📄 জানাযার নামাযে মৃত ব্যক্তির জন্য দু'আ
আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) জানাযার সালাতে এই দু'আ পড়িতেন: اللهم اغفر لحينا وميتنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثأنا وشاهدنا وغائبنا اللهم من احييته منا فاحيه على الايمان ومن توفيته منا فتوفه على الاسلام اللهم لا تحرمنا اجره ولا تضلنا بعده.
“হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত, ছোট ও বড়, নর ও নারী এবং উপস্থিত ও অনুপস্থিতদের ক্ষমা কর। হে আল্লাহ! আমাদের মধ্যে যাহাদেরকে তুমি জীবিত রাখিয়াছ, তাহাদেরকে ইসলামের উপর জীবিত রাখিও আর যাহাদেরকে মৃত্যু দান কর, তাহাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করিও। হে আল্লাহ! আমাদেরকে তাহার ছওয়াব হইতে বঞ্চিত করিও না এবং তাহার মৃত্যুর পর আমাদেরকে পথভ্রষ্ট করিও না” (আবূ দাউদ, কিতাবুল জানাইয, বাবুদ-দু'আ লিল-মায়্যিত, হাদীছ নং ৩২০১, ৩খ., পৃ. ২০৮)।
📄 কবরে লাশ রখিবার দু'আ
ইবন উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) কবরে লাশ রাখিবার সময় বলিতেন: بسم الله وعلى ملة رسول الله.
"(আমরা এই লাশ) আল্লাহ্ নামে এবং রাসূলুল্লাহ (স)-এর মিল্লাতের (ধর্মের) উপর রাখিতেছি” (আবূ দাউদ, কিতাবুল জানাইয, বাব ফিদ-দু'আ লিল-মায়ি্যত ইযা উদি'আ ফী কাবরিহী, হাদীছ নং ৩২১৩, ৩খ., পৃ. ২১১)।
📄 কবর যিয়ারতের দু'আ
আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) কবরস্থানে গমন করিয়া এই দু'আ পড়িতেন: السلام عليكم دار قوم مؤمنين وانا ان شاء الله بكم لاحقون.
"হে কবরের অধিবাসী মু'মিনগণ! তোমাদের প্রতি শান্তি বর্ষিত হউক। আমরাও ইনশাআল্লাহ তোমাদের সহিত মিলিত হইব” (আবূ দাউদ, কিতাবুল জানাইয, বাবু মা ইয়াকূলু ইযা যারাল কুবুর হাদীছ নং ৩২৩৭, ৩খ., পৃ. ২১৬)।
📄 মৃত্যু এবং জীবনের জন্য দু'আ
আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন তোমাদের কেহ কোন বিপদের কারণে যেন মৃত্যু কামনা না করে। আর কেহ যদি এমন অবস্থাতে পতিত হয় যে, তাহাকে মৃত্যু কামনা করিতেই হয়, তবে সে মৃত্যু কামনা না করিয়া এই দু'আ করিবে: اللهم احينى ما كانت الحياة خيرا لى وتوفني إذا كانت الوفاة خيرا لي.
"ইয়া আল্লাহ! যত দিন পর্যন্ত বাঁচিয়া থাকা আমার জন্য মঙ্গলজনক হয় ততদিন তুমি আমাকে জীবিত রাখ এবং যখন আমার জন্য মৃত্যুই মঙ্গলজনক হয় তখন আমাকে মৃত্যু দাও” (বুখারী, কিতাবুদ দা'ওয়াত, বাবুদ-দু'আ বিল-মাওতি ওয়াল-হায়াতি, হাদীছ নং ৬৫৫১, পৃ. ১৩৪৪)।