📘 সীরাত বিশ্বকোষ > 📄 চুল ও দাড়িতে খেযাব লাগানো

📄 চুল ও দাড়িতে খেযাব লাগানো


মহানবী (স) চুল ও দাড়িতে খেযাব লাগাইয়াছেন কিনা তাহাতে মতপার্থক্য পরিলক্ষিত হয়। কোন কোন বর্ণনামতে তিনি চুল ও দাড়িতে মেহেদীর খেযাব ব্যবহার করিয়াছেন বলিয়া প্রমাণিত হয়, আবার অন্য বর্ণনায় তাহা করেন নাই বলিয়াও প্রমাণিত হয়। হযরত উছমান ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন মাওহাব (র) বলেনঃ
دخلت على ام سلمة فاخرجت الينا شعرا من شعر النبي ﷺ مخضوبا .
"আমি হযরত উম্মে সালামা (রা)-এর নিকট গমন করিলে তিনি আমাদের কাছে রাসূলুল্লাহ (স)-এর খিযাবকৃত কিছু চুল বাহির করিলেন” (বুখারী, পৃ. ১২৪১, হা. ৫৮৯৭)।
হযরত কাতাদা (র) বলেন:
قلت لانس بن مالك هل خضب رسول الله الله قال لم يبلغ ذلك إنما كان شيبا في صدغيه.
"আমি আনাস (রা)-কে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ (স) কি খেযাব লাগাইতেন? উত্তরে তিনি বলিলেন, রাসূলুল্লাহ (স)-এর চুল এই পর্যায়ে পৌঁছায় নাই যে, খেযাব লাগানোর প্রয়োজন হইত; বরং তাঁহার দুই কানপট্টির পার্শ্বে জুলফীর সামান্য কয়েকটি চুল সাদা হইয়াছিল মাত্র" (ইমাম তিরমিযীর শামায়েল, অনু. পৃ. ৩৪)।
হ হযরত ইবন উমার (রা) বলেন:
كان يصفر لحيته بالورس والزعفران "তিনি তাঁহার দাড়ি ওয়ারস ঘাস এবং জাফরান দ্বারা হলুদ বর্ণের করিয়া ফেলিতেন” (আবূ দাউদ, কিতাবুত তারাজ্জল, বাব ১৯, ৪খ., পৃ. ৮৪, হা. ৪২১০)।
হযরত আবূ রিমছা (রা) বলেন:
انطلقت مع أبي نحو النبي ﷺ فاذا هو ذو وفرة بها ردع حناء وعليـه بردان اخضران.
"আমি আমার পিতার সহিত মহানবী (স)-এর নিকট আগমন করিলাম। তাঁহাকে দেখিলাম, তিনি ওয়াফরা চুলবিশিষ্ট ও তাহাতে মেহেদীর আলামত। আর তাঁহার গায়ে ছিল একজোড়া সবুজ রংগের চাদর" (আবূ দাউদ, ৪খ., পৃ. ৮৩, হা. ৪২০৬)।
উভয় ধরনের হাদীছের মধ্যে সামঞ্জস্য বিধানে বলা যায়, রাসূলুল্লাহ (স) মাঝে মাঝে খিযাব ব্যবহার করিতেন, কিন্তু অধিকাংশ সময়ই করিতেন না।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 গোঁফ

📄 গোঁফ


রাসূলুল্লাহ (স) তাঁহার গোঁফ কাটিয়া ছোট করিতেন। হযরত ইবন আব্বাস (রা) বলেন:
كان النبي ﷺ يقصب أو ياخذ من شاربه "মহানবী (স) তাহার গোঁফ ছোট করিয়া রাখিতেন" (তিরমিযী, কিতাবুল আদাব, বাব ১৬, ৫খ., পৃ. ৯৩, হা. ২৭৬০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 কপালের বর্ণনা

📄 কপালের বর্ণনা


মহানবী (স)-এর কপাল মুবারক ছিল প্রশস্ত। হযরত হিনদ ইব্‌ন আবূ হালাহ (রা) বলেনঃ كان واسع الجبين "রাসূলুল্লাহ (স)-এর কপাল ছিল প্রশস্ত” (আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ১৯; ইমাম তিরমিযী, শামায়েল, অনু. পৃ. ৯)।
হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা) বলেন: كان إذا نزل الوحى عليه ثقل لذالك وتحدر جبينه عرقا كانه الجمان وان كان في البرد . "যখন রাসূলুল্লাহ (স)-এর উপর ওহী নাযিল হইত, তখন তিনি গম্ভীর হইয়া যাইতেন এবং তাঁহার কপাল হইতে মুক্তার ন্যায় ঘাম ঝরিয়া পড়িত, এমনকি শীতকালেও” (সিলসিলাতুল আহাদীছ আস-সাহীহা, ৫খ., পৃ. ১২৪, হা. ২০৮৮)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ভ্রূদ্বয়

📄 ভ্রূদ্বয়


রাসূলুল্লাহ (স)-এর ভ্রূদ্বয় ছিল সরু, ঘন এবং পৃথক পৃথক। হিনদ ইব্‌ন আবূ হালাহ বর্ণনা করেনা: أزج الحواجب سوابغ من غير قرن بينهما عرق يدره الغضب. "তাঁহার ভ্রূদ্বয় ছিল সরু, ঘন এবং পৃথক পৃথক; একত্রে মিলিত ছিল না। ভ্রূদ্বয়ের মধ্যে একটি রগছিল যাহা ক্রোধের সময় স্পষ্ট হইয়া উঠিত" (ইমাম তিরমিযী, শামায়েল, অনু. ৯; হা. ৭; আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়‍্যা, পৃ. ১৯)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00