📄 গোঁফ
রাসূলুল্লাহ (স) তাঁহার গোঁফ কাটিয়া ছোট করিতেন। হযরত ইবন আব্বাস (রা) বলেন:
كان النبي ﷺ يقصب أو ياخذ من شاربه "মহানবী (স) তাহার গোঁফ ছোট করিয়া রাখিতেন" (তিরমিযী, কিতাবুল আদাব, বাব ১৬, ৫খ., পৃ. ৯৩, হা. ২৭৬০)।
📄 কপালের বর্ণনা
মহানবী (স)-এর কপাল মুবারক ছিল প্রশস্ত। হযরত হিনদ ইব্ন আবূ হালাহ (রা) বলেনঃ كان واسع الجبين "রাসূলুল্লাহ (স)-এর কপাল ছিল প্রশস্ত” (আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ১৯; ইমাম তিরমিযী, শামায়েল, অনু. পৃ. ৯)।
হযরত যায়দ ইব্ন ছাবিত (রা) বলেন: كان إذا نزل الوحى عليه ثقل لذالك وتحدر جبينه عرقا كانه الجمان وان كان في البرد . "যখন রাসূলুল্লাহ (স)-এর উপর ওহী নাযিল হইত, তখন তিনি গম্ভীর হইয়া যাইতেন এবং তাঁহার কপাল হইতে মুক্তার ন্যায় ঘাম ঝরিয়া পড়িত, এমনকি শীতকালেও” (সিলসিলাতুল আহাদীছ আস-সাহীহা, ৫খ., পৃ. ১২৪, হা. ২০৮৮)।
📄 ভ্রূদ্বয়
রাসূলুল্লাহ (স)-এর ভ্রূদ্বয় ছিল সরু, ঘন এবং পৃথক পৃথক। হিনদ ইব্ন আবূ হালাহ বর্ণনা করেনা: أزج الحواجب سوابغ من غير قرن بينهما عرق يدره الغضب. "তাঁহার ভ্রূদ্বয় ছিল সরু, ঘন এবং পৃথক পৃথক; একত্রে মিলিত ছিল না। ভ্রূদ্বয়ের মধ্যে একটি রগছিল যাহা ক্রোধের সময় স্পষ্ট হইয়া উঠিত" (ইমাম তিরমিযী, শামায়েল, অনু. ৯; হা. ৭; আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ১৯)।
📄 চক্ষুদ্বয়
তাঁহার চক্ষু মুবারকের মনি অত্যন্ত কালো ছিল। হযরত আলী (রা)-এর বর্ণনামতে তাঁহার চক্ষুদ্বয় ছিল اسود الحدقة "চক্ষুর মনি অত্যন্ত কালো” (আলবানী, সাহীহ আল-জামে আস-সাগীর ওয়া যিয়াদাতুহু, ৪খ., পৃ. ১৯৭, হা. ৪৪৯৭)।
হযরত জাবির ইবন সামুরা (রা)-এর বর্ণনামতে তাঁহার চক্ষুদ্বয় ছিল اشكل العين "লাল ডোরাযুক্ত” অর্থাৎ চক্ষুদ্বয়ের সাদা অংশ আভা মিশ্রিত ছিল (মুসলিম, ৮খ., পৃ. ১০২; হা. ২৩৩৯)।
হযরত আলী ইব্ন আবূ তালিব (রা)-এর বর্ণনামতে তাঁহার চক্ষুর পাতা ছিল أهدب الشفار "দীর্ঘ ও কোমল” (আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ১৬)।