📄 ফলের কলি দেখিবার পর দু'আ
আবু হুরায়য়া (রা) বলেন, রাসূলুল্লাহ (স) ফলের কলি দেখিয়া এই দু'আ পাঠ করিতেন: اللهم بارك لنا في ثمارنا وبارك لنا في قريتنا وبارك لنا في صاعنا
"হে আল্লাহ! তুমি আমাদের জন্য আমাদের ফসলসমূহে বরকত দাও। তুমি আমাদের জনবসতিতে, আমাদের মাপ সামগ্রী সা' এবং মুদ্দে বরকত দাও” (তিরমিযী, কিতাবুদ দাওয়াত, বাবু মা ইয়াকূলু ইযা রাআল-বাকুরাতা মিনাছ-ছামারি, হাদীছ নং ৩৪৫৪, ৫খ., পৃ. ৫০৬)।
📄 নব-দম্পতির জন্য দু'আ
আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) নব-দম্পতির জন্য এই দু'আ করিতেন: بارك الله وبارك عليك وجمع بينكما في خير.
"আল্লাহ বরকত দান করুন এবং তোমাকে বরকত সমৃদ্ধ করুন। তোমাদের (স্বামী-স্ত্রীর) মধ্যে কল্যাণমূলক কর্মে ঐক্যমত প্রতিষ্ঠিত ও মিল-মহব্বতের সহিত জীবন যাপনের সামর্থ্য দান করুন" (আবু দাউদ, কিতাবুন নিকাহ, বাবু মা ইয়াকূলু লিল-মুতাযাব্বিজ, হাদীছ নং ২১৩০, ২খ., পৃ. ২৪৮)।
📄 বিবাহিত ব্যক্তির নিজের জন্য দু'আ
আমর ইব্ন শু'আয়ব (র) তাঁহার পিতা হইতে, তিনি তাঁহার দাদা হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন: যখন তোমাদের কেহ কোন নারীকে বিবাহ করে, তখন সে যেন এই দু'আ পাঠ করে: اللهم اني اسألك خيرها وخير ما جبلتها عليه واعوذ بك من شرها وشر ما جبلتها عليه.
"হে আল্লাহ! তোমার নিকট উহার কল্যাণের প্রার্থনা জানাই এবং প্রার্থনা জানাই তাহার সেই কল্যাণময় স্বভাবের যাহার উপর তুমি তাহাকে সৃষ্টি করিয়াছ। আর আমি তোমার আশ্রয় চাহিতেছি তাহার অনিষ্ট হইতে এবং তাহার আদীম প্রবৃত্তির অকল্যাণ হইতে যাহার উপর তুমি তাহাকে সৃষ্টি করিয়াছ” (আবূ দাউদ, কিতাবুন নিকাহ, বাবুন ফী জামি'ইন নিকাহ, হাদীছ নং ২১৬০, ২খ., পৃ. ২৫৫)।
📄 সহবাসের পূর্বের দু'আ
ইবন আব্বাস (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ তোমাদের কেহ সহবাস করিতে ইচ্ছা করিলে সে যেন এই দু'আ পাঠ করেঃ
بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان على ما رزقتنا .
"আল্লাহ্ নামে (আমরা মিলন করিতেছি), হে আল্লাহ! তুমি আমাদের নিকট হইতে শয়তানকে দূরে রাখ, আর আমাদেরকে তুমি (এই মিলনের ফলে) যে সন্তান দান করিবে তাহার হইতেও শয়তানকে দূরে রাখ” (প্রাগুক্ত, হাদীছ নং ২৩৬১, ২খ., পৃ. ২৫৫)।