📄 সফরের দু'আ
ইবন উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) যখন সফরের উদ্দেশ্যে বাহনে সাওয়ার হইতেন তখন তিনবার (الله اكبر আল্লাহু আকবার) বলিয়া এই দু'আ পাঠ করিতেন:
سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وانا الى ربنا لمنقلبون اللهم انا نسألك في سفرنا هذا من البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا السير (السفر) واطو عنا بعد الأرض اللهم انت الصاحب في السفر والخليفة في الاهل.
"পাক-পবিত্র সেই মহান সত্তা যিনি আমাদের জন্য উহাকে বশীভূত করিয়া দিয়াছেন, আমরা অবশ্যই প্রত্যাবর্তন করিব আমাদের প্রতিপালকের নিকট। হে আল্লাহ! আমাদের এই সফরে আমরা তোমার নিকট প্রার্থনা জানাই পুণ্য ও তাকওয়ার জন্য এবং আমরা এমন আমলের সামর্থ্য তোমার কাছে চাহিতেছি যাহা তুমি পছন্দ কর। হে আল্লাহ! আমাদের এই সফরকে সহজসাধ্য করিয়া দাও। হে আল্লাহ! তুমিই এই সফরে আমাদের সাথী, আর পরিবার-পরিজনের তুমিই খলীফা" (তিরমিযী, কিতাবুদ দা'ওয়াত, বাব মা ইয়াকূলু ইযা রাকিবান-নাকাতা, হাদীছ নং ৩৪৪২, ৫খ., পৃ. ৫০১-৫০২)।
📄 মুসাফিরকে বিদায় দেওয়ার সময়ের দু'আ
ইবন উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) কোন মুসলমানকে বিদায় দেওয়ার সময় দু'আ করিতেন:
استودع الله دينك وامانتك وخواتيم عملك.
"আমি তোমার দীন, তোমার আমানতসমূহ এবং তোমার আমলের সমাপ্তিকে (পরিনামফল) পর্যায়কে আল্লাহ্র উপর ছাড়িয়া দিতেছি” (তিরমিযী, কিতাবুদ দা'ওয়াত, বাব মা ইয়াকূলু ইযা ওয়াদ্দা'আ ইনসানান, হাদীছ নং ৩৪৪৩, ৫খ., পৃ. ৪৯৯)।
📄 বাজারে প্রবেশের দু'আ
ইবন উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বাজারের প্রবেশের সময় নিম্নোক্ত দু'আটি পাঠের নির্দেশ দিয়াছেন: لا اله الا الله وحده لاشريك له له الملك وله الحمد يحيى ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شئ قدير.
"আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। তিনি এক, তাঁহার কোন শরীক নাই। রাজত্ব তাঁহারই। প্রশংসা তাঁহারই। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। তিনি চিরঞ্জীব, মৃত্যু তাঁহাকে স্পর্শ করিতে পারে না। সকল প্রকার কল্যাণ তাঁহার হাতে। তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান" (তিরমিযী, কিতাবুদ দা'ওয়াত, বাবু মা ইয়াকূলু ইযা দাখালাস-সূক, হাদীছ নং ২৪২৮, ৫খ., পৃ. ৪৯১)।
📄 রোগী দেখার সময়ে দু'আ
'আলী (রা) বলেন, রাসূলুল্লাহ (স) কোন রোগী দেখিতে গেলে এই দু'আ পাঠ করিতেন: اللهم اذهب البأس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما .
“হে আল্লাহ! এই অসুবিধা দূর করিয়া দাও। তোমার সুস্থতা দান ছাড়া কাহারও সুস্থতা নাই। এমন সুস্থতা দাও যে, কোন রোগ-বালাই যেন ইহার বহির্ভূত না থাকে” (তিরমিযী, কিতাবুদ দা'ওয়াত, বাব ফী দু'আইল মারীদ, হাদীছ নং ৩৫৬৫, ৫খ., পৃ. ৫৬১)।
ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) কখনও কখনও এই দু'আও পাঠ করিতেন : لا بأس طهور انشاء الله "কোন ক্ষতি হইবে না, ইনশাআল্লাহ আরোগ্য লাভ করিবে” (বুখারী, কিতাবুল মানাকিব, বাব 'আলামাতিন নুবৃওয়াও ফিল-ইসলাম, হাদীছ নং ৩৬১৬, পৃ. ৭৪১)।
ইব্ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন, কেহ কোন রোগীকে দেখিতে গেলে রুগ্ন ব্যক্তির মৃত্যু আসন্ন না হইলে নিম্নের দু'আটি সাতবার পাঠ করিলে আল্লাহ তাহাকে নিরাময় দান করিবেন: اسأل الله العظيم رب العرش العظيم ان يشفيك.
"আমি তোমার রোগমুক্তির জন্য আরশে আযীমের মহান প্রভু আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি” (তিরমিযী, কিতাবুত তিব্ব, বাব নং ৩২, হাদীছ নং ২০৮৩, ৪খ., পৃ. ৪১০)।