📄 মাসরুবা মুবারক
বক্ষদেশ হইতে নাভি পর্যন্ত কেশের সরু রেখাকে মাসরুবা বলা হয়। হযরত আলী (রা) বলেন, "রাসূলুল্লাহ (স( طويل المسربة বক্ষ হইতে নাভি পর্যন্ত সরু কেশের দীর্ঘ রেখাসম্পন্ন ছিলেন" (তিরমিযী, মানাকিব, হা. ৩৬৪৭)।
হযরত হিন্দ ইব্ন আবূ হালাহ বলেন, রাসূলুল্লাহ (স)-এর دقيق المسربة বা বক্ষদেশ হইতে নাভী পর্যন্ত পশমের একটি সূক্ষ্ম রেখা ছিল (ইমাম তিরমিযী, শামায়েল, অনু. পৃ. ৯; আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ১৯)।
📄 পিঠ মুবারক
হযরত আবূ হুরায়রা (রা) বলেন:
كان إذا وضع رداءه عن منكبيه فكانه سبيكة فضة. "রাসূলুল্লাহ (স) যখন তাঁহার উভয় কাঁধ হইতে চাদর সরাইতেন তখন তাঁহার পিঠ মনে হইত যেন রৌপ্য দ্বারা তৈরী" (আলবানী, সাহীহ আল-জামে আস-সাগীর ওয়া যিয়াদাতুহু, ৪খ., ১৯৯, হা. ৪৫০৯)।
📄 হস্তদ্বয়
রাসূলুল্লাহ (স)-এর উভয় হাত ছিল মাংসল ও লম্বা। হযরত আনাস (রা) বলেনঃ
كان النبي ﷺ ضخم اليدين “রাসূলুল্লাহ (স)-এর উভয় হাত ছিল মাংসল ও লম্বা” (বুখারী, পৃ. ১২৬২, হা. ৫৯০৭)। হযরত আবূ হুরায়রা (রা) বলেন:
كان شيم الذراعين “রাসূলুল্লাহ (স)-এর উভয় হাত লম্বা ও মাংসল ছিল” (আলবানী, সিলসিলাতুল আহাদীছ আস-সাহীহাহ, ৫খ., পৃ. ১৩০, হা. ২০৯৫)।
📄 দুই হাতের তালু
হযরত আনাস (রা) বলেন:
وكان يسط الكفين “রাসূলুল্লাহ (স)-এর দুই হাতের তালু ছিল চওড়া” (বুখারী, পৃ. ১২৬২, হা. ৫৯০৭)। তিনি আরও বলেন:
كان النبى ﷺ شثن القدمين والكفين “রাসূলুল্লাহ (স)-এর দুই পা এবং হাতের তালুদ্বয় মাংসল ছিল” (বুখারী, লিবাস, পৃ. ১২৬২, হা. ৫৯১০)।