📄 রোগী দেখার সময়ে দু'আ
'আলী (রা) বলেন, রাসূলুল্লাহ (স) কোন রোগী দেখিতে গেলে এই দু'আ পাঠ করিতেন: اللهم اذهب البأس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما .
“হে আল্লাহ! এই অসুবিধা দূর করিয়া দাও। তোমার সুস্থতা দান ছাড়া কাহারও সুস্থতা নাই। এমন সুস্থতা দাও যে, কোন রোগ-বালাই যেন ইহার বহির্ভূত না থাকে” (তিরমিযী, কিতাবুদ দা'ওয়াত, বাব ফী দু'আইল মারীদ, হাদীছ নং ৩৫৬৫, ৫খ., পৃ. ৫৬১)।
ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) কখনও কখনও এই দু'আও পাঠ করিতেন : لا بأس طهور انشاء الله "কোন ক্ষতি হইবে না, ইনশাআল্লাহ আরোগ্য লাভ করিবে” (বুখারী, কিতাবুল মানাকিব, বাব 'আলামাতিন নুবৃওয়াও ফিল-ইসলাম, হাদীছ নং ৩৬১৬, পৃ. ৭৪১)।
ইব্ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন, কেহ কোন রোগীকে দেখিতে গেলে রুগ্ন ব্যক্তির মৃত্যু আসন্ন না হইলে নিম্নের দু'আটি সাতবার পাঠ করিলে আল্লাহ তাহাকে নিরাময় দান করিবেন: اسأل الله العظيم رب العرش العظيم ان يشفيك.
"আমি তোমার রোগমুক্তির জন্য আরশে আযীমের মহান প্রভু আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি” (তিরমিযী, কিতাবুত তিব্ব, বাব নং ৩২, হাদীছ নং ২০৮৩, ৪খ., পৃ. ৪১০)।
📄 মুমূর্ষু রোগীর দু'আ
আইশা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে মুমূর্ষু অবস্থায় এই দু'আ পাঠ করিতে শুনিয়াছি: اللهم اغفر لي وارحمني والحقني بالرفيق الأعلى.
"হে আল্লাহ! আমাকে ক্ষমা কর, আমার প্রতি দয়া কর এবং আমাকে মহান বন্ধুর সহিত মিলাইয়া দাও” (তিরমিযী, কিতাবুদ দা'ওয়াত, বাব নং ৭৭, হাদীছ নং ৩৪৯৬, ৫খ., পৃ. ৫২৫)।
অন্য রিওয়ায়াতে রহিয়াছে, 'আইশা (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (স) মুমূর্ষু অবস্থায় পানিতে দুই হাত প্রবেশ করাইয়াছেন, অতঃপর ভিজা হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল মাসাহ করেন এবং বলেন : لا اله الا الله أن للموت سكرات "আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ” (বুখারী, কিতাবুর রিকাক, বাবু সাকারাতিল মাওত, হাদীছ নং ৬৫১০, পৃ. ১৩৭৪)।
📄 জানাযার নামাযে মৃত ব্যক্তির জন্য দু'আ
আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) জানাযার সালাতে এই দু'আ পড়িতেন: اللهم اغفر لحينا وميتنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثأنا وشاهدنا وغائبنا اللهم من احييته منا فاحيه على الايمان ومن توفيته منا فتوفه على الاسلام اللهم لا تحرمنا اجره ولا تضلنا بعده.
“হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত, ছোট ও বড়, নর ও নারী এবং উপস্থিত ও অনুপস্থিতদের ক্ষমা কর। হে আল্লাহ! আমাদের মধ্যে যাহাদেরকে তুমি জীবিত রাখিয়াছ, তাহাদেরকে ইসলামের উপর জীবিত রাখিও আর যাহাদেরকে মৃত্যু দান কর, তাহাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করিও। হে আল্লাহ! আমাদেরকে তাহার ছওয়াব হইতে বঞ্চিত করিও না এবং তাহার মৃত্যুর পর আমাদেরকে পথভ্রষ্ট করিও না” (আবূ দাউদ, কিতাবুল জানাইয, বাবুদ-দু'আ লিল-মায়্যিত, হাদীছ নং ৩২০১, ৩খ., পৃ. ২০৮)।
📄 কবরে লাশ রখিবার দু'আ
ইবন উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) কবরে লাশ রাখিবার সময় বলিতেন: بسم الله وعلى ملة رسول الله.
"(আমরা এই লাশ) আল্লাহ্ নামে এবং রাসূলুল্লাহ (স)-এর মিল্লাতের (ধর্মের) উপর রাখিতেছি” (আবূ দাউদ, কিতাবুল জানাইয, বাব ফিদ-দু'আ লিল-মায়ি্যত ইযা উদি'আ ফী কাবরিহী, হাদীছ নং ৩২১৩, ৩খ., পৃ. ২১১)।