বুখারী, পৃ. ১৭৩০ হা. ৩৫৬১)।
📄 শীতলতা ও সুগন্ধি
হযরত আবূ জুহায়ফা (রা) বলেন, একদা আমি মহানবী (স)-এর হাত ধরিয়া উহা আমার চেহারায় বুলাইতে লাগিলাম। তখন আমার মনে হইল:
فاذا هي أجرد من الثلب وأطيب رائحة من المسك "তাঁহার হাত মুবারক বরফ অপেক্ষা অধিক শীতল এবং মেশক অপেক্ষা অধিক সুগন্ধিযুক্ত” (বুখারী, পৃ. ৭২৯, হা. ৩৫৫৩)।
হযরত জাবির ইবন সামুরা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমার গণ্ডদ্বয় হাত দ্বারা মুছিয়া দিলেন। আমি তাঁহার হাতের শীতলতা অনুভব করিলাম এবং সুগন্ধি পাইলাম। মনে হইল, তিনি যেন তাহা আতর বিক্রেতার ভাণ্ডার হইতে এইমাত্র বাহির করিলেন (মুসলিম, ৮খ., পৃ. ৯০, হা. ২৩২৯)।
📄 বগলদ্বয়
রাসূলুল্লাহ (স)-এর বগলদ্বয় খুবই শুভ্র ছিল। হযরত আবদুল্লাহ ইবন মালিক ইব্ন বুহায়না (রা) বলেন: إِنَّ النَّبِيَّ ﷺ كَانَ إِذَا صَلَّى فَرَجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ. "মহানবী (স) যখন সিজদা করিতেন, তখন উভয় হাতকে পার্শ্বদেশ হইতে ফাঁকা রাখিতেন। ফলে তাঁহার উভয় বগলের শুভ্রতা দেখা যাইত” (বুখারী, সালাত, বাব ২৭, হা. ৩৯০)।
হযরত আনাস (রা) বলেন: أَنَّ رَسُوْلَ اللَّهِ ﷺ كَانَ لاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْئٍ مِنْ دُعَائِهِ إِلاَّ فِي الاسْتِسْقَاءِ فَإِنَّهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يَرَى بَيَاضُ إِبْطَيْهِ. "ইসতিসকার সালাতের দু'আয় রাসূলুল্লাহ (স) তাঁহার উভয় হাত এতটা ঊর্ধ্বে উঠাইতেন যে, তাঁহার বগলদ্বয়ের শুভ্রতা দৃষ্টিগোচর হইত” (বুখারী, ইসতিসকা, বাব ২২, নং ১০৩১; মানাকিব, বাব ২৩, হা. ৩৫৬৫)।