📄 নূতন চাঁদ দেখার দু'আ
তালহা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) নূতন চাঁদ দেখিলে এই দু'আ পড়িতেন: اللهم اهله علينا بالأمن والايمان والسلامة الاسلام ربي وربك الله.
“হে আল্লাহ! এই নূতন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের কারণ বানাও। আল্লাহ আমার এবং তোমার প্রভু” (তিরমিযী, কিতাবুদ দা'ওয়াত, বাব মা ইয়াকূলু ইনদা রু'য়াতিল হিলাল, হাদীছ নং ৩৪৫১, ৫খ., পৃ. ৫০৫)।
📄 ঝড়-তুফানের সময় দু'আ
'আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) ঝড়-তুফানের সময় এই দু'আ পড়িতেন। اللهم اني اسألك من خيرها وخير ما فيها وخير ما ارسلت به واعوذ بك من شرها وشر ما فيها وشر ما ارسلت به
"হে আল্লাহ! আমি তোমার নিকট উহার কল্যাণ চাই এবং উহার ভিতরে নিহিত কল্যাণ চাই, আর সেই কল্যাণ চাই যাহা উহার সহিত প্রেরিত হইয়াছে। আমি তোমার আশ্রয় চাই উহার অনিষ্ট হইতে, উহার ভিতরে নিহিত অনিষ্ট হইতে এবং যে ক্ষতি উহার সহিত প্রেরিত হইয়াছে তাহার অনিষ্ট হইতে” (তিরমিযী, কিতাবুদ দা'ওয়াত, বাবু মা ইয়াকূলু ইযা হাজাতির-রীহ, হাদীছ নং ৩৪৪৯, ৫খ., পৃ. ৫০৩)।
📄 আহারের পূর্বে দু'আ
'উমার ইব্ন আবী সালামা (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলিয়াছেন: যখন তোমাদের কেহ আহার করে, সে যেন (بسم الله )বিসমিল্লাহ) বলিয়া ডান দিক হইতে আহার করে (বুখারী, কিতাবুল আত'ইমা, বাবুত-তাসমিয়াতি 'আলাত-তা'আম ওয়াল-আকলি বিল-ইয়ামীন, হাদীছ নং ৫৩৭৬, পৃ. ১১৬৬)।
📄 আহারের পর দু'আ
আবূ উমামা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) দস্তরখান তুলিয়া লওয়ার পর (অর্থাৎ আহারশেষে এই দু'আ পড়িতেন:
الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه غير مكفى ولا مودع ولا مستغنى عنه ربنا .
"পবিত্র বরকতময় অনেক প্রশংসা আল্লাহর জন্য। ইয়া আল্লাহ! ইহা হইতে কখনও বিমুখ হইতে পারিব না, বিদায় নিতে পারিব না এবং ইহা হইতে অমুখাপেক্ষীও হইতে পারিব না" (বুখারী, কিতাবুল আতইমা, বাব মা ইয়াকূলু ইযা ফারাগা মিনাত-তা'আমি, হাদীছ নং ৫৪৫৮, পৃ. ১১৮০)।
তিনি কখনও দস্তরখান তুলিয়া এই দু'আও পড়িতেন:
الحمد لله الذى كفانا واروانا غير مكفى ولا مكفور
"সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি যথেষ্ট খাওয়াইয়াছেন এবং পরিতৃপ্ত করাইয়াছেন, ইহা হইতে বিমুখ হওয়া যায় না এবং তাহার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা যায় না" (প্রাগুক্ত, হাদীছ নং ৫৪৫৯, পৃ. ১১৮১)।