📘 সীরাত বিশ্বকোষ > 📄 নব-দম্পতির জন্য দু'আ

📄 নব-দম্পতির জন্য দু'আ


আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) নব-দম্পতির জন্য এই দু'আ করিতেন: بارك الله وبارك عليك وجمع بينكما في خير.
"আল্লাহ বরকত দান করুন এবং তোমাকে বরকত সমৃদ্ধ করুন। তোমাদের (স্বামী-স্ত্রীর) মধ্যে কল্যাণমূলক কর্মে ঐক্যমত প্রতিষ্ঠিত ও মিল-মহব্বতের সহিত জীবন যাপনের সামর্থ্য দান করুন" (আবু দাউদ, কিতাবুন নিকাহ, বাবু মা ইয়াকূলু লিল-মুতাযাব্বিজ, হাদীছ নং ২১৩০, ২খ., পৃ. ২৪৮)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 বিবাহিত ব্যক্তির নিজের জন্য দু'আ

📄 বিবাহিত ব্যক্তির নিজের জন্য দু'আ


আমর ইব্‌ন শু'আয়ব (র) তাঁহার পিতা হইতে, তিনি তাঁহার দাদা হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন: যখন তোমাদের কেহ কোন নারীকে বিবাহ করে, তখন সে যেন এই দু'আ পাঠ করে: اللهم اني اسألك خيرها وخير ما جبلتها عليه واعوذ بك من شرها وشر ما جبلتها عليه.
"হে আল্লাহ! তোমার নিকট উহার কল্যাণের প্রার্থনা জানাই এবং প্রার্থনা জানাই তাহার সেই কল্যাণময় স্বভাবের যাহার উপর তুমি তাহাকে সৃষ্টি করিয়াছ। আর আমি তোমার আশ্রয় চাহিতেছি তাহার অনিষ্ট হইতে এবং তাহার আদীম প্রবৃত্তির অকল্যাণ হইতে যাহার উপর তুমি তাহাকে সৃষ্টি করিয়াছ” (আবূ দাউদ, কিতাবুন নিকাহ, বাবুন ফী জামি'ইন নিকাহ, হাদীছ নং ২১৬০, ২খ., পৃ. ২৫৫)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সহবাসের পূর্বের দু'আ

📄 সহবাসের পূর্বের দু'আ


ইবন আব্বাস (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ তোমাদের কেহ সহবাস করিতে ইচ্ছা করিলে সে যেন এই দু'আ পাঠ করেঃ
بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان على ما رزقتنا .
"আল্লাহ্ নামে (আমরা মিলন করিতেছি), হে আল্লাহ! তুমি আমাদের নিকট হইতে শয়তানকে দূরে রাখ, আর আমাদেরকে তুমি (এই মিলনের ফলে) যে সন্তান দান করিবে তাহার হইতেও শয়তানকে দূরে রাখ” (প্রাগুক্ত, হাদীছ নং ২৩৬১, ২খ., পৃ. ২৫৫)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মজলিসশেষে দু'আ

📄 মজলিসশেষে দু'আ


আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) যখন কোন মজলিসের সমাপ্তি ঘোষণা করিতেন তখন এই দু'আ পাঠ করিতেন:
سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك
“হে আল্লাহ! আমি তোমার প্রশংসার সহিত তোমার পবিত্রতা বর্ণনা করিতেছি। আমি সাক্ষ্য দিতেছি যে, তুমি ছাড়া কোন ইলাহ নাই, আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি এবং তোমার নিকট তাওবা করিতেছি” (তিরমিযী, কিতাবুদ দা'ওয়াত, বাব মা ইয়াকূলু ইযা কামা মিনাল মাজলিস, হাদীছ নং ৩৪৩৩, ৫খ., পৃ. ৪৯৪)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00